Chapter 31 of 50
উহুদ যুদ্ধ
12 min read
বদর যুদ্ধে হেরে এমনিতেই মক্কাবাসী ডিপ্রেশনে। তার উপর আবার তাদের সমস্ত বাণিজ্যিক কাফেলা চলে গেছে মুসলিমদের হাতে। অন্তরে আগুন দাউদাউ করে জ্বলছে। . বদরে নিহত হওয়া এলিট নেতাদের ছেলেরা কুরাইশদের সামনে বক্তব্য রাখলো এবং যুদ্ধের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য চাপ দিলো। . মক্কার একমাত্র নেতা তখন আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তাদের কথায় রাজি হলেন। যুদ্ধের প্রস্তুতি নেয়া শুরু করলেন। কুরাইশদের সাথে মিলিত গোত্রগুলিকেও তিনি একত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। বেশ ভালো একটা সাড়াও পেলেন। . বিশাল ৩০০০ হাজার লোকের এক বহর নিয়ে কুরাইশরা বের হয়ে গেল। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) দলের নেতা। রাইট ফ্ল্যাংকের সেনাপতি হলেন খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) আর লেফট ফ্ল্যাংকের সেনাপতি হলেন ইকরিমা ইবনে আবু জেহেল (রাদ্বি আল্লাহু আনহু)। মদিনার উদ্দেশ্যে তারা দলবদ্ধভাবে ছুটে চললো। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) খবর পেলেন কুরাইশদের বিশাল সৈন্যবাহিনী আসছে মুসলিমদের সাথে যুদ্ধে করার জন্য। রাসুলুল্লাহ (ﷺ) সবার সাথে পরামর্শ করতে চাইলেন। রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় থেকে যুদ্ধ করার পরামর্শ দিলেন। কেননা মদিনার মানুষরা এখানের অলিগলি ভালোভাবে চিনেন যা কুরাইশরা চিনে না। এতে তাদেরকে ছত্রভঙ্গ করে সহজেই হারানো যাবে। অবাক করা বিষয় হলো মুনাফিক দলের অন্যতম হাইব্রিড লোক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলও রাসুলুল্লাহর (ﷺ) সাথে জোরালোভাবে একমত পোষণ করলো। সেও চাইলো যে সবাই যেন মদিনায় থাকে। . বেশিভাগ মুসলিমরা রাসুলুল্লাহর (ﷺ) কথা মেনে নিলেও কিছু সংখ্যক সাহাবী যারা বদর যুদ্ধ করতে পারেননি তারা এই প্রস্তাব নাচক করলেন। তারা বললেন, "ইয়া রাসুলাল্লাহ(ﷺ)! বাইরে বেরিয়ে দুশমনের সাথে যুদ্ধ করার সুযোগ আমাদেরকে দিন, যাতে তারা এ ধারণা করতে না পারে যে, আমাদের মধ্যে কোনো প্রকার কাপুরষতা ও দুর্বলতা রয়েছে।" তখনও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসুলুল্লাহকে (ﷺ) জোর করছিল মদিনায় থাকার জন্য। কিন্তু যারা মদিনায় থাকতে চাচ্ছিলো না তারা বেশ জোর করতে লাগলেন। রাসুলুল্লাহ (ﷺ) এবার ঘরে প্রবেশ করলেন। এবার বড় বড় সাহাবীরা সেই লোকদের দিকে ফিরলেন তাদেরকে বুঝালেন এতে তারা সেই মত থেকে ফিরে আসেন। এদিকে রাসুলুল্লাহ (ﷺ) লৌহবর্ম পরিধান করে বেরিয়ে আসলেন। সেই লোকেরা এবার লজ্জাবোধ হয়ে বললেন যে, "আমরা আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। এটা আমাদের জন্য সমীচীন হয়নি। আপনি চাইলে মদিনায় থাকতে পারেন।" এবার রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "কোনো নবীর শোভা পায় না একবার লৌহবর্ম পরিধান করার পর যুদ্ধ না করে তা খুলে ফেলা।" রাসুলুল্লাহ (ﷺ) প্রায় ১০০০ সাহাবী নিয়ে বেরিয়ে পড়লেন কুরাইশদের মোকাবিলা করার জন্য। . পথিমধ্যে মুনাফিকরা অনেককে সরিয়ে নিয়ে আসার ফন্দি আাঁটলো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উল্টাপাল্টা বলে প্রায় ৩০০ লোককে নিয়ে চলে গেল এই বলে যে, যুদ্ধ হবে না, গিয়ে লাভ নাই। . উহুদ যুদ্ধে কোনো ইয়াহূদি মিত্রপক্ষে ছিল না। . রাসুলুল্লাহ (ﷺ) শত্রুর সামনে দিয়ে না গিয়ে অন্য রুটে যাওয়ার জন্য বললে এক সাহাবী সেই রুট ধরে সবাইকে নিয়ে যান। পথে এক বাগানে অন্ধ মুনাফিক বাঁধা দিলো তাকে উপেক্ষা করে মুসলিমরা চলতে শুরু করলো। রাসুলুল্লাহকে (ﷺ) উল্টাপাল্টা বলায় এক সাহাবী তাকে আঘাত করেন। মুসলিমরা সবার আগে উহুদ প্রান্তরে পৌঁছায় এবং রাসুলুল্লাহ (ﷺ) জায়গা বুঝে শিবির স্থাপন করেন। . উহুদে যাওয়ার পর রাসুলুল্লাহ (ﷺ) সবাইকে যার যার জায়গা বুঝিয়ে দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) একটি পাহাড়ের উপরে ৫০ জনের একটি তীরন্দাজ দলকে দায়িত্ব দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে নির্দেশ দিলেন এই বলে যে, "তোমরা তীর দ্বারা ঘোড়াসওয়ারদেরকে প্রতিরোধ করবে, যাতে শত্রুদল পিছন দিক থেকে আমাদের উপর আক্রমণ না করতে পারে। যুদ্ধের পরিস্থিতি আমাদের অনুকূল কিংবা প্রতিকূল যাই হোক না কেন, তোমরা তোমাদের স্থানে অটল থাকবে। তোমাদের ঐ দিক থেকে আমাদের উপর যেন কোনো আক্রমণ না হয়।" . অপর প্রান্তে অন্তরে দাউ দাউ করে জ্বলা ক্রোধসহ কুরাইশরা দাঁড়িয়ে আছে। যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন। এদিকে মদিনায় আওস গোত্রের এক নেতা যার নাম আবূ আমীর, সে কুরাইশদের পক্ষে লড়ছিল। আবু সুফিয়ানকে সে বললো যে, সে কিছু মানুষকে সেখান সরাবে। অগ্রসর হয়ে যখন সে বললো, "হে আওস গোত্র! আমি আবু আমীর। জবাবে তার লোকেরা বললেন,"হে ফাসিক! আল্লাহ তোমার চক্ষু থেকে মাহরুম করুন।" ফিরে এসে বেচারার মাথা নষ্ট। সে বলতে লাগলো, তার সম্প্রদায় বিগড়ে গেছে। . রাসুলুল্লাহ (ﷺ) নিজ তরবারি হাতে নিয়ে বললেন, "কে আছ যে এই তরবারির হক আদায় করতে পারবে?" অনেকে নিতে চাইলেন কিন্তু দিলেন না। পরে একজন জিজ্ঞেস করলেন, "এর হক কী?" তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "এক হক এই যে, তা দ্বারা শত্রুকে এমনভাবে মারবে, যাতে তা বাঁকা হয়ে যায়।" তিনি নিবেন বললে রাসুলুল্লাহ (ﷺ) তাকে সেটা দিয়ে দেন। সেই লোকটি হলেন আবু দুজানা (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তরবারি হাতে বীরত্বের সাথে সৈন্যবাহিনীর মধ্যে হাঁটতে থাকেন। . যুদ্ধ শুরু হলো। মুসলিমরা প্রচণ্ড আক্রমণ চালালো কুরাইশদের উপরে। এতে তারা ভয় পেয়ে যায়। প্রাণপণে লড়েও কিছু করতে পারছিল না। একেরপর এক লোক তাদের মারা যাচ্ছিলো। বীরবিক্রমে সবাই লড়ে যাচ্ছেন তাদের সাথে। কিন্তু লুকিয়ে লুকিয়ে একটি লোক হামযাকে (রাদ্বি আল্লাহু আনহু) ফলো করছে। . বদর যুদ্ধে হামজা (রাদ্বি আল্লাহু আনহু) মক্কার কাফিরদের উপর প্রচন্ড আক্রমণ চালিয়ে কুরাইশদের বাঘা-বাঘা নেতাকে জাহান্নামের টিকিট ধরিয়ে দেন। কাফিররা তা ভালোভাবে টের পেয়েছিল যে হামজা (রাদ্বি আল্লাহু আনহু) তাদের কী ক্ষতি করেছেন। বলা যেতে পারে মক্কার কাফিরদের নেতা শূন্য করে দিয়েছিলেন। . উহুদ যুদ্ধের প্রথমার্ধে কুরাইশদের উপর আবারও ভয়াবহ আক্রমণ করেন। এতে তারা পালিয়ে যেতে থাকে, একে একে জাহান্নামের টিকিট ধরে পাঠিয়েছেন অনেক কাফিরকে। কাফিরদের পালানো অবস্থা দেখে মুসলিমরা বিজয় উল্লাস করতে শুরু করলো এবং গণিমতের সংগ্রহ করা শুরু করলো, অথচ যুদ্ধ তখনও শেষ হয়নি। রাসুলুল্লাহর (ﷺ) কথা অমান্য করে পাহাড়ের উপরে ৫০ জন তীরন্দাজের অনেকে নেমে আসলেন। নিচ সৈন্য নিয়ে দাঁড়িয়ে থাকা খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) এই দৃশ্য খেয়াল করেন। তিনি দ্বিতীয়বার আক্রমণ করে বসেন মুসলিমদের উপর। ছন্নছাড়া মুসলিম বাহিনী কিছু না বুঝার আগেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়! রাসুলুল্লাহ (ﷺ) চিৎকার করে সবাইকে শত্রুর কথা জানাচ্ছিলেন আর একত্র হওয়ার জন্য বলছিলেন। হামজা (রাদ্বি আল্লাহু আনহু) তখনও বীরত্বের সাথে লড়ে যেতে থাকেন কিন্তু তার উপর প্রথম থেকেই চোখ ছিল ওয়াহশীর (রাদ্বি আল্লাহু আনহু)। আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী তাকে বলে দেয় যে, সে যদি হামজাকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করতে পারে তাহলে সে মুক্ত। এই সুযোগ ওয়াহশী (রাদ্বি আল্লাহু আনহু) কাজে লাগায়। সে সুযোগ খুঁজতে থাকে তার বর্শা নিয়ে যাতে সে হামজা (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করে মুক্তি পেয়ে যায়। হামজা (রাদ্বি আল্লাহু আনহু) লড়ে যাচ্ছেন একে একে কিন্তু ওয়াহশী (রাদ্বি আল্লাহু আনহু) সুযোগ পাচ্ছিলো না। অনেকক্ষণ ধৈর্য ধরার পর সুযোগ পেয়ে জানের জোর দিয়ে তার দিকে বর্শা নিক্ষেপ করে। আর এই বর্শাত আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। . আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী তার শরীর কাটাছেঁড়া করে যা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরে দেখে অনেক কান্না করেন। . কুরাইশদের দ্বিতীয় আক্রমণে মুসলিমরা বেশ অসহায় হয়ে পড়ে, যে যার যার মতন লড়ে যাচ্ছিলেন আর শহীদ হচ্ছিলেন। . উহুদ যুদ্ধেও পতাকা মুস'আবের (রাদ্বি আল্লাহু আনহু) হাতে তুলে দেওয়া হলো। ইসলামের পতাকা নামানোর জন্য কাফিররা অনেক কিছুই করতে লাগলো কিন্তু পেরে উঠলো না। দ্বিতীয় এট্যাকে কুরাইশরা রাসুলুল্লাহকে (ﷺ) হত্যার জন্য কাফিররা উঠেপড়ে লাগলো। মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের পতাকা তুলে ধরলেন শক্ত করে। যখন দেখলেন রাসুলুল্লাহকে (ﷺ) ঘিরে ফেলেছে তখন তিনি তাদের দৃষ্টি আকর্ষণ বদলে তার দিকে নিয়ে যান এবং তিনি বুঝে যান যে তার সময় শেষ! তিনি এক হাতে তরবারি দ্বারা যুদ্ধ চালিয়ে যান আরেক হাতে ইসলামের পতাকা ধরে আছেন। শত্রুরা তার ডান হাত কেঁটে দেয় তিনি সাথেসাথে তা বাম হাত দিয়ে তুলে ধরে। তার বাম হাতও তারা কেঁটে দেয়। তারপর অবশিষ্ট দুই হাতের দ্বারা তা তুলে ধরেন কিন্তু এবার কাফিররা তাকে শহীদ করে ফেলে। . এর মধ্যে গুজব ছড়িয়ে পড়লো রাসুলুল্লাহ (ﷺ) শহীদ হয়ে গিয়েছেন। মুসলিমরা আশাহত হয়ে পড়লো। মৃত্যুর আগে মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম বাহিনীকে যখন বিশৃঙ্খল অবস্থায় দেখলেন তিনি বলতে লাগলেন "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল, ক্বাদ খালাত মিন কাবলিহির রুসুল" যার বাংলা হলো "মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। তাঁর পূর্বে বহু রাসূল অতিবাহিত হয়েছে"। উচ্চারিত বাক্য তখন কোরআনের আয়াত ছিল না, উহুদের ঘটনার পর আল্লাহ "ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসুল" আয়াত নাযিল করেন। . মুসলিমদের তরবারির আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল কাফিরদের দেহ ও প্রাণ। হানজালাও (রাদ্বি আল্লাহু আনহু) প্রাণপণে লড়ে যাচ্ছেন। এক সময় লড়তে লড়তে শত্রু পক্ষ তাকে ঘিরে ফেলে, তার উপর তরবারি চালায় এবং সাথে সাথে তিনি শাহাদাৎ বরণ করেন। রাসুলুল্লাহ (ﷺ) দেখলেন তাকে ফেরেশতা গোসল দিচ্ছেন। . এদিকে হুজাইফার (রাদ্বি আল্লাহু আনহু) পিতা আল-ইয়ামান (রাদ্বি আল্লাহু আনহু) বেশী বয়ষ্ক হয়ে যাওয়ার কারণে তাকে ও আরেক সাহাবীকে মদিনায় বাকিদের নিরাপত্তার দেখভাল করার জন্য রেখে দেয়া হলো। কিন্তু তাদের শহীদ কামনা মন তো আর স্থির ছিল না। আল ইয়ামান (রাদ্বি আল্লাহু আনহু) তার সাথীকে বললেন যে, বয়স তো কম হলো না, মৃত্যু সন্নিকটে। আমাদের কী উচিত নয় তরবারি হাতে যুদ্ধে ঝাপিয়ে পড়া? হতে পারে আল্লাহ আমাদেরকে শহীদী মৃত্যু দান করবেন। তারা দু'জন তরবারি হাতে বাড়িয়ে পড়লেন উহুদের উদ্দেশ্যে। তারা যুদ্ধের মাঝখানে প্রবেশ করতে চাইলেন এর মধ্যে তাদের মুখ ছিল ঢাকা, কেউ বুঝার উপায় নেই যে কে এসেছে। আল ইয়ামান (রাদ্বি আল্লাহু আনহু) যখন যুদ্ধের ময়দানে ঢুকলেন তখন মুসলিমের মধ্য থেকে তাকে না চিনে একজন হত্যা করতে অগ্রসর হয়। এদিকে হুজাইফা (রাদ্বি আল্লাহু আনহু) তার বাবাকে দূর থেকে চিনে ফেললেন এবং "আমার বাবা, আমার বাবা" বলে চিৎকার করতে লাগলেন কিন্তু যুদ্ধের ময়দানে কীভাবে ডাক শোনা যায়! তার পিতার মৃত্যু হলো একজন মুসলিমের হাতে, এটা ভুলবসত হয়েছিলো। হুজাইফা ঘটনাস্থলে গিয়ে দেখলেন যে, তার পিতা আল্লাহর কাছে চলে গিয়েছেন! . উহুদের যুদ্ধে আব্দুর রহমান ইবনে আউফ (রাদ্বি আল্লাহু আনহু) বীরত্বের সাথে যুদ্ধ করেন। পরবর্তীতে তার শরীরে ৩১টি আঘাতের চিহ্ন পাওয়ার যায়। . উহুদ যুদ্ধে তালহা (রাদ্বি আল্লাহু আনহু) বীরত্ব ও সাহসিকতার পরিচয় দেন। তিনি রাসুলুল্লাহর (ﷺ) সাথে যুদ্ধের দিন প্রথম থেকে শেষ পর্যন্ত ঢাল হিসেবে থেকে ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) যখন দ্বিতীয়বার আক্রমণ করলেন। তখন হাতে গুনা কয়েকজন সাহাবী (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) ছিলেন রাসুলুল্লাহর (ﷺ) সাথে। তার মধ্যে তালহা (রাদ্বি আল্লাহু আনহু) অন্যতম। . কুরাইশদের আক্রমণের সময় রাসুলুল্লাহ (ﷺ) তার স্থান থেকে পাহাড়ের উপরে উঠতে লাগলেন যেনো শত্রুরা তাকে ধরতে না পারে। তার সাথে থাকা সব সাহাবী (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) যার যার সামর্থ্য দিয়ে আল্লাহর রাসুলকে (ﷺ) ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন। তালহা (রাদ্বি আল্লাহু আনহু) তরবারি ও ঢাল নিয়ে কাফিরদের উপর প্রচন্ড আক্রমণ করতে থাকেন। এক পর্যায়ে ১২ আনসারী ও তাহলা (রাদ্বি আল্লাহু আনহু) ছাড়া বাকি সবাই বিচ্ছিন্ন হয়ে পড়েন। . কাফিররা এক পর্যায়ে রাসুলুল্লাকে (ﷺ) ঘিরে ফেলার চেষ্টা করছিলো। সেই সময় তালহা (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) কাছে অনুমতি চাইলেন যাওয়ার জন্য কিন্তু পেলেন না। একে একে সব আনসারী যখন শহীদ হয়ে গেলেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাকে যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পেয়ে এবার তালহা (রাদ্বি আল্লাহু আনহু) বীর বিক্রমে শত্রুদের উপর আক্রমণ চালালেন। একে একে জাহান্নামে পাঠিয়ে দিলেন অনেককে। তিনি একদিকে যুদ্ধ করছেন আরেকদিকে আবার ফিরে এসে রাসুলুল্লাহকে (ﷺ) তার পিঠের উপর ভর করিয়ে পাহাড়ের চূড়ায় উঠাতে থাকেন। যেনো রাসুলুল্লাহ (ﷺ) নিরাপদ স্থানে থাকেন। তাকে রেখে এসে তিনি আবার প্রচন্ড আক্রমণ চালান কাফিরদের উপর। কাফিররা যখন রাসুলুল্লাহকে (ﷺ) নিশানা করে তীর বর্শা ছুঁড়তে থাকে তখন তিনি রাসুলুল্লাহর (ﷺ) সামনে ঢালসরূপ দাঁড়িয়ে থাকেন। যুদ্ধের শেষ পর্যায়ে যখন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) দৌঁড়ে রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলেন তখন রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন তালহাকে (রাদ্বি আল্লাহু আনহু) দেখার জন্য। তারা যখন তাকে দেখলেন তখন তিনি অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন, তার এক হাত একদম শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর্যায়ে ছিলো, তার পুরো দেহে তরবারি ও বর্শার সত্তরটির বেশি আঘাত ছিলো। পরবর্তীতে রাসুলুল্লাহ (ﷺ) তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যে, "যদি কেউ কোন মৃত ব্যক্তিকে পৃথিবীতে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, সে যেনো তাহলা ইবনে উবাইদুল্লাহকে দেখে।" আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) উহুদ যুদ্ধের প্রসঙ্গ আসলেই বলতেন, সে দিনটির সবটুকুই ছিলো তালহার (রাদ্বি আল্লাহু আনহু)। . উহুদের যুদ্ধে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (ﷺ) নিজের শরীর নিয়ে রক্ষা করেন এবং তিনি খুব দুর্দান্ত তীরন্দাজ ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে তীর তুলে দিচ্ছেন আর আর সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) এক এক করে তীর ছুঁড়ছেন। এই সময় রাসুলুল্লাহর (ﷺ) মুখ থেকে শুনতে পেয়েছিলেন "হে সা'দ! তীর মারো! আমার মা-বাবা তোমার প্রতি কোরবান হোক।" এমন সৌভাগ্য কয়জনের হয়। . উহুদ যুদ্ধে উবাই ইবনে খালাফ রাসুলুল্লাহকে (ﷺ) আক্রমণ করতে চাচ্ছিল কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) তাকে উলটা বর্ষা দিয়ে আঘাত করেন ঘাড়ে। পথে সে মারা যায়। . যুদ্ধ শেষ! প্রথমার্ধে বিজয় লাভ করেও মুসলিমরা শেষে হেরে গেলো। যুদ্ধের শেষে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) চিৎকার করে বললো "মুহাম্মদ (ﷺ) কি জীবিত?" উত্তর আসলো না। আবার বললো "আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) কি জীবিত?" উত্তর আসলো না। আবার বললো "উমার (রাদ্বি আল্লাহু আনহু) কী জীবিত?" তারপর সে বললো, "হে হুবাল! তোমার ধর্মের জয় হোক।" তখন রাসুলুল্লাহ (ﷺ) উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) এই বলে জবাব দিতে বললেন যে, "আল্লাহই শ্রেষ্ঠ ও মহান! আমরা আর তোমরা সমান নই। আমাদের নিহতরা জান্নাতে আর তোমাদের নিহতরা জাহান্নামে।" এভাবে কিছুক্ষণ কথাবার্তা চলতে থাকে। যাওয়ার পূর্বে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বলে যান যে, "তোমাদের নিহতদের অনেককে মুছলা করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম! আমি এতে সন্তুষ্টও নই অসন্তুষ্টও নই। আমি এ ব্যাপারে নির্দেশও দেইনি আবার এ থেকে নিষেধও করিনি।" তারপর তিনি বললেন, "আগামী বছর বদর প্রন্তরে তোমাদের সাথে আমাদের আবার যুদ্ধ হবে।" তখন রাসুলুল্লাহর (ﷺ) পক্ষ থেকে বলা হলো, "ঠিক আছে, তোমাদের ও আমাদের মধ্যে এ কথা রইলো।" . অর্ধেক পথে গিয়ে কুরাইশরা মনস্থির করলো মদিনায় ফিরে গিয়ে তারা মুসলিমদের একদম নিঃশেষ করে দিবে। পথে এক লোকের সাথে সাক্ষাৎ, সে লোকের কাছে মদিনার অবস্থা জানতে চাইলে তিনি ভয়াবহ ধারণা দেন যা শুনে তারা ভয় পেয়ে যায়। এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের একটি বাহিনীকে কুরাইশদের ধাওয়া করার জন্য পাঠালেন কিন্তু কুরাইশরা ততক্ষণে মক্কার কাছাকাছি চলে গিয়েছে। . মুসলিমরা এবার শহীদদের খোঁজ নিতে বের হলেন। . আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী হামজার (রাদ্বি আল্লাহু আনহু) শরীর কাটাছেঁড়া করে। যা রাসুলুল্লাহ (ﷺ) পরে দেখে অনেক কান্না করেন। এবং প্রতিশোধ নেয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলেন। পরে আল্লাহ সূরাহ আন-নাহলের ১২৬-১২৭ আয়াত নাযিল করে বলেন, "আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ কর, তবে ঐ পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে, যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয়। যদি সবর কর, তবে তা সবরকারীদের জন্যে উত্তম।" "আপনি সবর করবেন। আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়, তাদের জন্যে দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না।" . সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) ছিলেন হামজার (রাদ্বি আল্লাহু আনহু) বোন। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন উহুদ প্রান্তরে। রাসুলুল্লাহ (ﷺ) তার ছেলেকে দিয়ে তাকে আটকানোর নির্দেশ দেন। সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) তার ভাইয়ের জন্য কাফনের কাপড় নিয়ে আসেন যা হামজার (রাদ্বি আল্লাহু আনহু) ভাগ্যে এক ভাগ জুটেছিল আর আগেকভাগ জুটে ছিল আরেক মুসলিম শহীদের ভাগ্যে। শেষে হামজাকে (রাদ্বি আল্লাহু আনহু) উহুদের ময়াদানে দাফন করা হয়। . রাসুলুল্লাহ (ﷺ) এক এক করে সব শহীদের পাশে যাচ্ছিলেন তন্মধ্যে দেখলেন মুস'আব ইবনে উমাইরের (রাদ্বি আল্লাহু আনহু) ধুলো ও রক্তমাখা নিথর দেহ। রাসুলুল্লাহ (ﷺ) কান্না ধরে রাখতে পারলেন না। অঝোরে কেঁদে ফেললেন! কাফনের কাপড় পড়ানোর সময় মাথা ঢাকতে গেলে পা অনাবৃত হয়ে যাচ্ছিলো আবার পা ঢাকলে মাথা অনাবৃত হয়ে যাচ্ছিলো। মক্কার এক সময়ে সবচেয়ে উৎকৃষ্ট কাপড় পরিধান করা মানুষটির মৃতদেহ তখন ঢাকার মতন পরিপূর্ণ কাপড় ছিল না। রাসুলুল্লাহ (ﷺ) তখন বললেন মাথা ঢেকে দাও আর পায়ের অংশে অন্য কিছু দিয়ে ঢেকে দিতে বললেন। . উহুদের ময়দানে একে একে ৭০ জন শহীদকে শায়িত করা হলো। মুসলিমরা ফিরে গেলেন মদিনায় নিজ গৃহে। মুসলিমদের এমন বিপর্যয় দিয়ে আল্লাহ তাদেরকে খাটি স্বর্ণে রুপান্তরিত করছিলেন। . এদিকে মুসলিমদের অবস্থা শুনে মদিনায় থাকা অনেকে ব্যথিত হলেন। একজন মহিলা সবার কাছে রাসুলুল্লাহ (ﷺ) কেমন আছেন তা বারবার জানতে চাচ্ছিলেন। তাকে বলা হলো তার বাবা, ভাই, স্বামী সবাই শহীদ হয়েছেন। অবাক করে দিয়ে জিজ্ঞেস করলেন, "আর রাসুলুল্লাহ (ﷺ)?" তাকে বলা হলো তিনি সুস্থ আছেন। মহিলা সচক্ষে দেখতে চাইলেন। রাসুলুল্লাহকে (ﷺ) দেখার পর তিনি বললেন, "আপনার বর্তমানে সব বিপদই তুচ্ছ।"