Chapter 14 of 50
দুই সিংহের আগমন
6 min read
ইসলামের সব দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছিল "দারুল আরক্বামে"
.
ইসলামের বাণী চারিদিকে ছড়িয়ে যাওয়ার পরে অনেকেই ইসলামের ছায়াতলে চলে আসলেন। মক্কায় অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন কথা হলো, ইসলামের বিষয়াদি নিয়ে তারা কীভাবে শিক্ষা অর্জন করবে। কুরআন মুখস্থ করবে, একত্র হবে। এই জন্য তারা সবাই জনৈক সাহাবী 'আরক্বাম ইবনে আবিল আরক্বাম' (রাদ্বি আল্লাহু আনহু)-এর বাড়িতে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য মনস্থির করলেন।
.
আরক্বামের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়ি ছিল সাফা পাহাড়ের আশেপাশে। মুসলিমরা যখন মক্কার দিকে আসতেন তখন কেউ সন্দেহ করতো না যে তাঁরা কোথায় যাচ্ছেন বা কী করছেন। এই বাড়িতে বসেই রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের সঙ্গে গোপনে মিলিত হতেন। এখানে কুরআন নাযিল হলে তা সাহাবীদেরকে শোনাতেন। সাহাবীরা তা মুখস্থ করতেন। কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দিতেন। সাহাবীদের হাদীস শোনাতেন। ইসলাম সম্পর্কে যা যা নাযিল হতো তা জানিয়ে দিতেন। দূর-দূরান্ত থেকে আগত মানুষেরা রাসুলুল্লাহর (ﷺ) সাথে এখানে এসেই সাক্ষাৎ করতেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে সেই বাণী নিয়ে ছুটে যেতেন নিজ নিজ এলাকায়। এভাবে ইসলাম আস্তে আস্তে প্রসার লাভ করতে থাকে।
.
মক্কায় তখন মুসলিমদের বেহাল দশা। মক্কার কাফিররা তাদের উপর চালিয়েছিলো ভয়াবহ নির্যাতন। কোনরকম সহ্য করে টিকে ছিলেন তারা। স্বয়ং রাসুলুল্লাহকেও (ﷺ) তারা নির্যাতন করেছিলো।
.
প্রতিদিনের ন্যায় সেদিন আবু জেহেল রাসুলুল্লাহকে (ﷺ) অনেক গালমন্দ করে যা তাকে অনেক ব্যথিত করেছিল। তিনি আবু জেহেলকে কোনো জবাব দেননি।
সাফা পাহাড়ের পাদদেশে এ ঘটনা প্রত্যক্ষ করে বানু হাশিম গোত্রের নারীরা। এই দৃশ্য দেখে তারা অনেক রাগান্বিত হয় কারণ অন্য গোত্রের আবু জেহেল কোন সাহসে তাদের গোত্রের কাউকে এভাবে গালমন্দ করে!
রাসুলুল্লাহর (ﷺ) চাচা শিকার থেকে বাড়িতে আসলেন। আসার পর বাড়ির মহিলারা তাকে পুরো ঘটনা খুলে বলেন। এই কাহিনি শুনে তার রক্ত গরম হয়ে যায়। তীর-ধনুক হাতে নিয়েই ছুটে যান ক্বাবার দিকে। রেগেমেগে থাকা এই ব্যক্তি কোন কথা না বলেই আবু জেহেলের চেহারায় বসিয়ে দেন এক ঘা, এতে তাঁর শরীর থেকে কিছুটা রক্তপাত হয়।
আবু জেহেলের এই অবস্থা দেখে তার গোত্রের লোকদের এগিয়ে এসে প্রতিহত করতে চাইলে, তাদেরকে কিছু না করার আদেশ দেয়।
আঘাত করার পর সেই ব্যক্তি সাথে সাথে রাগের মাথায় বলে উঠেন "কোন সাহসে আমার ভাতিজাকে গালমন্দ করো? যেখানে আমি তার অনুসারী!"
বাড়িতে ফিরে আসার পরে তিনি ভাবতে থাকেন, এ কী বললে ফেললেন সেখানে? যেখানে তিনি কখনো এসব নিয়ে ভাবেনও নি। তিনি আল্লাহর কাছে হাত তুলে দুআ করেন যেন আল্লাহ তাকে সঠিক পথ দেখান।
সারারাত তার ঘুম আসেনি। সকালে ঘুম থেকে উঠে গেলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে, ঘটনা খুলে বললেন।
রাসুলুল্লাহ (ﷺ) তাকে ইসলাম সম্পর্কে সব কিছু বুঝালেন এবং তার জন্য দু'আ করলেন। সেই অবস্থায় তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন।
তার ইসলাম গ্রহণের কারণে মক্কায় মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা কমে আসে, মুসলিমদের শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এই ব্যক্তি হচ্ছেন আমাদের রাসুলুল্লাহর প্রিয় চাচা 'হামজা ইবনে আব্দুল মুত্তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)।
.
আড়ালে যেন সূর্যের হাসি।
.
একদিন রাতে রাসুলুল্লাহ (ﷺ) ক্বাবা প্রাঙ্গণে সালাত আদায় করছিলেন।
এক লোক মদের আড্ডায় কাউকে না পেয়ে তিনি ভাবলেন এবার তাওয়াফ করে বাড়িতে চলে যাওয়া যাক! ক্বাবার পাশে গিয়েই সেই লোক দেখলেন রাসুলুল্লাহ (ﷺ) সালাত আদায় করছেন এবং সুরেলা কণ্ঠে কোরআন তিলওয়াত করছেন। তিনি নিরবে মনোযোগ দিয়ে শুনে বুঝলেন, এ এক চমৎকার তিলাওয়াত, তিনি মুগ্ধ হয়ে গেলেন। আড়ালে থেকে মনে মনে তিনি বলছিলেন, তিনি একজন কবি। রাসুলুল্লাহ (ﷺ) তখন সূরাহ হাক্কাহর ৪০-৪১ নম্বর আয়াত পাঠ করছিলেন, যার বঙ্গানুবাদ হলো "নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা।" "আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর।"
এই কথা শুনে তিনি ভাবলেন, তিনি যেহেতু আমার মনের কথা বুঝে নিয়েছেন তাহলে তিনি গণক হবেন। তখন রাসুলুল্লাহ (ﷺ) সূরাহ হাক্কাহর ৪২-৪৩ নম্বর আয়াত পাঠ করছিলেন। যার বঙ্গানুবাদ হলো "আর কোন গণকের কথাও নয়। তোমরা কমই উপদেশ গ্রহণ কর।" "এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাযিলকৃত।"
তিনি হতবাক হয়ে শুনতে থাকলেন। ইসলামের প্রতি তার ভালোবাসা একটু একটু করে জন্ম নেয়া সেখান থেকেই শুরু। তারপর তিনি বাড়িতে চলে গেলেন। কুরাইশদের বিরুদ্ধে ঝড় আসছে, যা তাঁরা কোনোদিন চিন্তাও করেনি, আসছে তা খুব শীগ্রই!
.
ইসলাম ধর্ম গ্রহণ করায় দেখা গেল অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে লাগলো। তা দেখে ঐ ব্যক্তি সহ্য করতে পারলেন না।
একদিন তিনি রেগে নিজের তরবারি বের করে, এক লক্ষ্যে হেঁটে চলেলেন রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করার জন্য।
পথে এক ব্যক্তির দেখা মিলে। যার কথা শুনে তাঁর রাগ আরোও বেড়ে যায়, রাস্তা ডাইভার্ট করে চলে যান বোনের বাড়িতে। সেখানে যাওয়ার পরে ভেতর থেকে শুনতে পেলেন কিছু একটা পড়া হচ্ছে। এমনিতেই রাগান্বিত তার উপর বোনের পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুনে নিজেকে সামলে রাখতে পারেননি।
বাড়িতে ঢুকেই রাগের মাথে বোন এবং বোনের বরকে মারা শুরু করেন। বোন বাঁচাতে আসলে তাকে আঘাত করেন, এতে রক্তপাত ঘটে যা দেখে তাঁর হৃদয় ঠান্ডা হয় এবং শান্ত হয়ে বসেন। তাদেরকে জিজ্ঞেস করেন তাঁরা কী পড়ছিলেন। তাঁরা তাকে জানান কী করছিলেন। তিনি তাদের কাছে তা চাইলে তাঁরা তাকে গোসল করে পবিত্র হতে বললেন। তারপর তাকে সব কিছু হয়ে গেলে তাঁর কাছে তুলে দিলেন।
তিনি সেখান থেকে সূরাহ ত্বা-হার প্রথম ৫ আয়াত পড়েন। এতে তাঁর হৃদয় গলে যায়, ইসলামের প্রেম তাঁর অন্ধকার হৃদয়ে জাগ্রত হয়, বসে নিয়ে আসে আলো। তারপর তিনি বলেন আমাকে রাসুলুল্লাহর (ﷺ) কাছে নিয়ে যাও।
.
খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) আঁড়াল থেকে বেরিয়ে এসে তাকে অভিবাদন দিলেন। পরে উনাকে নিয়ে যাওয়া হলো দারুল আরক্বামে।
বাহির থেকে নক দেয়া হলে জিজ্ঞেস করা হয় "কে?" যখন নিজের নাম বললেন ভেতরে আতংক সৃষ্টি হয়ে গেল। তিনি এসেছেন? তাও তরবারি হাতে? সবাই ভয় পেয়ে গেলেন কিন্তু হামজা (রাদ্বি আল্লাহু আনহু) ভয় না পেয়ে বললেন, তার অভিপ্রায় ভালো থাকলে আমরাও ভালো থাকবো আর খারাপ থাকলে তার তরবারি দিয়ে তাকেই হত্যা করবো।"
দরজা খুলে দেয়া হলো। ভেতরে আসলেন। রাসুলুল্লাহর (ﷺ) সামনে বসলেন। ঘোষণা দিলেন ইসলামের। শাহাদাহ পাঠ করে হয়ে গেলেন মুসলিম।
এই ব্যক্তি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় একজন সাহাবী, মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা 'উমার ইবনে আল-খাত্তাব' (রাদ্বি আল্লাহু আনহু)।
উমারের (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণের সংবাদ Wild ফিরে/দাবানলের মতন ছড়িয়ে পড়লো। তিনিই সেই ব্যাক্তি, যার ইসলাম গ্রহণের পর মুসলিমরা জনসম্মুখে প্রকাশ করতে পারতো যে তারা মুসলিম।
রাসুলুল্লাহ (ﷺ) দোয়া করতেন যে দুই উমার থেকে আল্লাহ যেনো একজনকে ইসলাম গ্রহণ করিয়ে দেন এবং তিনি মনে মনে উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) চাইতেন।
.
উমরের (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণের সাথে সাথেই তাকবির "আল্লাহু আকবর"শুনা গিয়েছিলো পুরো মক্কায়।
উমার (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম গেলেন বন্ধু আবু জেহেলের বাড়িতে। খুশীতে দরজা খোলার পরে যখন জানলো যে উমার (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, রাগে ক্ষোভে সে মুখের উপর দরজা বন্ধ করে দিলো। তারপর তিনি এক ব্যক্তিকে বললেন যে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং কাউকে যেন না বলে। ঐ লোক পুরো মক্কায় সাথে সাথেই সংবাদ ছড়িয়ে দিল যে, উমার (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম হয়ে গিয়েছেন।
.
উমারের ইসলাম গ্রহণ করা শোনে মুসলিমদের ভেতরে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। খুশীতে সবাই উৎফুল্ল হয়েছিলেন। অন্যদিকে কাফিররা হতাশায় আর ক্রোধের সাগরে ডুবে মরছিল।
উমার (রাদ্বি আল্লাহু আনহু) যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেন সেদিন সাথে সাথে দুইটা লাইন করে মুসলিমরা ক্বাবার সামনে গিয়ে সালাত আদায় করেন। এক সারির নেতা ছিলেন 'উমার' আরেক সারির নেতা ছিলেন 'হামজা' (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন)।
কুরাইশরা এমন দৃশ্য কেউ দেখবে বলে আশাও করেনি। আজ সেই কুরাইশরা এই দৃশ্য দেখে 'হা' করে তাকিয়ে ছিলো, তাদের কিছুই করার ছিলো না।
.
ইসলাম আস্তেধীরে শক্তিশালী হচ্ছিলো এবং মুসলিমদের জন্য নতুন এক আবাসস্থল আল্লাহ প্রস্তুত করে রাখছিলেন।