Chapter 18 of 50
দুঃখের বছর
4 min read
বয়কটের অবসানের পরে বনু হাশিমের সবাই মক্কায় বসবাস করতে লাগলেন। . টানা ৩ বছর তারা ভালোভাবে খাবার খেয়ে বাঁচতে পারেন নি। এতে শরীর ক্রমশ দূর্বল হয়ে পড়ে। বিশেষ করে আবু তালিব ও খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা)। . আবু তালিবের শরীর একদম দুর্বল হয়ে পড়লো। ঘরেই তিনি তাঁর সময় অতিবাহিত করতে লাগলেন। এদিকে কুরাইশদের নেতারা রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে বেশ চিন্তিত! তাদের মাথায় সর্বদা একটা জিনিসই ঘুরে বেড়াতো আর তা হলো, "কীভাবে রাসুলুল্লাহকে (ﷺ) ইসলামের বাণী প্রচারে বাঁধা দেয়া যায়।" . একদিকে তারা না রাসুলুল্লাহকে (ﷺ) বাঁধা দিতে পারছিলো, না তারা ইসলামের বাণী মেনে নিয়ে মুসলিম হতে পারছিল। এদিকে বয়কট করেও কোনো লাভ হয়নি। উল্টো মুসলিমদের সংখ্যা জ্যামিতিক হারে ক্রমশ বাড়তে শুরু করলো। . কুরাইশ নেতারা আবারও চিন্তা করলো আবু তালিবের সাথে কথা বলবে এ নিয়ে। যথা সময়ে প্রতিনিধি দল আবু তালিবের বাড়িতে গেল। সেখানে গিয়ে তাঁকে আবারও বুঝাতে লাগলো যে, "যে করেই হোক রাসুলুল্লাহকে (ﷺ) থামাতে হবে।" বৃদ্ধ আবু তালিব তাদের কথা শুনলেন। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) ডাকলেন এবং প্রতিনিধি দলের কথা শোনালেন। রাসুলুল্লাহ (ﷺ) মন দিয়ে তা শ্রবণ করলেন। রাসুলুল্লাহ (ﷺ) আবু তালিবকে বললেন, "আমি এমন এক কথার প্রতি আহবান জানাচ্ছি যে, কথা মেনে নিলে সমগ্র আরব তাদের অধীনস্থ হয়ে যাবে এবং অনারবদের উপর তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে যাবে।" পাশে দাঁড়িয়ে থাকা আবু জেহেল বললো, "সেটা কী?" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া যার উপাসনা করেন তা পরিহার করুন।" এই কথা শুনে তাদের মুখ ফ্যাকাসে হয়ে গেল। বারবার এই কাফিররা আলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলো। রাসুলুল্লাহর (ﷺ) প্রস্তাব মেনে না নিয়ে তারা চলে যায়। . বার্ধক্য, দুশ্চিন্তা এবং বয়কটের কারণে আবু তালিব অনেকটা ভেঙ্গে পড়ে যান। এতে তার শরীর দুর্বল হয়ে পড়ে। যার কারণে অসুস্থতা তাকে আঁকড়ে ধরে। যা তাকে ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত করে। সময়টা নবুওয়তের ১০ বছর। আবু তালিব মৃত্যুশয্যায় পড়ে আছেন। আশেপাশে থাকা গোত্রের নেতারা তার কাছে এলেন শেষ বারের মতন দেখা করতে। আবু জেহেলও সেই সময় সেখানে অবস্থান করছিল। রাসুলুল্লাহ (ﷺ) তাঁর প্রিয় চাচা আবু তালিবের কাছে আসলেন। কী এক হৃদয়বিদারক মুহুর্ত! তিনি আবু তালিবকে বললেন, "চাচা! আপনি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, যাতে আমি বিচার দিবসে প্রমাণ হিসেবে তা আল্লাহর সমীপে পেশ করতে পারি।" আবু তালিব কিছু একটা বলতে যাবেন এমন মুহুর্তে , আবু জেহেল ও অন্যান্যরা বলে উঠলো, "তবে কি তুমি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে শেষ পর্যন্ত বিমুখ হয়েই যাবে?" এদিকে রাসুলুল্লাহ (ﷺ) বার বার তাকে বলছিলেন, "একটা বার আপনি কালিমা পাঠ করুন।" আর ঐদিকে কাফিররা বাঁধা দিচ্ছিল পূর্বপুরুষদের দোহাই দিয়ে। এমন দোটানায় পড়ে আবু তালিব তাঁর রূহ বের হওয়ার আগ মুহুর্তে বললেন, "ভাতিজা! আমার মৃত্যুর পর পর তোমাকে ও তোমার ভ্রাতৃবর্গকে গাল-মন্দ শুনতে হবে। আর কুরাইশরা ভাব্বে যে, আমি মৃত্যু ভয়ে অস্থির হয়েই এ বাক্য উচ্চারণ করেছি- এমন আশংকা না হলে আম সত্যিই এ বাক্য উচ্চারণ করতাম।" এরপরই আবু তালিব পরলোকে গমন করেন। রাসুলুল্লাহর (ﷺ) চোখে হয়তো সেই স্মৃতিগুলো ভেসে বেড়াচ্ছিল। সেই ছোট থেকে তাকে তাঁর চাচা বড় করলেন। তাঁকে কোনোদিন আলাদা কেউ হিসেবে আবু তালিব ভাবেননি। এই তো সেই চাচা! যিনি কিনা তাঁকে হাতেধরে ব্যবসায়-বাণিজ্য শিখিয়েছেন। তিনিই তো সেই চাচা যিনি তাঁর নবুয়তে বিশ্বাস না করেও তাঁকে সর্বক্ষণ সাপোর্ট দিয়ে গেছেন। কুরাইশরা যখন তাকে হত্যা করতে উঠেপড়ে লেগেছিল তখনই এই চাচাই তো তাঁর সাথে দাঁড়িয়েছিলেন। কেউ সাহস করেনি তাঁকে কিছু করার। ভাতিজার পাশে দাঁড়ানোর জন্য তাকে মেনে নিতে হয়েছিলো গোত্রের উপর বয়কট। মাথা পেতে গ্রহণ করে কাটিয়ে দেন ৩টি বছর। কত কষ্টই না করেছিলেন তাঁর চাচা। আর আজ সেই চাচা! ইসলাম গ্রহণ না করে পৃথিবী থেকে বিদায় নিলেন। হৃদয় যেন ছিঁড়ে যাচ্ছে। মেনে নেয়া বড়ই কষ্টসাধ্য। রাসুলুল্লাহ (ﷺ) ব্যথিত কণ্ঠে বললেন, "আমি যতক্ষণ বাধাপ্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো।" এরপরে আল্লাহ সূরাহ আত তাওবাহর ১১৩ নম্বর আয়াত নাযিল করে বলেন, "নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে, তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে, নিশ্চয় তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী।" . চাচার মৃত্যুর শোক কাটাতে না কাটাতেই রাসুলুল্লাহর (ﷺ) উপরে আরেকটি শোকের ভার এসে হাজির হলো। রাসুলুল্লাহর (ﷺ) জীবনে খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) ছিলেন এক বিশেষ নিয়ামত। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) সাহচার্য দিয়ে, সেবা-যত্ন দিয়ে, বিপদে-আপদে সাহস দিয়ে৷ সম্পদ দিয়ে, পরামর্শ দিয়ে ইসলামের ইতিহাসে যে অবদান রেখে গেছেন তা কেউ কোনোদিন পরিপূর্ণ করতে পারবে না। তিনি ছিলেন সেই নারী যখন রাসুলুল্লাহকে (ﷺ) কেউ বিশ্বাস করেনি তিনি তাঁকে বিশ্বাস করেছিলেন। যখন লোকেরা রাসুলুল্লাহকে (ﷺ) দূরে সরিয়ে রাখলো তখন তিনি তাঁকে কাছে টেনে নিয়েছিলেন। এই মহীয়সী নারী আবু তালিবের মৃত্যুর কিছুদিন পরেই আল্লাহর কাছে চলে যান! এই দুটি মৃত্যুর কারণে রাসুলুল্লাহর (ﷺ) জীবনে নেমে আসলো নিদারুন শোকের ছায়া, অন্যদিকে তিনি বঞ্চিত হলেন প্রভাবশালীর অনিভাবকত্ব থেকে এবং সহধর্মিণীর প্রেম-ভালোবাসা থেকে। . আবু তালিবের মৃত্যুর পরে তাঁর উপর আর কোনো অভিভাবকত্ব রইলো না যা কারণে কুরাইশরা ইচ্ছামত নির্যাতন করতে শুরু করলো। আবু তালিবের জীবদ্দশায় কুরাইশরা যা করেনি তা তাঁর মৃত্যুর পরে করেছিল। বনু আব্দুল মুত্তালিবের গোত্র প্রধান এবার হয় আবু লাহাব। সে রাসুলুল্লাহকে (ﷺ) নিরাপত্তা দেয় কিন্তু একটা সময়ে সে তা তুলে নেয়। যার কারণে রাসুলুল্লাহর (ﷺ) উপরে আক্রমণ করার সুযোগ কুরাইশরা পেয়ে গেল। তারা শুধু সময়ের অপেক্ষায় ছিল। . রাসুলুল্লাহ (ﷺ) তাঁর জীবন আল্লাহর ইবাহত ও মানুষদেরকে দাওয়াত দেয়ার মাধ্যমে অতিবাহিত করতে থাকলেন। ঘরে পড়ে থাকলেন তাঁর সন্তানেরা। এরই মধ্যে রাসুলুল্লাহ (ﷺ) সাওদাকে (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে করেন। . অত্যচারের মাত্র মক্কায় ক্রমশ বাড়তে লাগলো। রাসুলুল্লাহ (ﷺ) তখন উপযুক্ত নতুন এক আবাসস্থলের খোঁজে!