Chapter 40 of 50
বিভিন্ন রাজা-বাদশাহের নিকট চিঠি প্রেরণ
10 min read
রাসুলুল্লাহ (ﷺ) এবার আরবের বাহিরে অবস্থান করা সুপার পাওয়ারদের ইসলামের দাওয়াত দেয়ার জন্য দূত প্রস্তুত করলেন। . নির্দেশ দিলেন বিভিন্ন রাজা-বাদশাহর নামে চিঠি লিখতে। সাহাবীরা সেটাই করলেন। চিঠির খামে যখন তা ঢুকানো হলো তখন সাহাবিরা রাসুলুল্লাহকে (ﷺ) জানালেন যে, "সিলমোহর ছাড়া রাজা-বাদশারা চিঠি গ্রহণ করেন না।" তাই রাসুলুল্লাহ (ﷺ) সিলমোহর বানালেন এবং প্রত্যেক খামের উপরে সেটা যোগ করে দিলেন। . রাসুলুল্লাহ (ﷺ) প্রথমে হাবাশার বাদশাহ নাজ্জাশীর কাছে চিঠি প্রেরণ করলেন। চিঠিতে যা লেখা ছিলঃ "এই চিঠি নবী মুহাম্মাদের (ﷺ) পক্ষ থেকে হাবাশার বাদশাহ আসহামের নামে। যিনি হেদায়েতের অনুসরণ করবেন এবং আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপনা করবেন তার উপর সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে, এক ও অদ্বিতীয় আল্লাহ ব্যতীত এবাদতের উপযুক্ত কেউ নেই। তার স্ত্রী-পুত্র কিছু নেই। আমি একথাও সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ (ﷺ) আল্লাহর বান্দা ও রাসূল। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। কাজেই ইসালাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আর যদি আপনি এই দাওয়াত গ্রহণ না করেন, তবে আপনার উপর আপনার কওমের নাসারাদের সমুদয় পাপ বর্তাবে।" নাজ্জাশীর কাছে চিঠি পৌঁছে দেন একজন সাহাবী। চিঠি পড়ে নাজ্জাশীর চোখ খুলে যায়৷ তিনি মুসলিম হয়ে যান। কিন্তু সেটা গোপন থাকে। . রাসুলুল্লাহ (ﷺ) এবার মিশরের বাদশাহ "মুকাওকিস"-এর কাছে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল "বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর বান্দা ও তার রাসূল মোহাম্মদের (ﷺ) পক্ষ থেকে মুকাওকিসের আযম কিবতের নামে। তার প্রতি সালাম, যিনি হেদায়তের আনুগত্য করেন। আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আর যদি আপনি তা গ্রহণ না করেন তাহলে কিবতের সবার পাপও আপনার উপর বর্তাবে।" রাসুলুল্লাহ (ﷺ) হাতেবকে (রাদ্বি আল্লাহু আনহু) দিয়ে এই চিঠি প্রেরণ করেন। চিঠি পড়ে মোকাওকিস জবাব দেয় যে, "আমাদের একটি ধর্ম বিশ্বাস রয়েছে সেই ধর্ম আমরা পরিত্যাগ করতে পারি না। যতক্ষণ পর্যন্ত তার চেয়ে উত্তম কোনো ধর্ম-বিশ্বাস পাওয়া যায়।" হাতেব (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বুঝাতেন থাকেন ইসলাম সম্পর্কে। সুন্দরভাবে তার সামনে ইসালামকে উপস্থাপনা করেন। মুকাওকিস রাসুলুল্লাহর (ﷺ) নাম আগে শুনেছিল। সে রাসুলুল্লাহ (ﷺ) সম্পর্কে বেশ ভালোভাবেই জানতো এবং জানতো যে তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ। সে জানায় যে, সে এ বিষয়ে ভেবে দেখবে। এবং চিঠিটা সম্মানের সাথে তার পাশে রেখে দেয়। মুকাওকিস এবার রাসুলুল্লাহকে (ﷺ) চিঠি লিখে এবং দু'জন দাসী উপহার হিসেবে পাঠায়,সাথে আরও জিনিসপত্র। . এবার ততকালীন দুনিয়ার সর্বোচ্চ শক্তিধর, যাদেরকে মোকাবিলা করার মতন কারো সাহস হয়নি, যাদের সবাই মারাত্মক ভয় পেত, সেই শক্তিশালী পারস্য সাম্রাজ্যের সম্রাট "খসরু আপারভেজ"-এর নিকট রাসুলুল্লাহ (ﷺ) বিসমিল্লাহ লিখে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। "আল্লাহর রাসূল মোহাম্মদের (ﷺ) পক্ষ থেকে পারস্যের আপারভেযের নামে। সালাম সেই ব্যক্তির প্রতি যিনি আল্লাহ ও তার রাসুলের (ﷺ) প্রতি বিশ্বাস স্থাপন করেন। আমি আপনাকে আল্লাহর প্রতি আহবান জানাচ্ছি। কারণ আমি সকল মানুষের প্রতি আল্লাহর রহমত থেকে প্রেরিত। আল্লাহ এক ও অদ্বিতীয়। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আর যদি না গ্রহণ করেন তবে সকল অগ্নি উপাসকের পাপও আপনার উপরই বর্তবাবে।" রাসুলুল্লাহর (ﷺ) দূত চিঠি পারস্যতে পৌঁছে দেন। চিঠি পড়ে খসরু অহংকারের সাথে তা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। রাসুলুল্লাহ (ﷺ) তা জানার পর বললেন, "আল্লাহ তার বাদশাহি ছিন্নভিন্ন করে দিবেন।" ইয়েমেন ছিল পারস্যদের আন্ডারে। সম্রাট ইয়েমেনের গভর্নর বাযানকে চিঠি লিখে জানালেন যে, সে যেন রাসুলুল্লাহকে (ﷺ) ধরে তার কাছে নিয়ে যায়। বাযান চিঠি পেয়ে দু'জন লোককে মদিনায় পাঠায়। মদিনায় গিয়ে তারা রাসুলুল্লাহকে (ﷺ) সবকিছু জানালো এবং তাদের সাথে যেতে বললো। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে পরেরদিন দেখা করতে বলেন। খসরুকে সেদিন উৎখাত করে তার ছেলে ক্ষমতায় বসে। পরেরদিন দূত দুজনকে রাসুলুল্লাহ (ﷺ) খসরুর মৃত্যুর সংবাদ জানালেন। তারা অবাক হয়ে ফিরে গেল ইয়েমেনে। ইয়েমেনে গিয়ে তারা বাযানকে সবকিছু জানালো। বাযান সবকিছু জেনে তারপর মুসলিম হয়ে গেলেন। . ততকালীন পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য রোমান/বাইজেন্টাইন সাম্রাজ্য। রাসুলুল্লাহ (ﷺ) বিসমিল্লাহ লিখে রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন। চিঠি পেয়ে হিরাক্লিয়াস তখন আরবের মানুষের খোঁজ লাগালেন। এদিকে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বাণিজ্যিক কাফেলা নিয়ে তখন সিরিয়াতে অবস্থান করছিলেন। সম্রাট তাদেরকে দরবারে আসার জন্য নির্দেশ দেন। . সম্রাট হিরাক্লিয়াস তাঁর অমাত্যবর্গ পরিবৃত অবস্থায় জেরুজালেমে অবস্থানকালে তাঁরা সম্রাটের দরবারে আগমন করলেন। সম্রাট হিরাক্লিয়াস তাঁদেরকে স্বীয় মজলিসে ডেকে নিলেন। তখন তাঁর চতুষ্পার্শ্বে ছিলেন রোমান প্রধানগণ। অতঃপর তিনি কুরাইশগণকে এবং তাঁর দোভাষীকে আহ্বান জানিয়ে বললেন, "যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবী করছেন বংশগত ভাবে তোমাদের মধ্যে কে তাঁর অধিক নিকটবর্তী?" আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "বংশগতভাবে আমিই তাঁর নিকটতম ব্যক্তি।" সম্রাট হিরাক্লিয়াস নির্দেশ দিলেন যে, তাঁকে আমার নিকটবর্তী করো এবং তাঁর সঙ্গী-সাথীগণকেও ডেকে এনে তাঁর পেছনে উপস্থিত কর। অতঃপর সম্রাট তাঁর দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বল, "আমি এই লোকটিকে রাসূলের (ﷺ) সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি সে আমার সাথে কোন মিথ্যা কথা বলে, তবে তোমরা যেন তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করো।" আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "আল্লাহ্র কসম! লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করবে বলে যদি আমার লজ্জার ভয় না হত, তাহলে তখন আমি অবশ্যই রাসূলুল্লাহর (ﷺ) সম্পর্কে মিথ্যা কথা বলতাম।" সম্রাট সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করলেন, যিনি নবী বলে দাবী করছেন তাঁর বংশ কেমন? আবু সুফিয়ান : তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশগত। সম্রাট : তাঁর পূর্বে তোমাদের মধ্য হতে কোন ব্যক্তি কখনও এমন কথা বলেছে কি? আবু সুফিয়ান : না। সম্রাট : তাঁর পিতৃপুরুষগণের মধ্যে কেউ বাদশাহ ছিলেন কি? আবু সুফিয়ান : না। সম্রাট : প্রভাবশালী লোকেরা তাঁর অনুসরণ করছে, না দুর্বল লোকেরা? আবু সুফিয়ান : দরিদ্র ও দুর্বল শ্রেণীর লোকগুলো। সম্রাট : তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে, না কমছে? আবু সুফিয়ান : না, বরং বাড়ছে। সম্রাট : তাদের মধ্যে কেউ কি সেই দ্বীনে প্রবেশ করার পর তাঁর দ্বীনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তা ত্যাগ করে থাকে? আবু সুফিয়ান : না। সম্রাট : সে নবুয়ত লাভের পূর্বে কি তোমরা তাঁকে মিথ্যাবাদী বলে অপবাদ দিতে? আবু সুফিয়ান : না। সম্রাট : তিনি কখনো কোন অঙ্গীকার ভঙ্গ করেছেন কি? আবু সুফিয়ান : না। তবে আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য তাঁর সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছি, জানি না এ সময়ের মধ্যে তিনি কি করবেন! সম্রাট : তোমরা কি তাঁর সাথে কোন যুদ্ধ করেছ? আবু সুফিয়ান : হ্যাঁ। সম্রাট : যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান : তাঁর ও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল হল, "বালতিতে পালাক্রমে পানি তোলার ন্যায়। অর্থাৎ কোনটায় তিনি জয় লাভ করেন এবং কোনটায় আমরা।" সম্রাট : তিনি তোমাদেরকে কি নির্দেশ দিয়ে থাকেন? আবু সুফিয়ান : তিনি বলেন, তোমরা একমাত্র আল্লাহ্র ইবাদত কর। তাঁর সাথে কোন কিছুকে শরীক করো না। আর তোমরা তোমাদের বাপ-দাদারা যা বলে বেড়াত, তা পরিত্যাগ কর। তিনি আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে, সর্বদা সত্য কথা বলতে, অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখতে বলেন। সম্রাট হিরাক্লিয়াস দোভাষীকে বললেন, "তুমি তাকে বল, আমি তোমাকে তাঁর বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত। প্রকৃতপক্ষে নবী-রাসূলগণ তাঁদের কওমের সম্ভ্রান্ত পরিবারে প্রেরিত হয়ে থাকেন।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমাদের মধ্যে কেউ কি নবী হওয়ার কথা বলেছেন? তুমি উত্তরে বলেছ, না। আমি বলতে চাই- যদি তাঁর পূর্বে কেউ এ কথা বলত, তবে অবশ্যই আমি বলতে পারতাম, তিনি এমন এক ব্যক্তি, যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করেছেন।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তাঁর পিতৃপুরুষগণের মধ্যে কোন বাদশাহ ছিলেন কি? তুমি উত্তরে বলেছ, না। আমি বলতে চাই- যদি তাঁর পিতৃপুরুষগণের মধ্যে কোন বাদশাহ থাকতে, তাহলে আমি বলতাম, তিনি এমন এক ব্যক্তি, যিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমরা তাঁর নবুয়ত লাভের পূর্বে তাঁর প্রতি কোন মিথ্যা অপবাদ দিয়েছিলে কি? তুমি উত্তরে বলেছ, না। কাজেই আমি বুঝতেছি, তিনি এমন ব্যক্তি নন, যিনি মানুষের ব্যাপারে মিথ্যারোপ করবেন এবং আল্লাহ্র উপর মিথ্যারোপ করবেন।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে, প্রভাবশালী লোকেরা তাঁর অনুসরণ করছে, না নিরীহ-দুর্বল লোকগুলো? তুমি উত্তরে বলেছ, নিরীহ-দুর্বল লোকেরাই তাঁর অনুসরণ করছে। আসলে নিরীহ-দুর্বল লোকেরাই নবী-রাসূলগণের অনুসারী হয়ে থাকে।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তারা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, না হ্রাস পাচ্ছে? তুমি উত্তরে বলেছ, বৃদ্ধি হচ্ছে। ঈমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়ে থাকে।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি, কেউ তাঁর দ্বীনে প্রবেশ করে বীতশ্রদ্ধ হয়ে আবার সে দ্বীন পরিত্যাগ করেছে কি? তুমি উত্তরে বলেছ, না। আসলে ঈমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এরূপই হয়ে থাকে।" "আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি কোন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন কি? তুমি উত্তরে বলেছ, না। নবী-রাসূলগণ এরূপই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি তোমাদেরকে কি নির্দেশ প্রদান করেন? তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহ্র ইবাদত করার ও তাঁর সাথে কোন কিছুকে শরীক না করার নির্দেশ প্রদান করেন। তিনি তোমাদেরকে মূর্তিপূজা করতে নিষেধ করেন এবং তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করার, সত্য কথা বলার ও পূত-পবিত্র থাকার নির্দেশ প্রদান করেন। তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে তিনি অত্যল্পকালের মধ্যেই আমার এ পদদ্বয়ের নিম্নবর্তী স্থানের মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন।" "আমি নিশ্চিত জানতাম, তাঁর আবির্ভাব হবে! কিন্তু তিনি যে তোমাদের মধ্য হতে হবেন, একথা ভাবতে পারিনি। আমি যদি যথাযথভাবে তাঁর নিকট পৌঁছতে পারবো বলে জানতে পারতাম, তাহলে আমি তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্ব প্রকার কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তাঁর নিকট থাকতাম, তাহলে অবশ্যই আমি তাঁর পা ধুয়ে দিতাম।" অতঃপর সম্রাট হিরাক্লিয়াস রাসূলুল্লাহর (ﷺ) পত্রখানা আনতে বললেন, যে পত্রখানা দিয়ে রাসূলুল্লাহ (ﷺ) দেহিয়া আল-কালবীকে (রাদ্বি আল্লাহু আনহু) বজরার শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন। বজরার অধিপতি হারেছ পত্রখানা সম্রাট হিরাক্লিয়াসকে প্রদান করলে তিনি তা পাঠ করলেন। পত্রটি ছিল নিম্নরূপ- "পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্র নামে শুরু করছি। আল্লাহ্র বান্দা ও তদীয় রাসূল মুহাম্মাদের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি। যারা সঠিক পথের অনুসারী, তাঁদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর, আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কারে ভূষিত করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সকল প্রজার পাপ আপনার উপর বর্তাবে। ‘হে আহলে কিতাব! ‘তোমরা একটি কথার দিকে চলে আস, যে কথাটি আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন, আমরা যেন আল্লাহ্ ব্যতীত অন্য কারো ইবাদত না করি, তাঁর সাথে অন্য কোন কিছুকে শরীক না করি এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া অপর কাউকে প্রভু হিসাবে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাক যে, আমরা মুসলিম’ {আলে ইমরান ৬৪}।" আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "যখন সম্রাট হিরাক্লিয়াস তাঁর বক্তব্য ও পত্রখানা পাঠ শেষ করলেন, তখন তাঁর সম্মুখে শোরগোল ও চীৎকার চরম আকার ধারণ করল এবং আমাদেরকে বের করে দেয়া হলো।" বের হয়ে তিনি সঙ্গীদের বললেন, "নিশ্চয় মুহাম্মাদের (ﷺ) ব্যাপার তো বিরাট আকার ধারণ করেছে। এই যে রোমের বাদশাহ তাঁকে ভয় করছে। আবূ সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, আল্লাহ্র কসম! অতঃপর থেকে আমি অপমানবোধ করতে লাগলাম এবং এ ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস জন্মিল যে, মুহাম্মাদের (ﷺ) দাওয়াত অচিরেই বিজয় লাভ করবে। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ আমার অন্তরে ইসলাম প্রবেশ করিয়ে দিলেন যদিও আমি অপছন্দ করছিলাম। . সম্রাট হিরাক্লিয়াস দূত সাহাবিকে বেশ কিছু উপহার দিয়ে পাঠিয়ে দেন। কিন্তু পথে জোমাহ গোত্র ডাকাতি করে তার কাছ থেকে সবকিছু নিয়ে যায়। রাসুলুল্লাহকে (ﷺ) জানালে মুসলিমরা পালটা আক্রমণ করেন অনেক গণিমত লাভ করেন। . রাসুলুল্লাহ (ﷺ) বাহরাইনের শাসক মুনযিরের কাছস চিঠি লিখেন। বাহরাইনের শাসক ইসলাম গ্রহণ করেন কিন্তু প্রজাদের অনেকে করেনি। রাসুলুল্লাহকে (ﷺ) তা জানালে তিনি তাদের বিরুদ্ধে কিছু না করার নির্দেশ দেন। কিন্তু বলে দেন অমুসলিম সবাইকে জিযিয়া দিতে হবে। . রাসুলুল্লাহ (ﷺ) তারপর ইয়ামামার শাসকের নিকট চিঠি লিখেন। দূত তার দরবার গিয়ে সবকিছু পড়ে শুনান। শাসক মাঝামাঝি ধরণের জবাব দেন। তারপর দূতের কাছে উপহার সামগ্রী দিয়ে মদিনায় পাঠিয়ে দেন। রাসুলুল্লাহকে (ﷺ) সাহাবী সবকিছু অবহিত করেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, "সে নিজেও ধ্বংস হবে এবং যা কিছু আছে তার হাতে, সেসবও ধ্বংস হবে।" . রাসুলুল্লাহ (ﷺ) এবার দামেষ্কের শাসকের নিকট চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে। রাসুলুল্লাহর (ﷺ) চিঠি শুনে সে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার হুমকি দেয়। . রাসুলুল্লাহ (ﷺ) এবার আম্মানের বাদশাহের নিকট ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। বাদশাহর ভাই ছিলেন নমর মেজেরের। তিনি ভাইকে বুঝালেন এবং শেষে যখন দাওয়াত দেয়া হলো তখন তারা দু'জনেই ইসলাম ধর্মগ্রহণ করেন। . রাসুলুল্লাহ (ﷺ) রোমানদের কাছে একটি চিঠি লিখে দূত প্রেরণ করলেন। রোমানদের বর্ডারে গাসসানিত গোত্রের বসবাস৷ তারা আবার ক্রিশ্চিয়ান ধর্মের অনুসারী। রাসুলুল্লাহর (ﷺ) দূতকে তারা পথে আটক করে। নিয়ে যায় তাদের গভর্নের কাছে। সে কে জিজ্ঞেস করতেই সাহাবী জানান যে তিনি একজন দূত। রাসুলুল্লাহ (ﷺ) একটি চিঠি দিয়ে তাকে প্রেরণ করেছেন। দূতকে আটক করা তো দূরের ব্যাপার ছোঁয়াও অপরাধ। কিন্তু তারা তাকে বেঁধে রাখলো। তার উপর নির্যাতন চালালো এবং দূতকে সেখানকার গভর্নর নিজ হাতে হত্যা করলো। রাসুলুল্লাহর (ﷺ) কাছে খবর আসলে তিনি অনেক ব্যথিত হোন। নির্দেশ দিলেন মুসলিমবাহিনীকে যে, "যুদ্ধের জন্য প্রস্তুত হও।"