Chapter 16 of 50
রাসুলুল্লাহর (ﷺ) নিকট কুরাইশদের প্রতিনিধি
6 min read
হামজা (রাদ্বি আল্লাহু আনহু) এবং উমারের (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলিমদের উপরে নির্যাতনের মাত্র কমে আসতে লাগলো। . তাদের মুসলিম হয়ে যাওয়ার কারণে কাফিররা মুসলিমদের জীবনে সমস্যা করতে একটু ভাবতো। এতে করে সহজেই ইসলামের বাণী প্রচার করা হয়ে যেত। দূর-দূরান্ত থেকে মানুষেরা আসতো এবং ইসলাম ধর্ম গ্রহণ করতো। সেখানেই তাঁরা থেমে থাকতেন না বরং নিজেদের পরিবার-পরিজনকেও ইসলামের দিকে আহবান করতেন। পরিবারের কাজ হয়ে গেলে প্রতিবেশীদেরকেও দাওয়াত দিতেন। এতে মুসলিমদের সংখ্যা একটু একটু করে বাড়তে লাগলো। . কুরাইশরা কোনোভাবেই না উঠতে পেরে চিন্তা করলো অন্য কোনভাবে রাসুলুল্লাহকে (ﷺ) আটকানো যায় কী না। তাঁরা নির্যাতনের কৌশল থেকে সরে এসে অর্থ, ক্ষমতা, নেতৃত্ব, নারী ইত্যাদির যোগান দেয়ার প্রস্তাব দিয়ে তাকে থামানো যায় কী না, তা চিন্তা করতে থাকলো। . উতবাহ ইবনে রাবি'আকে নির্ধারণ করা হলো রাসুলুল্লাহর (ﷺ) কাছে গিয়ে তার সাথে একটা সমোঝোতায় পৌঁছার জন্য। যেই কথা সেই কাজ। তিনি রাসুলুল্লাহর (ﷺ) কাছে গেলেন। তারপর তাকে বোঝাতে লাগলেন যে, "এসব করে বিভেদ সৃষ্টি করো না, আমরা তো তোমাদেরই একজন, পূর্বপুরুষদের নিয়ে এসব মন্তব্য বন্ধ করো।"। সে আরও বললো যে, "আপনাকে মান-মর্যাদা দেয়া হবে। ধন-সম্পদ চাইলে তাও দেয়া হবে। রাজত্ব চাইলে তাও দেয়া হবে। রাজা-বাদশা হতে চাইলে সেটাও দেয়া হবে।" এক কথায়, তার মাথায় যা আসছিল সে তাই বলে যাচ্ছিলো। রাসুলুল্লাহ (ﷺ) মন দিয়ে তার কথাগুলো শুনছিলেন। তার কথার মধ্যে তিনি ব্যাঘাত ঘটাননি। উতবা যখন এক শ্বাসে সব বলে থাকলো তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "উতবা! তোমার কথা কি শেষ হয়েছে?" জবাবে সে বললো, "হ্যাঁ।" এবার রাসুলুল্লাহ (ﷺ) সূরাহ ফুসসিলাতের ১-৫ নম্বর আয়াত পর্যত পড়তে লাগলেন। যার বঙ্গানুবাদ হলো, "হা-মীম।" "(এ গ্রন্থ) পরম করুণাময় অসীম দয়ালুর পক্ষ থেকে নাযিলকৃত।" "এমন এক কিতাব, যার আয়াতগুলো জ্ঞানী কওমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কুরআনরূপে আরবী ভাষায়।" "সুসংবাদদাতা ও সতর্ককারী। অতঃপর তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, অতএব তারা শুনবে না।" "আর তারা বলে, ‘তুমি আমাদেরকে যার প্রতি আহবান করছ সে বিষয়ে আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, আমাদের কানের মধ্যে রয়েছে বধিরতা আর তোমার ও আমাদের মধ্যে রয়েছে অন্তরায়। অতএব তুমি (তোমার) কাজ কর, নিশ্চয় আমরা (আমাদের) কাজ করব।" এই আয়াতগুলো শুনে উতবা ক্বাবার পাশে বসে থাকা বন্ধুদের কাছে চলে গেল। তাকে দেখে তারা বুঝলো যে, উতবা বদলে গেছে, তার ভেতরে একটা পরিবর্তন এসেছে। আসরে প্রবেশ করার পর তাকে বিস্তারিত জিজ্ঞেস করা হলে, উতবা বললো, "আমি এমন এক কথা শুনেছি যা কোনো দিন শুনিনি। আল্লাহর শপথ! সে কথা কবিতা নয়, যাদুও নয়। হে কুরাইশগণ! আমার কথা মেনে নিয়ে ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও। তাঁকে তাঁর অবস্থায় ছেড়ে দাও। সে পৃথক হয়ে থেকে যাক। আল্লাহর কসম! আমি তাঁর মুখ থেকে যে বাণী শ্রবণ করলাম তা দ্বারা অতিশয় কোনো গুরুতর ব্যাপার সংঘটিত হয়ে যাবে। আর যদি তাঁকে কোনো আরবী হত্যা করে ফেলে তবে তো তোমাদের কর্মটা অন্যের দ্বারাই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু এ ব্যক্তি যদি তাঁকে কোনো আরবীদের উপর বিজয়ী হয়ে প্রাধান্য বিস্তারে সক্ষম হয় তাহলে এর রাজত্ব পরিচালনা প্রকৃতপক্ষে তোমাদেরই রাজত্ব হিসেবে গণ্য হবে! এর অস্তিত্ব বা টিকে থাকা সব চেয়ে বেশী তোমাদের জন্যই মঙ্গলজনক হবে।" মুগ্ধ হতে শুনতে থাকা লোকেরা যেন প্রভাবিত হতে লাগলো তার কথায়। কিন্তু নিকৃষ্ট লোকেরা তাকে উল্টো অপবাদ দিতে থাকলো এবং এতে সেই প্রভাব দূর হয়ে গেল। যদিও মনে মনে সবাই জানতো, উতবা ভুল কিছু বলেনি। . কুরাইশদের নেতারা কোনোভাবেই রাসুলুল্লাহকে (ﷺ) থামাতে পারছেন না। এ নিয়ে তাদের হতাশার অন্ত নেই। এবার তারা রাসুলুল্লাহকে (ﷺ) ডাকলো যেন, সকলে একসাথে বসে একটা মিমাংসা করা যায়। রাসুলুল্লাহ (ﷺ) তাদের সাথে দেখা করার জন্য গেলেন। উতবা যেই কথাগুলো বলেছিলো, কুরাইশ প্রতিনিধিরা আবারও একই প্রস্তাব তাদের মধ্যে দিলো। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, "আমি তোমাদের নিকটে কোনো ধন-সম্পদ চাই না। না আমি চাই কোনো মর্যাদা। এমনকি আমি তোমাদের কাছে রাজত্ব চাই না।" তারপর তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে বললেন, "আমি তোমাদের নিকট রিসালাতের বাণী পৌঁছে দিচ্ছি এবং সৎ উপদেশ প্রদান করছি। আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তা যদি তোমরা মেনে নাও তাহলে দুনিয়া ও আখিরাতে এর ভাল পরিণাম ভোগ করবে। আর যদি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো তবে আমার ও তোমাদের মধ্যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত ধৈর্য ধারণ করে যাব।" . এবারও কুরাইশরা মেনে নিলো না। তারা ফিরে গেল। রাসুলুল্লাহর (ﷺ) কাছে তারা বারবার যেত এবং বিভিন্ন প্রশ্ন করতো। যথাযথ উত্তর পেলেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতো না। . এদিকে আবু জেহেল রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করার জন্য উঠেপড়ে লাগলো। একের পর এক পরিকল্পনা করতে থাকলো। একটা সময়ে সে চিন্তা করলো, পাথর নিয়ে যাবে এবং রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করবে। যেই কথা সেই কাজ। পাথর নিয়ে কাবা প্রাঙ্গণে অপেক্ষায় বসে থাকলো সে ও তার সঙ্গীরা। রাসুলুল্লাহ (ﷺ) আসলেন এবং সালাত শুরু করলেন। রাসুলুল্লাহ (ﷺ) যখন সিজদায় গেলেন আবু জেহেল তখন পাথরটা নিয়ে এগিয়ে যেতে লাগলো। যেই গতিতে সে অগ্রসর হচ্ছিল, ঠিক সেই গতিতে মাঝপথ থেকে সে ভীত হয়ে ফিরে আসলো। লোকেরা তাকে ওভাবে ফিরে আসতে দেখে জিজ্ঞেস করলো, "কী হয়েছে? ”। জবাবে সে বললো, "আমি যখন তাঁর নিকট পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। আমি কখনো এমন উট দেখিনি। এই উটটি দেখে মনে হলো, সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে।" . একের পর এক ফন্দি এঁটেও যখন সমঝোতার জন্য কিছু করা যাচ্ছিলো না। তখন কুরাইশরা নতুন আরেকটি চিন্তা মাথায় এনে পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে লাগলো। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাওয়াফ করছিলেন। এমন অবস্থায় কুরাইশ প্রতিনিধিরা আসলো। তারা রাসুলুল্লাহকে (ﷺ) বললো যে, "তুমি যে মাবূদের উপাসনা করো, আমরাও সে মাবূদের উপাসনা করি এবং আমরা যে মাবূদের উপাসনা করি, তোমরাও সে মাবূদের উপাসনা করো। এরপর দেখা যাবে, যদি তোমাদের মাবূদ কোনো অংশে আমাদের মাবূদের চেয়ে উন্নত হয় তাহলে সেই অংশ গ্রহণ করবো।" মূলত তারা বোঝাতে চাচ্ছিল যে, "দ্বীনের ক্ষেত্রে ছাড় দাও। একদিন আমরা তোমাদের উপাস্যকে উপাসনা করবো। আরেকদিন তোমরা আমাদের উপাস্যকে উপাসনা করবে।" তাদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ সূরাহ কাফ্বিরুন নাযিল করেন। আয়াতের বঙ্গানুবাদ হলো, "বল, ‘হে কাফিররা," "তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না’।" "এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।" "‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।" "‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।" "তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’" . মক্কার লোকেদের সাথে ইহুদিদের সম্পর্ক ছিল ব্যবসায়িক সূত্রে। ইহুদিরা তাদেরকে ৩টি প্রশ্ন বলে দিল এবং এটাও জানিয়ে দিলো যে, সেগুলোর উত্তর একমাত্র সত্যিকারের নবী-ই দিতে পারবেন। তারপর তারা রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলো এবং ৩টি প্রশ্ন উত্থাপিত করলো। সেগুলো হলোঃ ১. প্রথম যুগে গুহায় আটকে থাকা যুবকদের ঘটনা আমাদের বলুন। ২. এমন এক ব্যক্তি যিনি পৃথিবীর পূর্ব হতে পশ্চিম দিগন্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তাঁর সম্পর্কে বলুন। ৩. রূহ মূলত কী? এই বিষয়টি বলুন। . . রাসুলুল্লাহর (ﷺ) কাছে তারা এই প্রশ্নগুলো উত্থাপিত করলো৷ তারপর আল্লাহ সূরাহ কাহফ নাযিল করলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বলে দিলেন যে, "১) প্রথমটির উত্তর হচ্ছে যে, তাঁরা হলেন আসহাবে কাহফ। ২) দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, সারা পৃথিবী সফর করা ব্যক্তিটি হলেন "জুলকারনাইন"। ৩) এবং তৃতীয়টির উত্তর হচ্ছে "রূহ আমার রবের আদেশ থেকে, আর তোমাদেরকে জ্ঞান থেকে অতি সামান্যই দেয়া হয়েছে’।" সঠিক উত্তরগুলো পেয়েও তারা রাসুলুল্লাহকে (ﷺ) নবী হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায়। তারা তাদের মুখ ফিরিয়ে নেয় আলো থেকে। . কুরাইশদের অবস্থা পর্যবেক্ষণ করে আবু তালিব দেখলেন যে, তারা রাসুলুল্লাহ (ﷺ) এর কোন ক্ষতি করে ফেলবে। তাই তিনি নিজ বংশের সকলকে একত্র করে জানিয়ে দিলেন যে, তারা যেন রাসুলুল্লাহকে (ﷺ) দেখে রাখে। সবাই তার কথা মেনে নিলেও মেনে নেয়নি নর্দমার কীট আবু লাহাব।