Chapter 22 of 50
দ্বিতীয় আক্বাবাহ
5 min read
নবুওতের ১৩ম বৎসরে মদিনা থেকে পৌত্তলিকদের সাথে মক্কায় হজ্বের জন্য রওয়ানা দেন ৭০ জনের অধিক মুসলিম। পথিমধ্যে মুসলিমরা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন এই বলে যে, "আমরা আর কতদিন রাসুলুল্লাহকে (ﷺ) এভাবে মক্কায় মুশরিকদের মধ্যে ফেলে রাখবো?" এ নিয়ে তারা বেশ চিন্তিত ছিলেন। . পথিমধ্যে মুসলিমরা আব্দুল্লাহ ইবনে হারামকে (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের দাওয়াত দিলেন। তাদের কথা শুনে তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। . মক্কায় পৌঁছানোর পরে রাসুলুল্লাহর (ﷺ) সাথে তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ আরম্ভ করলেন। সিন্ধান্ত হলো যে, আইয়ামে তাশরীক্বের মধ্য দিবসে উভয় দল মিনায় জামরাই উলা, অর্থাৎ জামরাই আক্বাবার নিকটে একত্রিত হবেন এবং সেটা হবে অন্ধকার রাতের কোনো এক সময়ে। . মধ্য রাতে যথাসময়ে তাঁবু থেকে বের হয়ে মদিনা থেকে আগত মুসলিমরা নির্ধারিত স্থানে অবস্থান নিলেন। এদিকে রাসুলুল্লাহ (ﷺ) তাঁর প্রিয় চাচা আল আব্বাসকে সাথে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছালেন। আল আব্বাস এদের কাউকেই চিনতে পারলেন না বিধায় বেশ চিন্তিত হলেন। আব্বাস বললেন, "হে খাযরাজের লোকেরা! আমাদের কাছে মুহাম্মদের কী মর্যাদা তা তোমাদের অজানা নেই। আমরা তাঁকে আমাদের সম্প্রদায়ের হাত থেকে এযাবৎ রক্ষা করে এসেছি। তাঁর প্রতিপক্ষরাও এ ব্যাপারে আমাদেরই মতো ধারণা পোষণ করে। কাজেই তাঁর অবস্থান এখানে অত্যন্ত সুরক্ষিত। কিন্তু তবু তিনি তোমাদের কাছে চলে যেতে চান এবং তোমাদের মাঝে থাকতে কৃত সংকল্প। এখন চিন্তা করে দেখো, তোমরা যদি তাঁকে প্রদত্ত অঙ্গীকার রক্ষা করতে পারো এবং শত্রুর হাত থেকে রক্ষা করতে সক্ষম হও, তবে তোমরা এ দায়িত্ব গ্রহণ করো। পক্ষান্তরে যদি না পারো তাহলে এখানেই বলে দাও। কারণ তিনি স্বগোত্র ও স্বদেশে নিরাপদে আছেন।" . আল আব্বাসের কথা শুনে তাঁরা বললেন যে, রাসুলুল্লাহ (ﷺ) কী চান তা যেন তাদের সামনে পেশ করেন। . রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন, "তোমরা তোমাদের নারী ও শিশুদের যেভাবে রক্ষা করো, আমাকেও তেমনি রক্ষা করবে।" এই কথা শুনে বারা ইবনে মারূর (রাদ্বি আল্লাহু আনহু) উঠে দাঁড়িয়ে বললেন, "ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আপনি আমাদের বায়'আত গ্রহণ করুন। আল্লাহর কসম! আমরা একটি যুদ্ধবাজ জাতি, বিপুল সমরাস্ত্রের অধিকারী, যা আমরা উত্তরাধিকার সূত্রে লাভ করেছি।" . এর মধ্যে আবূল হায়সাম (রাদ্বি আল্লাহু আনহু) দাঁড়িয়ে রাসুলুল্লাহকে (ﷺ) বললেন, "ইয়া রাসুলাল্লাহ ()! ইয়াহুদীদের সাথে আমাদের চুক্তি রয়েছে, আর আমরা এখন সেই চুক্তি ছিন্ন করছি। এমন তো হবে না যে, আমরা এরূপ করার পর আল্লাহ যখন আপনাকে বিজয় দান করবেন তখন আপনি আমাদের ছেড়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে আসবেন?" এই কথা শুনে রাসুলুল্লাহ (ﷺ) মৃদু হাসলেন। এবং জবাব দিলেন, "তোমাদের রক্ত আমার রক্ত। তোমাদের জীবন-মরণের একই সূত্রে গ্রথিত থাকবে আমার জীবন-মরণ। আমি তোমাদের, আর তোমরাও আমার। তোমরা যাদের সাথে লড়বে, আমিও তাদের সাথে লড়াই করবো। তোমরা যাদের সাথে শান্তি স্থাপনা করবে, আমিও তাদের সাথে শান্তি স্থাপন করবো।" . তারপর উবাদাহ ইবনে নাযলাহ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "তোমরা কি জানো যে, রাসুলুল্লাহর (ﷺ) সঙ্গে কোন কথার উপর অঙ্গিকার গ্রহণ করতে যাচ্ছো? সকলে সমবেত কন্ঠে জবাব দিলেন, "জ্বী, হ্যাঁ।" তিনি আরও বললেন, "তোমরা কিন্তু এর মাধ্যমে সাদা-কালো সব ধরণের লোকের সাথে যুদ্ধের ঝুঁকি নিচ্ছো। যদি তোমরা মনে করো, তোমাদের ধন-সম্পদ লুণ্ঠিত হতে এবং তোমাদের সেরা নেতাদের নিহত হতে দেখে তোমরা তাঁকে পরিত্যাগ করবে, তা হলে বরং এখনই তা করো। কারণ আল্লাহর কসম! তখন যদি তেমন কিছু করো, তবে তোমরা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হবে।" তিনি আরও বলেন যে, "আর যদি তোমাদের ইচ্ছে থাকে যে, তোমাদের ধন-সম্পদ হারানো এবং মর্যাদাসম্পন্ন লোকেদের হত্যা সত্ত্বেও এ চুক্তি সম্পন্ন করবে যার প্রতি তোমরা তাঁকে আহবান করছো তবে অবশ্যই তা গ্রহণ করবে। কেননা আল্লাহর শপথ! এতেই ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের জন্য মঙ্গল রয়েছে।" . এরমধ্যেই একটি আওয়াজ আসলো যে, "আমরা যদি যথাযথভাবে এ অঙ্গীকার পূরণ করি তবে প্রতিদানে আমাদের জন্য কী পুরষ্কারের ব্যবস্থা রয়েছে?" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "জান্নাহ!" . সবাই দাঁড়িয়ে যখন বায়'আত দিতে যাবেন ঠিক তখনই আস'আদ ইবনে যুরারাহ (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) হাত ধরলেন। ধরে তার লোকেদের দিকে তাকিয়ে আবারও স্মরণ করিয়ে দিলেন তারা এখন কী করতে যাচ্ছে। আবারও পরীক্ষা করে দেখলেন যে, সত্যি সত্যি তাঁরা প্রস্তুত কী না। তিনি এরূপ বললেন যে, "দেখো, তোমরা যদি সত্যি সত্যি অঙ্গীকার মানতে পারো তাহলে গ্রহণ করো নতুবা রাসুলুল্লাহকে (ﷺ) ছেড়ে দাও কারণ বায়'আত দেয়ার পরে আর তা ফিরিয়ে নিতে পারবে না।" . লোকেরা তখন সমস্বরে আস'আদ ইবনে যুরারাহকে (রাদ্বি আল্লাহু আনহু) বলে উঠলো, "তোমার হাত সরাও! আমরা বায়া'আত দেব। আমরা অঙ্গিকার ছাড়তে কিংবা ভঙ্গ করবো না।" তারপর একে একে এসে রাসুলুল্লাহর (ﷺ) হাতে হাত রেখে অঙ্গিকার করলেন। মহিলা দুইজনের শপথ ছিল মৌখিকভাবে। . এরপর রাসুলুল্লাহ (ﷺ) ১২জন নেতা নির্বাচিত করলেন আরা অঙ্গীকার পূরণ করতে সর্বদা সজাগ থাকবেন এবং ইসলামের বার্তা প্রচারের কাজে নিজেকে নিয়োজিত করবেন। ১২জন নেতা নির্বাচনের পর, এবার রাসুলুল্লাহ (ﷺ) তাদের থেকে অঙ্গিকার নিলেন। এরপর বললেন, "ঈসার (আলাইহিসসালাম) পক্ষ থেকে যেভাবে হাওয়ারীগণের উপর দায়িত্ব অর্পিত হয়েছিল সেভাবে আজ থেকে আপনাদের উপর আপন আপন সম্প্রদায়ের জিম্মাদারি অর্পিত হলো। আর আমার উপর জিম্মাদারি রইলো সমগ্র মুসলিম জাতির।" . সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল। এমনই মুহুর্তে শয়তান উচ্চকণ্ঠে ডাক দিলো, "হে জাবাজিববাসী! তোমাদের কী খবর আছে, নিন্দিত ব্যক্তি ও বেদ্বীনেরা মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের পাঁয়তারা করছে?" শয়তানকে রাসুলুল্লাহ (ﷺ) চিনে ফেললেন। তাকে উদ্দেশ্য করে রাসুলুল্লাহ () বললেন, "হে আল্লাহর দুশমন! আল্লাহর কসম! আমি তরই জন্য প্রস্তুত হচ্ছি।" . এদিকে সবাই তখন হতবিহ্বল হয়ে পড়লেন। কী করবেন এবার। সবাই ঘুম থেকে জেগে উঠবে। মদিনার লোকেরা চাইলো মিনাবাসীর উপর আক্রমণ করতে। কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "আমাকে এ নির্দেশ দেয়া হয়নি।" তারপর সকলকে তাঁবুতে ফিরে যেতে বললেন। রাসুলুল্লাহ (ﷺ) ও আল আব্বাসও ফিরে আসলেন বাড়িতে। আল আব্বাস তখনও খুশী ছিলেন না কারণ তিনি মনেপ্রাণে চাচ্ছিলেন রাসুলুল্লাহ (ﷺ) যেন থেকে যান। . সংবাদ ছড়িয়ে পড়েছে চারিদিকে। রাসুলুল্লাহর (ﷺ) সাথে নাকি কারা মিটিং করেছে গতরাতে। কুরাইশরা একে একে সব তাঁবুতে গিয়ে জিজ্ঞেস করছিল কিন্তু সবাই বলছিল যে, তারা এই বিষয়ে কিছুই জানে না। যখন তারা ইয়াসরিবের তাঁবুতে আসলো তখন মুসলিমরা চুপ থাকলেন আর যারা মুশরিক ছিল তারা বলতে লাগলো যে, না! তারা এসব জানে না। কসম খেতে লাগলো৷ কুরাইশরা কোনো ইতিবাচক সাড়া না পেয়ে নিরাশ হয়ে ফিরে গেল। . কুরাইশরা ধরে নিয়েছিল এই খবর মিথ্যা কিন্তু তাদের গোয়েন্দারা খুঁজে বের করলো যে, না ঘটনা সত্য। কিন্তু ততক্ষণে হাজিগণ অনেক দূরে চলে গিয়েছেন। ধরার মতন তারা একজনকে ধরে, তাঁর নাম সা'দ ইবনে উবাদাহ (রাদ্বি আল্লাহু আনহু)। তাকে তারা বন্দী করার চেষ্টা করে কিন্তু মুত'ঈমের কারণে তাকে ছেড়ে দেয়া হয় কারণ বাণিজ্যিক কাফেলায় তাদের ঝামেলা হবে অনেক। এর মধ্যেই সা'দ ইবনে উবাদাহ (রাদ্বি আল্লাহু আনহু) মুক্তি পেয়ে সঙ্গীদের সাথে মিলিত হয়ে নিজ বাড়িতে প্রত্যাবর্তন করেন। . মদিনা তখন ভোরের উজ্জ্বল সূর্যের আগমনের অপেক্ষার প্রহর গুনছিল। যার মাধ্যমে খুব শীগ্রই আলো ছড়াবে সারা পৃথিবীতে। তিনি আসছেন.....!