Chapter 34 of 50
খন্দক/আহযাবের যুদ্ধ
12 min read
ইয়াহূদী দুই গোত্রকে মদিনা থেকে উৎখাত করে দেয়ায় তাদের মনে প্রতিশোধের নেশা জেগে উঠে। মুসলিমদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়ার জন্য তারা বিশাল এক পরিকল্পনা করে! . ইয়াহূদীরা এক হয়ে তাদের মধ্য থেকে কয়েকজন নেতা পর্যায়ের লোক মক্কার দিকে রওয়ানা হয়। মক্কায় তাদেরকে দেখে কুরাইশরা খানিক অবাক হয়। . কুরাইশদের কাছে তারা তাদের পরিকল্পনা তুলে ধরে। তা শুনে কুরাইশরা তাদেরকে সাহায্য করবে বলে স্থীর করে। তারা মুসলিমদেরকে সমূলে উৎখাত করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়। . তন্মধ্যে কুরাইশরা ইয়াহুদীদের দিকে এই বলে প্রশ্ন ছুড়ে দেয় যে, "হে ইয়াহূদীরা! তোমরা হলে প্রথম কিতাবধারী৷ মুহাম্মাদের (ﷺ) সাথে আমাদের বিবাদের কী কারণ তা তোমাদের জানা আছে। আচ্ছা বলো তো, 'আমাদের ধর্ম উত্তম, না তাঁর ধর্ম'?" ইয়াহুদীরা জবাব দিলো, "বরং তোমাদের ধর্মই তাঁর ধর্ম অপেক্ষা উৎকৃষ্ট এবং তাঁর মোকাবিলায় তোমরাই সঠিক পথে আছো।" কুরাইশরা জবাব শুনে বেশ খুশী হয়। কুরাইশদের কাছ থেকে বিদায় নিয়ে তারা এবার গাতাফান গোত্রের কাছে গেলো। তাদের সাহায্য চাইলে তারাও সহযোগিতার আশ্বাস করলো। . গোত্রগুলো যুদ্ধে যাওয়ার জন্য তাদের নেতাদের পতাকার নিচে বের হয়ে আসলো। এই সম্মিলিত বাহিনীর নেতা ছিলেন আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু)। . রাসুলুল্লাহ (ﷺ) জানলেন যে কুরাইশরা যুদ্ধের জন্য এবার বিশাল এক বহর নিয়ে হাজির হবে মদিনায়। রাসুলুল্লাহ (ﷺ) সবার থেকে পরামর্শ চাচ্ছিলেন। একেকজন একেক পরামর্শ দিচ্ছিলেন। হটাৎ সালমান (রাদ্বি আল্লাহু আনহু) বলেলেন যে, "তাদের অঞ্চলে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিখা খনন করা হতো।" রাসুলুল্লাহ (ﷺ) তার এই আইডিয়া নিয়ে সবার সামনে উপস্থাপনা করলেন। এতে সবাই সায় দেন। . পরিখা খননের সিধান্ত নেয়ার পর সবাই কাজে লেগে পড়েন। স্বয়ং রাসুলুল্লাহ (ﷺ) সেদিন পরিখা খনন করছিলেন। আল্লাহ তাদেরকে এতোটাই শক্তি দিয়েছিলেন যে খুব দ্রুত তারা কাজ করছিলেন। একটা জায়গায় এসে তারা পাথর ভাঙতে পারছিলেন না। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (ﷺ) গিয়ে খুলে বললেন। তিনি নিজে এসে পাথর ভাঙার জন্য প্রস্তুত হলেন। রাসুলুল্লাহ (ﷺ) 'আল্লাহু আকবার' বলে প্রথম আঘাত করতেই বিদুৎ চমকিত হয়ে ঐ প্রস্তর খণ্ডের এক-তৃতীয়াংশ ভেঙে পড়ে গেল। দ্বিতীয় আঘাত করতেই আরও এক-তৃতীয়াংশ ভেঙে পড়ে গেল এবং একটি বিদ্যুৎ চমকে উঠলো। তারপর তিনি তৃতীয়বার আল্লাহু আকবার বলে তাতে আঘাত করলেন এতে অবশিষ্ট তৃতীয়াংশ ভেঙে পড়ে গেল। রাসুলুল্লাহ (ﷺ) পরিখা থেকে বের হয়ে আসলেন। তাকে তখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলো। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "আমি যখন প্রথমবার আঘাত করেছিলাম, তখন পারস্যের/কিসরার শহরসমূহ এবং এর আশপাশের স্থানসমূহ এবং আরো বহু শহর আমার সামনে প্রকাশিত হলো। এরপর আমি দ্বিতীয়বার আঘাত করলাম। তাতে রোম সম্রাট কায়সারের শহরসমূহ এবং এর আশপাশের স্থানসমূহ দেখানো হলো। এরপর আমি তৃতীয়বার আঘাত করলাম, আমাকে তখন ইয়েমেনের রাজপ্রাসাদ দেখানো হলো। এবং বললেন যে জিব্রাইল (আলাইহিসসালাম) তাকে বলেছেন যে, এই শহরগুলো মুসলিমরা বিজয় করবে।" . খন্দকের যুদ্ধের জন্য আম্মার ইবনে ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) পরিখা খননের কাজ করছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাঁর মাথায় হাত রেখে তাঁকে লক্ষ্য করে বললেন, "ইবনু সুমাইয়্যার (রাদ্বি আল্লাহু আনহু) জন্য দুঃখ হয়। একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে।" . খন্দকের যুদ্ধ হতে কয়েকদিন বাকি! সাহাবীরা সবাই খনন কাজে ব্যস্ত। রাসুলুল্লাহও (ﷺ) সবার সাথে কাজ করছিলেন। তিনি একটি বড় পাথরে আঘাত করেন যার ফলে তৎক্ষনাৎ তা চূর্ণ হয়ে বালুকারাশিতে পরিণত হয়ে যায়। সেখান থেকে উপরে উঠে আসার সময় জাবির (রাদ্বি আল্লাহু আনহু) খেয়াল করলেন রাসুলুল্লাহ (ﷺ) তার পেটে পাথর বেঁধে রেখেছেন যেন ক্ষুধা না লাগে! তা দেখে তিনি খুব কষ্ট পান। তাৎক্ষণিক বাড়ি পৌঁছে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে, "ঘরে কোন খাবার আছে কি-না?" তিনি বললেন, "আমাদের কাছে কিছু যব ও একটি ছাগলের বাচ্চা আছে।" তখন তিনি ছাগলের বাচ্চাটি যবহ করলেন এবং তার স্ত্রীকে যব পিষে দিলেন। এবং রান্না করার জন্য বললেন। রান্না হয়ে গেলে তিনি রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলেন এবং বললেন, "হে আল্লাহর রসূল! আমার বাড়ীতে সামান্য কিছু খাবার আছে। আপনি একজন বা দুজন সঙ্গে নিয়ে চলুন।" এবার রাসুলুল্লাহ (ﷺ) উচ্চৈঃস্বরে বলে উঠলেন, "হে খন্দকের লোকেরা! জাবির তোমাদের জন্য খানার আয়োজন করেছে, তাই তোমরা চল।" তা শুনে জাবির (রাদ্বি আল্লাহু আনহু) মনে মনে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন" পড়লেন। তারপর তাকে বললেন যে, "তোমার স্ত্রীকে গিয়ে বল, আমি না আসা পর্যন্ত উনান থেকে ডেকচি ও রুটি যেন না নামায়।" জাবির (রাদ্বি আল্লাহু আনহু) তখন বুঝে উঠতে পারছিলেন না কীভাবে এতো মানুষকে খাওয়াবেন।তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন যে, "রাসুলুল্লাহ (ﷺ) তো সবাইকে নিয়ে আসছেন" কিন্তু তার স্ত্রী বিষয়টি নরমাল্লি নিলেন। এরপর রাসুলুল্লাহ (ﷺ) বাড়িতে এসে বললেন, "তোমরা সকলেই প্রবেশ কর কিন্তু ভিড় করো না।" এ বলে তিনি রুটি টুকরো করে এর উপর গোশত দিয়ে সাহাবীগণের মাঝে বিতরণ করতে শুরু করলেন। তিনি ডেকচি এবং উনান ঢেকে রেখেছিলেন। এমনি করে তিনি রুটি টুকরো করে হাত ভরে বিতরণ করতে লাগলেন। এতে সকলে পেট পুরে খাওয়ার পরেও কিছু বাকী রয়ে গেল। তিনি জাবিরের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রীকে বললেন, "এটা তুমি খাও এবং অন্যকে হাদিয়া দাও। কেননা লোকদেরও ক্ষুধা পেয়েছে।" . মুসলিমরা আল্লাহর সাহায্যে খুব দ্রুত পরিখা খনন করে ফেললেন। তারা তৈরী হলেন শত্রুদের মোকাবিলা করার জন্য। এদিকে কুরাইশদের সম্মিলিত বাহিনী আগমন করেছে। তারা পরিখা দেখে বেশ অবাক হয়। সেখানেই তারা শিবির স্থাপন করেন। . মুসলিমরাও তাদের সম্মুখীন হওয়ার জন্য রওয়ানা দেন এবং সেখানে গিয়ে নিজেদের শিবির স্থাপন করেন। রাসুলুল্লাহ (ﷺ) নারী ও শিশুদেরকে দুর্গের ভেতরে হেফাজতে রাখেন এবং কিছু সাহাবীকেও দায়িত্ব দেন। . মুহাজির ও আনসার যার যার দলের পতাকার নিচে অবস্থান নিলেন। কিন্তু সালমান (রাদ্বি আল্লাহু আনহু) বিপাকে পড়ে গেলেন। একদিকে মুহাজিররা তাকে ডাকছেন আরেকদিকে আনসাররা। কোনদিকে যে যাবেন তিনি কনফিউশানে পড়ে গেলেন! তারপর রাসুলুল্লাহ (ﷺ) তাঁবু থেকে বের হয়ে এসে বললেন, "সালমান (রাদ্বি আল্লাহু আনহু) নবী পরিবারের।" . এদিকে দুই পক্ষ থেকেই তীর ছুঁড়া হচ্ছিলো এতে কোনো ক্ষয়ক্ষতি দেখা দিলো না। খালিদ ইবনে ওয়ালিদ (রাদ্বি আল্লাহু আনহু) ও আরও কিছু লোক পরিখা লাফিয়ে মুসলিমদের মধ্যে চলে আসে। মুসলিমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এতে কয়েকজন শহীদ হয়ে যান। আমর ইবনে আবদ নামক এক লোক যুদ্ধের আহবান করে যাচ্ছিলো। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার ডাকে সাড়া দিলেন এবং মোকাবিলার জন্য গেলেন। বেচারা একটু সময়ও টিকতে পারলো না। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তাকে জাহান্নামের টিকেট ধরিয়ে দিলেন। . শত্রুদের শিবিরে তখন আযাব যাচ্ছে। তারা অসুস্থ হচ্ছে তো তাদের খাবারে সংকট দেখা দিচ্ছে। এর মধ্যে গাতাফান গোত্র লুকিয়ে লুকিয়ে মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ হতে চাইলো। গাতাফান গোত্রের দুই নেতা রাসুলুল্লাহর (ﷺ) কাছে লোক পাঠালো যে, "তারা তাদের লোকজন নিয়ে ফিরে গেলে মদিনায় উৎপন্ন খেজুরের এক-তৃতীয়াংশ প্রদান করতে হবে।" রাসুলুল্লাহ (ﷺ) তাদের কথায় রাজি হলেন। কিন্তু সবকিছু ফাইনাল করার আগে রাসুলুল্লাহ (ﷺ) সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) ও সা'দ ইবনে উবাদার (রাদ্বি আল্লাহু আনহু) মতামত চাইলেন। তারা তাকে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ)! এটা কি আপনার নিজের ইচ্ছা, না আল্লাহর নির্দেশ- যা আপনাত জন্য শিরোধার্য, না আমাদের দিকে তাকিয়ে আপনি এটা করছেন?" রাসুলুল্লাহ (ﷺ) তখন বললেন, "বরং তোমাদের দিকে তাকিয়েই আমি এটা করছি। আরবগণ সম্মিলিতভাবে একই ধনুক হতে তোমাদের উপর তীর বর্ষণ করেছে। তারা তোমাদেরকে চতুর্দিক হতে বেষ্টন করে রেখেছে। আমি যেকোনো উপায়ে তোমাদের প্রতি তাদের শক্তিমত্তা ভেঙ্গে দিতে চাই।" এবার সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ)! আমরা ও ওরা ছিলাম এমন এক জাতি যারা আল্লাহর শরীক স্থির করতাম। আমরা আল্লাহকে চিনতাম না। কিন্তু সেই সময়েও আতিথেয়তা কিংবা ক্রয়-সূত্র ছাড়া ওরা আমাদের একটি খেজুরের প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করতে সাহস পেত না। আর আজ যখন আল্লাহ আমাদেরকে ইসলাম দ্বারা সম্মানিত করেছেন, আমাদের সঠিক পথ দেখিয়েছেন এবং ইসলাম দেয়ারা শক্তিবৃদ্ধি করেছেন, তখন আমরা ওদেরকে ট্যাক্স দিবো? আল্লাহর কসম! এরূপ সন্ধির আমাদের কোনো প্রয়োজন নেই। তাদেরকে আমরা তরবারি ছাড়া কিছুই দিবো না। এভাবে আমরা, তাদের ও আমাদের মাঝে আল্লাহর ফয়সালারই অপেক্ষা করবো।" তারপর রাসুলুল্লাহ (ﷺ) চুক্তি করা থেকে বিরত থাকলেন। . ইয়াহূদী গোত্রগুলো দেখলো যে মুসলিমদের কোনো কিছুই করা যাচ্ছে না। তারা এতে বেশ ভেঙ্গে পড়ে। ইয়াহূদী নেতা হুয়াঈ ইবনে আখতাব চিন্তা করলো মদিনায় থাকা বনু কুয়াইযাকে কাজে লাগিয়া মুসলিমদেরকে এট্যাক করবে। সে বনু কুরাইযার দিকে রওয়ানা দিলো। . বনু কুরাইযার নেতা কা'ব ইবনে আসাদ রাসুলুল্লাহর (ﷺ) সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ ছিলো। সে কোনোভাবেই ভঙ্গ করবে না বলে অঙ্গীকারবদ্ধ ছিল। হুয়াঈ ইবনে আখতাব যখন তার কাছে আসলো তিনি তখন দরজা লাগিয়া দেন। কথাও বলতে চাননি। কা'ব বার বার বলছিলো সে মুসলিমদের সাথে চুক্তিভঙ্গ করবে না। হুয়াঈ এবার বললো তোমার খাবারে ভাগ বসাতে আসিনি। তা শুনে কা'ব দরজা খুলে দিলো। এবার হুয়াঈ সুযোগ পেয়ে কা'বকে ইন্ধন দিতে লাগলো। সে বুঝাতে লাগলো যে, তার সাথে বিশাল সৈন্যবাহিনী। তারা মুসলিমদেরকে ধ্বংস করে দিবে। এই সেই বলে প্ররোচনা দিলো। কা'ব কোনোভাবেই রাজি হচ্ছিলো না। কিন্তু শেষে আর পারেনি। তাদেরকে সাহায্য করার জন্য মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে। . হাসসান ইবনে সাবিত (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন ভীত প্রকৃতির মানুষ। তিনি শারীরিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি। . খন্দকের যুদ্ধের সময় মুসলিম নারীদেরকে দুর্গে রাখার পর নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয় হাসসান ইবনে সাবিতকে (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তাদের সাথে সেই দুর্গে ছিলেন। এদিকে মদিনায় রয়ে যাওয়া ইহুদী গোত্র চুক্তি ভঙ্গ করে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিলো। তারা ভাবলো যে আগে দুর্গে একটা আক্রমণ করে দেখা যাক কে আছে সেখানে। তারপর তারা দু'জন লোককে পাঠালো সেখানে। সেই দু'জন লোক সেখানে যাওয়ার পর শব্দ হলে রাসুলুল্লাহর (ﷺ) ফুফু সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) টের পেয়ে গেলেন। তিনি হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) খঞ্জর হাতে দিয়ে বললেন তাদেরকে রক্ষা করার জন্য। কিন্তু হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "আপনি তো জানেনই আমি তা করতে সক্ষম নই।" পরে তিনি নিজে বাড়ির ছাদে খঞ্জর নিয়ে উঠে তাদের উপরে আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। এক লোক উঠতেই তার মাথা বিচ্ছিন্ন করে দিলেন এবং তার মাথা নিচে অন্য লোকের কাছে ছুড়ে মারলেন। এতে সেই লোক ভয়ে পালিয়ে যায় এবং ভাবে যে ভেতরে পুরুষ আছে। সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) নিচে এসে হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) সেই লোকের ঢাল-তলোয়ার নিয়ে আসার জন্য বললে, হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "তা আমার দরকার নেই।" . হাসসান ইবনে সাবিত (রাদ্বি আল্লাহু আনহু) তরবারি দিয়ে যুদ্ধ না করলেও কাব্য-যুদ্ধে তিনি সবার সামনে থাকতেন। মক্কার কুরাইশরা কবিতার মাধ্যমে মিথ্যা রটালে হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) তার জবাব দিতেন কবিতার মাধ্যমে। . খন্দকের যুদ্ধের সময় মুসলিমরা যখন জানতে পারলেন যে ইহুদিরা মৈত্রী চুক্তি ভঙ্গ করেছে তখন রাসুলুল্লাহ (ﷺ) তিনবার জিজ্ঞেস করেন, "তোমাদের মধ্যে এমন কে আছো, যে তাদের সংবাদ নিয়ে আসতে পারো?" তিনবারই যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন "আমি।" তারপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "প্রত্যেক নবীরই হাওয়ারী থাকে। আমার হাওয়ারী 'যুবাইর'।" . রাসুলুল্লাহ (ﷺ) সাথে সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) ও সা'দ ইবনে উবাদাকেও (রাদ্বি আল্লাহু আনহু) পাঠালেন। তারা গেলেন বনু কুরাইযার কাছে এবং কৌশল খাটিয়ে বুঝে গেলেন যে তারা চুক্তিভঙ্গ করেছে। তা শুনে মুসলিমদের ভেতরে আতঙ্ক চলে আসলো যা আল্লাহ কোরআনের সূরাহ আহযাবের ১০-১১ নম্বর আয়াতে বলেন "যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কন্ঠ পর্যন্ত পৌঁছেছিল। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে।" "তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল। আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল।" . ফিরে এসে তারা রাসুলুল্লাহকে (ﷺ) সব খুলে বললেন। তা শুনে রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "আল্লাহু আকবার! হে মুসলিম সম্প্রদায়! তোমাদের জন্য খোশখবর।" মুসলিমরা আসলেই অনেক ভয় পেয়ে যান কারণ শত্রুরা এবার চারিদিক থেকে ঘেরাও করে ফেলেছে। . খন্দকের যুদ্ধে যাওয়ার সময় সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) মায়ের সাথে দেখা করতে বাড়িতে যান। বাড়ি থেকে যাওয়ার সময় আম্মাজান আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) লক্ষ করেছিলেন যে, "বর্ম দ্বারা তার শরীর পুরোপুরি ঢাকা না, হাতের একটা জায়গা খালি রয়ে গেছে।" তিনি সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) মাকে এ কথা বললেন যে, "আপনার ছেলের যদি বড় বর্ম থাকতো!" যুদ্ধের ময়দানে গেলেন একেবারে সামনের সারিতে। প্রতিপক্ষের ছোড়া তীর তার হাতে এসে পড়লো। এতে জায়গাটি অনেক ক্ষত হয়ে গেল। রক্তনালি ছিঁড়ে গিয়েছিলো তীরের আঘাতে। তাকে চিকিৎসা দিয়ে কোন রকম ঠিক করা গেলেও রক্তপ্রবাহ বন্ধ হচ্ছিলো না, বুঝলেন সময় বোধ হয় বেশি নেই আর। তাৎক্ষণিক তিনি আল্লাহ কাছে দুআ করলেন "হে আল্লাহ! কুরাইশদের সাথে এ সংঘাত যদি এখনও অবশিষ্ট থাকে তবে আমাকে বাঁচিয়ে রাখুন। তাদের সাথে লড়াই করার আমার খুব সাধ। কারণ, আপনার রাসূলকে (ﷺ) তারা কষ্ট দিয়েছে, তাঁকে অস্বীকার করেছে এবং মাতৃভূমি মক্কা থেকে তাঁকে তাড়িয়ে দিয়েছে। আর যদি সংঘাত শেষ হওয়ার সময় হয়ে থাকে তাহলে এই ক্ষতের দ্বারাই আমাকে শাহাদাত দান করুন। আর বনী কুরায়জার ব্যাপারে আমার চোখে প্রশান্তি না আসা পর্যন্ত আমার মরণ দিও না।" আল্লাহ তার দুআ কবুল করেন। তিনি বেঁচে ছিলেন। . মুসলিমরা প্রচণ্ড ত্রাসের মধ্যে অবস্থান করছিলেন। চারিদিকে শত্রু কীভাবে কী করবেন বুঝে উঠে পারলেন না। কোথা থেকে গাতাফান গোত্রের এক লোক রাসুলুল্লাহর (ﷺ) কাছে চুপিসারে এসে বললো, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ)! আমি মুসলিম হয়েছি কিন্তু আমার সম্প্রদায় তা জানে না। আপনি আমাকে যে কোনো হুকুম করতে পারেন।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তুমি আমাদের মধ্যে একা। তুমি যদি পারো তাদের মধ্যে গিয়ে পরষ্পরে বিভেদ সৃষ্টি করে দাও। কেননা, যুদ্ধ মাত্রই তো প্রতারণা।" . তিনি তারপর কুরাইযা গোত্রের কাছে গেলেন এবং কুরাইশ ও গাতাফানের বিরুদ্ধে কথা বলে তাদেরকে বুঝালেন যে, তোমরা এখানেই থাকবে আর তারা থাকবে না। এতে তোমরা বিপদে পড়বে যদি কুরাইশরা হেরে যায়। তারপর তিনি পরামর্শ দেন যে, "তাদের কতিপয় নেতৃস্থানীয় লোককে তোমাদের কাছে বন্ধক না রাখা অব্দি তোমরা তাদের সাথে মিলিত হয়ে যুদ্ধ করো না। মুহাম্মাদের (ﷺ) সাথে যুদ্ধের ব্যাপারে, তাদের সাথে তোমাদের চুক্তির নিশ্চয়তা স্বরুপ, সে লেকগুলোকে তোমরা তোমাদের মাঝে জিম্মি করে রাখবে। যুদ্ধ শেষে তাদের ছেড়ে দিবে।" তারা বললো "খুব দারুণ পরামর্শ।" . এরপর তিনি কুরাইশদের কাছে যান এবং বলেন যে, "মুহাম্মাদের (ﷺ) সাথে চুক্তিভুঙ্গ করে ইয়াহুদীরা এখন অনুতপ্ত। তারা আপনাদের থেকে লোক জিম্মা হিসেবে চায়। সাবধান, আপনারা একটি লোককেও তাদের হাতে ছেড়ে দিবেন না।" তারপর নু'আম (রাদ্বি আল্লাহু আনহু) নিজ গোত্রে কাছে গেলেন এবং কুরাইশদের মতন একই কথা বললেন। . এদিকে কুরাইশ ইয়াহুদীদের মধ্যে একটা মারামারি লেগে যায়। কুরাইশরা চাচ্ছিলো শনিবারে এট্যাক করতে কিন্তু ইয়াহুদীরা না করে কারণ এদিন তারা এসব থেকে বিরত থাকে। বাকবিতণ্ডার মধ্যে ইয়াহুদীরা কুরাইশদের লোক চায় এতে কুরাইশরা শিওর হয় নু'আমের (রাদ্বি আল্লাহু আনহু) কথা সত্য। তারা রাজি হয় না। আল্লাহ তাদের উপর প্রাকৃতিক গজব নাযিল করলেন। প্রচণ্ড শীতের রাতে তাদের উপর সুতীব্র শৈত প্রবাহ ছেড়ে দিলেন। তাদের রান্নার হাড়ি-পাতিল উড়ে গেল। তাঁবু লণ্ডভণ্ড হয়ে গেল। তাদের ঘোড়াগুলো মরতে শুরু করলো। উটও শেষ হয়ে আসছে। . মুসলিমরা তখনো দৃঢ়ভাবে শত্রুর মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে ছিল। অন্তরে যদিও ভয় কাজ করছে অনেক। রাসুলুল্লাহ (ﷺ) সালাত আদায় শেষ করে, সবার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, "কে ঐপারে গিয়ে খবর নিয়ে আসতে পারবে?" এভাবে তিনি তিনবার বললেন, কেউ জবাব দিলেন না, কারণ প্রচন্ড ঠান্ডা, ভয় ও ক্ষুদার্ত ছিলেন তারা। তারপর তিনি হুজাইফার (রাদ্বি আল্লাহু আনহু) নাম নিলেন এবং তাকে সেখানে পাঠালেন। সাথে বলে দিলেন তিনি যেন শুধু খবর নিয়ে আসা ছাড়া আর কিছু না করেন। . তিনি চুপিসারে কুরাইশদের শিবিরে গিয়ে খবর নেয়ার জন্য বসে পড়লেন। এ সময় আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বললো যে, "আমি ধারণা করছি যে আমাদের মধ্যে শত্রুর কেউ লুকিয়ে আছে। তাই তোমরা সবাই সবার পাশের জনের পরিচয় জিজ্ঞেস করো।" সাথে সাথে হুজাইফা (রাদ্বি আল্লাহু আনহু) তার দুই পাশের দুই লোকের হাত ধরে উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, "কে তুমি?" তারা তাদের উত্তর দিলো। এতে করে তাদের আর সন্দেহ থাকলো না। . আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তখন কুরাইশদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এই বলে যে, "হে কুরাইশ! আল্লাহর কসম! তোমরা কোনো স্থায়ী নিবাসে আসনি। আমাদের উট-ঘোড়া সব মারা যাচ্ছে। বনু কুরাইযা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে ঝড়ে আমাদের নাজেহাল অবস্থা। সুতরাং চলো ফিরে যাই। আমি রওয়ানা হলাম।" ভাষণ শেষ করে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) নিজের উঠের পিঠে উঠে মক্কার দিকে রওয়ানা দিলেন। হুজাইফা (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, "তিনি চাইলে আবু সুফিয়ানকে (রাদ্বি আল্লাহু আনহু) তাৎক্ষণিক হত্যা করে ফেলতে পারতেন কিন্তু তিনি করেননি কারণ রাসুলুল্লাহ (ﷺ) তাকে কোন কিছু করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।" . ফিরে এসে দেখলেন রাসুলুল্লাহ (ﷺ) সালাতে। এদিকে হাড়কাঁপানো শীতে কাঁপছেন হুজাইফা (রাদ্বি আল্লাহু আনহু)! সালাত শেষে তাকে রাসুলুল্লাহ (ﷺ) তাকে তার চাদরের নিচে নিয়ে উষ্ণতা দিলেন এবং তার কাছ থেকে ঐপারের খবর নিলেন! . মুসলিমরা তখন মদিনায় নিজ গৃহে ফিরে যান। রাসুলুল্লাহ (ﷺ) হাতিয়ার রেখে দিতেই ফেরেশতাদের সর্দার জিব্রাইল (আলাইহিসসালাম) তার সামনে এসে হাজির হোন। জিব্রাইল (আলাইহিসসালাম) বলেন, "ফেরেশতারা এখনো অস্ত্র রাখেনি।" . যুদ্ধ তো শেষ! তাহলে রাখেননি কেনো?