Chapter 28 of 50
মুখোমুখি বদরে
7 min read
রাসুলুল্লাহ (ﷺ) তালহা ইবনে উবাইদিল্লাহ (রাদ্বি আল্লাহু আনহু) ও সাইদ ইবনে যাঈদেকে (রাদ্বি আল্লাহু আনহু) আবু সুফিয়ানের কাফেলার গতিবিধি লক্ষ্য করার জন্য প্রেরণ করলেন। তারা যখন কাফেলা দেখতে পেলেন তাড়াতাড়ি মদিনায় এসে খবর দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) মসজিদে ঘোষণা দিলেন যে, যাদের বাহন অস্ত্রসস্ত্র প্রস্তুত আছে তারা যেন বেরিয়ে পড়েন। বের হওয়ার পরে রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "কুরাইশদের কাফেলা আসছে। সঙ্গে প্রচুর ধন-সম্পদ রয়েছে। হয়তো আল্লাহ গণীমত হিসেবে এ সকল মালপত্র দিবেন।" . এদিকে আবু সুফিয়ান প্রত্যেক পা খুব সতর্কতার সাথে ফেলছিল। এর মধ্যে তিনি খবর পেলন যে এক ব্যক্তি দু'জন ব্যক্তিকে উটে সওয়ার হতে দেখেছে। আবু সুফিয়ান সাথেসাথে সেখানে যান এবং উটের গোবর ভেঙ্গে মদিনার খেজুরের আঁটি দেখতে পান। এতে তিনি শিওর হয়ে গেলন যে, কিছু একটা হচ্ছে! সেখান থেকে তিনি তাড়াতাড়ি কাফেলার কাছে ফিরে গেলেন এবং রাস্তা ঘুরিয়ে অন্য দিকে কাফেলা নিয়ে মক্কার দিকে রওয়ানা হলেন। . আবু সুফিয়ান তখনও ভয় পাচ্ছিলেন যে, যদি মদিনা থেকে আক্রমণ করা হয়, তাহলে সব শেষ! তিনি তাড়াতাড়ি একজন বার্তাবাহক 'যমযম ইবনে আমর' নামক ব্যক্তিকে কিছু পারিশ্রমিক দিয়ে মক্কা পাঠিয়ে দেন যাতে করে মক্কাবাসী কাফেলা রক্ষার জন্য প্রস্তুত থাকে। . আবু জেহেলের মন ছটফট করছে। স্বপ্ন দেখার ৩ দিন হয়ে গেছে। আজকেই বার্তাবাহক আসার কথা। এমন সময় আবু সুফিয়ানের প্রেরিত বার্তাবাহক মক্কায় এসে হাজির। যমযম খুব দ্রুত মক্কায় আসে এবং মক্কায় আসার আগে সে তার উটের নাক কেটে দিলো, হাওদা উল্টালো, নিজের জামা ছিঁড়ে ফেললো। এমন অবস্থায় সে মক্কায় এসে উচ্চস্বরে চিৎকার করে বললো, "হে কুরাইশ! মহাবিপদ! মহাবিপদ! তোমাদের মালামাল বহনকারী যে কাফেলা আবু সুফিয়ান নিয়ে আসছে, মুহাম্মদ (ﷺ) এবং তাঁর সাহাবীরা কাফেলার উপর আক্রমণের জন্য উদ্যত হয়েছেন। মনে হয় তোমরা তা আর রক্ষা করতে পারবে না। সাহায্য করতে ছুটে যাও! সাহায্য করতে ছুটে যাও।" সে বারবার এসব কথা বলে মানুষকে উষ্কে দিচ্ছিল। . যমযমের এমন খবর শুনে কুরাইশদের মধ্যে হৈচৈ শুরু হয়ে গেল। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাদের সবকিছু মুসলিমদের হাতে চলে যাবে এ তারা মানতে পারলো না। কুরাইশদের মধ্যে ২ দল হয়ে গেল। একদল যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল আরেকদন নিজের বদলে অন্য কাউকে যুদ্ধে পাঠাচ্ছিলো। মক্কার প্রত্যেক ঘর থেকে কেউ না কেউ যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছিল। সামনের সারিতে মক্কার বিশিষ্ট নেতারা। . এদিকে আবু লাহাব যুদ্ধে না গিয়ে তার একজন ঋণী ব্যক্তিকে পাঠালো। বলাবাহুল্য, বনু হাশিম পরিবারের অনেককে জোর করে যুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। . সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মক্কা থেকে সেনাবাহিনী যখন বের হয়ে গেল তখন তাদের মনে পড়লো বনু বকর গোত্রের কথা। এদের সাথে শত্রুতা ছিল। চিন্তা হলো যে, এখন যদি ফাঁকা পেয়ে তারা মক্কা দখল করে বসে। এমন অবস্থায় শয়তান সুরাকা ইবনে মালিকের রূপ ধারণ করে তাদের মধ্যে আসলো এবং তাদেরকে যাওয়ার জন্য উষ্কানি দিতে লাগলো এবং কেউ আক্রমণ করবে না বলে আশ্বস্ত করতে লাগলো। এতে তারা ইতিবাচক হয়ে বদরের প্রান্তরে রওয়ানা হলো। . এদিকে আবু সুফিয়ান নিরাপদে এলাকা থেকে বেরিয়ে এসেছেন। এরপরই তিনি বার্তাবাহক পাঠিয়ে জানিয়ে দিলেন যে, আর আসার দরকার নাই। তাদের কাফেলা নিরাপদে ফিরে আসছে। . পূর্ন উদ্যমে চলতে থাকা কুরাইশবাহিনী 'জহফাহ' নামক স্থানে উপস্থিত হলে আবু সুফিয়ানের বার্তাবাহক তাদের সামনে আসে। খবর পেয়ে তারা কিছুটা স্বস্তি অনুভব করে। এখন কুরাইশদের মধ্যে মতভেদ দেখা দিলো। কিছু সংখ্যক মানুষ বললো, তারা চলে যাবে কারণ কাফেলা নিরাপদে ফিরে এসেছে আর তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছাও নাই। . আবু জেহেল তাৎক্ষণিক গর্বের সাথে বললো, "আল্লাহর কসম! আমরা এখান থেকে ফিরে যাবো না। বরং বদরে যাব সেখানে তিন দিন অবস্থান নেব, মজামাস্তি করবো। এর ফলে সমগ্র আরব আমাদের শক্তির ব্যপারে অবগত হবে।" কিন্তু তার এমন কথা সবাই কানে না নিয়ে বেশ সংখ্যক ফিরে আসেন মক্কায়। এবার তাদের সংখ্যা এক হাজারের মতন নেমে দাঁড়ায়। এ বাহিনীটি বদরের দিকে রওয়ানা হয়। . হুযাইফা আল ইয়ামান (রাদ্বি আল্লাহু আনহু) এবং তাঁর বাবা মদিনায় ফিরছিলেন। পথিমধ্যে কুরাইশরা তাদেরকে আটকে দেয় এবং ওয়াদা করায় এই বলে যে, তারা যেন মুসলিমদের হয়ে যুদ্ধে না অংশগ্রহণ করে। জান বাঁচানোর জন্য তারা তাদেরকে এই ওয়াদা করে আসে। রাসুলুল্লাহর (ﷺ) কাছে এসে যখন তারা এই কথা বললেন, রাসুলুল্লাহ (ﷺ) তখন তাদের ওয়াদা রক্ষার জন্য আদেশ দিলেন। . রাসুলুল্লাহ (ﷺ) কয়েকদিনের মধ্যেই বদরের কাছাকাছি এলাকায় চলে আসেন। রাসুলুল্লাহ (ﷺ) এবার কুরাইশদের ব্যাপারে অনুসন্ধান নেয়ার জন্য আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। বেশ কিছুদূর যাওয়ার পর এক বেদুঈনের সাথে দেখা হয়। রাসুলুল্লাহ (ﷺ) তাকে দুই বাহিনী সম্পর্কে জিজ্ঞেস করলেন। উত্তর দেয়ার আগে সে পরিচয় জানতে চাইলে রাসুলুল্লাহ (ﷺ) বলেন যে, তিনি বলবেন যদি সে খবর দেয়। বেদুঈন বললো, "আমি জানতে পেরেছি মদিনা থেকে মুসলিমরা ওমুক দিন বের হয়েছে। খবর সঠিক হলে অমুক স্থানে তারা বর্তমানে আছে।" "কুরাইশ বাহিনী ওমুক দিন মক্কা থেকে বের হয়েছে। খবর সঠিক হলে অমুক স্থানে তারা বর্তমানে আছে।" বেদুঈন এবার পরিচয় জানতে চাইলে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "আমরা এক পানি হতেই।" উত্তর শুমে বেদুঈন নিজের মাথা চুলকাতে লাগলো। সে বুঝে উঠতে পারছিল না কোন পানি। বললো, "ইরাকের পানি?" . রাসুলুল্লাহ (ﷺ) শিবিরে এসে সালাতে দাঁড়িয়ে গেলেন। এদিকে মুসলিমদের গোয়েন্দা বাহিনী দুইজন লোককে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করতে থাকেন। তারা বললো যে, তারা কুরাইশদের লোক আর পানির জন্য তারা এদিকে এসেছিল। রাসুলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে তাদের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, "তারা কতজন রয়েছে?" জবাব দিলো, "অনেক" সংখ্যা জিজ্ঞেস করলে তারা জানে না বললো। পরে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "প্রত্যেকদিন কয়টি উট তারা জবাই করে?" জবাব দিলো, "৯ থেকে ১০টি" নেতৃত্ব কারা কারা দিচ্ছিলো জিজ্ঞেস করলে তারা সেই লোকগুলোর নাম বললো যারা মুসলিমদের অত্যাচারের বেলায় ফার্স্ট লাইনে থাকতো। তাদের নাম শুনে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "মক্কা তার কলিজার টুকরোগুলোকে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে।" রাসুলুল্লাহ (ﷺ) সাহাবীগণকে বলে দেন যে, কুরাইশদের এসব নেতারা কোথায় নিহত হবে! . রাসুলুল্লাহ (ﷺ) সাহাবিদের নিয়ে বসলেম পরামর্শ করার জন্য। তিনি পরামর্শ চাইলে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু), উমার (রাদ্বি আল্লাহু আনহু), মিকদাদ (রাদ্বি আল্লাহু আনহু) ৩ বারে যথাক্রমে উঠে দাঁড়িয়ে নিজেদের বক্তব্য পেশ করেন। মিকদাদের (রাদ্বি আল্লাহু আনহু) বক্তব্যে ছিল এই যে, "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তা-ই করুন, আমরা আপনার সাথে আছি। আমরা বনী ইসরাইলের মতন বলবো না যা তারা মূসাকে (আলাইহিসসালাম) বলেছিল, 'তুমি ও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম।' আমরা সে রকম কথা বলবো না। আমরা বলবো, 'আপনি এবং আপনার রব যুদ্ধে যান, আমরাও আপনার রবের ও আপনার সহযোদ্ধা হয়ে যুদ্ধ করবো'।" রাসুলুল্লাহ (ﷺ) খুশী হয়ে তাঁর জন্য দু'আ করলেন। . কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) ৪র্থ বার যখন পরামর্শের জন্য বললেন। তখন সা'দ ইবনে মুয়ায (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আপনি বোধহয় আমাদের মতামত জানতে চাইছেন।" রাসুলুল্লাহ (ﷺ) হ্যাঁবোধক উত্তর দিলেন। এবার সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "আমরা আপনার প্রতি ঈমাণ এনেছি এবং আপনার দাওয়াতকে সত্য বলে মেনে নিয়েছি। আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আপনি যে বিধান নিয়ে এসেছেন, তা পরম সত্য। আর এই প্রত্যয়ের ভিত্তিতেই আমরা আপনার কাছে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছি যে, আমরা আপ্পনার নির্দেশ মানবো এ আপনার আনুগত্য করবো। ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আপনি যা ভালো মনে করেন তা-ই করুন। আমরা আপনার সঙ্গে আছি এবং থাকবো। আল্লাহর কসম! আপনি যদি আমাদেরকে সমুদ্রের কিনারায় নিয়ে যান এবং ঝাঁপ দিতে বলেন, আমাদের একটি লোকও পিছনে রয়ে থাকবে না।আগামীকাল যদি আপনি আমাদের সঙ্গে নিয়ে শত্রুর মোকাবিলা করতে চান, তবে তাতেও আমাদের আপত্তি নেই। আমরা যুদ্ধে ধৈর্যশীল এবং শত্রুর মোকাবিলায় অবিচল। আশা করি, আল্লাহ আপনাকে আমাদের এমন কৃতিত্ব দেখাবার সুযোগ দেবেন যাতে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি আল্লাহর রহমতের উপর নির্ভর করে আমাদের নিয়ে এগিয়ে চলুন।" রাসুলুল্লাহ (ﷺ) সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শুনে অত্যন্ত খুশী হলেন। . এরপর রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমবাহিনীকে দ্রুত চলার নির্দেশ দেন যার কারণে তারা আগেভাগেই বদরে এসে পৌঁছে যান এবং পরামর্শ অনুযায়ী সুবিধামত জায়গায় নিজেদের তাঁবু স্থাপন করেন। . অন্যদিকে কুরাইশবাহিনী উপত্যকার বাহিনী নিজেদের তাঁবু গেড়ে সেখানেই অবস্থান নেয়। তাদের মধ্যে উল্লাস চলছিলো। মনে হচ্ছিলো তারাই বিজয়ী। . রাত পোহালেই যুদ্ধ শুরু! . এদিকে রাতে দুই দল দুটি ঘটনার মুখোমুখি হলো। আল্লাহ মুসলিমদের শিবিরে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন এবং কুরাইশদের শিবিরে আযাবের বৃষ্টি বর্ষণ করলেন। মুসলিমদের এই বৃষ্টিতে খুব ভালো ঘুম হলেও কুরাইশরা ভালো মতন ঘুমাতে পারেনি। . রাসুলুল্লাহ (ﷺ) সারাটি রাত আল্লাহর কাছে দু'আ করতে থাকলেন। তিনি বলেন যে, "ইয়া আল্লাহ! এই ছোট্ট বাহিনী যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আপনার ইবাদত করার মতন আর কেউ বাকি থাকবে না।" বারবার তিনি সালাত আদায় করে আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছিলেন। . নতুন এক ভোরের অপেক্ষায়! সত্যর বিজয়ের আভাস আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে!