Chapter 25 of 50
মদিনায় রাসুলুল্লাহ (ﷺ)
7 min read
মদিনাবাসী রাসুলুল্লাহকে (ﷺ) বরণ করে নিলো। এবার দেখা দিলো রাসুলুল্লাহ (ﷺ) কোথায় থাকবেন। সবাই টানাটানি শুরু করলো নিজেদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। . নবীজি (ﷺ) মদিনায় এসেছেন, সব গোত্রের লোকেরা তাদের ঘরে নেওয়ার জন্য উঠেপড়ে লেগে গেলো। তিনি তাদেরকে থামিয়ে তার উটটি ছেড়ে দিয়ে বললেন "তোমরা তার পথটি ছেড়ে দাও, সে আল্লাহর তরফ থেকে নির্দেশ প্রাপ্ত।" তারপর সেই উটটি গিয়ে একটি খোলা স্থানে বসলো, সেটা মসজিদের স্থান হিসেবে নির্ধারিত হলো। উটটি সেখান থেকে উঠে গিয়ে এবার আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরের সামনে বসলো। রাসুলুল্লাহর (ﷺ) মেহমানদারীর সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু)। . বাড়িতে উঠে তিনি তাকে জিজ্ঞেস করেন, "মসজিদের যে জায়গা নির্ধারিত হয়েছে সে জায়গাটি কাদের?" তিনি বললেন, "দুই এতিমের।" এরপর দুই বালকের কাছ থেকে জাগয়াটা ক্রয় করে সেখানে মসজিদ স্থাপন করেন। . আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) ঘর ছিল দু'তলা বিশিষ্ট ঘর। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) উপরের তলার থাকার জন্য অনেক মিনতি করলেন কিন্তু তিনি তাকে না করে দিলেন যে, তার সাথে অনেকে দেখা করতে আসবে এতে তার সুবিধা হবে এবং অন্যান্য বিষয় বুঝিয়ে দিলেন। আবু আইয়্যুব (রাদ্বি আল্লাহু আনহু) ও তাঁর স্ত্রী ঘরের এক কোণায় গিয়ে ঘুমাতেন কারণ রাসুলুল্লাহর (ﷺ) মাথার উপর ঘুমাবার সাধ্য তাদের নেই! শুধু তাদের না, কারোরই নেই। একদিন কী হলো, হটাৎ করে পানি মাটিতে পড়ে গেল, আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) ও তার স্ত্রী তো ভয়ে শেষ! এ কি করলেন তারা, রাসুলুল্লাহর (ﷺ) যদি ঘুমাতে অসুবিধা হয় এসব ভাবতে ভাবতে না ঘুমিয়ে রাত পার করলেন। সকালে নিচে এসে আবারও রাসুলুল্লাহকে (ﷺ) অনুরোধ করে উপরের তলায় থাকার জন্য বললেন। রাসুলুল্লাহ (ﷺ) এবার আর তাদের অনুরোধ না রেখে থাকতে পারলেন না, উপরের তলায় চলে গেলেন। . তারা রাসুলুল্লাহকে (ﷺ) খাবার উপরে গিয়ে দিয়ে আসতেন। খাবারের বাকী অংশটুকু পরে তারা একসাথে খেতেন। একদিন খাবার অস্পর্শিত হয়ে উপর থেকে নিচে আসলো। আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) ও তার স্ত্রী ভয়ে ত্রস্ত হয়ে গেলেন। খাবারে কি কোন সমস্যা হলো নাকি এ নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলেন! আবু আইয়্যূব (রাদ্বি আল্লাহু আনহু) ছুটলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে, গিয়ে এ ব্যাপারে জানতে চাইলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বুঝিয়ে বললেন কেন তিনি পেঁয়াজ খান না। . রাসুলুল্লাহ (ﷺ) তখন আবূ আইয়্যূব আল আনসারীর (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে অবস্থান করছিলেন। কুবায় রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ করা ইহুদি রাব্বি হেঁটে হেঁটে আসলেন আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে। উদ্দেশ্য রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎকার করা। ঘরে আসার পর তিনি রাসুলুল্লাহকে (ﷺ) কয়েকটি প্রশ্ন করেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে তার প্রশ্নের উত্তর দেন। এতে তিনি সন্তুষ্ট হয়ে সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। . রাসুলুল্লাহ (ﷺ) তাকে তার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, "আমার নাম 'আল হুসাইন ইবনে সালাম'।" রাসুলুল্লাহ (ﷺ) তখন তাকে বলেন, "আজ থেকে আপনার নাম 'আব্দুল্লাহ ইবনে সালাম' (রাদ্বি আল্লাহু আনহু)।" . আব্দুল্লাহ ইবনে সালামের (রাদ্বি আল্লাহু আনহু) পিতা ছিলেন ইহুদিদের একটি উপ-গোত্রের নেতা ও ইহুদিদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় রাব্বি/ইহুদি আলীম। পিতার সিলসিলা তিনি ধরে রেখেছিলেন বলেই তিনিও সেই পর্যায়ে পৌঁছে ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি তার পরিবারকে ইসলামের দাওয়াত দিলেন, তার পরিবারের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। . আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন ইহুদি গোত্রের নেতা ও আলেম। রাসুলুল্লাহ (ﷺ) তাকে তার গোত্রের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, "আমি আমার গোত্রকে চিনি, তারা আপনাকে গ্রহণ করবে না।" রাসুলুল্লাহ (ﷺ) ও আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) দুজন একটি পরিকল্পনা করলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তিনি যেন আড়ালে লুকিয়ে থাকেন। সেটাই হলো। রাসুলুল্লাহ (ﷺ) আব্দুল্লাহ ইবনে সালামের (রাদ্বি আল্লাহু আনহু) গোত্রকে ডেকে আনলেন, তাদেরকে ইসলাম সম্পর্কে বললেন, দ্বীনের দাওয়াত দিলেন কিন্তু তারা তা গ্রহণ করলো না। তারপর রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে 'আল হুসাইন ইবনে সালাম' সম্পর্কে জিজ্ঞেস করলে তারা তার নামে ও তার পিতার নামে প্রশংসার বন্যা বইয়্যে দেয়। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাদেরকে বলেন, আর আমি যদি বলি তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন তাহলে কি তোমরাও গ্রহণ করবে? উত্তরে তারা বলে, "এটা অসম্ভব।" এদিকে তখন আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) আড়াল থেকে বের হয়ে তাদের সামনে শাহাদাত পাঠ করেন। সাথে সাথে তার গোত্রের লোকেরা তার নামে যে সত্য বলেছিল এখন তার উল্টা বলা শুরু করে দেয়। তারপর তিনি বলেন যে, "ইয়া রাসুলাল্লাহ (ﷺ)! আমি বলেছিলাম না! তারা আপনাকে গ্রহণ করবে না, যদি আপনি ইহুদী গোত্রের হতেন তাহলে তারা আপনাকে গ্রহণ করতো।" . রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় আসার পর একদিন সালমান (রাদ্বি আল্লাহু আনহু) আরও কিছু খেজুর নিয়ে হাজির হোন রাসুলুল্লাহর (ﷺ) দরবারে। হাজির হয়ে বললেন যে, "গতবার দেয়া আমার সদকা আপনি খাননি তাই এবার আমার তরফ থেকে এগুলো হাদীয়া।" এখন তিনি দেখলেন যে, রাসুলুল্লাহ (ﷺ) সেখান থেকে খাচ্ছেন এবং সাহাবিদেরও খাওয়ার জন্য বলছেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) বুঝলেন ২য় বৈশিষ্ট্য মিলেছে। . একদিন রাসুলুল্লাহ (ﷺ) জান্নাতুল বাকীতে অন্যান্য সাহাবিদের সাথে ছিলেন। সালমানও (রাদ্বি আল্লাহু আনহু) সেদিন সেখানে ছিলেন। তিনি দেখলেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাদর পড়ে এসেছেন। বুঝলেন এই একটা সুযোগ পিঠের সীল দেখার। তিনি রাসুলুল্লাহর (ﷺ) পিছনে গিয়ে দেখার জন্য সুযোগ খুঁজতে লাগলেন। এতে রাসুলুল্লাহ (ﷺ) বুঝে যান, তিনি তার পিঠ থেকে কাপড় একটু সরিয়ে দিলেন এবং সালমান (রাদ্বি আল্লাহু আনহু) সীলটি দেখতে পেয়ে বুঝলেন এটাই ৩য় বৈশিষ্ট্য এবং তিনিই শেষ নবী! তিনি তা দেখে চিৎকার করে উঠলেন এবং রাসুলুল্লাহকে (ﷺ) জড়িয়ে ধরলেন, তাকে চুমু খেলেন, এ যে সত্যকে তিনি নিজের সামনে দেখছেন, যার আশায় তিনি এতটা বছর অপেক্ষা করছিলেন তিনি আজ তার সামনে, চোখের পানি যে অটোমেটিক চলে এসেছে তার, আটকানোর কোন রাস্তা যে নেই আর। তিনি সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। . রাসুলুল্লাহ (ﷺ) তাকে তার সম্পর্কে জানতে চাইলে তিনি তার ঘটনা জানন। এতে রাসুলুল্লাহ (ﷺ) বিস্মিত হোন এবং সাহাবিদেরকেও শোনানোর জন্য বলেন। . তিনি তাৎক্ষণিক ইসলাম ধর্মগ্রহণ করলেও দাস হওয়ার কারণে রাসুলুল্লাহর (ﷺ) সান্নিধ্য থেকে কিছুকাল বঞ্চিত ছিলেন। . একদিন রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসলে তিনি তাকে তার মালিকের সাথে কথা বলে তার মুক্তির জন্য চুক্তি করার জন্য বললেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তার মালিককে জানালে সে মুক্তির জন্য চড়া কিছু দাবী করে বসে থাকে। সে বলে যে, "তোমাকে ৩০০ খেজুর গাছ লাগাতে হবে ও সেগুলো ফল ধরার উপক্রম হতে হবে এবং ৪০ উকিয়্যাহ রৌপ্য দিতে হবে।" . রাসুলুল্লাহর (ﷺ) কাছে গিয়ে সব খুলে বলেন। তিনি সবাইকে সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান করেন। এতে সবাই সাড়া দেন। . রাসুলুল্লাহ (ﷺ) তাকে নির্দেশ দেন এই বলে যে, তুমি ৩০০টি গর্ত খুঁড়ে রাখো এবং শেষ হলে আমাকে জানাবে আমি এসে সেগুলো রোপন করবো। খুঁড়া হলে রাসুলুল্লাহকে (ﷺ) খবর দেয়া হয়, তিনি এসে নিজ পবিত্র হাতে ৩০০টি বিজ রোপন করেন এবং দু'আ করেন। সুবহানাল্লাহ! সব কটা গাছ ভালোভাবে জন্মে ফল দিলো, একটাও মারা যায়নি। এবার বাকী থাকলো ৪০ উকিয়্যাহ। রাসুলুল্লাহ (ﷺ) তাকে একবার সেটার ব্যবস্থা করে তার মালিকের কাছে পাঠিয়ে দেন এবং তিনি তার মালিককে হস্তান্তর করার পর মুক্তিলাভ করেন। এভাবেই দাসত্ব জীবন থেকে মুক্তি লাভ করে আমাদের অন্যতম প্রিয় সাহাবী 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু)। . মদিনায় আসার পরপরই রাসুলুল্লাহ (ﷺ) মুহাজির ও আসনারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। এই ভ্রাতৃত্ব বন্ধন শুধুমাত্র সালামের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এ ভ্রাতৃত্বের মধ্যে ছিল সমবেদনা, সহোযোগিতা, সহমর্মিতার এক অপূর্ব সংমিশ্রণ। আনসারী সাহাবিরা মুহাজির সাহাবিদের নিজেদেরর সবকিছু ব্যবহারের জন্য পূর্ণ অনুমতি দিয়েছিলেন। মুহাজির-আনসার সাহাবীগণ একে অপরকে খুব বেশী ভালোবাসতেন। . সালাতের বেলায় মুসলিমরা সবসময় মসজিদে চলে আসতেন। সালাতের সময় হলে "আস সালাহ! আস সালাহ" বলে সকলকে সালাতের সময় ডাকা হতো। কিন্তু নির্দিষ্ট কোনো কিছু স্থির করতে পারছিলেন না যে, সালাতের সময় এই জিনিস্টা করলে সবাই সালাতে আসবে। একদিন আব্দুল্লাহ ইবনে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) স্বপ্নে দেখলেন সালাতের সময় কী বলতে হবে! ঘুম থেকে উঠে তিনি দৌঁড়ে রাসুলুল্লাহর (ﷺ) কাছে গিয়ে সব বললেন এবং রাসুলুল্লাহ (ﷺ) বললেন, এটি একটি সত্য স্বপ্ন। তিনি তাকে বললেন বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে যাও এবং তাকে তা শিখিয়ে দাও কারণ তার আওয়াজ তোমার চেয়ে উচ্চ। তারপর যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) আগে আগে বাক্য উচ্চারণ করলেন আর তা শুনে শুনে বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) আযান দিলেন। আর ইতিহাসের প্রথম আযান শুরু হয় বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) উচ্চারিত আওয়াজ দ্বারা। এরপর থেকে বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) মসজিদে আযান দেওয়ার জন্য নিযুক্ত হোন। . মদিনার আবহাওয়ার সাথে মুহাজিররা খাপখাওয়াতে পারছিলেন না। তাদের সব সময় মক্কাকে মনে পড়তো। রাসুলুল্লাহ (ﷺ) যখন এই খবর পেলেন তখন তিনি দু'আ করলেন, যেন মদিনাকেও তারা ভালোবাসতে পারেন। এক সময়ে সবাই মদিনাতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে ফেলেন। . মদিনার চেহারা আস্তে আস্তে পাল্টে যেতে থাকে। মাসজীদে নববী তৈরী হওয়ার পর সেখানেই রাসুলুল্লাহ (ﷺ) সময় অতিবাহিত করতেন এবং ইসলাম সম্পর্কে শিক্ষা দান করতেন। সবকিছু পরিচালনা মসজিদ থেকেই হতো। রাসুলুল্লাহ (ﷺ) যা বলতেন সাহাবীগণ তা বাস্তবায়ন করার জন্য ঝাপিয়ে পড়তেন। ভালো কাজে সাহাবীগণ প্রতিযোগিতা করতেন। রাসুলুল্লাহর (ﷺ) শিক্ষা-দীক্ষা সমাজের চেহারা পাল্টে দিলো। মুসলিমরা নিজেদেরকে এমনভাবে তৈরী করেছিলেন যেন তারা সকল পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম কিংবা সিচুয়েশন অনুকূলেও নিয়ে আসতে সক্ষম। মুসলিমদের এমন দৃঢ় পরিবর্তন সামনে কী হবে সেটারই ইঙ্গিত দিচ্ছিলো। . এদিকে শেষ নবী বনি ইসরায়েল থেকে না হওয়ায় ইয়াহুদীরা মুসলিমদের সাথে শত্রুতা পোষণ করতে শুরু করলো।