Chapter 11 of 50
প্রকাশ্য দাওয়াহ
5 min read
নবুওয়ত লাভের পরে টানা ৩ বছর ব্যক্তিগতভাবে ইসলামের দাওয়াত দেয়ার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবার পাবলিকলি তথা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়ার জন্য প্রস্তুত হলেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথমে তার আত্মীয়-স্বজনদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য ঠিক করলেন। পরিবারের সবাইকে তিনি তার গৃহে দাওয়াত দিলেন। কয়েকটি গোত্রের অনেকে সেই দাওয়াতে সাড়া দিয়ে তার গৃহে আগমন করলেন। . সবাই আসার পর যখন তিনি কথা বলতে যাবেন ঠিক তখনই বাঁধা সৃষ্টি করলো নিকৃষ্ট এক ব্যক্তি যার নাম "আবু লাহাব"। যে কি না স্বয়ং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাচা। সে কথার মধ্যে বলে উঠলো "দেখ, এরা সকলেই তোমার নিকট আত্মীয় ইত্যাদি। বাচালতা বাদ দিয়ে তাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে। তোমার জানা উচিত যে, তোমার জন্য সকল আরববাসীদের সঙ্গে শত্রুতা করার শক্তি আমদের নেই। তোমার আত্মীয়-স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য। সুতরাং তোমার জন্য তোমার পিতৃ-পরিবারই যথেষ্ট।" সাথে সে আরও অনেক কিছুই বললো। তার এই অহেতুক কর্মকাণ্ডের কারণে আলোচনায় নিরবতা নেমে এল৷ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোনো কথাই বললেন না এবং সবাই যার যার ঘরে চলে গেল। . কিছুদিন কেটে যাওয়ার পরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার আত্মীয়-স্বজনদের আবারও দাওয়াত দিলেন তার ঘরে। বাড়িতে অনেকে আসার পর, তিনি সবার সামনে বক্তব্য রাখলেন। যা শোনার পরে আবু তালিব তাকে সমর্থন দেন কিন্তু সাথে বলে দেন যে, "তিনি আব্দুল মুত্তালিবের দ্বীন ত্যাগ করতে পারবেন না।" আবু লাহাব সুযোগ বুঝে কিছু কথা ব্যক্ত করলে, তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে আবু তালিব বলেন "আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি তাঁর হেফাজত করতে থাকব।" . এবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবার সামনে দাওয়াত পৌঁছানোর জন্য চিন্তা করলেন। তিনি ঠিক করলেন যে কাল সাফা পাহাড়ের উপরে উঠে সবাইকে তা জানাবেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাহাড়ের চূড়ায় উঠে অনেক গোত্রের নাম ধরে ধরে ডাকতে থাকলেন। যা শ্রবণ করা মাত্রই সবাই একত্রিত হতে লাগলো। কেউ নিজে আসতে না পারলে তার প্রতিনিধি হিসেবে অন্য কাউকে পাঠিয়েছিল কারণ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ডাকছেন তার মানে গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। বাজারে, ঘরে যে যেখানে যারা ছিল সবাই সমবেত হতে লাগলো সাফা পাহাড়ের পাদদেশে। . সবাই যখন আসলো তখন তাদের মধ্যে এক আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলো তার দিকে। কী এমন কথা বলবেন যার কারণে তিনি সবাইকে ডাকছেন! একটি কথার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। এ যেন এক অস্থির মুহুর্ত! . এবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন "হে কুরাইশ বংশীয়গণ! তোমরা বল, আজ যদি আমি তোমাদেরকে বলি যে, পর্বতের অন্য দিকে এক প্রবল শ্রত্রু সৈন্য বাহিনী তোমাদের যথা-সর্বস্ব লুণ্ঠনের জন্য অপেক্ষা করছে তাহলে তোমরা আমার এ কথার উপর বিশ্বাস স্থাপন করবে কি?" সকলেই একসাথে উত্তর দিলো, "হ্যাঁ, নিশ্চয়ই, বিশ্বাস না করার কোনই কারণ নেই। আমরা কখনো আপনাকে মিথ্যার সংস্পর্শে আসতে দেখি নি।" এবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে ইসলামের দিকে আবহান করে বললেন, "যতি তাহাই হয়, তবে শ্রবণ করুন। আমি আপনাদেরকে পাপ ও আল্লাহ দ্রোহিতার ভীষণ পরিণাম ও তজ্জনিত অবশ্যম্ভাবী কঠোর দণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য প্রেরিত হয়েছি" একই সাথে তিনি যোগ করলেন, "হে কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুণ থেকে রক্ষা কর এবং তোমাদের নিজেদেরকে আল্লাহর নিকট সঁপে দিয়ে তাঁর সন্তুষ্টি অর্জন করো।" এভাবে তিনি গোত্রের নাম ধরে ধরে ওয়ার্নিং দিতে থাকলেন। এক পর্যায়ে তিনি বললেন, "হে ফাতিমা বিনতে মুহাম্মদ! তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ, আমি আল্লাহর নিকট তোমাদের কিছুরই মালিক নই। আমি তোমার জন্য আল্লাহর নিকট কিছুই করতে পারবো না। তবে তোমাদের সঙ্গে যে আত্মীয়তা রয়েছে তা আমি অবশ্যই পূরণ করবো।" রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই আহবানের পরে সবাই নিরব থাকলো কেউ কিছু বললো না একজন নিকৃষ্ট ব্যক্তি আবু লাহাব ছাড়া। সে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিরুদ্ধে কথা বলতে শুরু করলো এবং খুব মারাত্মক খারাপ কথা বললো যার কারণে আল্লাহ সূরাহ লাহাব নাজিল করেন। . সাফা পাহাড়ে প্রকাশ্যে সবার সামনে ইসলামের দাওয়াত দেয়ার পরে এবার মক্কায় পুরোদমে প্রকাশ্যে ব্যক্তিপর্যায়ে ইসলামের দাওয়াত দেয়া শুরু হলো। এতে অনেকে সাড়া দিতে লাগলো। দলে দলে মানুষজন ইসলামের ছায়াতলে প্রবেশ করতে লাগলো। তারা বুঝলো যে এসব মূর্তিপূজা তাদের কোনো কাজের না। একমাত্র আল্লাহর ইবাদত করাই জীবনের লক্ষ্য হওয়া উচিত। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কার কুরাইশ নেতাদের সামনেই ক্বাবার প্রাঙ্গণে সালাত আদায় করতেন। তখন কিবলা ছিল বায়তুল মাকদিস। . এদিকে দারুণ নাদওয়াতে বসা মূর্খ নেতাদের মাথায় হাত! এভাবে ইসলাম প্রচার হতে থাকলে তাদের ধর্ম ত্যাগ করে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। এতে তাদের দলে কেউ আর থাকবে না। এসব আটকানোর জন্য তারা প্ল্যান করতে থাকে। তাদের বেশী চিন্তিত হওয়ার কারণ ছিল যে, কয়েক মাস পরেই ছিল হজ্জ্বের সমায়। অনেক জায়গা থেকে হাজীরা আসবে। এখন যদি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে ইসলামের দাওয়াত দেন তাহলে সবার মধ্যে ইসলামের বার্তা পৌঁছে যাবে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এ নিয়ে তারা সবাই আলোচনায় বসল "ওলীদ বিন মুগীরার" সাথে। তারা জোর করতে শুরু করলো যে, সে যেন এমন কিছু বের করে যা বলার পরে হাজীরা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ধারে কাছে যাবে না। ওয়ালীদ তাদের কাছে কিছু সময় চেয়ে নিলো। ওয়ালীদের সাথে পরে যখন তাদের দেখা হলো। তারা বললো যে, আমরা কী তাকে "গণক" বলে চালিয়ে দিবো? ওলীদ বিন মুগীরা "না" বললো। তারপর প্রস্তাব আসলো "পাগল" বলার। এতেও মুগীরা "না" বললো। তারপর প্রস্তাব আসলো "কবি" বলার। এতেও মুগীরা সায় না দিয়ে নাকচ করে দেয়। প্রস্তাব আসলো "জাদুকর" বলার। এটাতেও রাজি নয় মুগীরা। হতাশা কণ্ঠে তারা এবার জিজ্ঞেস করলো, তাহলে কী বলবো। জবাবে ওলীদ বিন মুগীরা বললো যে, "আল্লাহর শপথ, তাঁর কথাবার্তা বড়ই মধুর, তাঁর ভিত শিকড় বড়ই শক্ত এবং শাখা-প্রশাখা বড়ই মনোমুগ্ধকর। তোমরা তাঁর সম্পর্কে যাই বল না কেন, যারা তাঁর সংস্পর্শে কিছুক্ষণ থাকবেন তাঁরা তোমাদের কথাবার্তাকে অবশ্যই মিথ্যা মনে করবেন।" তার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো। কিছুক্ষণ ভেবে মুগীরা বললো, তাঁর সম্পর্কে কিছু যদি বলতেই হয় তাহলে বড় জোর "যাদুকর" বলতে পারো। . এদিকে হজ্জ্বের মৌসুমে হাজীরা আসতে শুরু করলো। হাজীরা যখন আসতে শুরু করলো তখন অনেক কাফিররা আগমনী হাজীদেরকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও মুসলিমদের নামে মিথ্যা কথা বলতে শুরু করলো। উলটা তাদেরকে ভয়ভীতি দেখাতে লাগলো এতে হাজীরা বিভ্রান্ত হতে লাগলো। হাজীরা আসার পরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন ইসলামের দাওয়াত নিয়ে তাদের সামনে যেতেন তখন আবু লাহাব তাঁর পিছন পিছন যেত এবং সোরগোল করতো এবং উচ্চস্বরে বলতো যে, "এর কথায় তোমরা কান দিয়ো না। সে মিথ্যুক এবং বেদ্বীন হয়ে গিয়েছে।" নাউজুবিল্লাহ! রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এতে অনেক কষ্ট পেতেন। তার আপন চাচা তার বিরুদ্ধে কথা বলছে, সত্য না মেনে নিজেকে সমুদ্রের অতল অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে অথচ তিনি মনেপ্রাণে তাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন!