Chapter 13 of 50
রাসুলুল্লাহর (ﷺ) উপর নির্যাতন
4 min read
কুরাইশদের আঁকা নানান পরিকল্পনায় ইসলামের বাণী প্রচার থেমে থাকেনি বরং তড়িৎ গতিতে এগিয়ে চলেছে। . যেমন গতিতে ইসলাম প্রচার পাচ্ছিল ঠিক তেমন গতিতে অত্যাচার মুসলিমদের উপরে নেমে আসছিল। দূর-দূরান্ত থেকে অনেকে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে তা প্রচার করেছে। . নিজ চাচা আবু লাহাব ছিল ইসলামের ঘোরতর শত্রু। রাসুলুল্লাহর (ﷺ) দুই মেয়ের সাথে তাঁর দুই ছেলের বিয়ের কথা পাকাপোক্ত ছিল, কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) নবুওয়তের দাবি করার পরে সে তার ছেলেদেরকে বিবাহ বিচ্ছেদের জন্য চাপ দিতে থাকে। যেমন বাবা তার তেমন সন্তান, অহংকারে ভরপুর ছিল তাদের অন্তর। তারা তাদের স্ত্রীদের ডিভোর্স দিয়ে দিল। এখানেই শেষ নয়, পরবর্তীতে তারা রাসুলুল্লাহকে (ﷺ) লাঞ্চিত করে। যা ছিলো খুবই বেদনাদায়ক! . রাসুলুল্লাহ (ﷺ) প্রায়ই বাসা থেকে বের হলে আঙ্গিনায় ময়লার স্তুপ দেখতে পেতেন। তিনি কিছু বলতেন না বরং সেগুলো নিজ হাতে পরিষ্কার করতেন। এই ময়লাগুলো ফেলতো তাঁর আপন চাচা আবু লাহাবের পরিবারের সদস্যরা। বারবার এমন অবস্থা দেখে তিনি খুব বেশি ব্যথিত হলেন। তিনি বললেন, "হে আবদে মানাফ! প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ।" তাতেও তাদের মন শান্ত হতো না। তারা সর্বদা রাসূলুল্লাহ (ﷺ) কে বিরক্ত করতো। . আবু লাহাবের স্ত্রী উম্মু জামীল ছিলো ইসলামের অন্যতম শত্রু। রাসুলুল্লাহ (ﷺ) প্রকাশ্যে ইসলামের বাণী সবার সামনে উপস্থাপনা করার পর থেকে সে রাসুলুল্লাহর (ﷺ) নামে উল্টাপাল্টা বলেই যাচ্ছিলো। তাঁর ভেতরটা ছিলো বিদ্বেষ দ্বারা পরিপূর্ণ। একদিন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ক্বাবার পাশে বসে আছেন। দেখতে পেতেন উম্মু জামিল ক্ষোভে ফেটে পড়ে, এদিকে পাথর নিয়ে আসছে। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ভয় পেয়ে গেলেন, তাও বসে থাকলেন। কাছে আসার পরে উম্মু জামিল তাঁকে জিজ্ঞেস করলো, "তোমার সাথি কোথায়?" এই কথা শুনে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) হতবাক হয়ে গেলেন, "এই মহিলা বলে কী! সে কী পাগল হয়ে গেল না অন্ধ হয়ে গেল? অন্ধ হলে তো আমাকেও দেখার কথা না কিন্তু আচরণও তো স্বাভাবিক, তাহলে হচ্ছেটা কী!" উম্মু জামিল বললো, "তোমার বন্ধুকে পেলে এই পাথর তাঁর মুখের উপরে ছুঁড়ে দিতাম।" এই বলে সে চলে গেল। হতবাক হয়ে তাকিয়ে থাকা আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) এবার রাসুলুল্লাহর (ﷺ) দিকে তাকিয়ে বললেন, " ইয়া রাসুলাল্লাহ (ﷺ), সে কি আপনাকে দেখেনি?" জবাবে তিনি বললেন, "না। সে আমাকে দেখতে পায়নি কারণ আল্লাহ তাঁর দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন। এ জন্য সে আমাকে দেখতে পায়নি শুধু তোমাকে দেখেছে।" . একদিন রাসুলুল্লাহ (ﷺ) ক্বাবা প্রাঙ্গনে সালাত আদায় করছিলেন। দারুণ নদওয়াতে বসা ছিল কুরাইশদের মূর্খ নেতারা। তারা তাঁর সালাত আদায় দেখে হাসি-তামাশা করতে লাগলো। কুরাইশদের নেতাদের একজন বলে উঠলো যে, "কে আছো এমন, যে কি না উটের নাড়িভুড়ি আনবে এবং তাঁর উপর তা চাপিয়ে দিবে!"। জঘন্য এই কাজ করার জন্য 'উকবা ইবনে আবী মু'আইত' নামক নিকৃষ্ট ব্যক্তি উঠে উটের নাড়িভুড়ি আনতে গেল। রাসুলুল্লাহ (ﷺ) তখন সালাতে গভীর মগ্ন। তিনি যখন সিজদায় গেলেন তখন সে উটের নাড়িভুড়ি রাসুলুল্লাহর (ﷺ) ঘাড়ে ফেলে দেয়। রাসুলুল্লাহ (ﷺ) সিজদা থেকে মাথা তুলতে পারেন না। এই দৃশ্য দেখে তাঁরা পরষ্পরের গায়ে হাসতে হাসতে ঢলাঢলি করতে লাগলো। এই দৃশ্য আঁড়ালে দাঁড়িয়ে দেখছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বি আল্লাহু আনহু)। কিন্তু তাঁর কিছুই করার ছিল না। তিনিও ছিলেন অসহায়। খবর কেউ একজন পৌঁছালো ফাতিমার (রাদ্বি আল্লাহু আনহা) কানে। তিনি হলেন রাসুলুল্লাহর (ﷺ) প্রিয় কন্যা। তিনি তখন অনেক ছোট। দৌঁড়ে আসলেন বাবার কাছে। কাঁদতে কাঁদতে উটের নাড়িভুড়ি সরিয়ে পরিষ্কার করে দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) মাথা তুলেই বললেন, ”হে আল্লাহ! এ কুরাইশদিগকে পাকড়াও করো।” এই কথা শুনে বসে থাকা নেতারা ভয় পেয়ে গেল। রাসুলুল্লাহ (ﷺ) বলে গেলেন, ”হে আল্লাহ! আবু জাহেলকে, উতবা ইবনে রাবিয়াকে, শায়বাহ ইবনে রাবিয়াকে, ওলীদ ইবনে উতবাকে, উমাইয়্যা ইবনে খালাফকে এবং উকর ইবনে মু'আইতকে পাকড়াও করো।” রাসুলুল্লাহ (ﷺ) তাঁদের বিরুদ্ধে নাম ধরে ধরে দু'আ করেছিলেন এবং আল্লাহ তা কবুল করেছিলেন। . আবু জেহেল ছিল নিকৃষ্টদের থেকেও নিকৃষ্ট। একদিন সে রাসুলুল্লাহকে (ﷺ) সালাত আদায় করতে দেখলে প্ল্যান করে তাকে হত্যা করার। সে এই বাসনা নিয়ে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে থাকে, দূরে দাঁড়িয়ে বাকিরা তা উপভোগ করছিল। কিন্তু এ কী! সবাইকে অবাক করে দিয়ে বেচারা আবু জেহেল সামনে না গিয়ে উল্টো পিছনের দিকে ফিরে আসছে এবং ভয়ে তাঁর সারা শরীর কাঁপছে। ফিরে এলে মানুষজন এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, "আমার এবং তাঁর মধ্যে আগুনের এক গর্ত রয়েছে, ভয়াবহ বিভীষিকাময় ও ভীতপ্রদ শিকল রয়েছে।" . রাসুলুল্লাহ (ﷺ) পুরোদমে ইসলামের বাণী প্রচার করে যাচ্ছিলেন। সাধ্য কার শাশ্বত বাণী থামানোর? ক্রোধে ফেটে পড়ে কুরাইশরা মুসলিমদের উপর আরও ভয়াবহ নির্যাতন করা শুরু করলো। রাসুলুল্লাহকেও (ﷺ) তারা ছাড় দেয়নি। সেই ক্রোধ এগিয়ে গিয়ে থামে তাঁকে হত্যার নেশায়। আবারও একদিন রাসুলুল্লাহ (ﷺ) ক্বাবা প্রাঙ্গনে সালাত আদায় করছিলেন। এমন অবস্থায় নিকৃষ্টদের চেয়েও নিকৃষ্ট ব্যক্তি 'উকবা ইবনে আবি মু'আইত' কাছে আসলো। আসারপর তাঁর নিজ কাপড় দ্বারা রাসুলুল্লাহর (ﷺ) গলায় পেঁচিয়ে জোরেসোরে টান দিতে থাকে হত্যার উদ্দেশ্যে। পাশে উপস্থিত আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাড়াতাড়ি কাছে এসে উকবাকে দূরে সরিয়ে বললেন, তোমাকে তাঁকে এজন্য হত্যা করতে চাচ্ছো যে, "তিনি বলেছেন যে, আমার প্রভু আল্লাহ।" আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) এমন কথা কুরাইশদের শ্রবণ হওয়া মাত্রই রাসুলুল্লাহকে (ﷺ) ছেড়ে তাঁর উপর ঝাপিয়ে পড়ে এবং খুব বেশি মারধর করে। . ইসলামের জন্য প্রথম দিকে সাহাবীরা মুখোমুখি হয়েছিলেন ভয়ংকর নির্যাতনের। যা তাদের ঈমাণকে মজবুত করে দিয়েছিল। মানসিকভাবে শক্ত হওয়া এই সাহাবীদের মধ্যে এবার আল্লাহ প্রেরণ করলেন শক্তিশালী কিছু সাহাবিদেরকে। যাদের ইসলাম গ্রহণ করায় পালটে যায় পাশার দান।