Chapter 43 of 50
আজ কোনো অভিযোগ নেই
17 min read
বনু খুজা'য়া ও বনু বকর গোত্র দুটির মাঝে জাহিলিয়াত থেকে সংঘাত ছিল। তারা একে অন্যকে দু চোখের দুশমন হিসেবে দেখত। যেনো সাপে-নেউলে মারামারি। এক গোত্র অন্য গোত্রের লোকের প্রতি নিজদের হৃদয়ে হিংসা আর বিদ্বেষ ছাড়া যেন কিছুই রাখেনি। সেগুলো দ্বারাই তারা একে অন্যকে বরণ করত সবসময়। যার ফলাফল হতো কখনও রক্তস্নাত সন্ধ্যা, কখনও খুন-মহড়ার প্রভাত। . রাসুলুল্লাহ (ﷺ) যখন প্রথমবার ওমরা করতে আসেন, তখন কুরাইশরা তা সফল হতে দেয়নি। তারা মুসলিমদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। রাসুলুল্লাহ (ﷺ) সন্ধি করতে পছন্দ করতেন তাই তাদের সাথেও করলেন। এই চুক্তি অনুসারে বনু খুজা'য়া মুসলিমদের সাথে আবদ্ধ হয় আর বনু বকর কুরাইশদের সাথে। . হুদাইবিয়ার সন্ধির পর যে যার যার বাড়ি ফিরে গেলেন। মদিনায় ফিরে গেলো মুসলিমরা। তবে একটু মন খারাপ নিয়ে। তারা এসেছিল আল্লাহর ঘর তাওয়াফ করতে কিন্তু তারা দিলো না। হৃদয়ে তো ব্যথা অনুভব হবেই। . এদিকে কিছুকাল কেটে যাওয়ার পর একদিন বনু বকর গোত্রের নেতারা চিন্তা করলো তাদের পুরনো শত্রু বনু খুজা'য়া গোত্রের সবাইকে মেরে ফেলতে। তাদের উপর প্রতিশোধ নিতে। বনু বকর গোত্রের নেতারা কুরাইশ গোত্রের নেতাদের সাথে এ নিয়ে আলাপ-আলোচনা করলে তারা সেটাতে সায় দেয়। সাথে কিছু অস্ত্র-শস্ত্র ও যোদ্ধা দিয়ে সাহায্য করে। এসব নিয়ে বনু বকর তাদের এলাকায় চলে যায়। . পরিকল্পনা করতে থাকে কীভাবে তারা বনু খু'জায়ার সবাইকে হত্যা করবে এক আক্রমণেই। রাতের আঁধারে যখন বনু খুজায়ার লোকেরা ঘুমের ঘোরে অবেচতন, ঠিক তখনই বনু বকর ও কুরাইশদের সম্মিলিত বাহিনী আচমকা আক্রমণ করে বসে বনু খুজায়ার উপর। পূর্ব প্রস্তুতি না থাকায় বনু খুজায়া গোত্রের লোকেরা বুঝে উঠতে পারেনা। এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। বহু লোক তাদের নিহত হয়। এভাবে আক্রমণ করে একসময় তাদের গোত্রের লোকেদেরকে তাড়িয়ে নিয়ে আসে মক্কার দিকে। বনু খুজায়ার কিছু লোকেরা আশ্রয় নেয় হারামে। যেখানে হত্যা/রক্তপাত নিষিদ্ধ! তা উপেক্ষা করে বনু বকর হারামেই রক্তপাত ঘটায়। প্রতিশোধ নেয় তাদের শত্রুর উপর, এতে তারা তৃপ্তি অনুভব করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নৃশংস হত্যাকাণ্ডের খবর তড়িৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ে। . এদিকে খুজায়া গোত্রের নেতা তার দল নিয়ে ছুটলেন মদিনায় রাসুলুল্লাহর (ﷺ) কাছে। রাসুলুল্লাহ (ﷺ) তখন সাহাবিদের সাথে মসজীদে নাবাবীতে অবস্থান করছিলেন। মক্কা থেকে হাজির হলো একটি প্রতিনিধি দল। তাদেরকে মসজিদে স্বাগত জানানো হলো। মক্কা থেকে আগত প্রতিনিধি দলের নেতা তখন রাসুলুল্লাহর (ﷺ) কাছে কবিতা আবৃত্তির মাধ্যমে সবকিছু জানালো। রাসুলুল্লাহ (ﷺ) তার কথা মন দিয়ে শুনলেন। তারপর সেই দল মক্কার দিকে রওয়ানা হয়ে গেল। . রাসুলুল্লাহ (ﷺ) তাদের কাছে দূত পাঠিয়ে জানালেন যে, খুজায়ার লোকেদের হত্যার জন্য ক্ষতিপূরণ/ব্লাডমানি দিতে হবে এবং বনু বকরের সাথে চুক্তিভঙ্গ করতে হবে। তারা এগুলো রিজেক্ট করে দিলো। . এদিকে কুরাইশদের নেতারা ভীষণ চিন্তায় মগ্ন। এ কী কাজ করলো তারা। এভাবে তাদের সাহায্য করা ঠিক হয়নি। না না একদমই হয়নি। কেনই বা তারা আগেভাগে চুক্তিভঙ্গ করতে অগ্রসর হলো? কী দরকার ছিল? এতো দিন তো শান্তিতেই তারা ছিল, ইশশ! বড্ড বিপদে পড়ে গেছে তারা. দারুন নাদওয়াতে বিষন্ন মন নিয়ে সবাই বসে আছে। নিরবতা ভঙ্গ করে তারা আলোচনা করলো যে, চুক্তি তো ভঙ্গ করেছি, এখন যদি আবার চুক্তি নবায়ন না করা হয় তাহলে তো তারা একদম শেষ। ফলাফল কী দাঁড়াবে তা ভাবতেই তাদের গা কাঁপুনি দিচ্ছে। না না, যে করেই হোক চুক্তি নবায়ন চাই চাই চাই! সিন্ধান্ত হলো আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু। তবে তখনও তিনি মুসলমান হননি।) মদিনায় যাবেন এবং চুক্তি নবায়ন করে আসবেন। আর কোন উপায় নেই। সাথে সাথে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিমদের সাথে চুক্তি নবায়ন করার লক্ষ্যে মদিনায় রওয়ানা হলেন। . পথিমধ্যে আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে দেখা হলো খুজায়া গোত্রের লোকেদের। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে মদিনা থেকে আসছে কি-না জিজ্ঞেস করলে তারা নেতিবাচক জবাব দেয়। কিন্তু আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) ভয় কাটে না। মনকে হাজার প্রবোধ দিয়েও তা কাটেনি। মন তো বলছে তারা মদিনা থেকে এসেছে। আর যদি এসে থাকে তাহলে কুরাইশ শেষ, চিরতরে শেষ। বলা যায় নিঃশেষ। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) ও সেই লোকেরা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলো। তারা যখন চলে গেলো, চিন্তিত আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তখন তাদের উটের বিষ্টা ভেঙে পরীক্ষা করতে চাইলেন যে তারা কোথা থেকে আসছে। যেই কথা সেই কাজ! আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তাদের উটের বিষ্টা ভেঙে দেখতে পেলেন খেজুরের বিচি যা কি-না মদিনার। এবার তার মনের ভয় সত্যি হলো। তাহলে তারা মদিনা থেকে আসছে। চুক্তিভঙ্গের ঘটনা তাহলে মুসলিমরা জেনে গেছে! এবার তাহলে কি কুরাইশরা শেষ! না না, যে করেই হোক, চুক্তি নবায়ন করতেই হবে, যে করেই হোক। সাথে সাথে উটকে তুলে ছুটে চললেন মদিনায়। . মদিনায় গিয়ে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) চিন্তা করলেন রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ করার আগে তার প্রিয় মেয়ে, তার নয়নমণি, ছোটবেলা যাকে তিনি আদর করে বড় করেছেন, তার চোখের পদ্মফুল উম্মু হাবিবার (রাদ্বি আল্লাহু আনহা) সাথে সাক্ষাৎ করার জন্য তার ঘরে গেলেন। কত বছর পর মেয়ের সাথে দেখা, সেই ছোটোবেলা থেকে আদর করে বড় করা মেয়ে আজ কত বড় হয়ে গেছে, মেয়েকে নিয়ে সব স্মৃতি যেন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষমেশ মেয়ের ঘরে গেলেন, যখন তিনি তার বিছানায় বসার জন্য প্রস্তুতি নিলেন তখন উম্মু হাবিবা (রাদ্বি আল্লাহু আনহা) বিছানার চাদর সরিয়ে নিলেন। এটা দেখে তিনি তার মেয়েকে বললেন যে, "তুমি কি মনে করেছো এ বিছানা আমার জন্য উপযুক্ত নয়? না আমি এই বিছানার উপযুক্ত নই?" জবাবে আম্মাজান উম্মু হাবিবা (রাদ্বি আল্লাহু আনহা) বললেন, "এই বিছানা হচ্ছে রাসুলুল্লাহর (ﷺ) বিছানা, আপনি হচ্ছেন একজন অপবিত্র মুশরিক।" এই কথা শোনে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) অবাক হয়ে গেলেন। এ কি তার মেয়ে যাকে তিনি আদর আত্তি আর যতন করে বড় করেছেন। এতো ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখেছেন। এ কী শুনছেন তিনি! হৃদয় যে ধারালো তরবারীর আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে। তিনি এই বলে বের হয়ে চলে গেলেন যে, "আমার পরে তোমাকে অমঙ্গল পেয়ে বসে আছে।" . প্রিয় মেয়ের ঘর থেকে অপমানজনক অবস্থায় বের হয়ে যে প্রয়োজনে এসেছেন সে প্রয়োজন পূরণের জন্য তৈরি হলেন। ছুটে গেলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে। রাসুলুল্লাহর (ﷺ) কাছে গিয়ে তিনি কথাবার্তা বলতে লাগলেন ও চুক্তি নবায়নের জন্য সুপারিশ করলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে কোন জবাব দিলেন না। এতে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) আরও চিন্তিত হয়ে গেলেন। তারপর ছুটে গেলেন আবু বকরের (রাদ্বি আল্লাহু আলহু) কাছে। তিনিও তাকে কোন প্রকার সাহায্য করার জন্য 'না' করে দিলেন। তারপর গেলেন উমারের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে। উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে কঠোরভাবে কোন প্রকার সাহায্য করার জন্য 'না' করে দেন। তারপর গেলেন আলীর (রাদ্বি আল্লাহু আনহু) কাছে। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তাকে কোন প্রকার সাহায্য করার জন্য 'না' করে দিলেন। আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) তখন কাহিল অবস্থা। দুনিয়া যেন তার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। কী করবেন তিনি, কোথায় যাবেন তিনি, ভাবতে ভাবতে শেষ! আলীর (রাদ্বি আল্লাহু আনহু) কাছে আবারও কাকুতিমিনতি করে কোন প্রকার উপদেশের জন্য অনুরোধ করলেন। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তাকে পাবলিকলি নিরাপত্তার জন্য মানুষের সামনে ঘোষণা দেয়ার জন্য বললেন, তিনি তার কথামতো কাজ করলেন কিন্তু একটা মানুষও তার কথার উত্তর দিলো না। . মদিনায় অপমানিত হয়ে, কোন প্রকাশ আশা না নিয়ে, চুক্তি নবায়ন তো দূরের কথা, ফিরে আসলেন মক্কায়। কুরাইশদের নেতারা অধির আগ্রহ নিয়ে বসে ছিল আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) আগমনের জন্য। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে সব ঘটনা খুলে বললেন এবং আলীর (রাদ্বি আল্লাহু আনহু) উপদেশের কথা বললেন! রাগান্বিত কণ্ঠে কুরাইশ নেতারা বললো "হায়রে বোকা! সে তো তোমার সাথে উপহাস করেছে।" আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তখন তাদেরকে বললেন যে, "এ ছাড়া তার কাছে অন্য কোন উপায়/রাস্তা ছিল না।" . কয়েকদিন অতিবাহিত হওয়ার পর রাসুলুল্লাহ (ﷺ) ঘোষণা দিলেন প্রত্যেক পুরুষকে যুদ্ধে যেতে হবে কিন্তু কোথায় সেটা বললেন না। সবাই যার যার কাজ শেষ করে প্রস্তুতি নিতে থাকলো। সাহাবিদের নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) বের হলেন কিন্তু কোথায় যাচ্ছেন কেউ জানেনা, এমনকই তার সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তার প্রিয় বন্ধু আবু বকরও (রাদ্বি আল্লাহু আনহু) না। বের হওয়ার আগে রাসুলুল্লাহ (ﷺ) ৮ সদস্যের একটি বাহিনীকে বাতনে ইজামের দিকে প্রেরণ করলেন যাতে মানুষ বুঝে তারা কোন দিকে যাচ্ছেন কিন্তু তিনি তো জানেন আসল উদ্দেশ্য কী! . এদিকে মুসলিমদের সাথে যারা সন্ধিতে আবদ্ধ ছিল বা মদিনার আশেপাশে যারা মুসলিম ছিল তারা সবাই সমবেত হতে লাগলো। তৈরি হলেন যুদ্ধে যাওয়ার জন্য। বের হওয়ার সময়ই রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন যে, "আমরা মক্কা অভিযানে যাচ্ছি।" এবার সকলে জানলেন তারা আসলে কোথায় অভিযানে যাচ্ছেন। উম্মে মাকতুমকে (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় রাসুলুল্লাহ (ﷺ) তার জায়গায় স্থলাভিষিক্ত করে ১০ হাজার মুসলিম বাহিনী নিয়ে বের হলেন মক্কার দিকে। . কিছুদূর যাওয়ার পর সেই ৮ ব্যক্তির দলকে জানানো হলে তারা মুসলিম বাহিনীর সাথে মিলিত হয় যাত্রাপথে। . এদিকে হাতিব বিন আবী বালতাআহ (রাদ্বি আল্লাহু আনহু) গোপনে কুরাইশদের কাছে রাসুলুল্লাহ (ﷺ) মুসলিম বাহিনী নিয়ে মক্কার দিকে আসছেন যে, তা মক্কাতে আগত এক মহিলারকে বলে ফেললেন। ওহীর মাধ্যমে রাসুলুল্লাহকে (ﷺ) জানানো হলে তিনি আলীসহ (রাদ্বি আল্লাহু আনহু) আরও ৩জনকে খাখা নামক স্থানে প্রেরণ করলেন এবং বলে দিলেন একজন নারীর কাছে এই চিঠি আছে। . রাসুলুল্লাহর (ﷺ) আদেশ পেয়ে দ্রুতগতিতে ঘোড়া নিয়ে তারা ছুটে চললেন, পেয়ে গেলেন সেই মহিলাকে। তারা তাকে চিঠির ব্যপারে জিজ্ঞেস করলে সেই নারী অস্বীকার করে। তারা তার বাহন খুঁজলেন কিন্তু কোথায় নেই সেটা। চিঠির ব্যপারে বারবার সে অস্বীকার করে আসছে। ক্ষুব্ধ হয়ে আলী (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বললেন যে, "আল্লাহর রাসুল (ﷺ) মিথ্যা বলেন নি, আমরাও মিথ্যা বলছি না। তুমি যদি চিঠি না দাও তাহলে তোমাকে উলঙ্গ করে তল্লাশি চালাবো।" এবার নারীটি ভয় পেয়ে যায় সে তাদেরকে অন্য দিকে মুখ ফিরাতে বলে। তারা অন্য দিকে মুখ ফিরালে সে তার খোঁপার মধ্যে লুকিয়ে রাখা চিঠিখানা তাদের হাতে হস্তান্তর করে। তারপর তাকে সাথে করে তারা রাসুলুল্লাহর (ﷺ) কাছে আসেন। . রাসুলুল্লাহ (ﷺ) এবার হাতিবকে (রাদ্বি আল্লাহু আনহু) ডাকেন। তিনি তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে হাতিব (রাদ্বি আল্লাহু আনহু) তা স্বীকার করেন। হাতিবের (রাদ্বি আল্লাহু আনহু) স্বীকার করা শুনেই উমার (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, "ইয়া রাসুলুল্লাহ! এই মুনাফিকের গর্দান উড়িয়ে দেয়ার জন্য আমাকে অনুমতি দিন। সে আল্লাহর রাসুলের (ﷺ)সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সে মুনাফিক হয়ে গিয়েছে।" এদিকে হাতিব রাসুলুল্লাহকে (ﷺ) তার চিঠি পাঠানোর ব্যখ্যা দেন। তিনি এরূপ বলেন যে আমি ইসলাম ত্যাগ করিনি বা অন্য বিশ্বাস আমাকে ছোঁয়নি। আল্লাহ ও তার রাসূলের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার পরিবারের সদস্যরা মক্কায় আছে, তাদের দেখভালের জন্য কেউ নেউ। তাই আমি চিঠি পাঠিয়ে কুরাইশদের একটি উপকার করতে চেয়েছিলাম যার কারণে হয়তো তারা আমার পরিবারের উপর কিছুটা যত্নশীল হবে। তার উত্তর শোনে রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "হাতিব সত্য বলছে।" এবার রাসুলুল্লাহ (ﷺ) উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন যে, "ইয়া উমার! তুমি কি জানো না যে সে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে? আর হতে পারে আল্লাহ এ যুদ্ধে অংশগ্রহণকারীদের সামনে বলে দিয়েছেন যে, 'তোমরা যা চাও তা করো, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি'।" উমার (রাদ্বি আল্লাহু আনহু) তা শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন। হাতিবকে (রাদ্বি আল্লাহু আনহু) ছেড়ে দেয়া হয়। . এদিকে মক্কায় থাকা আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ভাবলেন আর কতকাল এভাবে প্রিয় মানুষদের ছাড়া এখানে পড়ে থাকবেন? না না, আর থাকা যায় না, মদিনায় পাড়ি দিতে হবে প্রিয় মানুষদের কাছে, রাসুলুল্লাহর (ﷺ) কাছে। পরিবার পরিজন নিয়ে বারিয়ে পড়লেন মদিনায় (ﷺ) হিজরত করার জন্য। পথিমধ্যে বিশাল বহর দেখে অবাক তিনি, এরা কারা? কোন দিকে যাচ্ছে তারা? আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ভেবে কূল পাচ্ছেন না আসলে কারণ তিনি এ বিষয়ে জানতেন না কিছুই। পরে কাছে যেতেই বুঝলেন এরা তো মুসলিম বাহিনী। কত বছর পর মিলিত হলেন প্রিয় ভাতিজার সাথে, স্মৃতির সাগরে ভেসে গেলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাকে ও তার পরিবারকে স্বাগত জানালেন। আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তারপর ফিরে গেলেন মক্কায়। . তখন ছিল রামাদ্বানের মাস। ১০ হাজার সাহাবী নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) যখন উসফান ও কুদাইদের নামক দুই অঞ্চলের মধ্যবর্তী স্থানে গিয়ে সবাইকে রোজা ভাঙ্গার জন্য নির্দেশ দিলেন। রাসুলুল্লাহর (ﷺ) আদেশ সবাই পালন করলেন। তারপর আবার তাদের যাত্রা শুরু করে মাররুয যাহরান নামক স্থানে পৌঁছালে সেখানে তারা তাদের তাঁবু গাড়েন। . ১০ হাজার সাহাবী ছড়িয়ে-ছিটিয়ে পড়ে তাঁবু গাড়লেন আশেপাশে। মক্কা থেকে সেই স্থান দেখা যেত। রাতের বেলা তারা সবাই আগুন জ্বালালেন। আলো ভরপুর হয়ে গেল চারিপাশ। অন্ধকার দূর হওয়ার পথে, এ যেন সত্যের আলোর বার্তা, এসে গেছে সে, থামানোর কেউ নেই, এই আলো যেন ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। . মক্কা থেকে কুরাইশরা তা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এতো এতো মানুষ, এতো এতো মানুষ তাহলে ইসলামের ছায়াতলে চলে আসেছে শুধু তারা বাদে? এটা তো তাদের জন্য লজ্জাজনক, তাদেরই গোত্রের মানুষটিকে তারা নবী হিসেবে মানলো না, অথচ আরবের সবাই মেনে নিলো, আফসুস! কাল তাদের তাহলে শেষ দিন দুনিয়াতে, মুসলিমদের আক্রমণ থেকে এবার রক্ষা নেই। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তা দেখছিলেন আর ভাবছিলেন, সময় হয়তো শেষ, মুসলিমরাই বিজয়ী, ইসলামই বিজয়ী। আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তার এই অবস্থা দেখে তার কাছে গেলেন এবং তাকে নিরাপত্তার জন্য রাসুলুল্লাহর (ﷺ) কাছে নিয়ে যাবেন বললেন। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) তার কথা শোনে তার খচ্চরের পিঠের উপর উঠে গেলেন এবং চললেন সে দিকে। . মুসলিম বাহিনীর শিবিরের দেখভালের দায়িত্বে নিয়জিত ছিলেন উমার (রাদ্বি আল্লাহু আনহু)। শিবিরে ঢোকার পর যখন জিজ্ঞেস করা হতো "কে যাচ্ছেন" তখন আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিতেন কিন্তু উমারের (রাদ্বি আল্লাহু আনহু) নিকট গেলে তিনি ধরে ফেলেন পেছনে আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) বসে আছেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) খুশিতে ভরপুর, শেষ পর্যন্ত তাহলে বেটাকে পেয়েছি সুযোগ মতন! তিনি বললেন, "আবু সুফিয়ান! আল্লাহর দুশমন। আল্লাহর প্রশংসা যে, কোন কৌশল ছাড়াই তাকে আমাদের মধ্যে পাওয়া গেছে।" উমার (রাদ্বি আল্লাহু আনহু) কাছে আসার আগেই তিনি দ্রুতগতিতে চলে গেলেন রাসুলুল্লাহর (ﷺ) কাছে। আবু সুফিয়ানকে পেয়ে উমার (রাদ্বি আল্লাহু আনহু) ভীষণ উত্তেজিত, তিনি তার গর্দান উড়িয়ে দেয়ার জন্য বারবার রাসুলুল্লাহর (ﷺ) অনুমতি চাচ্ছিলেন। এদিকে আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলকে (ﷺ) বললেন যে, তিনি তাকে নিরাপত্তা দিয়েছেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) বারবার অনুমতি চাইলে, আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বলেন যে, "এ যদি আদী বিন কা'ব গোত্রের লোক হত, তুমি এমন কথা বলতে না।" উমার (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দিলেন যে, "আল আব্বাস! তোমার ইসলাম গ্রহণ আমার নিকট খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয় ছিল। এর কারণ এই যে, রাসুলুল্লাহর (ﷺ) নিকট তোমার ইসলাম গ্রহণ খাত্তাবের ইসলাম গ্রহণের চেয়ে অধিক পছন্দনীয় ছিল।" রাসুলুল্লাহ (ﷺ) যখন দেখলেন অবস্থা খারাপে পরিনত হয়ে যাচ্ছে তখন তাদেরকে শান্ত করলেন এবং আবু সুফিয়ানকে (রাদ্বি আল্লাহু আনহু) তার তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য বললেন। . পরের দিন সকালে রাসুলুল্লাহর (ﷺ) দরবারে উপনীত হলে আবু সুফিয়ানকে বলেন, "হে আবু সুফিয়ান! আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এ মহাসত্য উপলব্ধি করার সময় কি এখনো তোমার হয়নি?" জবাবে আবু সুফিয়ান বললেন, "আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আপনি যে কত সহনশীল, কত সম্মানিত এবং স্বজনরক্ষক! আমি বুঝে নিয়েছি যে, যদি অন্য কোন উপাস্য থাকতো তাহলে এতদিন তা আমার কাজে আসতো।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "আবু সুফিয়ান, তোমার জন্য সত্যিই দুঃখ হয়। এখনো কি তোমার বুঝবার সময় আসে নি যে, আমি সত্যিই আল্লাহর রাসুল এ সত্য উপলব্ধি করা কি এখনো তোমার পক্ষে সম্ভব হয় নি?" জবাবে আবু সুফিয়ান বলেন, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক, "আপনি কতই না ধৈর্যশীল, কতইনা দয়ালু ও আত্মীয়তা সম্পর্ক স্থাপনকারী! কিন্তু ঐ ব্যাপারে এখনো কিছু সংশয় আছে।" এমন কথা শোনে আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ভাবলেন, সারারাত তাকে বুঝালাম আর এখন এই অবস্থা, হায়! তিনি তখন বললেন, "গর্দান উড়িয়ে যাওয়ার আগেই কবুল করে নাও।" তখন আবু সুফিয়ান দেখলেন, তার আর কোন রাস্তা নেই, তিনি তখন ইসলাম ধর্মগ্রহণ করেন। আবু সুফিয়ান একজন সম্মানিত ব্যক্তি, তাকে কিছু সম্মান দেয়ার জন্য আল আব্বাস বললে রাসুলুল্লাহ (ﷺ) বলেন যে, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে আশ্রিত হবে, যে নিজল ঘরের দরজার ভেতরে থাকবে সে আশ্রিত হবে এবং যে হারামে প্রবেশ করবে সে আশ্রিত হবে। . আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তাকে নিয়ে একটি উঁচু পাহাড়ে দাঁড়ালেন। এত্তো বিশাল বহর আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) কখনো দেখননি। সচক্ষে দেখে আবু সুফিয়ান মুগ্ধ হয়ে গেলেন, আজ যেন ধূলিকণাও তাদের হয়ে সামনে অগ্রসর হচ্ছে, এ তো বিজয়ের পূর্বাভাস। . গোত্রগুলো নিজ নিজ পতাকা নিয়ে সামনে অগ্রসর হতে থাকে। আবু সুফিয়ান জিজ্ঞেস করতেন এরা কারা, আল আব্বাস জবাব দিয়েন এরা অমুক, এভাবে তাদের কথোপকথন চলতেই থাকে। এই অবস্থা দেখে আবু সুফিয়ান বললেন, "আল আব্বাস! তোমার ভাতিজার রাজত্ব আল্লাহ বড় জবরদস্ত করে দিয়েছেন।" জবাবে আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, "এ হচ্ছে নবুওতি সম্মান।" . তারপর তারা নিচে নেমে গিয়ে মিলিত হলেন বহরের সাথে। আনসারদের পতাকা বহর করছিলেন সা'দ ইবনে উবাদা (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি অগ্রসর হওয়ার সময় বলতে লাগলেন 'আজ রক্তক্ষরণ ও মারামারির দিন, আজ হারামকে হালাল করা হবে।' এই কথা আবু সুফিয়ান শোনার পরপরই দ্রুত রাসুলুল্লাহকে (ﷺ) জানালেন, তারপর তিনি সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) থেকে পতাকা নিয়ে তার ছেলে কায়েস ইবনে সাদের হাতে প্রদান করেন। . এদিকে আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) আবু সুফিয়ানকে (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় গিয়ে সবাইকে জানানোর জন্য পাঠালেন। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) দ্রুত ছুটে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করলেন "হে কুরাইশ! রাসুলুল্লাহ (ﷺ) এমন এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আগমন করছেন যার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা কারোও নেই।" তিনি তাদের বলে দেন কোথায় কোথায় আশ্রয় নিলে তাদেরকে আশ্রয় দেয়া হবে। এ কথা শোনে তার বউ হিন্দ দৌড়ে এসে আবু সুফিয়ানকে (রাদ্বি আল্লাহু আনহু) গালিগালাজ করতে থাকে। আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) সবাইকে বুঝালেন এই নারীর কথায় মাথা না দিয়ে যে যার মতন নিজেকে বাঁচানোর জন্য যেন রাস্তা দেখে। মানুষ যারা যার ঘরে চলে গেলো, কেউবা হারামে। এদিকে কিছু সংখ্যক লোকেরা চাচ্ছিল যুদ্ধ করতে তাই তারা মারামারি করার জন্য তৈরি হয়ে গেল। রাসুলুল্লাহ (ﷺ) খালিদকে (রাদ্বি আল্লাহু আনহু) অন্য রাস্তা দিয়ে মক্কায় প্রবেশ করতে বললেন এবং কেউ বাধা দিলে হত্যা করতে বললেন। সেখানে যুদ্ধ বাঁধে অবশ্য! কাফিরদেরকে তারা জাহান্নামে পাঠান, তবে তাদের কমান্ডাররা পালিয়ে চলে যায়। খালিদ তারপর মিলিত হলেন রাসুলুল্লাহর (ﷺ) সাথে। . মক্কায় প্রবেশ করলেন রাসুলুল্লাহ (ﷺ)। আল্লাহর বিজয় তাকে এতো বিনয়ী বানালো যে উটের পিঠে বসে তিনি তার মাথা নুয়ে দিয়েছিলেন। মক্কায় থাকা সব মূর্তিকে অপসারণ করা হলো, ভেঙ্গে চুরমার করে দেয়া হলো, তিনি উটের পিঠে আহরোণ করা অবস্থায় তাওয়াফ করলেন। ক্বাবা ঘরের চাবি এনে তাতে প্রবেশ করলেন, ভেতরের সব মূর্তি ভেঙ্গে চূর্ণবিচূর্ণ করে দিলেন! . বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) ক্বাবার উপর উঠে আজান দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো। বিলাল উপরে উঠলেন। এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে ছিলো, কোথাকার কোন হাবাশী দাস আজ ক্বাবার উপর, সুবহানআল্লাহ! ইসলাম তার মর্যাদা এতটাই দিয়েছে যে এক সময়ের মক্কায় দাম না পাওয়া ব্যাক্তি আজ ক্বাবার উপর উঠে আজান দিচ্ছেন। এই দৃশ্য দেখে কুরাইশদের ভিড়ে থাকা একজন বলে উঠলো, "ভাগ্য ভালো আমার বাবার, তিনি এই দৃশ্য দেখেননি।" তারপর ক্বাবার ভেতরে রাসুলুল্লাহ (ﷺ) সালাত আদায় করলেন। তারপর ভাষণ দিলেন কুরাইশদের উদ্দেশ্যে। . বিজয়ীর বেশে প্রবেশ করলেন মক্কায়, কুরাইশরা সবাই বন্দি অবস্থায়। এবার তাদের দিকে ফিরলেন রাসুলুল্লাহ (ﷺ)। উটের পিঠে বসে আছেন তিনি, তারই সিধান্ত ফাইনাল সিদ্ধান্ত। উটের পিঠে বসে তিনি হয়তো ভাবছিলেন, "হে কুরাইশ, এখানেই আমি জন্মেছি, তোমাদের মধ্যেই আমি বড় হয়েছি, তোমরাই আমাকে আল-আমীন উপাধি দিয়েছিল কিন্তু আমি যেদিন আল্লাহর বাণী নিয়ে হাজির হলাম তখন তোমরা আমাকে বিদ্রুপ করেছিলে। আমি তোমাদেরই একজন ছিলাম কিন্তু তোমারা আমাকে পরিত্যাগ করেছিলে, তোমরা আমাকে কষ্ট দিয়েছিলে। হ্যাঁ, তোমরা আমার পরিবারকে কষ্ট দিয়েছিলে, আমার পরিবারকে বয়কট করেছিলে, সেদিনের বাচ্চাদের আর্তনাদ কী তোমাদের কানে যায়নি? মনে কী পড়ে সেদিন গুলো, যেদিন আমার সাহাবিদেরকে তোমরা অত্যাচার করেছিলে, প্রখর রোদের মধ্যে উত্তপ্ত বালুতে নিয়ে নির্যাতন করতে? মনে কী আছে হে কুরাইশ যখন আমার এক নারী সাহাবী তোমাদের কথায় রাজি না হওয়ায় তাকে শহীদ করেছিলে? তোমরাই তো আমার উপর উটের ভারি নাড়িভুড়ি চেপে দিয়েছিলে যখন আমি সিজদারত অবস্থায় ছিলাম, তোমরাই তো চেয়েছিলে আমাকে গলায় ফাঁস লাগিয়ে জনসম্মুখে হত্যা করতে।" "তোমরাই তো আমাকে দ্বীন প্রচার করতে বাধা দিয়েছিলে, তোমরাই তো আমাকে হিজরত করতে বাধ্য করেছিলে। যখন আমার সাহাবিরা হিজরত করার জন্য বের হলেন তখন তোমরাই তাদেরকে বাঁধা দিতে, কী! মনে পড়ে হে কুরাইশ?" "তোমরাই আমাকে ভীষণ কষ্ট দিতে, আমি তো চাইনি তোমাদেরকে ছেড়ে দূরে সরে যেতে, তোমরাই আমাকে চলে যেতে বাধ্য করেছো, আবার যখন আমি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম তোমরাই তখন আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিলে। আমি যখন হিজরতের জন্য বের হয়ে গেলাম ঠিক তখনই তোমরা আমাকে জীবীত কিংবা মৃত পাওয়ার জন্য ১০০টি উট উপহার হিসেবে ঘোষণা করেছিলে। তোমরাই তো ছিলে তারা যারা আমার সাহাবিদের ফেলে যাওয়া ধন-সম্পদ জব্দ করে ব্যবসায় পরিচালনা করছিলে।" "তোমরাই তো তারা যারা বদর যুদ্ধে চেয়েছিলে মুসলিম ও আমাকে একদম নিঃশেষ করে দিতে। তোমরা ছিলে সব দিক দিয়ে শক্তিশালী আর আমাদের ছিল ঈমান শক্তিশালী। তোমরা হেরে গিয়ে আবারও আমাদেরকে ধ্বংস করার জন্য প্রস্তুত হলে। উহুদ যুদ্ধে তোমরা আমাকে হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও তা করতে পারোনি, কিন্তু আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছিলে, হত্যা করেছিলে আমার প্রাণের চাচা হামজাকে (রাদ্বি আল্লাহু আনহু)। হত্যা করেও তোমরা শান্ত হলে না, তার শরীর তোমরা ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলে।" "খন্দদের যুদ্ধে তোমরা আরব ও ইহুদীদের সাথে মিলিত হয়ে আমাদেরকে একদম নিঃশেষ করে দেয়ার জন্য আক্রমণ চালিয়েছিলে কিন্তু তাতেও তোমরা পারোনি। হ্যাঁ, দেখো, আজ আমরা বিজয়ী, আজ আল্লাহর দ্বীন বিজয়ী।" "এটাই তো আমার মাতৃভূমি যেখান থেকে তোমরা আমাকে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ, দেখো, আমি ফিরে এসেছি, ফিরে এসেছি বিজয়ীর বেশে। তোমাদের কী করা হবে তা এখন আমার একটি বাক্যের উপর নির্ভর করে, তোমরা সকলে বন্দি, আজ তোমাদের মূর্তিগুলি কাজে আসছে না কেন? কীসের অহংকার করেছিলে এতো কাল? এসবের? ছিঃ।" . কুরাইশরা রাসুলুল্লাহর (ﷺ) দিকে তাকিয়ে আছে। তিনি যা বললেন আজ তা। রাসুলুল্লাহর (ﷺ) একটি বাক্য তাদের সবকিছুর ফয়সালা করে দিবে, তারা শুরু একটি বাক্যের অপেক্ষায়, মাত্র একটি বাক্যের অপেক্ষায়। রাসুলুল্লাহ (ﷺ), যিনি কিনা এই দুনিয়ায় আলো হয়ে এসেছেন, এসেছেন মেঘাচ্ছন্ন আকাশ থেকে কালো মেঘ দূর করে সূর্যের আলো পৃথিবীর বুকে নিয়ে আসার জন্য, তিনি তো মুক্তির দূত, রাহমাতুল্লিল আ'লামীন, বলে উঠলেন, "আজ কোনো অভিযোগ নেই'।" "হ্যাঁ! আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।" . নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না কুরাইশরা, কী! কোনো অভিযোগ নেই? সত্যি? এ কী শুনলাম! অথচ আমরাই তো অপরাধী, আমরা তো শাস্তি পাওয়ার যোগ্য, অথচ আমাদের প্রতি কোন অভিযোগ নেই! কুরাইশদের হৃদয়ে জমে থাকা কালো মেঘ যেন সরে যেতে লাগলো একে একে, প্রবেশ করলো আলো, হ্যাঁ, এই সেই আলো যার কথা তিনি ২৩ বছর প্রচার করে গেছেন, যার জন্য সহ্য করতে হয়েছে প্রচুর নির্যাতন, কষ্ট, হ্যাঁ, এই সেই আলো, ইসলামের আলো!