Chapter 20 of 50
আল ইসরা ওয়াল মি'রাজ
6 min read
রাসুলুল্লাহ (ﷺ) মক্কার বাহিরে অবস্থান করছেন, কারণ মক্কায় প্রবেশ করতে হলে তাঁর নিরাপত্তার প্রয়োজন। কিন্তু কার কাছে আবেদন করবেন। ভাবছেন তিনি! . এদিকে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (ﷺ) বললেন, "কুরাইশগণ যে অবস্থায় আপনাকে মক্কা থেকে বিতাড়িত করেছে সে অবস্থায় কীভাবে আপনি মক্কা প্রত্যাবর্তন করবেন?" জবাবে রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "হে যাইদ! তুমি যে অবস্থা দেখছো এর একটা সুরাহা অবশ্যই হবে। আল্লাহ অবশ্যই এ থেকে পরিত্রাণের একটি পথ বের করে দিবেন।" . রাসুলুল্লাহ (ﷺ) তখন নিরাপত্তার জন্য আখনাস ইবনে শারিক্বের নিকট সংবাদ পাঠালেন কিন্তু আখনাসের পক্ষে তা সম্ভব নয় বলে তিনি প্রত্যাখ্যান করলেন। একই সংবাদ রাসুলুল্লাহ (ﷺ) সুহাইল ইবনে আমরের কাছে পাঠালেন। তিনিও নিরাপত্তা দিতে অস্বীকৃতি জানালেন। তারপরে রাসুলুল্লাহ (ﷺ) নিরাপত্তার জন্য সংবাদ পাঠালেন মুত'ঈম ইবনে আদীর কাছে। সংবাদ পেয়ে মুত'ঈন সাথে সাথে তার পুত্রদেরকে অস্ত্র সজ্জিত হতে বললেন। তাদেরকে পাঠালেন বার্তাবাহকের সাথে যেন তারা রাসুলুল্লাহকে (ﷺ) গার্ড দিয়ে নিয়ে আসে তাঁর কাছে। ছেলেরা রাসুলুল্লাহ (ﷺ) ও যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) তাদের বাবার কাছে নিয়ে আসলো। তাঁরা আসলে মুত'ঈম তাদেরকে নিয়ে ক্বাবা প্রাঙ্গনে প্রবেশ করেন। ক্বাবার পাশে দাঁড়িয়ে মুত'ঈম ঘোষণা দিলেন যে, "হে কুরাইশগণ! আমি মুহাম্মদকে (ﷺ) আশ্রয়/নিরাপত্তা প্রদান করেছি, কেউ যেন তাঁকে অনর্থক হয়রান না করে।" পাশ থেকে আবু জেহেল বলে উঠলো, "তুমি কি তাঁর অনুসারী হয়ে গেছ না তাঁকে আশ্রয় দিয়েছো?" জবাবে মুত'ঈম বলে উঠলেন, "আমি তাঁকে আশ্রয় দিয়েছি।" আবু জেহেল বললো, "তুমি যাকে আশ্রয় দিয়েছো, আমিও তাঁকে আশ্রয় দিলাম।" . মক্কায় এখন কোনো ঝামেলা ছাড়া রাসুলুল্লাহ (ﷺ) বসবাস করতে থাকলেন। কিন্তু দাওয়াতি কাজ কখনো বন্ধ হয়ে যায়নি। যেকোনো অবস্থাতেই ইসলাম প্রচার করতেন মুসলিমরা। . রাসুলুল্লাহ (ﷺ) এক রাতে ঘরে শুয়ে ছিলেন। ছাদ ভেদ করে জিব্রাইল এসে রাসুলুল্লাহকে (ﷺ) ক্বাবা প্রাঙ্গনে নিয়ে গেলেন। সেখানে বক্ষ বিদীর্ণ করলেন। তারপর তা যমযমের পানি দ্বারা ধৌত করলেন। ধৌত করে তা বন্ধ করে দিলেন। ভ্রমণ করার জন্য রাসুলুল্লাহর সামনে জিনপোষ আঁটা ও লাগাম বাঁধা একটি বোরাক আনা হলো। রাসুলুল্লাহ (ﷺ) যখন বোরাকে পিঠে উঠতে যাবেন তখন সে একটু লাফালাফি করা শুরু করলো। এতে জিব্রাইল (আলাইহিসালাম) তাকে বললেন, "তুমি রাসূলুল্লাহর (ﷺ) সাথে কেন এ রকম আচরণ করছ? অথচ আল্লাহ তা‘আলার সমীপে তাঁর চেয়ে বেশি সম্মানিত কেউ তোমর পিঠে সওয়ার হয়নি।" বোরাক এবার ঠান্ডা হয়ে যায়। তারপর বোরাকে চড়ে রাসুলুল্লাহ (ﷺ) ও জিব্রাইল বাইতুল মাকদিসে পৌঁছালেন। সেখানে পৌঁছানোর পরে বোরাককে নির্দিষ্ট একটা জায়গায় রাসুলুল্লাহ (ﷺ) বেঁধে রাখলেন। তারপর প্রবেশ করলেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে প্রবেশের পরে তিনি অনেক নবী-রাসুলদের দেখতে পেলেন। তিনি তাদেরকে সালাতরত অবস্থায় পেলেন। বাইতুল মাকদিসে রাসুলুল্লাহ (ﷺ) সেখানে সমাগত নবীগণের জামাতে ইমামত সহকারে আদায় করেন। মি'রাজে যাওয়ার পূর্বে জিব্রাইল (ﷺ) দুধ ও মদ সামনে নিয়ে আসলেন। রাসুলুল্লাহ (ﷺ) দুধকে বেঁছে নিলেন। তখন রাসুলুল্লাহকে () বলা হলো, "আপনি ফিতরাত বা স্বভাবকেই গ্রহণ করে নিয়েছেন। আপনি যদি শরাব গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।" . তারপর জিব্রাইল (আলাইহিসালাম) রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে আসমানের দিলে অগ্রসর হলেন। ১ম আসমানে যাওয়ার পরে দরজা খোলার জন্য আহবান করা হলো। কথোপকথনের পরে ফেরেশতা দরজা খোলে দেন। এখানেই রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ হয় আমাদের আদি পিতা আদমের (আলাইহিসালাম)। ২য় আসমানে যাওয়ার পর আবারও দরজা খোলার আহবান করা হয়। কথোপকথনের পরে দরজা খোলে দেয়া হয়। এখানে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ হয় ঈসা (আলাইহিসালাম) ও ইয়াহিয়ার (আলাইহিসসালাম)। ৩য় আসমানে আবারও কথোপকথনের মধ্যে দিয়ে দরজা খোলা হয়। এখানে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ হয় ইউসুফের (আলাইহিসালাম)। ৪র্থ আসমানেও একই ভাবে দরজার খোলা হয়। এখানে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ হয় ইদ্রিসের (আলাইহিসালাম)। ৫ম আসমানে প্রবেশ করার পরে রাসুলুল্লাহর (ﷺ) সাথে হারুনের (আলাইহিসালাম) সাক্ষাৎ হয়। ৬ষ্ঠ আসমানে রাসুলুল্লাহর (ﷺ) সাথে মূসার (আলাইহিসালাম) সাক্ষৎ হয়। রাসুলুল্লাহ () যখন ৭ম আসমানের দিকে অগ্রসর হবেন তখন মূসা (আলাইহিসালাম) ক্রন্দন করতে থাকেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে, "আমার পরে এমন এক যুবককে নাবী হিসেবে প্রেরণ করা হয়েছে। যার উম্মত আমার উম্মতের তুলনায় অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবেন।" ৭ম আসমানে যাওয়ার পরে রাসুলুল্লাহর (ﷺ) সাক্ষাৎ হয় মুসলিম জাতির পিতা ইব্রাহীমের (আলাইহিসালাম) সাথে। তিনি সেখানে বাইতুল মা'মুরে হেলান দিয়ে বসে ছিলেন। এখানে জাহান্নামের দরজার দায়িত্বরত ফিরিশতা মালিকের সাথে দেখা হয় রাসুলুল্লাহর (ﷺ)। তাকে রাসুলুল্লাহর (ﷺ) কাছে নিয়ে আসা হয়। তিনি রাসুলুল্লাহকে (ﷺ) দেখা মাত্রই সালাম পেশ করেন। রাসুলুল্লাহ (ﷺ) তাঁর মুখে হাসি না দেখে বেশ অবাক হলেন! এরপর রাসুলুল্লাহকে (ﷺ) জিব্রাইল (আলাইহিসালাম) উপরে নিয়ে গেলেন, যার নাম সিদরাতুলমুনতাহা। তথাকার কূল বৃক্ষের এক একটা ফল 'হাজার' অঞ্চলের কুল্লাহর ন্যায়। আর তার পত্র-পল্লবগুলো হাতির কানের মতন। অতঃপর সেই বৃক্ষকে স্বর্ণের প্রজাপতি, জ্যোতি ও বিভিন্ন বিচিত্র রঙ আচ্ছন্ন করে ফেললো। ফলে তা এমন রূপে পরিবর্তিত হলো যে, কোনো সৃষ্টির পক্ষে তার সৌন্দর্য বর্ণনা করা সম্ভব নয়। সেখানে রাসুলুল্লাহ (ﷺ) জিব্রাইলকে (আলাইহিসসালাম) তাঁর আসল রূপে দেখেন। এটা হলো দ্বিতীয়বার। মিরাজের সময়ই সূরাহ বাকারার শেষ ২ আয়াত নাযিল করা হয়। . সিদরাতুলমুনতাহা পর্যন্তই জিব্রাইল (আলাইহিসসালাম) যাতায়াত করতে পারেন, এর বেশি নয়। এবার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাসুলুল্লাহকে (ﷺ) উপরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার সময় তিনি কলমের লেখার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে ৫০ ওয়াক্ত সালাত নিয়ে ফিরলেন রাসুলুল্লাহ (ﷺ)। রাসুলুল্লাহ (ﷺ) ভ্রমণের সময় জান্নাত জাহান্নাম দেখে নিলেন। আল্লাহর সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে মূসার (আলাইহিসসালাম) সাথে আবারও দেখা হয়। তিনি জিজ্ঞেস করলেন যে, "আল্লাহ আপনার উম্মতের জন্য কী দিয়েছেন?" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "৫০ ওয়াক্ত সালাত।" মূসা (আলাইহিসসালাম) রাসুলুল্লাহকে (ﷺ) আল্লাহর নিকট গিয়ে তা কমানোর জন্য পরামর্শ দিলেন। রাসুলুল্লাহ (ﷺ) এবার জিব্রাইলের (আলাইহিসালাম) দিলে ফিরে তাকালেন। জিব্রাইলও (আলাইহিসসালাম) এতে সম্মতি দিলেন। তিনি ফিরে গিয়ে কমিয়ে নিয়ে আসলেন। আবারও যখন মূসার (আলাইহিসালাম) সাথে দেখা হয় তখন তিনি আবারও বললেন কমিয়ে নিয়ে আসার জন্য। এভাবে কমাতে কমাতে তা ৫ ওয়াক্তে এসে থামলো। আবারও মূসা (আলাইহিসসালাম) বললেন কমিয়ে নিয়ে আসার জন্য। এবার রাসুলুল্লাহ (ﷺ) বললেন৷, "এ ব্যাপারটি নিয়ে আল্লাহর কাছে পুনরায় যেতে আমি খুবই লজ্জাবোধ করছি।" তাৎক্ষণিক একটা আওয়াজ শোনা গেল যে, "আমি আমার বান্দাদের জন্য আপন ফরজ জারী করে দিলাম এবং বান্দাদের দায়িত্বভার কিছুটা হালকা করে দিলাম।" . ফেরার পথে রাসুলুল্লাহ (ﷺ) অনেক কিছু দেখেন এবং জিব্রাইলের (আলাইহিসসালাম) কাছে ব্যাখ্যা চান। প্রত্যেক ঘটনার ব্যাখ্যা তিনি রাসুলুল্লাহকে (ﷺ) দেন। . তিনি দেখলেন তাদের অবস্থা যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে। তিনি তাদের অবস্থা দেখলেন যারা দুনিয়াতে সুদ খেত। যারা গীবত করতো তাদের অবস্থাও দেখলেন। সাথে দেখলেন যারা ব্যভিচারী ছিল। দুনিয়াতে নেমে আসলেন আক্বসায়। সেখান থেকে বোরাকে চড়ে রওয়ানা দিলেন মক্কার উদ্দেশ্যে। . পথিমধ্যে তিনি ৩টা কাফেলার দেখা পেলেন। যারা ছিল মক্কাবাসীর ব্যবসায়ীদের কাফেলা। তাঁরা ব্যবসায় বাণিজ্য শেষ করে মক্কায় ফিরছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) মাসজিদুল হারামে এসে ঘুমিয়ে পড়লেন। . সকালে ঘুম থেকে উঠে তিনি বেশ চিন্তিত হলেন। ভাবলেন, কীভাবে আল ইসরার কথা মানুষদের জানাবেন। এদিকে খবিশ আবু জেহেল ক্বাবার পাশে আসলো। রাসুলুল্লাহকে (ﷺ) দেখে সে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে কী না। রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন যে, গতরাতে তিনি বাইতুল মাকদিসে গেছেন আবার ফিরেও এসেছেন।" আবু জেহেল থ হয়ে গেল। কী বলবে খুঁজে পাচ্ছিল না সে। সে বললো, "আচ্ছা আমি যদি সবাইকে ডেকে নিয়ে আসি তাহলে এই কথা বলবে তো?" রাসুলুল্লাহ () হ্যাঁসূচক জবাব দিলেন। আবু জেহেল সবাইকে ডাকা শুরু করলো, সবাই আসার পরে রাসুলুল্লাহ (ﷺ) ঘটনা খুলে বললেন। শুনে সবাই অবাক। তারা কী বলবে কিছু ভাবতে পারছিল না কারণ রাসুলুল্লাহ (ﷺ) কখনো মিথ্যা বলেন না, তা তারা ভালো করেই জানতো। . তাদের মধ্যে একজন বাইতুল মাকদিস ব্যাখ্যা করার জন্য বললো। তিনি তাঁর স্মৃতি থেকে যা মনে ছিল বলে যাচ্ছিলেন। একটা সময় তারা এতো প্রশ্ন করা শুরু করলো যে তিনি ঘাবড়ে গেলেন কারণ তিনি তো সব মুখস্থ করেনি। এরই মধ্যে আল্লাহ তাঁর চোখের সামনে বাইতুল মাকদিস দেখিয়ে দিলেন। তারা যা প্রশ্ন করছিল তিনি সেগুলোর উত্তর দিলেন। রাসুলুল্লাহর (ﷺ) ফেরার পথে দেখা কাফেলার কথা তারা হুবহু দেখেছিল কিন্তু বিশ্বাস না করে প্রত্যাখ্যান করে। . এরই মধ্যে কেউ একজন দৌঁড়ে গিয়ে আবু বকরকে (রাদ্বি আল্লাহু আনহু) খবর দিলো যে, রাসুলুল্লাহ (ﷺ) নাকি একরাতে বাইতুল মাকদিস ভ্রমণ করে এসেছেন।" জবাবে তিনি বললেন, "তিনি যদি বলে থাকেন তাহলে আমি তা বিশ্বাস করি।" তারপর বললেন, আমি তো এর চেয়েও বেশি কিছু বিশ্বাস করি যে, "তাঁর উপর আল্লাহর ওহি নাযিল হয়।" . কাফিররা এই ঘটনা বিশ্বাস করতে হিমশিম খেলেও মুসলিমরা সাথে সাথে তা বিশ্বাস করেছিল। কেনই বা করবে না, একজন মুসলিম মানেই তো বিশ্বাসী!