Chapter 19 of 50
আবাস্থলের খোঁজে
5 min read
প্রিয় চাচা ও প্রিয়তমা স্ত্রী খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) হারিয়ে রাসুলুল্লাহ দুনিয়াতে একা হয়ে পড়লেন। দুঃখ যেন রাসুলুল্লাহকে (ﷺ) গ্রাস করে নিয়েছে। মক্কায় তিনি তখন নিরাপত্তাহীন অবস্থায় বসবাস করছেন। প্রয়োজন নতুন এক আবাস্থলের! . নবুওয়তের ১০ম হিজরিতে রাসুলুল্লাহ (ﷺ) মক্কা থেকে বের হয়ে তায়িফে গেলেন ইসলাম প্রচারের জন্য। সঙ্গে নিলেন তাঁর প্রিয় একজন মানুষ, তাঁর মুক্ত করা দাস যাইদ ইবনে হারিসাকে (রাদ্বি আল্লাহু আনহু)। পথিমধ্যে রাসুলুল্লাহ (ﷺ) কবিলাহ গোত্রকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু তারা তা গ্রহণ করলো না। তারপর সেখান থেকে তাঁরা দুজন উপনীত হলেন তায়েফে। . তায়েফে প্রবেশ করার পরে রাসুলুল্লাহ (ﷺ) সাক্বিফ গোত্রের নেতাদের সাথে আলোচনা ও ইসলামের দাওয়াত দিবেন বলে সিন্ধান্ত নিলেন। কারণ তারা ছিল গোত্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদের গোত্রের লোকেদের ইসলাম গ্রহণ করতে একটু সময়ও লাগবে না। নেতাদের কথা মানতে বাকিরা বাধ্য। . সাক্বিফ গোত্রের ৩ জন নেতা ছিল, যারা সকলেই সহোদর ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাদের কাছে গিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন এবং ইসলামের প্রচারকার্যে তাঁকে সাহায্য করার ও বিরুদ্ধবাদীদের প্রতিরোধ করার জন্য তাদের সাহায্য চাইলেন। রাসুলুল্লাহর (ﷺ) কথা শুনে ১ম জন বললো, "আল্লাহ যদি তোমাকে রাসুল করে পাঠিয়ে থাকেন, তাহলে আমি ক্বাবার গিলাফ টুকরো টুকরো করে ফেলে দেব।" ২য় জন বললো, "আল্লাহ কি তোমাকে ব্যাতিত অন্য কাউকে পেলেন না রাসূলরূপে প্রেরণের জন্য?" ৩য় জন বললো, "আল্লাহর কসম! আমি তোমার সঙ্গে কোনো কথা বলব না। কারণ তুমি নিজ দাবী অনুযায়ী সত্যিই রাসূল হয়ে থাক, তবে তোমার কথা প্রত্যাখ্যান করা মহাবিপজ্জনক। পক্ষান্তরে তুমি যদি আল্লাহর উপর মিথ্যা আরোপ করো, তবে তোমার সাথে আমার কথা বলা উচিত নয়।" সাক্বিফ গোত্রের ৩ নেতাদের এমন ব্যাঙ্গাত্মক জবাব শুনে রাসুলুল্লাহ (ﷺ) মনঃক্ষুণ্ন হলেন। তিনি বুঝলেন যে তারা তাঁর দাওয়াত গ্রহণ করবে না। এদিকে তিনি মক্কা থেকেও লুকিয়ে বের হয়ে এসেছেন। মক্কা থেকে বের হওয়া মানে তিনি আর কারো নিরাপত্তার ভেতরে নেই। এখন যদি কুরাইশরা এই ব্যাপারে জানতে পারে তাহলে তারা আরও ঝামেলা করবে। তাই তিনি সাক্বিফ গোত্রের নেতাদেরকে বললেন, "আমাদের এই ব্যাপারটি গোপন রাখবে।" . রাসুলুল্লাহ (ﷺ) আরও কিছুদিন তায়েফে অবস্থান ছিলেন এই আশায় যে, যদি সাধারণ কিছু মানুষ তাঁর দাওয়াত গ্রহণ করে। সাধারণ মানুষের মধ্যে কিছু সংখ্যক মুসলিম হয়ে যাওয়ায় নেতারা ঘাবড়ে গেল। তারা এবার রাসুলুল্লাহর (ﷺ) বিরুদ্ধে প্রত্যক্ষভাবে মাঠে নেমে পড়লো। নেতারা তাদের নির্বোধ ও দাস শ্রেণির লোকদের রাসুলুল্লাহর () পিছনে লেলিয়ে দিল অপমানিত ও কষ্ট প্রদানের জন্য। এইসব লোকেরা অশ্রাব্য অশ্লীল কথাবার্তা বলে গালমন্দ করতে থাকলো। পাথর নিয়ে নিক্ষেপ করতে লাগলো। এতে রাসুলুল্লাহ (ﷺ) আঘাত পেয়ে আহত হলেন। রাসুলুল্লাহকে (ﷺ) বাঁচাতে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) নিজেকে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেলেন। এতে তিনি নিজেও বেশী আহত হলেন। দু'জনের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছিল। . রক্তাক্ত অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে পালিয়ে এসে রাসুলুল্লাহ (ﷺ) ও যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) আশ্রয় নিলেন এক আঙ্গুর বাগানে। বাগানে তখন উপস্থিত ছিল উতবা ইবনে রাবিআ ও শায়বা ইবনে রাবিআ, তারা সচক্ষে এই ঘটনা দেখে। . আঙ্গুর গাছের ছায়ায় বসে রাসুলুল্লাহ (ﷺ) হাতে তুলে দু'আ করলেন এই বলে যে, "হে আল্লাহ! আমার অক্ষমতা ও সহায়-সম্বলহীনতা এবং মানুষের কাছে আমার নগণ্যতার জন্য আমি আপনারই কাছে ফরিয়াদ করছি। হে পরম দয়াময়! আপনি দুর্বলদের প্রতিপালক। আপনি আমার রব। আপনি আমাকে কার হাতে সোপর্দ করেছে? আমার প্রতি যে নিষ্ঠুর আচরণ করে, সেই অনাত্মীয়ের হাতে? নাকি সেই শত্রুর হাতে যাকে আমার উপর কর্তৃত্ব দান করেছেন? আমার প্রতি যদি আপনার অসন্তুষ্টি না থাকে, তবে আমি কোন কিছুর পরওয়া করি না। আপনার প্রদত্ত নিরাপত্তাই আমার শ্রেষ্ঠ অবলম্বন। আমার প্রতি আপনার ক্রোধ কিংবা আপনার অসন্তুষ্টি বর্ষণ হতে আমি আপনার নূরের আশ্রয় চাই, যা দ্বারা সকল অন্ধকার তিরোহিত হয়ে যায় এবং দুনিয়া ও আখিরাতের সমস্যাসমূহের সুরাহা হয়। সব কিছুর শেষ পরিণাম আপনি ছাড়া আর কারো ক্ষতি প্রতিহত করার এবং উপকার করার ক্ষমতা নেই।" . দূর থেকে রাবিআ'র দুই পুত্র রাসুলুল্লাহর (ﷺ) এই অবস্থা দেখে হৃদয় বিগলিত হয়। তারা রাসুলুল্লাহর (ﷺ) জন্য তাদের খৃষ্টান দাস "আদ্দাস"কে দিয়ে কিছু আঙ্গুর পাঠিয়ে দিলো। আদ্দাস সেগুলো রাসুলুল্লাহর (ﷺ) কাছে পৌঁছে দিল। রাসুলুল্লাহ (ﷺ) আঙ্গুর খাওয়ার পূর্ব উচ্চারণ করলেন "বিসমিল্লাহ।" আদ্দাস এই শব্দ শুনে চমকে উঠলো। সে বললো, "এমন কথা এই অঞ্চলের মানুষের মুখে কখনো শুনিনি।" রাসুলুল্লাহ (ﷺ) তাকে তার বাড়ি কোথায় এবং কোনো ধর্মের অনুসারী সম্পর্কে জিজ্ঞেস করলেন। জবাবে আদ্দাস বললো, "আমি খৃষ্টান। এবং আমি নীনাওয়ার অধিবাসী।" রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তুমি তাহলে নেককার ইউনুস ইবনে মাত্তার এলাকার মানুষ?" আদ্দাস আবারও চমকে গিয়ে বললো, "আপনি ইউনুস ইবনে মাত্তাকে কীভাবে চিনলেন?" তখন রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তিনি তো আমার ভাই। তিনি একজন নবী ছিলেন। আমিও একজন নবী।" এ কথা শুনা মাত্রই আদ্দাস রাসুলুল্লাহর (ﷺ) দিকে ঝুঁকে পড়ল এবং তাঁর মাথা ও হাত-পায়ে চুমু দিল। . দূর থেকে রাবিআ পুত্র এই দৃশ্য দেখে নিজেদের ভেতরে আফসোস করতে করতে বললো, "দাসটাও তাহলে গেল।" আদ্দাস ফিরে আসার পর তারা তাকে ঐ ব্যপারে জিজ্ঞেস করে। এতে আদ্দাস জবাব দেয় যে, "হে আমার মনিব! এ ভূ-পৃষ্ঠে তাঁর চেয়ে উত্তম মানুষ আর কেউই নেই। তিনি আমাকে এমন এক কথা বলেছেন যে নবী ছাড়া কেউই জানে না।" আদ্দাসের কথা শোনার পরে রাবিআর দুই পুত্র তাকে বললো যে, "দেখ আদ্দাস! ঐ ব্যক্তি যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফিরিয়ে না দেয়। কারণ তোমার ধর্ম তাঁর ধর্ম থেকে উত্তম।" . বাগান থেকে বিশ্রাম নিয়ে রাসুলুল্লাহ (ﷺ) ও যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) পথ দিলেন মক্কার দিকে। পথে 'কারনে মানাযেল' নাম স্থানে থামলেন। সেখানে আল্লাহর হুকুমে জিব্রাইল (আলাইহিসসালাম) আসলেন। তাঁর সঙ্গে ছিলেন পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতারা। জিব্রাইল (আলাইহিসসালাম) রাসুলুল্লাহকে (ﷺ) জানিয়ে দিলেন যে, "আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং আপনার প্রতি যা আচরণ করেছে আল্লাহ সবকিছু শুনেছেন এবং দেখেছেন। এখন তিনি পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাগণকে আপনার খেদমতে প্রেরণ করেছেন। আপনি তাঁদেরকে যা ইচ্ছে নির্দেশ প্রদান করুন।" এরপর পর্বতের ফেরেশতা রাসুলুল্লাহকে (ﷺ) সালাম দিয়ে বললেন, "হে মুহাম্মদ (ﷺ)! কথা একটাই, আপনি যদি চান সে একেদেরকে আমি দু'পাহাড় একত্রিত করে পিষে মারি, তাহলে তাইই হবে।" রাসুলুল্লাহ (ﷺ) তারপর বললেন, "না, বরং আমার আশা, মহান আল্লাহ এদের পৃষ্ঠদেশ হতে এমন বংশধর সৃষ্টি করবেন যারা একমাত্র তাঁর ইবাদত করবে এবং অন্য কাউকেও তাঁর অংশীদার ভাববে না।" . মক্কার বাহিরে "ওয়াদী নাখলা" নাম স্থানে রাসুলুল্লাহ (ﷺ) ও যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) অবস্থান নেন। রক্ত এখনো শরীরে লেগে আছে, সাক্বিফের নেতাদের ব্যাঙ্গাত্মক জবাব এখনো মস্তিষ্কের ভেতরে ঘুরপাক খাচ্ছে, প্রচন্ড ব্যথা শরীরে, এর মধ্যেও রাসুলুল্লাহ (ﷺ) রাতের শীতল মরুভূমিতে তাহাজ্জুদের সালাত আদায় করতে দাঁড়িয়ে গেলেন। সুরেলা কণ্ঠে তিলাওয়াত করছিলেন পবিত্র কোরআন। পাশ দিয়ে যাচ্ছিলো অদৃশ্য জগতের বাসিন্দা জ্বিনেরা। হটাৎ তাঁরা থমকে দাঁড়ালো। কী শুনল এটা! সবাই মন দিয়ে তিলাওয়াত শুনছিল। তারপর তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং দাঈ হিসেবে নিজেদের জগতে গিয়ে ইসলাম ধর্ম প্রচারে নেমে পড়ে। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মক্কার বাহিরে অবস্থান করছেন কারণ মক্কায় প্রবেশ করতে হলে তাঁর নিরাপত্তার প্রয়োজন। কিন্তু কার কাছে আবেদন করবেন, ভাবছেন তিনি...!