Chapter 32 of 50
ধোঁকা ও বনু নাযীরকে উৎখাত
7 min read
মদিনায় মুসলিমদের বেশ শক্ত অবস্থান হয়েছে তা আরবের সবদিকে ছড়িয়ে পড়ে। . উহুদ যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ঘটে যায় আরও দু'টি মর্মান্তিক ঘটনা। . উহুদ যুদ্ধের বেশ কিছুদিন পরে বনু আযল ও কারাহ গোত্রের কিছু লোক মদিনায় আসে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ করতে। রাসুলুল্লাহর (ﷺ) সাথে দেখা করার সময় তারা বললো যে, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ)! আমাদের গোত্রে ইসলাম বিস্তার লাভ করেছে। কাজেই আপনার সাহাবীদের থেকে কিছু লোক আমাদের সাথে পাঠিয়ে দিন। তারা আমাদেরকে দ্বীনের বিধি-বিধান শিক্ষা দেবেন। আমাদেরকে কুরআন পড়াবেন এবং ইসলামের অন্যান্য বিষয়াদি নিয়া শিক্ষাদান করবেন।" তাদের এমন উৎসাহ দেখে রাসুলুল্লাহ (ﷺ) তাদের সাথে মুসলিমদের মধ্য থেকে ৬ জনকে পাঠিয়ে দেন। . গোত্রের এলাকায় যাওয়ার সময় পথিমধ্যে একটি জলাশয় পাওয়া যায় যার নাম "রাজী"। সেই জলাশয়ের কাছে পৌঁছালে তারা মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করে। মুহুর্তের মধ্যে তারা সাহাবিদের ঘিরে ফেলে তরবারি বের করলো। সাহাবিরা যুদ্ধের জন্য সওয়ার থেকে নামার সময়ও পাননি। ধোঁকা দেয়া গোত্রের লোকেরা বললো, "আল্লাহর কসম! আমরা তোমাদের৷ হত্যা করতে চাই না। আসলে আমরা তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের থেকে কিছু অর্থ আদায় করতে চাই। আমরা আল্লাহর নামে প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদেরকে হত্যা করবো না।" তাদের কথা না মেনে ৩ জন সাহাবী জবাব দিলেন, "আল্লাহর কসম! আমরা কোনো মুশরিকের অঙ্গীকার ও প্রতিশ্রুতি কখনো গ্রহণ করবো না।" তারা কাফিরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যান এবং একে একে শহীদ হয়ে যান। এই সাহাবীদের মধ্য একজনের নাম আসিম (রাদ্বি আল্লাহু আনহু)। শত্রুরা তাকে হত্যা করার পরে মনে পড়লো তার মাথা এক লোকের কাছে বিক্রি করে অনেক টাকা আয় করবে যে কিনা আসিমের (রাদ্বি আল্লাহু আনহু) মাথা দ্বারা মদ পান করার মানত করেছিল। বাকি ৩ জন সাহাবী যথা যাইদ ইবনে দাসিনা (রাদ্বি আল্লাহু আনহু),খুবাইব (রাদ্বি আল্লাহু আনহু) ও আব্দুল্লাহ ইবনে তারিক (রাদ্বি আল্লাহু আনহু) শত্রুদের কাছে আত্মসমর্পণ করলেন। তারা তাদেরকে বেঁধে রেখে দেয়। . সন্ধ্যার দিকে তারা যখন আসিমের (রাদ্বি আল্লাহু আনহু) মাথা কাটতে যাওয়ার জন্য প্রস্তুত হলো ঠিক তখনই কোথা থেকে পানি এসে তার দেহ ভাসিয়ে নিয়ে গেল এবং আর খুঁজে পাওয়া গেলো না। . এদিকে বাকিদের নিয়ে মক্কার দিকে রওয়ানা হওয়ার পরে "জাহরান" নামক স্থানে তারিক (রাদ্বি আল্লাহু আনহু) রশি থেকে মুক্ত করে তরবারি দ্বারা শত্রুদের সাথে লড়তে যেতে চাইলেন কিন্তু শত্রুরা সামনে না এসে তারা তার দিকে দূর থেকে পাথর নিক্ষেপ করে শহীদ করে ফেলে। বাকি দু'জনকে নিয়ে তারা মক্কায় পৌঁঁছাতে সক্ষম হয়। মক্কায় যাওয়ার পর তাদেরকে বিক্রি করে দেয়া হয় কুরাইশদের কাছে। . খুবাইবকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করার পূর্বে মক্কার কাফিররা পার্টির আয়োজন করে। এরপর খুবাইবকে (রাদ্বি আল্লাহু আনহু) তারা হত্যা করার স্থানে নিয়ে যায়। শূলীতে উঠানোর আগে খুবাইব (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে বলেন তিনি দু'রাকাত নামায আদায় করতে চান। তারা তাকে সেই সুযোগ দেয়। তারপর তিনি তার জীবনের শেষ নামায আদায় করেন। নামায শেষে সবার উদ্দেশ্যে বলেন যে, "আল্লাহর কসম! যদি আশঙ্কা না করতাম যে, তোমরা বলাবলি করবে, আমি যা কিছু করেছি ভয়ের কারণে করেছি, তবে নামায আরও দীর্ঘায়িত করতাম।" তারপর খুবাইব (রাদ্বি আল্লাহু আনহু) আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন যে, "হে আল্লাহ! ওদেরকে গুণে নিন। এরপর ওদেরকে ছড়িয়ে ছিটিয়ে মারুন এবং ওদের একজনকেও ছাড়বেন না।" . খুবাইবের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শোনার পর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা মক্কার অপ্রতিদ্বন্দ্বী নেতা আবু সুফিয়ান (রাদ্বি আল্লাহু আনহু) জিজ্ঞেস করলেন, "তুমি কি চাও যে, তোমার পরিবর্তে আমরা মোহাম্মদকে (ﷺ) ধরে নিয়ে আসি, তার শিরশ্ছেদ করি এবং তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও?" খুবাইব (রাদ্বি আল্লাহু আনহু) দৃঢ়তার সাথে জবাব দিলেন যে, "ওয়াল্লাহি! পরিবারের কাছে থাকার বিনিময়ে রাসুলুল্লাহর (ﷺ) পায়ে একটা কাঁটা বিঁধবে এবং তিনি যেখানে আছেন সেখানে বসেও সেই কাঁটা বিদ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করবেন, এটাও আমার পছন্দ নয়।" এরপরেই কাফিররা তার উপর আক্রমণ চালালো এবং তাকে শহীদ করে ফেললো। রাসুলুল্লাহ (ﷺ) তার মৃত্যুতে অনেক ব্যথিত হলেন। তিনি একজন সাহাবীকে পাঠয়ে তার লাশ মদিনায় ফিরিয়ে নিয়ে আনার ব্যবস্থা করলেন। অন্যদিকে যাইদ ইবনে দাসিনাকেও (রাদ্বি আল্লাহু আনহু) কাফিররা শহীদ করে। . এরপর বেশ কিছু মাস কেটে যায়। একদিন আবু বারা মালিক ইবনে জাফর মদিনায় এসে রাসুলুল্লাহর (ﷺ) সাথে সাক্ষাৎ করে। রাসুলুল্লাহ (ﷺ) তাকে ইসলাম সম্পর্কে জানান এবং মুসলিম হওয়ার দাওয়াত দেন। লোকটি ইসলাম কবুল করলো না আবার রিজেক্টও করলো না। সে বললো, "হে মুহাম্মদ (ﷺ)! আপনি যদি আপনার কিছু সংখ্যক সাহাবীকে নাজদবাসীর কাছে পাঠান এবং তারা তাদেরকে আপনার দ্বীনের প্রতি আহবান করে, তাহলে আশা করি তারা আপনার আহবানে সাড়া দিবে।" রাসুলুল্লাহ (ﷺ) এবার বললেন যে, তিনি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত! আবু বারা বললো, "আমি তাদের নিরাপত্তার দায়িত্ব নিলাম।" . রাসুলুল্লাহ (ﷺ) তখন ৭০ জন শীর্ষস্থানীয় নামকরা সাহাবীকে মুনযির ইবনে আমরের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে পাঠিয়ে দিলেন। পথ চলতে চলতে তারা সকলে "বি'রে মাউনা" নামক জলাশয়ের কাছে পৌঁছালেন। এই কুয়াটি ছিল বনূ আমীরের আবাসভূমি ও বনূ সুলায়মের এলাকার মাঝামাঝি। . এদিকে সাহাবীরা সেখানে থাকাকালীন হারাম ইবনে মিলহানকে (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (ﷺ) পত্র দিয়ে আমির ইবনে তুফাইলের কাছে প্রেরণ করলেন। দূতের নিয়ে যাওয়া চিঠি পুরোপুরি না পড়েই দূতকে হত্যা করে বসে এবং বি'রে মাউনাতে থাকা বাকি সাহাবিদেরকেও হত্যা করার জন্য উঠেপড়ে লাগে। . প্রথমে যে সাহায্য চায় বনূ আমিরের কাছে কিন্তু তারা সাড়া দিলো না আবু বারার নিরাপত্তা দেয়ার কারণে। তারপর সে বনু সুলায়মের একটি উপশাখার সাহায্য চাইলো তারা আবার তাকে সাহায্য করলো। . দলবদ্ধ হয়ে তারা সেখানে গিয়ে সাহাবিদেরকে ঘিরে ফেললো। সাহাবীরা তাদের সাথে প্রাণপণে লড়ে যান এবং একে একে শহীদ হয়ে যান। বেঁচে যান কা'ব ইবনে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু)। . এদিকে দল থেকে দু'জন সাহাবী দরকারে অন্য জায়গায় অবস্থান করছিলেন। ফেরার সময় দেখেন মুসলিমদের উপর আক্রমণ করা হয়েছে। একজন সাহাবী কাফিরদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যান। আরেকজনকে তুফায়েল ধরার পর যখন জানতে পারে তিনি মুদার গোত্রের লোক। তখন তাকে ছেড়ে দেয়া হয়। . ছাড়া পেয়ে ইবনে উমাইয়্যা (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে মদিনার দিকে দ্রুতগতিতে ছুটে গেলেন। পথে দেখা বনু আমীর গোত্রের দুই লোকের সাথে। এই দুই লোক রাসুলুল্লাহর (ﷺ) থেকে নিরাপত্তাপ্রাপ্ত ছিল তা আবার ইবনে উমাইয়্যাহর (ﷺ) জানা ছিল না। তারা সবাই রেস্ট নিলেন। সুযোগ বুঝে ইবনে উমাইয়্যা (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে হত্যা করে সাহাবীদের হত্যার প্রতিশোধ নিলেন। . ফিরে এসে মদিনায় তিনি সবকিছু রাসুলুল্লাহকে (ﷺ) জানালেন। রাসুলুল্লাহ (ﷺ) সেই লোকদের রক্তপণ দেয়ার কথা বললেন। ৭০ জন সাহাবীর মৃত্যুতে রাসুলুল্লাহর (ﷺ) উপর বিষন্নতা নেমে এসেছিলো। তাদের বেশিরভাগ ছিলেন আহলুস সুফফাহর লোকজন। অনেক কষ্ট করেছিলেন তারা দ্বীনের জন্য। তারা ছিলেন শ্রেষ্ঠদের অন্যতম। রাসুলুল্লাহ (ﷺ) এরপর টানা একমাস যাবত তাদের উপর বদদোয়া করেছিলেন। . ইবনে উমাইয়্যাহ (রাদ্বি আল্লাহু আনহু) যে দুই লোককে হত্যা করেছিলেন সেগুলোর রক্তপণ আদায়ের জন্য রাসুলুল্লাহ (ﷺ) আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু), উমার (রাদ্বি আল্লাহু আনহু) ও আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে ইয়াহূদী গোত্র বনু নাযীরের কাছে সহযোগিতা চাওয়ার জন্য গেলেন। রাসুলুল্লাহ (ﷺ) তাদের কাছে সহযোগিতা চাইলে তারা বলে যে, "হে আবুল কাসিম! হ্যাঁ, আপনি যেহেতু বিভিন্ন ব্যপারে আমাদের সাহায্য করেছেন, সেহেতু এ ব্যাপারে আমরা আপনার সহযোগিতা করবো।" . এরপরে তারা ভেতরে গেলো। তারপর প্ল্যান করলো রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করার জন্য। রাসুলুল্লাহ (ﷺ) তাদের ঘরের দেয়ালের পাশে উপবিষ্ট ছিলেন। তারা চিন্তা করলো উপর থেকে পাথর নিক্ষেপ করে রাসুলুল্লাহকে (ﷺ) হত্যা করবে। সাহাবীরা খেয়াল করলেন রাসুলুল্লাহ (ﷺ) বসা থেকে উঠে চলে গেলেন। তারা ভাবলেন হয়তো ফিরে আসবেন কিন্তু না তিনি এলেন না। রাসুলুল্লাহ (ﷺ) মদিনার পথে রওয়ানা দিয়ে ঘরে চলে যান। এদিকে সাহাবীরা খোঁজ নিচ্ছিলেন। যখন একজন বললো তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছে। সবাই সেদিকে ছুটে গেলেন। . সাহাবীরা যখন কারণ জানতে চাইলেন তখন রাসুলুল্লাহ (ﷺ) তাদেরকে সবকিছু খুলে বললেন এবং বনূ নাযিরের উপর আক্রমণের জন্য তৈরি হতে বললেন কারণ তারা চুক্তিভঙ্গ করেছে এবং রাসুলুল্লাহকে (ﷺ) হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। . এদিকে খবর দাবানলের মতন ছড়িয়ে পড়লো সর্বত্র। মুনাফিকরা বনু নাযীর গোত্রের কাছে গিয়ে আশ্বাস দিচ্ছিল এমন কিছু হবে না। এতে তারা কিছুটা আশা পায়। . এদিকে রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের নিয়ে এসে তাদের এলেকা ঘেরাও করে ফেললেন। ইয়াহূদিরা নিজ গৃহে আশ্রয় নিলো। তাদেরকে আত্মসমর্পণের জন্য বললেও তারা করছিল না। তারা এভাবে কথায় না আসায় রাসুলুল্লাহ (ﷺ) তাদের অন্তরে আঘাত করার জন্য সিধান্ত নিলেন। তিনি নির্দেশ দিলেন ইয়াহূদিদের খেজুর বাগান কেটে ফেলতে এবং তা জ্বালিয়ে দিতে। সাহাবিরা আদেশ পালন করলেন। যেই তারা দেখলো তাদের বাগানের এমন অবস্থা করা হচ্ছে তখন তারা আত্মসমর্পণ করার জন্য কিছুটা প্রস্তুত হলো। কিন্তু তারা মুনাফিকদের সাহায্যের অপেক্ষা করছিল। কারণ মুনাফিকরা তাদের কাছে এসে বলেছিল, "আমরা কিছুতেই তোমাদের পরিহার করবো না। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হলে আমরা তোমাদের সক্রিয় সহযোগিতা করবো। তোমাদের বহিষ্কার করা হলে আমরাও তোমাদের সাথে বের হয়ে যাবো।" এই আশায় তারা অনেকদিন বসে রইলো কিন্তু সাহায্য তো আর আসে না। তখন তারা বাধ্য হয়ে রাসুলুল্লাহর (ﷺ) কাছে অনুরোধ জানালো যে, "তাদেরকে যেন বিনা রক্তপাতে বহিষ্কার করা হয়।" রাসুলুল্লাহ (ﷺ) তাদের এই শর্ত মেনে নিতে রাজি হলেন তবে পালটা শর্ত জুড়ে দেন যে, "তারা তাদের অস্ত্র-শস্ত্র মুসলিমদের হাতে সমর্পণ করে কেবল সেই পরিমাণ অস্থাবর সম্পত্তি সাথে নিয়ে যাবেন, যা তাদের উট বহন করতে পারে।" তারা এই শর্তে রাজি হয়। এরপরে ঘরের সবকিছু নিয়ে চলে যায় তারা। যাওয়ার সময় অনেকে ঘরের দরজাও নিয়ে যায় আর ভেতরে থাকা সবকিছু ভেঙ্গে ফেলে যায়। তাদের মধ্যে অনেকে খাইবারে নতুন করে বসতি গড়ে আবার অনেকে শামে চলে আসে। . বনু নাযীরের ফেলে যাওয়া সবকিছু মুসলিমদের অধিনে চলে আসে৷ রাসুলুল্লাহ (ﷺ) সেগুলো শুধুমাত্র মুহাজিরদের মধ্যে বণ্টন করে দেন। দু'জন গরীব আনসারীকেও তিনি সেখান থেকে বণ্টন করে দেন। . বনু নাযীর গোত্রের দু'জন ইয়াহূদী তখন মুসলিম হোন। তারা তাদের বাসস্থানেই থেকে যান।