Chapter 6 of 50
শৈশব-কৈশোর
7 min read
সন্তান ভূমিষ্ট হওয়ার পরেই খবর পাঠানো হলো আব্দুল মুত্তালিবকে। অন্যতম প্রিয় সন্তান আব্দুল্লাহর ছেলে সন্তান হয়েছে শুনে খুশিতে তার চোখ থেকে অশ্রুপাত ঘটে গেল। পরম আনন্দে ছুটে আসেন নাতির কাছে। কোলে করে তাকে নিয়ে প্রবেশ করেন মক্কায় এবং আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করেন। এমন আনন্দের মুহূর্তে তিনি তার নাম কী রাখবেন তা সিদ্ধান্ত করে ফেলেন। হ্যাঁ, তার নাম হবে 'মুহাম্মাদ।' . আব্দুল মুত্তালিব নাতিকে তাঁর মায়ের কাছে হস্তান্তর করে তাঁর কাজে চলে যান। এদিকে আবু লাহাবের দাসী রাসুলুল্লাহর (ﷺ) জন্ম হয়েছে সংবাদটি দৌঁড়ে গিয়ে তাকে বললো, আবু লাহাব এই খবর শোনা মাত্রই অনেক খুশী হলো। সাথে সাথে সে, সেই দাসীকে মুক্ত করে দেয়। রাসুলুল্লাহ (ﷺ) তার মায়ের কাছেই ছিলেন বহুদিন। মা আমীনার কোলে যেন দোলে পূর্ণিমার চাঁদ! হাত-পা নাড়ানো যেন সূর্যের কিরণ ছড়ানোর ইশারা করে! . প্রচলিত প্রথা ছিল, শহরে জন্ম নেয়া সন্তানকে সেই পরিবেশের আধি-ব্যাধির কুপ্রভাব থেকে দূরে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন-পালন করার মাধ্যমে তারা যাতে ভালোভাবে বেড়ে উঠে এবং বিশুদ্ধ আরবী ভাষা শিখতে সক্ষম হয় তদুদ্দেশ্যে দুগ্ধ পানের জন্য বেদুঈন পরিবারের ধাত্রীগণের হাতে সমর্পণ করা। . এদিকে বনু সা'দ গোত্রের মহিলাদের সাথে মক্কার অভিমুখে রওয়ানা হালিমা, তার স্বামী ও তার দুগ্ধপোষ্য ছেলেকে নিয়ে। উদ্দেশ্য দুধ-শিশুর সন্ধানে। হালিমার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল, কোন রকম তারা জীবন-যাপন করছিলেন, বলা যায় মানবেতর জীবন-যাপন। বয়ষ্ক উষ্ট্রীও দুধ দেয়া বন্ধ করে দিলো, ক্ষুদার্থ অবস্থায় তাদের খুব খারাপ সময় যাচ্ছিল। রাস্তায় তিনি তাদের সঙ্গীদের থেকে পিছিয়ে পড়লেন। . মক্কায় যাওয়ার পর বনু সা'দ গোত্রের সবাইকে রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিলে তারা কেউ নিতে রাজি হয়নি। তারা ভাবলো এই সন্তান এতিম, তার কোন বাবা নেই, মা আর তাদেরকে এমন কী পারিশ্রমিক দিবেন! তাই তারা তাকে নিতে রাজি হলো না। অন্যদিকে মহিলারা সবাই কোন না কোন সন্তান সংগ্রহ করে নিলো শুধু হালিমা ছাড়া। . হালিমা খুবই ব্যথিত হলেন যে তিনি কোন সন্তান সংগ্রহ করতে পারেন নি বলে। ভারাক্রান্ত মন নিয়ে তিনি স্বামীকে বললেন, যে ছেলেকে কেউ নিতে চায়নি তাকে নিয়ে নিবেন কারণ তার এভাবে শূন্য হাতে ফিরে যেতে ইচ্ছে করছে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তাকে নিয়েই তার বাড়িতে ফিরবেন। হালিমা হয়তো কল্পনাও করেননি তার পারিবারিক জীবন কী বরকতময় হিতে চলেছে। . স্বামীর কাছে এমন কথা ব্যক্ত করার পর স্বামী তার কথায় রাজি হলেন এবং বললেন, হতে পারে আল্লাহ তার মধ্যেই আমাদের কল্যাণ রেখেছেন। হালিমা পরের দিন ছুটে গেলেন আমীনাহর কাছে এবং রাসুলুল্লাহকে (ﷺ) নেয়ার জন্য ব্যক্ত করলেন। আমীনাহ রাজি হয়ে তার কাছে ছেলেকে হস্তান্তর করার জন্য রাজি হলেন। . হালিমা যখন রাসুলুল্লাহকে (ﷺ) কোলে নিলেন তখন তার বক্ষ দুগ্ধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। রাসুলুল্লাহ ও তার দুধ ভাই পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। হালিমা দেখলেন যে এমন কোনদিন হয়নি তার আপন ছেলে পূর্ণ তৃপ্ত হয়ে দুগ্ধ পান করেছে কিন্তু এখন হটাৎ কী হলো! অন্যদিকে হালিমার স্বামী উট দোহন করতে গিয়ে দেখেন তার ওলান পরিপূর্ণ হয়ে গেছে। এতো পরিমান দুধ পেলেন যে তারা পূর্ণ তৃপ্ত হয়ে তা পান করলেন এবং আরামের ঘুমের সহিত রাত কাটিয়ে দিলেন। হালিমার স্বামী বললেন, তুমি এক কল্যাণময়ী সন্তান এনেছো। জবাবে হালিমা বললেন, তারও তা মনে হচ্ছে! . পরেরদিন সকলে রওয়া দিলেন যার যার ঘরে যাওয়ার জন্য। হালিমাও রাসুলুল্লাহ (ﷺ) ও তার সন্তানকে কোলে নিয়ে গাধার উপর বসে রওয়ানা দিলেন বাড়ির দিকে। মজার ব্যপার হলো যেই গাধা সবার পেছনে এসেছিল মক্কায় সেই গাধা এতো দ্রুতগামী হলো যে সবাইকে পেছনে ফেলে দ্রুত গতিতে এগিয়ে যেতে লাগলো এবং অন্যরা হা করে সেই দৃশ্য শুধু দেখেই গেলো। . পরিবার নিয়ে হালিমা তার বাড়িতে চলে আসলেন। রাসুলুল্লাহ (ﷺ) তার কাছেই বড় হতে লাগলেন। এদিকে হালিমার অঞ্চল ছিল অভাবগ্রস্থ অঞ্চল। তাদের মেষগুলো ঠিক মতন খাবার পেত না এবং দুধও দিতো না কিন্তু মক্কা থেকে রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে আসার পর থেকে তাদের পশুপাল গুলো খেয়ে দেয়ে পরিতৃপ্ত হয়ে পরিপূর্ণ ওলান সহকারে বাড়ি ফিরে আসতো যা দেখে হালিমার সাথে সাথে অবাক হলো বাদ বাকী মানুষেরাও। এই অবস্থা দেখে তারাও হালিমার পশুপালের ঐখানে তাদের পশুগুলো ছেড়ে দিতেন কিন্তু 'যেই লাউ সেই কদু' তাদের পশুপালের কোন পরিবর্তনই আসতো না কিন্তু হালিমারগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম হতো। এভাবে তারা দুধ দহন করে দিন পার করতেন। এভাবে আল্লাহ তাদেরকে বিভিন্নভাবে বরকত দান করেন। . প্রায় ২ বছর অতিক্রম করার পর হালিমা রাসুলুল্লাহকে (ﷺ) দুধ খওয়ানো বন্ধ করে দিলেন। রাসুলুল্লাহ আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন। হালিমা লক্ষ্য করলেন এই ছেলে অন্যদের মতন নয়, অনেক ভিন্ন! হালিমা তাকে নিয়ে মক্কায় ফিরে গেলেন তার মা আমীনাহর কাছে। তিনি আগেভাগে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে রাসুলুল্লাহকে (ﷺ) কোনভাবেই দেয়া যাবে না কারণ তিনি যে নিয়ামত পেয়েছেন তা থেকে তিনি বঞ্চিত হতে চান না কোনভাবেই। তিনি আমীনাহকে খুব জোর করতে লাগলেন যে, রাসুলুল্লাহকে (ﷺ) যেন আরও কিছু সময় তাদের সাথে থাকতে দেয়া হয়। হালিমার বারবার অনুরোধ ও পীড়াপীড়িতে আমীনাহ রাজি হয়ে গেলেন এবং রাসুলুল্লাহ (ﷺ) তাদের সাথে আরও কিছু সময় থেকে গেলেন। . রাসুলুল্লাহ (ﷺ) তার দুধ ভাইয়ের সাথে মেষ চড়ানোর জন্য যেতেন, মাঝেমধ্যে খেলাধুলাও করতেন অনেক ছেলেদের সাথে। তো একদিন তারা মেষ চড়াতে গিয়ে কিছু ছেলেদের সাথে মিলেমিশে খেলাধুলা করছিলেন। এমন সময় সাদা কাপড়ে আবৃত দু'জন লোক এসে রাসুলুল্লাহকে ধরে একটু দূরে নিয়ে গেলেন। একটু দূরে নেয়ার পর তাকে চিৎ করে শুইয়ে দিলেন। রাসুলুল্লাহর ছোট থেকে অনেক সাহস ছিল তিনি একটুও চিৎকার করেননি বা ভয় পাননি। চিৎ করে শুইয়ে দেয়ার পর একজন তার বক্ষ বিদীর্ণ করে হৃৎপিণ্ডটা বের করে আনলেন। বের করে আনার পর সেটার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে নিলেন এবং বললেন 'এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল।' এটা ফেলে দেয়ার পর সেই হৃৎপিণ্ডটি একটি স্বর্ণের তস্তরিতে রেখে যমযম কূপের পানি দ্বারা ধুয়ে তা আবার যথাস্থানে প্রতিস্থাপন করে বক্ষ জোড়া লাগিয়ে দিলেন। এদিকে হালিমার কাছে দৌঁড়ে গিয়ে এতক্ষণে খবর দিলেন তার দুধভাই। খবর পেয়ে পেরেশান হয়ে গেলেন হালিমা ও তার স্বামী। দৌঁড়ে আসলেন সেই জায়গায়। তারা রাসুলুল্লাহর (ﷺ) মুখে পেরেশানির ভাব দেখতে পেলেন, কী হয়েছে জিজ্ঞেস করতে তিনি সব ঘটনা খুলে বলেন। তারপর তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবাযত্নে লিপ্ত হলেন। . হালিমা তার স্বামীর সাথে কথা বলে বুঝলেন যে তাকে আসলে আর রাখা ঠিক হবে না, অন্যের ছেলে! যদি কোন ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে এর দায়ভার কে নিবে! এসব ভেবে চিন্তিত অবস্থায় রাসুলুল্লাহকে (ﷺ) নিয়ে ছুটে গেলেন আমীনাহর কাছে। তাকে ফিরিয়ে দিতে দেখে আমীনাহ বললেন, তাকে তো তোমরাই দিতে চাওনি এখন কেন দিতে চাচ্ছো। আমীনাহ জোর করেন সত্য ঘটনা জানার জন্য তারপর হালিমাহ সব কিছু তাকে জানান। আমীনাহ তাতে একটুও অবাক হননি। তারপর রাসুলুল্লাহকে (ﷺ) রেখে হালিমা চলে যান তার বাড়িতে। . দীর্ঘ কয়েক বছর মা থেকে দূরে থাকার পর এবার বড় হতে লাগলেন মায়ের পরম স্নেহ, ভালোবাসা ও আদরের মধ্য দিয়ে। কিছু দিন পর আমীনাহ তার নয়নমণি ও উম্মু আইমানকে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য ইয়াসরিবে চলে যান। সেখানে কিছুকাল থেকে তারপর রওয়ানা দেন মক্কার উদ্দেশ্য। পথিমধ্যে আমীনাহ ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থ কমার যেন নামই নিলো না। ক্রমান্বয়ে সেই অসুখ তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। চোখের নয়নমণি একমাত্র সন্তানকে রেখে মা আমীনাহ আবওয়া নামক স্থানে পাড়ি জমান পরপারে। মাত্র ৬ বছর বয়সে আমার রাসুল (ﷺ) হয়ে যান পিতৃ-মাতৃহীন। বাবার ভালোবাসা তো পাওয়ার সৌভাগ্য হয়নি তবে সল্প সময়ে তিনি মায়ের কিঞ্চিৎ ভালোবাসার সৌভাগ্য হয়। . স্নেহময়ী মা যখন চলে গেলেন দুনিয়া ছেড়ে তখন তার দেখভালের দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তার সন্তানদের মতই তাকে ভালোবাসতেন ও স্নেহ করতেন। ক্বাবা ঘরের পাশে যে বিছানায় আব্দুল মুত্তালিব ব্যতিত কারো বসা নিষেধ ছিল বা সাহসে দিতো না, সেই বিছানায় অনায়েসে রাসুলুল্লাহ (ﷺ) বসতে পারতেন। একবার তাকে বাঁধা দিলে আব্দুল মুত্তালিব সবাইকে বাঁধা না দেয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু দাদার সেই আদর ও ভালোবাসা দীর্ঘস্থায়ী হলো না। রাসুলুল্লাহর (ﷺ) ৮ বছর বয়সকালে তাকে ছেড়ে চলে গেলেন তার দাদা আব্দুল মুত্তালিব। এবার যেন তিনি একদম একা হয়ে গেলেন। পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ হয়ে গেল। . একেরপর এক আপনজনের মৃত্যু রাসুলুল্লাহকে খুবই ব্যথিত করে। তার এই দুঃখ-কষ্ট লাঘব করে দেয়ার জন্য এগিয়ে আসেন তার পরিবারের একজন। তার দেখভালের দায়িত্ব আপন হস্তে কাঁধে তুলে নেন তার চাচা 'আবু তালিব।' আবু তালিবের কাছে তিনি বড় হতে থাকেন। আবু তালিব তাকে নিজ সন্তানের চেয়েও বেশী ভালোবাসতেন। তার যেন কোন কিছুতে কমতি না হয় সে দিকে তিনি সর্বদা সজাগ থাকতেন। বিচক্ষণ চাচার অধিনে বসবাস করে তিনি অনেক শিক্ষা লাভ করেন। . আবু তালিব ব্যাবসায়-বাণিজ্য করতেন। তাই তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হতো। রাসুলুল্লাহ (ﷺ) তার চোখের আড়ালে থাকবেন তা তিনি কল্পনাও করতেন না। একবার শাম দেশে গেলে তিনি তাকে তার সাথে নিয়ে যান। চাচার কাছ থেকে দেখে দেখে রাসুলুল্লাহ (ﷺ) ব্যবসায়-বাণিজ্য সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করেন।