Chapter 49 of 50
ইশারায় নির্দেশ
3 min read
প্রত্যেক মুসলিম গোত্রকে ইসলাম শিক্ষা দেয়ার জন্য রাসুলুল্লাহ (ﷺ) সাহাবিদেরকে সেখানে পাঠালেন। . তরুণ বয়সে ইসলাম গ্রহণ করা মানুষ্টির দিকে রাসুলুল্লাহর (ﷺ) দৃষ্টি গেল। তিনি তাকে বিরাট একটা পজিশনে দিতে চাইলেন। . রাসুলুল্লাহ (ﷺ) মুয়াজ ইবনে জাবালকে (রাদ্বি আল্লাহু আনহু) ক্বাজির পদে নিয়োগ দিয়ে ইয়েমেনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। . রাসুলুল্লাহর (ﷺ) নির্দেশ পেয়ে তিনি বেশ উৎফুল্ল! তৈরি হয়ে গেলেন সেখানে যাওয়ার জন্য। মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) এবার রওয়াহা হবেন। রাসুলুল্লাহর (ﷺ) কাছে তিনি আসলেন বিদায় নেয়ার জন্য। . মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) তার ঘোড়া থেকে নামতে চাইলেন কিন্তু রাসুলুল্লাহ (ﷺ) তা করতে মানা করেন। তিনি নিজ হাতে ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে হাঁটতে থাকলেন। ঘোড়ার পিঠে বসা মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) আর রাসুলুল্লাহ (ﷺ) হাঁটছেন। কী অপূর্ব এক দৃশ্য! . রাসূল (ﷺ) তাকে বললেন, "মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) তোমার দায়িত্ব অনেক। কেউ কিছু হাদিয়া দিলে তুমি তা গ্রহণ করবে। আমি তোমাকে তা গ্রহণের অনুমতি দিচ্ছি। এভাবে পরামর্শ দিতে থাকলেন। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। এবার রাসুলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, – আচ্ছা, তুমি ফায়সালা করবে কিভাবে? – কুরআনের দ্বারা। – যদি এমন কোন বিষয় আসে যার সমাধান কুরআনে না পাও, তখন কি করবে? – আল্লাহর রাসূলের সুন্নাতের দ্বারা ফায়সালা করবো। – যদি এমন কোন বিষয়ের সম্মুখীন হও যার সমাধান কুরআন অথবা সুন্নাতে পাচ্ছ না, তখন কি করবে? – আমি নিজেই ইজতিহাদ করে ফায়সালা করবো। রাসুলুল্লাহ (ﷺ) তার উত্তর শুনে অতন্ত্য খুশী হলেন। . বিদায়ের পূর্ব মুহূর্তে ভারাক্রান্ত কণ্ঠে রাসুলুল্লাহ (ﷺ) তাকে বললেন, "সম্ভবত! তোমার সাথে আমার আর দেখা হবে না। এরপর তুমি মদীনায় ফিরে আমার স্থলে আমার কবর ও মসজিদ যিয়ারত করবে।" মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। কী শুনলেন এটা তিনি! তা শুনার আগে তিনি মৃত্যুবরণ করলেই যেন বেঁচে যেতেন। টলটল করে চোখ বেয়ে পানি পড়ছে। মায়াবী চেহারার দিকে শেষবারের মতন মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) তাকালেন। মনভরে দেখে নিলেন। কিন্তু মন কী আর ভরবে এতে! কান্নায় মু’য়াজ ভেঙ্গে পড়লেন। খুব বেশী কান্না করলেন তিনি। রাসুলুল্লাহকে (ﷺ) আর দেখতে পাবেন না এর চেয়ে কষ্টদায়ক আর কিছুই হতে পারে না। রাসুলুল্লাহ (ﷺ) তাকে সান্ত্বনা দিলেন। মন খারাপ অবস্থায় মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) ইয়েমের দিকে অগ্রসর হলেন। সূর্যের কিরণ ঘনিয়ে এসেছে। রাসুলুল্লাহ (ﷺ) মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) যাত্রাপথের দিকে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলেন। তারপরে মদিনায় নিজ গৃহে চলে আসলেন। . রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হতে বললেন। উসামা ইবনে যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) নেতা বানিয়ে বাহিনী প্রেরণ করার সিদ্ধান্ত নিলেন। . উসামা (রাদ্বি আল্লাহু আনহু) তখন তরুণ একজন মানুষ। তিনি যে নেতা হবেন তা অনেকেই মেনে নিতে পারছিলেন না। কথা বলাবলি শুরু হলে রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "তোমরা তার নেতৃত্বের ব্যাপারে যে প্রশ্ন উত্থাপন করছো ইতঃপূর্বে তার পিতার নেতৃত্বকেও তোমরা প্রশ্ন উত্থাপন করেছিলে। আল্লাহর কসম! সৈন্য পরিচালনার ব্যাপারে সে খুবই দক্ষ ও আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম। এ ব্যক্তিও উপযুক্ত এবং সেও আমার প্রিয়তম ব্যক্তিদের অন্যতম।" রাসুলুল্লাহর (ﷺ) কথা শুনে আর কারো মনে কোনো সমস্যা রইলো না। দলে দলে সবাই যোগ দান করলেন যুদ্ধে যাওয়ার জন্য। এই যুদ্ধে যাওয়ার কারণ ছিল রোমানদের মনে ভয়ভীতি সঞ্চার করা যাতে তারা এটা না ভাবে যে মুসলিমরা থমকে গেছে। . তৈরি হওয়ার পর উসামার (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে মুসলিমবাহিনী যুদ্ধের জন্য রওয়ানা হলেন। মদিনার বাহিরে যেতেই খবর আসলো, "রাসুলুল্লাহ () অসুস্থ হয়ে পড়েছেন।" . উসামা (রাদ্বি আল্লাহু আনহু) দেখতে আসলে রাসুলুল্লাহ (ﷺ) ইশারা দিয়ে নির্দেশ দিয়ে বলেন, "যুদ্ধে যাও!"