Chapter 15 of 50
হাবাশায় হিজরত
5 min read
শুরুতে মুসলিমদের উপরে অন্যায় অত্যাচার এর মাত্রা তেমন ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা যেন তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। . অত্যাচারের মাত্রা এতটাই উপরে উঠে গেল যে, মক্কায় মুসলিমদের টিকে থাকার মতো আর অবস্থা ছিল না। তাই অন্য জায়গায় হিজরত করার চিন্তা তাদের মাথায় আসলো। রাসুলুল্লাহ (ﷺ) নাজ্জাশীর ব্যাপারে অবগত ছিলেন। নাজ্জাশী ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ, উদার মনোভাবের মানুষ। রাসুলুল্লাহ (ﷺ) সাহাবিদেরকে হাবাশায় হিজরত করার অনুমতি দিলেন। . কুরাইশরা এ ব্যাপারে সচেতন ছিল না। মুসলিমদের কাফেলা সহজেই মক্কা ছেড়ে হাবাশায় হিজরত করতে পেরেছিল। হাবাশায় পৌঁছানোর পরে নাজ্জাশীর সাথে কথা বলে মুসলিমরা বসবাস করতে লাগলো। সেখানে তাদের কোনো সমস্যাই হলো না। . বাতাসে তখন গুজব ভাসছিল। গুজব গিয়ে পৌঁছালো হাবাশায় বসবাসরত মুসলিমদের কানে। কী ছিল সেই সংবাদ যা শুনে তারা ফিরে আসার জন্য অস্থির হতে লাগলো। সংবাদটি ছিলো যে, "মক্কার সবাই মুসলিম হয়ে গিয়েছে।" এমন খবর শুনে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য তারা বেশ অস্থির হয়ে গেলেন। অনেকে ফিরে আসলেন, কিছু সংখ্যক রয়ে গেলেন সেখানে। ফিরে আসার পরে অনেকে দেখলেন, "এ কী! যা শুনলাম তা তো সত্য নয়।" কুরাইশরা হিজরত করা মুসলিমদেরকে আবারও হাতের নাগালে পেয়ে গেল। এবার অত্যাচার চললো পুরোদমে। খুবই ভয়ংকর! . আবার হিজরত করার জন্য মুসলিমরা মনোনিবেশ করলেন। কিন্তু এবার যেতে হলে অনেক সাবধানে যেতে হবে। শেষমেষ তারা অনেক গোপনে হাবাশায় হিজরত করলেন। এটা ছিল হাবাশায় করা দ্বিতীয় হিজরত। . মুসলিমদের হাবাশায় হিজরত করার খবর কুরাইশ নেতাদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বেশ রাগান্বিত ও অপমানিত বোধ করে। কারণ তারা মেনে নিতে পারছিল না যে তাদেরই লোকেরা অন্য জায়গায় চলে যাবে। . হাবাশা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কুরাইশদের নেতারা উঠে পড়ে লাগলো। "কাকে পাঠাবে, কে তাদের ফিরিয়ে আনতে পারবে?" চিন্তাভাবনা করে তারা দেখলো যে এখনই সময় তাদের অন্যতম শ্রেষ্ঠ কুটনীতিবিদকে কাজে লাগানো। তারা আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) প্রতিনিধি দলের প্রধান করে হাবাশায় পাঠানোর সিদ্ধান্ত নিলো। . কূটনৈতিক বিষয়ে আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন খুব পারদর্শী। তিনি যাওয়ার আগে কী করলেন, উপহার সামগ্রী নিয়ে নিলেন তার সাথে। তিনি তার সঙ্গীকে নিয়ে চললেন হাবাশার উদ্দেশ্যে। হাবাশায় উপনীত হওয়ার পর সরাসরি নাজ্জাশীর কাছে না গিয়ে ঘুষখোর যে মানুষগুলো নাজ্জাশীর আসে পাশে বসতো তাদের কাছে গেলেন। তাদেরকে উপহার সামগ্রী দিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসলেন। . পরে তিনি নাজ্জাশির কাছে উপনীত হয়ে বলেন যে, তাদের এলাকার কিছু লোক তাদের বাপ-দাদাদের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে এবং এখানে তারা পালিয়ে এসেছে। এখন তাদের গোত্রের মানুষেরা তাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে তাই আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছে। . কথা শুনে নাজ্জাশির আশেপাশে থাকা লোকেরা আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) কথায় সায় দিলো। এতে নাজ্জাশী আরও ক্ষেপে যান কারণ তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাষক! এক পক্ষের কথা শুনে তিনি কখনো ফয়সালা দিতেন না। তিনি মুসলিমদের আসা ছোট্ট দলকে তার দরবারে ডাকলেন। . এরপর মুসলিমদের মধ্যে একটা ব্যপার নিয়ে সমস্যা দেখা দিলো যে, তারা কী বলবে নাজ্জাশিকে? সব মিলিয়ে ঠিকঠাক হলো যে তারা সত্যটাই বলবে এবং তাদের হয়ে কথা বলবেন 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। . নাজ্জাশির দরবারে যাওয়ার পর জাফর (রাদ্বি আল্লাহু আনহু) নাজ্জাশির সামনে একটি জ্বালাময়ী ভাষণ দেন যা ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণের কালি দ্বারা লিখিত আছে। তিনি বলেন 'আমরা ছিলাম মূর্তিপূজক, আমরা আমাদের মেয়ে সন্তানদেরকে জ্যান্ত কবর দিতাম, আমাদের ছিল খারাপ আচার-আচরণ, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, আমরা একে অন্যের সাথে মারামারি করতাম, আমরা মৃত জীব-জন্তু খেতাম, আমরা অনৈতিকতায় লিপ্ত ছিলাম ইত্যাদি তারপর আল্লাহর আমাদের মধ্য থেকে একজনকে প্রেরণ করলেন, আমরা তার বংশ, পরিবার, সত্যতা ইত্যাদি সম্পর্কে অবহিত, তিনি আমাদেরকে আল্লাহর পথে চলার জন্য আহবান জানালেন, তিনি এক আল্লাহর ইবাদত করার জন্য শিক্ষা দিলেন, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করার নির্দেশ দিলেন, তিনি খারাপ কাজ থেকে দূরে সরে থাকার নির্দেশ দিলেন ইত্যাদি এবং তার কাছে আল্লাহ কুরআন নাজিল করেন, আমরা তাকে অনুসরণ করি। এই জন্য আমাদের গোত্রের লোকেরা আমাদের উপর অত্যাচার করে, তারা আমাদেরকে মূর্তিপূজাতে ফিরে যাওয়ার জন্য জোরজবরদস্তি করতে থাকে। কুরআন নাজিলের কথা শুনে, নাজ্জাশি কোরআনের আয়াতসমূহ শোনার ইচ্ছা ব্যক্ত করলে জাফর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তার সুললিত কন্ঠে "সূরাহ মরিয়াম"-এর প্রথমাংশ তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ, দেখুন জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) তীক্ষ্ণ বুদ্ধি, তিনি খ্রিস্টান বাদশাহের সামনে সূরাহ মরিয়ম পাঠ করে শুনিয়েছিলেন। তিলাওয়াত শোনার পর নাজ্জাশি খুব আবেগপ্রবণ হয়ে যান, সাথে তার আশেপাশে বসা লোকেরাও, তাদের গাল বেয়ে অশ্রুপাত হতে থাকে। . নাজ্জাশি মক্কা থেকে আগত প্রতিনিধিদেরকে চলে যেতে বলেন এবং মুসলিম দলকে তার এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য অনুমতি দেন। এদিকে আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তো নাছোড়বান্দা, তিনি হাল ছাড়লেন না। দরবার থেকে বের হয়ে উচ্চস্বরে বললেন যে কাল তিনি আবার আসবেন নতুন একটা প্ল্যান নিয়ে। . পরদিন নতুন পরিকল্পনা নিয়ে হাজির হলেন আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু)। এবার তিনি উপস্থাপন করলেন মুসলিমদের ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাকে নিয়ে বিশ্বাসের কথা। আবারও মুসলিম দলকে ডাকা হলো নাজ্জাশির দরবারে। বিপদের মাত্রা এবার আরও বেশী ভয়াবহ কারণ খ্রিস্টানদের যে বিশ্বাস তা মুসলিমদের সাথে সাংঘর্ষিক। কিন্তু মুসলিমরা অটল রইলেন, তারা সত্যটাই বলবে বলে সিধান্ত নিলেন। . জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) সবার পক্ষ থেকে কথা বলার জন্য অগ্রসর হন। নাজ্জাশি তাকে ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে কী বিশ্বাস রাখো বলার জন্য বলেন। তিনি বলেন 'আমাদের নবী তার সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছু বলিনা।' নাজ্জাশি কী তা জিজ্ঞেস করলে জাফর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দেন এই বলে যে, 'তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তাকে জন্ম দিয়েছেন কুমারি ও পবিত্র নারী মরিয়ম।' নাজ্জাশি তা শুনে উচ্চস্বরে বলে উঠেন, "আমিও এটা বিশ্বাস করি।" তারপর নাজ্জাশী মক্কা থেকে আসা লোকেদের অপমান করে তাড়িয়ে দিলেন, সাথে ফেরত দিলেন তাদের দেয়া উপহার সামগ্রী। তিনি মুসলিমদেরকে পরিপূর্ণ নিরাপত্তার সহিত তার এলাকায় বসবাসের সুযোগ করে দিলেন। আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তখন ব্যর্থ হয়ে মক্কায় ফিরে আসেন। আর মুসলিমরা সেখানেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকে। . এদিকে নাজ্জাশীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার ভাতিজা। মুসলিমরা এতে খুব ভীত হয়ে পড়ে। বাহ্যিক দিক থেকে মনে হচ্ছিলো নাজ্জাশী হেরে যাবেন। মুসলিমরা ভয়ে ছিল যে নাজ্জাশী হেরে গেলে মুসলিমরা বিপদে পড়বে। যুদ্ধের সংবাদ পাওয়ার জন্য সাগরের অন্য প্রান্তে যাওয়া লাগে, যখন প্রশ্ন উঠলো কে যাবে খবর আনতে? তখন যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) বললেন যে, তিনি যাবেন। মুসলিমরা প্রাণপণে আল্লাহর কাছে দু'আ করতে থাকে যেন নাজ্জাশীর দল বিজয় অর্জন করে। সময়মত যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) একটি ভেলায় ভেসে সেখানে যান। যুদ্ধ নিজ চোখে দেখেন। এদিকে মুসলিমরা তার ফিরে আসার প্রহর গুনছিলেন। যুদ্ধ শেষ হলে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) সুসংবাদ নিয়ে ফেরেন যে, "নাজ্জাশী যুদ্ধে জিতেছেন।" খবর শুনে মুসলিমদের অন্তরে প্রশান্তি ছেয়ে গেল। তারা তখন সেখানে কোনো ঝামেলা ছাড়াই বসবাস করার মতো পরিবেশ পেয়ে যান। সেখানেই তারা কাটিয়ে দেন ১০টি বছর। এই দশ বছরের মধ্যে নাজ্জাশীর মাধ্যমে রাসুলুল্লাহ (ﷺ) উম্মু হাবিবাকে (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে করেন। নাজ্জাশী একটা সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার মৃত্যুর হলে রাসুলুল্লাহ (ﷺ) তাঁর গায়েবানা জানাযার সালাত আদায় করেন।