Chapter 39 of 50
প্রথম উমরাহ
4 min read
চুক্তিতে উল্লেখ ছিল যে, মুসলিমরা পরের বছর এসে যেন উমরাহ পালন করে। রাসুলুল্লাহ (ﷺ) তা মেনে নেন। . খাইবার বিজয়ের বেশ কিছু দিন পর রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের তৈরিতে হওয়ার জন্য নির্দেশ দেন। মুসলিমরা নির্দেশ পেয়ে উমরাহর জন্য প্রস্তুতি নিতে থাকেন। আশেপাশে ছড়িয়ে থাকা অনেক মুসলিম এই যাত্রায় সামিল হলেন। . কুরাইশরা জানতো যে, রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের নিয়ে আসবেন উমরাহ করতে। তাই তিনি আসার পর তারা সকলে মক্কা ছেড়ে দিয়ে পাহাড়ে অবস্থান নিলো যাতে করে মুসলিমদের উমরাহ করতে বাঁধা না হয়! . এদিকে কুরাইশদের বিশ্বাসঘাতকতার ভয়ে মুসলিমরা অস্ত্র-শস্ত্র নিয়ে হাজির হয়েছিল। যদি তারা উল্টাপাল্টা করে তাহলে যুদ্ধ করবেন তারা। কিন্তু কুরাইশরা তেমন কিছু করলো না। মুসলিমরা অস্ত্র-শস্ত্র, বর্ম, ঢাল-তলোয়ার মক্কার বাহিরে একটা জায়গায় জমা রাখলেন এবং এর তত্ত্বাবধানে মানুষ রাখলেন। . রাসুলুল্লাহ (ﷺ) মুসলিমদের নিয়ে মক্কায় প্রবেশ করেন। চিরচেনা সেই মাতৃভূমিতে পা রেখে রাসুলুল্লাহ (ﷺ) হয়তো স্মৃতিতে সাঁতার কাটছিলেন। হারিয়ে গিয়েছিলেন যেন শৈশবে। মনে পড়ছিল তার প্রিয় স্ত্রী খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) কথা। যিনি তার পাশে সর্বদা থেকেছেন। মনে হয়তো পড়ছিল চাচার কথা যিনি তাকে সকল সমস্যা থেকে আগলে রেখেছিলেন। . মক্কায় প্রবেশের পর মুসলিমদের তিনি কী কী করতে হবে তার নির্দেশ দেন। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাওয়াফ করছিলেন। মুশরিকরা বলাবলি করছিল যে, "মুহাম্মদ (ﷺ) ও তার সঙ্গীরা নিশ্চয়ই ক্লান্ত-শ্রান্ত ও কাহিল হয়ে পড়েছে।" রাসুলুল্লাহর (ﷺ) কানে আসতেই তিনি " তার ইহরামের চাদরের একদিক ডান বগলের নীচ দিয়ে এনে গা বাম কাঁধের উপর ফেলেন এবং ডান কাঁধ উন্মুক্ত রেখে ইযতিবা করেন।" তারপর তিনি মুসলিমদেরকেও তা করার নির্দেশ দেন। রাসুলুল্লাহ (ﷺ) বলেন, "আল্লাহ ঐ ব্যক্তির প্রতি রহম করুন যে আজকের দিন কাফির মুশরিকদেরকে আপন বাহুবল ও শৌর্যবীর্য প্রদর্শন করলো।" তারপর তিনি হাজরে আসওয়াদ চুম্বন করেন। তারপর আবার তাওয়াফ করেন। তাওয়াফ করার সময় রাসুলুল্লাহ (ﷺ) জোরেজোরে হাঁটছিলেন। . রাসুলুল্লাহর (ﷺ) কাছে আল-আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) মাইমুনার (রাদ্বি আল্লাহু আনহু) বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। রাসুলুল্লাহ (ﷺ) তার প্রস্তাবে রাজি হোন। তারপর ইহরাম পড়া অবস্থায় তিনি আম্মাজান মাইমুনাকে (রাদ্বি আল্লাহু আনহা) ৪০০ দিরহাম দিয়ে বিয়ে করেন। . তিন দিন অবস্থান করতে না করতেই কুরাইশদের প্রতিনিধি দল রাসুলুল্লাহর (ﷺ) দরবারে এসে হাজির। তারা এসেছিল রাসুলুল্লাহকে (ﷺ) মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতে। তারা এসে বললো, "অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে। সুতরাং আপনি আমাদের শহর ছেড়ে চলে যান।" রাসুলুল্লাহ (ﷺ) তাদের প্রতি কোমল ছিলেন। তিনি তাদেরকে কাছে টেনে নিতে চাচ্ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, "তোমরা যদি আমাকে সময় দাও, আর আমি তোমাদের জন্য বিবাহ উপলক্ষে খাবারের আয়োজন করি এবং তোমরা তাতে উপস্থিত হও, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে কি?" জবাবে তারা বললো, "আপনার আপ্যায়নে আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি আপনার সঙ্গীদের নিয়ে এখান থেকে চলে যান।" রাসুলুল্লাহ (ﷺ) এবার মুসলিমদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে। . এমন সময় মুসলিমরা শুনতে পেলেন একটি ছোট বাচ্চার আওয়াজ। পেছন থেকে ভেসে আসছে "হে আমার চাচা! আমাকে ছেড়ে যাবেন না। আমাকে তাদের মধ্যে ফেলে রেখে যাবেন না।" মুসলিমরা পেছনে তাকালেন। দেখলেন ছোট একটি মেয়ে দৌড়ে দৌড়ে আসছে। রাসুলুল্লাহ (ﷺ) তার দিকে তাকালেন। অশ্রুতে হয়তো তার চোখ ভিজছিল তখন। এই মেয়েটিকে দেখে তার প্রাণপ্রিয় চাচার কথা মনে পড়ে গেলো। কত স্মৃতি যে জড়িয়ে আছে তাকে নিয়ে। সেই মেয়েটি আর কেউ না, তিনি আমাদের প্রিয় সাহাবী সায়্যিদুস শুহাদা হামজার (রাদ্বি আল্লাহু আনহু) মেয়ে উমারাহ বিনতে হামজা (রাদ্বি আল্লাহু আনহা)। উমারাহর (রাদ্বি আল্লাহু আনহা) খালা হলেন আসমা বিনতে উমাইস (রাদ্বি আল্লাহু আনহা)। এদিকে এই মেয়েকে দেখার পর আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার দায়িত্ব নিতে চাইলেন। তাই তিনি তাকে ফাতিমার (রাদ্বি আল্লাহু আনহা) কাছে হস্তান্তর করলেন। তারা সিদ্ধান্ত নিলেন তারাই উমারাহর (রাদ্বি আল্লাহু আনহা) দেখভাল করবেন। উমারাহর (রাদ্বি আল্লাহু আনহা) খবর পাওয়ার পর যাইদ ইবনে হারিসা (রাদ্বি আল্লাহু আনহু) এবার সামনে আসলেন। তিনি এসে দাবি করলেন যে, "হামযার সাথে ভ্রাতৃত্ব আমার ছিল যা রাসুলুল্লাহ (ﷺ) করে দিয়েছিলেন। তাই, সে দিক থেকে সে আমার ভাতিজী। তাই তাকে দেখভালের দায়িত্ব আমার।" উমারাহর (রাদ্বি আল্লাহু আনহা) অবস্থা শুনে এবার জাফর (রাদ্বি আল্লাহু আনহু) উঠে আসলেন। তিনিও এসে একই দাবি করলেন যে তাকে তিনি পালবেন এবং জুড়ে দিলেন যে, "তার খালা হলেন আমার স্ত্রী" তাই আমার দাবীর জোর বেশি।" ৩ জনের মধ্যে এখন মারামারি লেগে গেলো কে নিবেন এই দায়িত্ব নিয়ে! বিষয়টা অনেক মজাদার। . তারপর রাসুলুল্লাহ (ﷺ) তাদের মধ্যেখানে ঢুকলেন সমস্যা সমাধান করার জন্য। রাসুলুল্লাহ (ﷺ) তিন জনের প্রশংসা করলেন এবং তাদেরকে প্রথমে ঠান্ডা করলেন। তারপর রাসুলুল্লাহ (ﷺ) বললেন যে, "জাফর! উমারাহ তোমার" রাসুলুল্লাহ (ﷺ) বলেন, "খালা হচ্ছে মায়ের সমান" . রাসুলুল্লাহ (ﷺ) মদিনায় প্রত্যাবর্তন করলেন। এবার আরবের বাহিরে অবস্থান করা সুপার পাওয়ারদের ইসলামের দাওয়াত দেয়ার জন্য দূত প্রস্তুত করলেন।