Chapter 9 of 50
রাসুলুল্লাহর (ﷺ) নবুওয়তলাভ
4 min read
ক্বাবা ঘরের নির্মাণের সময় হাজারে আসওয়াদকে কেন্দ্র করে কুরাইশদের মধ্যে যে সংঘর্ষ উঁকি দিচ্ছিলো তা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সিধান্ত থামিয়ে দেয়৷ তাঁরা রক্তপাত না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সেই বিষয়ের সমাধান মেনে নেয়। তারপর যে যার যার মতন জীবন অতিবাহিত করতে থাকে। . মক্কার লোকেদের অর্থহীন মূর্তিপূজা, আল্লাহর সাথে শিরক করা ও কুসংস্কারে বিশ্বাস করা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মনে দারুন প্রতিক্রিয়ার সৃষ্টি করত। তিনি বুঝতেন যে তাঁর সমাজের লোকেরা অন্ধকারে ডুবে আছে। সমাজের এই অবস্থা তাঁর ভালো লাগতো না। তাই তিনি সমাজ থেকে দূরে সরে গিয়ে, জাবালে নূর নামক পাহাড়ে অবস্থিত একটি গুহায় নির্জনে সময় কাটাতেন। বলাবাহুল্য সেখানে তাঁর দাদা আব্দুল মুত্তালিবও সময় কাটাতেন। যাওয়ার সময় সাথে খাবার ও পানি নিয়ে যেতেন যেন বারবার ফিরে না আসতে হয়। এভাবে একা একা সময় কাটানোর জন্য একসময় নির্জনতা তাঁর কাছে প্রিয় হয়ে উঠে। তিনি হয়ে উঠেন নির্জনপ্রিয় ব্যক্তি। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হেরা গুহায় যাতায়াত করা অবস্থা কোনোকোনো দিন সেখানে থেকেও যেতেন। যার কারণে মাঝেমাঝে খাদিজাও (রাদ্বি আল্লাহু আনহা) প্রখর রোদের মধ্যে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত উঁচু এক পাহাড় বেয়ে, সেখানে খাবার নিয়ে উপস্থিত হতেন। একজন স্ত্রী তাঁর স্বামীকে কতটুকু ভালোবাসলে এই কঠিনতম কাজ করতে পারে, সুবহানাল্লাহ! রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে সেখানে অবস্থান করতেন সে নিয়েও খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) কোনোদিন কম্পলেইন/অভিযোগ করেন নি। . বয়স তখন ৪০। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বপ্ন দেখা শুরু করলেন। কিন্তু স্বপ্নে যা দেখতেন পরের দিন উঠে তা হুবহু বাস্তবে তা দেখতে পেতেন। এভাবে তিনি ৬ মাস অতিবাহিত করেন। . তন্মধ্যে তিনি আবারও হেরা গুহায় চলে গেলেন নির্জনে সময় কাটানোর জন্য। মাসটা তখন "রামাদ্বান"। হটাৎ একদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখলেন তাঁর সামনে মানুষরূপে কেউ একজন দাঁড়িয়ে আছেন। তিনি তাকে দেখে কিছুটা ভয় পেয়ে যান। সেই ব্যক্তি তাকে বললেন 'পড়ুন', রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জবাব দিলেন 'আমি পড়তে পারি না'। জবাব শুনে সেই ব্যক্তি তাকে সজোড়ে জড়িয়ে ধরলেন এবং একই কথা আবার বললেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আবার 'আমি পড়তে পারি না' বলে জবাব দিলেন। সেই ব্যক্তি আবার তাকে চেপে ধরে ছেড়ে দিয়ে বললেন "পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন......।" জিবরাইল (আলাইহিসসালাম) তাঁকে এতো জোরে চেপে ধরেছিলেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মনে করেছিলেন তিনি তাৎক্ষণিক মারা যাবেন। . সেই ব্যক্তি অদৃশ্য হয়ে যাওয়ার পরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভয়ে হেরা গুহা থেলে দৌঁড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসেই কাঁপতে কাঁপতে তাঁর স্ত্রীকে বললেন "আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও।" এই কথা শুনে খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) দৌঁড়ে এসে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঢেকে দিলেন। তারপর তাঁকে অভয় দিতে লাগলেন যেন কিছু হয়নি। কিছু সময় পর রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মন থেকে ভয় আস্তে আস্তে কেটে যেতে লাগলো। . এবার খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) তিনি সব কিছু খুলে বললেন এবং তাঁর জীবনের আশংকার কথা ব্যক্ত করলেন। জবাবে খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) কি বললেন জানতে চান? তাহলে শুনুন। খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) বললেন "আল্লাহ আপনাকে লাঞ্চিত করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন সুদৃঢ়কারী। আপনি গরীব-দুঃখীদের সাহায্যকারী। আপনি অতিথিপরায়ণ ও আপনি মানুষের বিপদে সাহায্যকারী।" . তারপরে তাকে নিয়ে তিনি ওরাকা বিন নাউফালের কাছে গেলেন। নাউফাল জানতে চাইলেন পুরো ঘটনার বিবরণ। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে হেরা গুহায় ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখ থেকে সব কিছু শুনে তিনি বিষ্ময়কর কণ্ঠে বলেন, "ইনিই তো সেই মহাদূত যিনি মূসার (আলাইহিসসালাম) কাছেও আসতেন।" ওরাকা বিন নাউফাল বুঝতে পারেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হলেন শেষ নবী। তারপর তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন যে, "আপনার স্বজাতি আপনার উপর নির্যাতন চালাবে, নানানভাবে অন্যায়-উৎপীড়ণ করবে, দেশ ত্যাগ করতে বাধ্য করবে। সেদিন যদি আমি শক্তিমান এবং জীবিত থাকতাম।" তিনি আরও বলেন যে, "আমি যদি সেই সময় পর্যন্ত জীবিত থাকি তাহলে সর্ব প্রকারে আপনাকে সাহায্য করবো।" ওরাকার মুখ থেকে "দেশ ত্যাগ করতে বাধ্য করবে" শুনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, "তাঁরা আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে?" জবাবে ওরাকা বলেন, "হ্যাঁ৷ তাঁরা অবশ্যই আপনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে।" তারপর তিনি তাঁকে আগেরকার নবী/রাসূলদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শুনান। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) নিজ গৃহে ফিরে আসেন। . হেরা গুহায় ঘটে যাওয়া ঘটনা তখনও রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভাবাচ্ছিল। তিনি সেই ব্যক্তি আবার আসেন কিনা সেটার জন্য সর্তক ছিলেন। একদিন তিনি রাস্তায় হাঁটছিলেন। হটাৎ আসমান থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। উপরের দিকে তাকাতেই তিনি সেই ফিরিশতাকে দেখতে পেলেন তাও ফিরিশতার আসলরূপে। তিনি তখন আকাশ ও পৃথিবীর মধ্যস্থানে কুরশীতে/সিংহাসনে উপবিষ্ট/বসা ছিলেন। এই দৃশ্য দেখে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রচণ্ড ভয় পেয়ে যান। তিনি তাঁর দৃষ্টি নামিয়ে বাড়িতে সাথে সাথে চলে গেলেন। . বাড়িতে এসে খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) বললেন, "আমাকে চাদর দিয়ে ঢেকে দাও।" খাদিজা তাঁকে আবারও ঢেকে দিলেন। এবার তাঁর উপর ওহী নাজিল হয় সূরা মুদ্দাসিসরের ১-৫ নম্বর আয়াত অব্দি। যেখানে আল্লাহ বলেন, "হে বস্ত্রাবৃত!" "উঠ, অতঃপর সতর্ক কর।" "আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।" "আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।" "আর অপবিত্রতা বর্জন কর।" . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবার পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্য দাঁড়িয়ে যান। একমাত্র আল্লাহর ইবাদতের আহবান ছড়িয়ে দেয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেন। আঁধারে ছেয়ে যাওয়া এই পৃথিবী, যেমনটা কূয়াতে পড়ে থাকা কালো পানির মতো, যাকে ভেদ করে কোনো আলো প্রবেশ করতে পারে না। সেই আঁধার কিংবা কালো বস্তকে দূরে সরিয়ে দিয়ে সমাজকে আলোকিত তথা পুরো বিশ্বকে সূর্যের ন্যায় আলো ছড়িয়ে দিতে সত্যের বাণী 'কোরআন' নিয়ে মানবজাতির সামনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাজির হন "রাহমাতুল্লিল্ আ'লামিন" হিসেবে।