Chapter 7 of 50
উম্মে আইমান (রাঃ)
2 min read
সুদূর আফ্রিকার এক অঞ্চল থেকে আগত এই নারী। ইসলাম আসার প্রথম দিকেই তিনি তা গ্রহণ করেন। তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিবারের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তার সম্পর্কে বা তার পরিবারের সম্পর্কে ভালোভাবেই জানতেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাতা মারা যাওয়ার পর তিনি তার দেখভাল করেছিলেন, ছিলেন একদম মৃত্যু পর্যন্ত। তাই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে মাঝেমধ্যে 'মা' বলে সম্বোধন করতেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে করার পর তাকে মুক্ত করে দিলেন কারণ তিনি ছিলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মা আমেনার দাসী। কিন্তু মুক্ত করার পরও তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছেড়ে অন্য কোথাও চলে যাননি। তিনি হলেন 'বারাকাহ' (রাদ্বি আল্লাহু আনহা) যাকে আমরা 'উম্মু আইমান' (রাদ্বি আল্লাহু আনহা) নামে চিনি। . তার প্রথম বিয়ে হওয়ার কয়েক বছর পর তার স্বামী মারা যান। স্বামীর সাথে তখন তিনি মদিনায় বসবাস করছিলেন, স্বামীর মৃত্যুর পর তিনি আবার মক্কায় ফিরে আসেন। এই বিয়েতে তার এক পুত্র সন্তান হয়েছিলো যার নাম ছিলো 'আইমান', এই 'আইমান' নামানুসারে তার নাম হয়ে যায় 'উম্মু আইমান'। বিধবা হয়ে তিনি কাটিয়ে দেন আরও অনেকগুলো বছর। তিনি এতো সুন্দরি ছিলেন না, বয়স হয়ে গিয়েছিলো অনেক। কিন্তু রাসুলুল্লাহ তাকে বলেছেন তিনি একজন জান্নাতি নারী। একদিন রাসুলুল্লাহ ঘোষণা করেলন যে, "তোমাদের কেউ যদি জান্নাতের অধিকারিণী কোন মহিলাকে বিয়ে করতে চায় সে যেনো উম্মু আইমানকে বিয়ে করে"। সুবহানআল্লাহ, ইসলাম এভাবেই একেকজনের মর্যাদা বাড়িয়ে দিয়েছিলো যেখানে মক্কার এলিট শ্রেণীর মানুষেরা ব্যস্ত ছিলো কিভাবে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দমন করা যায় এসব নিয়ে। এই ঘোষণা শোনার পর 'যাইদ ইবনে হারিসা' (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করেন। এই ঘরে জন্ম নেন মুসলিম উম্মাহর অন্যতম এক সাহসী সেনাপতি 'উসামা ইবনে যাইদ' (রাদ্বি আল্লাহু আনহু)। . তার প্রথম পুত্র 'আইমান' (রাদ্বি আল্লাহু আনহু) হুনাইন যুদ্ধে শহীদ হোন। . দুই হিজরতের সৌভাগ্য যেই গুটিকয়েক জনের হয়েছিলো, তার মধ্যে উম্মু আইমান (রাদ্বি আল্লাহু আনহা) একজন। প্রথমে হাবাশায় তারপর সেখান থেকে মক্কায় ফিরে এসে স্বামীর সাথে দ্বিতীয় হিজরত করেন মদিনায়। . কয়েকটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। যুদ্ধের ময়দানে সৈনিকদের পানি পান করানো ও আহতদের সেবা করায় নিয়োজিত ছিলেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মু আইমানকে (রাদ্বি আল্লাহু আনহা) যথেষ্ট সমাদর ও সম্মান করতেন। উম্মু আইমান (রাদ্বি আল্লাহু আনহা) ছিলেন সরল বুদ্ধির মানুষ। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সাথে মাঝেমধ্যে মজা করতেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শেষ জীবন অব্দি সর্বদা তিনি তার পাশে ছিলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পর তিনি ভীষণ কষ্ট পেয়েছিলেন। অনেক কাঁদতেন তিনি। রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে) অনেক অনেক ভালোবাসতেন তিনি। ইসলামের তৃতীয় খিলাফত পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিলো উম্মু আইমানের (রাদ্বি আল্লাহু আনহা)। উসমান ইবনে আফফানের (রাদ্বি আল্লাহু আনহা) খিলাফতের সময় তিনি মৃত্যু বরণ করেন। . তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বংশের কেউ ছিলেন না, কুরাইশদের মধ্য থেকেও ছিলেন না, দাসী হয়ে ছিলেন মক্কায়, সমাজে ছিলো না তার কোন ভ্যালু কিন্তু ইসলাম তাকে দিয়েছে উচ্চতম মর্যাদা, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখ থেকে শুনেছিলেন একটি সুসংবাদ আর সেটি হলো 'জান্নাতের অধিকারিণী'। . 'বারাকা/উম্মু আইমান (রাদ্বি আল্লাহু আনহা)'