Chapter 45 of 50
আ'মর ইবনে আল আ'স (রাঃ)
12 min read
তিনি ছিলেন একজন দুর্দান্ত কূটনীতিবিদ, যিনি কি-না ইসলাম ধর্মগ্রহণ করেন একজন বাদশাহর দাওয়াতে। . কুরাইশ বংশে জন্ম তার, বেড়ে উঠা মক্কায়। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হওয়ার কারণে জীবন অতিবাহিত হতো এলিট শ্রেণীর মতন, শিক্ষা-দীক্ষাও ছিল তাই তো আরবের মধ্যে তার নাম ছড়িয়ে পড়েছিল। আল আস ধনী ব্যক্তি, সন্তানকে সে ভালো শিক্ষা দিবে এটাই স্বাভাবিক, বড় বড় তিনি হয়ে উঠেন কুরাইশদের মধ্যমণি, কুরাইশদের অন্যতম শ্রেষ্ঠ কুটনীতিবিদ 'আ'মর ইবনে আল আ'স' (রাদ্বি আল্লাহু আনহু) . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবুওয়ত পেয়ে সবার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেয়ার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) সেই দাওয়াতে সাড়া দেননি, হয়তো তিনি তার মতনই জীবন-যাপন করছিলেন . এদিকে মক্কায় মুসলিমদের উপর অত্যাচারের ঝড় আরও বেড়ে গেলে মুসলিমদের একটি দল রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুমতি নিয়ে হাবাশায় হিজরত করে। এই খবর কুরাইশ নেতাদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা রাগান্বিত হয় ও অপমানিত বোধ করে কারণ তারা মেনে নিতে পারছিল না যে তাদেরই লোকেরা অন্য জায়গায় চলে যাবে। . হাবাশা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কুরাইশদের নেতারা উঠেপড়ে লাগলো, কাকে পাঠাবে কাকে পাঠাবে চিন্তাভাবনা করে তারা দেখলো যে এখনই সময় তাদের অন্যতম শ্রেষ্ঠ কুটনীতিবিদকে কাজে লাগানো। তারা আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) প্রতিনিধি দলের প্রধান করে হাবাশায় পাঠানোর সিদ্ধান্ত নিলো। . কূটনৈতিক বিষয়ে আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন খুব পারদর্শী। তিনি যাওয়ার আগে কী করলেন, উপহার সামগ্রী নিয়ে নিলেন তার সাথে। তার দল নিয়ে চললেন হাবাশার উদ্দেশ্যে। হাবাশায় উপনীত হওয়ার পর সরাসরি নাজ্জাশীর কাছে না গিয়ে ঘুষখোর যে মানুষগুলো নাজ্জাশীর আসে পাশে বসতো তাদের কাছে গেলেন। তাদেরকে উপহার সামগ্রী দিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসলেন। . পরে তিনি নাজ্জাশির কাছে উপনীত হয়ে বলেন যে, তাদের এলাকার কিছু লোক তাদের বাপ-দাদাদের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে এবং এখানে তারা পালিয়ে এসেছে। এখন তাদের গোত্রের মানুষেরা তাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে তাই আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছে। . কথা শুনে নাজ্জাশির আশেপাশে থাকা লোকেরা আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) কথায় সায় দিলো। এতে নাজ্জাশী আরও ক্ষেপে যায় কারণ তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাষক! এক পক্ষের কথা শুনে তিনি কখনো ফয়সালা দিতেন না। তিনি মুসলিমদের আসা ছোট্ট দলকে তার দরবারে ডাকলেন। . এখন মুসলিমদের মধ্যে একটা ব্যপার নিয়ে সমস্যা দেখা দিলো যে তারা কী বলবে নাজ্জাশিকে, সব মিলিয়ে ঠিকঠাক হলো যে তারা সত্যটাই বলবে এবং তাদের হয়ে কথা বলবেন 'জাফর ইবনে আবী তালিব' (রাদ্বি আল্লাহু আনহু)। . নাজ্জাশির দরবারে যাওয়ার পর জাফর (রাদ্বি আল্লাহু আনহু) নাজ্জাশির সামনে একটি জ্বালাময়ী ভাষণ দেন যা ইসলামের ইতিহাসের পাতায় স্বর্ণের কালি দ্বারা লিখিত আছে। তিনি বলেন 'আমরা ছিলাম মূর্তিপূজক, আমরা আমাদের মেয়ে সন্তানদেরকে জ্যান্ত কবর দিতাম, আমাদের ছিল খারাপ আচার-আচরণ, আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, আমরা একে অন্যের সাথে মারামারি করতাম, আমরা মৃত জীব-জন্তু খেতাম, আমরা অনৈতিকতায় লিপ্ত ছিলাম ইত্যাদি তারপর আল্লাহর আমাদের মধ্য থেকে একজনকে প্রেরণ করলেন, আমরা তার বংশ, পরিবার, সত্যতা ইত্যাদি সম্পর্কে অবহিত, তিনি আমাদেরকে আল্লাহর পথে চলার জন্য আহবান জানালেন, তিনি এক আল্লাহর ইবাদত করার জন্য শিক্ষা দিলেন, আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করার নির্দেশ দিলেন, তিনি খারাপ কাজ থেকে দূরে সরে থাকার নির্দেশ দিলেন ইত্যাদি এবং তার কাছে আল্লাহ কুরআন নাজিল করেন, আমরা তাকে অনুসরণ করি। এই জন্য আমাদের গোত্রের লোকেরা আমাদের উপর অত্যাচার করে, তারা আমাদেরকে মূর্তিপূজাতে ফিরে যাওয়ার জন্য জোরজবরদস্তি করতে থাকে। কুরআন নাজিলের কথা শুনে, নাজ্জাশি কোরআনের আয়াতসমূহ শোনার ইচ্ছা ব্যক্ত করলে জাফর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তার সুললিত কন্ঠে "সূরাহ মরিয়াম"-এর প্রথমাংশ তিলাওয়াত করে শুনান। সুবহানাল্লাহ, দেখুন জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) তীক্ষ্ণ বুদ্ধি, তিনি খ্রিস্টান বাদশাহের সামনে সূরাহ মরিয়ম পাঠ করে শুনিয়েছিলেন। তিলাওয়াত শুনার পর নাজ্জাশি খুব ইমোশনাল হয়ে যান, সাথে তার আশেপাশে বসা লোকেরাও, তাদের গাল বেয়ে অশ্রুপাত হতে থাকে। . নাজ্জাশি মক্কা থেকে আগত প্রতিনিধিদেরকে চলে যেতে বলেন এবং মুসলিম দলকে তার এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য অনুমতি দেন। এদিকে আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তো নাছোড়বান্দা, তিনি হাল ছাড়লেন না। দরবার থেকে বের হয়ে উচ্চস্বরে বললেন যে কাল তিনি আবার আসবেন নতুন একটা প্ল্যান নিয়ে। . পরেরদিন প্ল্যান নিয়ে হাজির আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু)। এবার তিনি উপস্থাপন করলেন মুসলিমদের ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাকে নিয়ে বিশ্বাসের কথা। আবারও মুসলিম দলকে ডাকা হলো নাজ্জাশির দরবারে, এবার তো বিপদ আরও বেশী কারণ খ্রিস্টানদের যে বিশ্বাস তা মুসলিমদের সাথে সাংঘর্ষিক। কিন্তু মুসলিম অটল রইলো, তারা সত্যটাই বলবে বলে সিধান্ত নিলো। . জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) সবার পক্ষ থেকে কথা বলার জন্য অগ্রসর হন। নাজ্জাশি তাকে ঈসা আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালাম সম্পর্কে কী বিশ্বাস রাখো বলার জন্য বলেন। তিনি বলেন 'আমাদের নবী তার সম্পর্কে যা বলেন তার অতিরিক্ত আমরা কিছু বলিনা।' নাজ্জাশি কী তা জিজ্ঞেস করলে জাফর (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দেন এই বলে যে, 'তিনি আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। তাকে জন্ম দিয়েছেন কুমারি ও পবিত্র নারী মরিয়ম।' নাজ্জাশি তা শুনে উচ্চস্বরে বলে উঠেন, আমিও এটা বিশ্বাস করি। তারপর নাজ্জাশী মক্কা থেকে আসা লোকেদের অপমান করে তাড়িয়ে দিলেন, সাথে ফেরত দিলেন তাদের দেয়া উপহার সামগ্রী। তিনি মুসলিমদেরকে পরিপূর্ণ নিরাপত্তার সহিত তার এলাকায় বসবাসের সুযোগ করে দিলেন। আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তখন ব্যর্থ হয়ে মক্কায় ফিরে আসেন। . মুসলিমদের বিরুদ্ধে মক্কা বিজয়ের আগ পর্যন্ত যে যে যুদ্ধ হয়েছে তিনি সব কটায় অংশগ্রহণ করেছেন। . খন্দকের যুদ্ধে যখন মুসলিমদের সাথে হেরে সম্মিলিত বাহিনী যার যার বাড়িতে ফিরে গিয়েছিল। আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) বাড়ি ফিরে এসে ভাবতে লাগলেন, তার মনে যেন আলোর ছিটেফোঁটা উঁকি দিচ্ছে, তিনি ভাবলেন মক্কা বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি তার কয়েকজন বন্ধুদেরকে ডাকেন এবং বলেন যে, আমাদের এখন মক্কা ছেড়ে চলে যাওয়া উচিৎ কারণ ভবিষ্যতে দুটো জিনিস হতে পারে। ১)রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যদি মক্কা বিজয় করেন তাহলে আমি তো বেঁচে গেলাম, হাবাশায় আরাম-আয়েশে বসবাস করলাম আর আমি থাকার জন্য ব্যবস্থা করতে পারবো কারণ আমি তাকে চিনি ভালো করে। ২)আর যদি কুরাইশরা বাই চ্যান্স জিতে যায় তাহলে আমাদের তো সমস্যা নেই আমরা আবার ফিরে এসে বসবাস করতে পারবো। . তার কথা শুনে তার বন্ধুবান্ধব রাজি হন এবং তারা হাবাশায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যার যার দরকারী জিনিসপত্র নিয়ে তারা চলেন হাবাশায়। . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আ'মর ইবনে উমাইয়্যাকে (রাদ্বি আল্লাহু আনহু) হাবাশায় পাঠিয়েছেন, যারা সেখানে রয়ে গিয়েছিল তাদেরকে নিয়ে আসার জন্য। আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) তাকে দেখে ফেলেন এবং তার সাথে পূর্বের শত্রুতা থাকায় রক্ত আরও গরম হয়ে গেল। তিনি তার বন্ধুদেরকে বললেন যে, তাকে হত্যা করতে হবে যার জন্য তিনি নাজ্জাশির কাছে যাচ্ছেন অনুমতি নেয়ার জন্য। . তিনি নাজ্জাশির দরকার উপনীত হয়ে হাবাশায় থাকার জন্য অনুমতি চাইলে নাজ্জাশী তাকে অনুমতি দেন। তারপর আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আ'মর ইবনে উমাইয়্যার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সামনাসামনি লড়ে যেতাম। আ'মর ইবনে আল আ'সের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শুনে নাজ্জাশী রেগেমেগে একাকার, রাগের ছাপ ভয়ংকরভাবে দেখতে পেলেন আ'মর (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি নাজ্জাশির রাগ দেখে আশা করছিলেন যে পৃথিবী তাকে গিলে ফেলুক। তিনি সাথে সাথে নাজ্জাশির ক্রোধ নামানোর জন্য চেষ্টা করে যেতে লাগলেন। তিনি বিনয়ের সাথে বলেন যে, আমি যদি জানতাম এই অবস্থা হবে আমি আপনার কাছে অনুমতি চাইতাম না। ক্রোধ কমে গেলে নাজ্জাশী বলেন যে, তুমি কি চাও যে মানুষের কাছে রূহুল কুদুস আশা যাওয়া করেন তার দূতকে তোমার হাতে তোলে দিবো ক্ষতি করার জন্য? এই কথা শুনে শ্রেষ্ঠ কুটনীতিবিদ আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) বুঝতে পারলেন নাজ্জাশী একজন মুসলিম, তারপর তিনি নাজ্জাশীকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য? নাজ্জাশী বলেন যে, হ্যাঁ, এটাই সত্য এবং তিনিই বিজয়ী হবেন যেমনটা মূসা আলাইহিসসালাম ও তার কাওম বিজয়ী হয়েছিল ফেরাউনের উপর। এবার নাজ্জাশী আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের দাওয়াত দিতে লাগলেন, আ'মরের (রাদ্বি আল্লাহু আনহু) হৃদয়ে উঁকি দেয়া আলো আজ যেন পূর্ণরূপে হৃদয়ে প্রবেশ করলো। তিনি সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করে ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। . ইসলাম ধর্মগ্রহণ করে তিনি তার বন্ধুদের কাছে ফিরে আসেন কিন্তু কাউকে কিছু জানালেন না। সুযোগ বুঝে তিনি তার বাহন নিয়ে ছুটলেন মদিনার দিকে যেখানে আছে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। . মদিনায় গিয়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে মিলিত হলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার আগমনে অত্যন্ত খুশী হলেন। রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বায়াত দেয়ার সময় তিনি বলেন যে আমি একটি শর্তে বায়াত দিবো আর সেটা হলো, আমার পূর্বের সকল গুনাহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ইসলাম পূর্বের সকল গুনাহ মুছে দেয়। এই কথা শুনে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাতে বায়াত দেন। . একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খবর পাঠালেন, আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) যেন পোশাক পরে অস্ত্র সজ্জিত হয়ে একনই হাজির হয়। নির্দেশ মত আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে হাজির হলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অজু করেছিলেন, তিনি চোখ তুলে তাকালেন। তারপর চোখ নীচু করে বললেন, তোমাকে আমীর বানিয়ে পাঠাতে চাই। ইনশাআল্লাহ তুমি নিরাপদ থাকবে এবং প্রচুর গনীমাত লাভ করবে। সেই গনীমাত থেকে তুমিও একটা অংশ পাবে। সঙ্গে সঙ্গে আমর বলে ওঠেন, ইয়া রাসুলুল্লাহ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমি সম্পদের লোভে ইসলাম গ্রহণ করিনি বরং তা গ্রহণ করেছি অন্তরের টানে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘পবিত্র সম্পদ সত্যনিষ্ঠ মানুষের জন্যই উত্তম।’ . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে তার জীবন অতিবাহিত হতে থাকে। একটি অভিযানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে মিলিটারি কমান্ডার বানিয়ে পাঠালেন। আ'মরের (রাদ্বি আল্লাহু আনহু) টেকনিক ছিল একদম আলাদা, তিনি তার দল নিয়ে দিনের বেলা যাত্রা না করে সারারাত ধরে যাত্রা করলেন কোন আলোর মশাল ছাড়া যাতে শত্রুপক্ষরা টের না পায়। প্রতিপক্ষের নিকট গিয়ে বুঝলেন যে মদিনা থেকে আরও সৈন্যবাহিনী দরকার, তাই দূত পাঠালেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন আবু উবাইদাহর (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে আরও সৈন্য প্রেরণ করেন। দুই দল মিলিত হওয়ার পর আমীর কে সেটা নিয়ে একটা কথা উঠলো তখন আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, তিনিই আমীর কারণ তাকেই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রধান করে পাঠিয়েছেন এবং সাহায্যকারী দল তার আন্ডারে থাকবে এটাই স্বাভাবিক। আবু উবাইদাহ (রাদ্বি আল্লাহু আনহু) তখন আ'মরকে (রাদ্বি আল্লাহু আনহু) নেতা হিসেবে গ্রহণ করেন এবং তিনি সালাতের ইমামতি করেন। তখনকার সময় যিনি নেতা তিনিই সালাতে ইমামতি করতেন। এবং তারা এই অভিযানে বিজয়ী হন তারপর মদিনায় ফিরে আসেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার প্রতি এতো ভালোবাসা ও মুগ্ধকর আচরণ দেখে আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) ভাবলেন যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকেই মনে হয় সবচেয়ে বেশী ভালোবাসেন। তাই একদিন আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন 'আপনি কাকে সবচেয়ে বেশী ভালোবাসেন?' প্রশ্নের জবাবে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন 'আয়িশা' (রাদ্বি আল্লাহু আনহা)। এই কথা শোনার পর আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, না আমি বলছি পুরুষদের মধ্যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, আয়িশার (রাদ্বি আল্লাহু আনহা) বাবা, তারপর? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, উমার (রাদ্বি আল্লাহু আনহু), তারপর? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, উসমান (রাদ্বি আল্লাহু আনহু)। এভাবে জিজ্ঞেস করতে করতে তিনি জিজ্ঞেস করা বন্ধ করে দিলেন কারণ তিনি বুঝলেন যে তার নাম লিস্টে আসতে অনেক দেরী। . আ'মরের ঈমান ছিল অনেক মজবুত যার সাক্ষী খোদ্ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়েছেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন 'লোকেরা ইসলাম গ্রহণ করেছে আর আ'মর ঈমান এনেছে'। . মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বর্তমান ওমানের দিকে অভিযানে মিলিটারি কমান্ডার করে পাঠিয়ে দেন। তিনি সেই অঞ্চল বিজয় করেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সেখানের ওয়ালি হিসেবে নিযুক্ত করেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর সময় তিনি মদিনায় ছিলেন না। . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) খলিফা নিযুক্ত হওয়ার পর মুসলিম বাহিনীকে বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন। তিনি আ'মরকেও (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। তিনি ইয়ার্মুকের যুদ্ধে অংশগ্রহণ করেন। বীর বিক্রমে লড়ে যান সেখানে, সেদিন তিনি ও তার ভাই শহীদী মৃত্যু চেয়েছিলেন কিন্তু তার ভাইয়ের ভাগ্যে সেটা জুটেছিল। সিরিয়া বিজয়ের অন্যতম একজন জিনিয়াস হিসেবে আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) ধরা হয়। শামের অনেক অঞ্চলে মুসলিমরা আ'মরের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে বিজয় অর্জন করে। . জেরুজালেম বিজয়ের পর মুসলিমরা আমীরুল মূমিনিন উমারের (রাদ্বি আল্লাহু আনহু) আগমনের অপেক্ষায় ছিলেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) জেরুজালেম এসে চাবি গ্রহণ করেন। আ'মর ইবনে আল আ'স (রাদ্বি আল্লাহু আনহু) জাহিলিয়াত যুগে মিশরে যাতায়াত করতেন বিধায় তার আগ্রহ ছিল তা বিজয় করা এবং যাতে রোমানরা কোন প্রকার আঘাত আনতে না পারে সেটাও তার চিন্তাধারায় ছিল। তিনি উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) মিশর বিজয়ের জন্য বললে উমার (রাদ্বি আল্লাহু আনহু) রাজি হলেন না। কিন্তু আ'মরের (রাদ্বি আল্লাহু আনহু) বারবার বলায় তিনি রাজি হলেন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে ৪০০০ সৈন্য দিয়ে পাঠিয়ে দিলেন মিশরের দিকে। এদিকে উমারের (রাদ্বি আল্লাহু আনহু) দরকার পড়লো এই সৈন্যদেরকে অন্য জায়গায় পাঠানোর জন্য। তিনি আ'মরকে (রাদ্বি আল্লাহু আনহু) চিঠি লিখে বলেন যে, 'যদি তোমরা মিশরে না প্রবেশ করো তাহলে ফিরে আসো।' দূত চিঠি যেদিন দিল সেদিন আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) ও তার বাহিনী মিশরে ঢুকে পড়েছে তাই তারা আর ফিরে না গিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। . মিশরের দিকে যেতেই আস্তে আস্তে সব অঞ্চল চলে আসে ইসলামের ছায়াতলে। মুসলিমরা বীর বিক্রমে এগিয়ে যেতে থাকে, একসময় তাদের সামনে আসে বহুল আকাঙ্ক্ষিত শহর 'আলেকজান্দ্রিয়া'। মুসলিমদের এই শহর বিজয় করতে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়েছিল, আল্লাহর সাহায্য থাকার কারণে তারা কম সৈন্য নিয়ে এই শহর বিজয় করেছিল। তারপর উমার (রাদ্বি আল্লাহু আনহু) আ'মর ইবনে আল আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) মিশরের গর্ভনর হিসেবে নিযুক্ত করলেন। . আমীরুল মূমিনিন উসমান (রাদ্বি আল্লাহু আনহু) খলিফা হওয়ার একটা সময়ে তিনি আ'মরকে (রাদ্বি আল্লাহু আনহু) মিশরের গভর্নর থেকে অপসারণ করে অন্য একজনকে নিযুক্ত করেন। . আলী (রাদ্বি আল্লাহু আনহু) ও মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) মধ্যকার যে যুদ্ধ হয় তাতে তিনি মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) পক্ষে ছিলেন। . খারেজিরা আলী (রাদ্বি আল্লাহু আনহু), আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) ও মুয়াউইয়াহকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করার জন্য প্ল্যান করে, সেই প্ল্যানে তারা আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করতে সফল হয়। আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) অসুস্থ থাকার কারণে মসজিদে যাননি যার কারণে তার স্থানে আরেকজন সালাত পড়াচ্ছিলেন, খারেজি নেতা তাকে আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) মনে করে আক্রমণ চালিয়ে হত্যা করে দেখে যে তিনি আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) নন। . আলীর (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুর পর মুয়াউইয়াহ (রাদ্বি আল্লাহু আনহু) খলিফা হন, তিনি আ'মরকে (রাদ্বি আল্লাহু আনহু) আবারও মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। সেখানে তিনি তার মৃত্যু অব্দি অবস্থান করেন। মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) শাসনামলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে, পাড়ি জমান আল্লাহর কাছে। . আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণ করার পর তার জীবনের সিংহভাগ কেটেছে যুদ্ধের ময়দানে। জ্ঞান, বুদ্ধিমত্তা ও রাজনৈতিক প্রজ্ঞার দিক দিয়ে আ'মর (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন আরবের অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তি। মৃত্যুর পূর্বে তিনি তার জীবনের তৃতীয়ভাগ নিয়ে আক্ষেপ করেছিলেন এবং কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করার সৌভাগ্য হয়েছিল তার। . 'আ'মর ইবনে আল আ'স' (রাদ্বি আল্লাহু আনহু)