Chapter 17 of 50
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)
4 min read
কয়েকজন সাহাবী জনসম্মুখে ক্বাবার সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করার ব্যপারে চিন্তা করছিলেন কিন্তু কারোর সাহসে দিচ্ছিলো না। তখন হালকা-পাতলা, চিকন, খাটো আকৃতির একজন লোক দাঁড়িয়ে বললেন তিনি পারবেন। তাকে অনুমতি দেওয়া হলো। ক্বাবার কাছে দারুন নদওয়াতে বসা মক্কার এলিট শ্রেণীর নেতাদের সামনেই তিনি কোরআনের সূরাহ আর-রহমান পাঠ করেন। তিনিই হলেন ইসলামের ইতিহাসে প্রথম জনসম্মুখে কোরআন তেলাওয়াতকারী। . তিনি মক্কায় জন্মগ্রহণ করেন, সেখানে বসবাস করা সত্ত্বেও তিনি ছিলেন মাউলা কারণ তারা বাবা কুরাইশ বংশের ছিলেন না কিন্তু তার মা ছিলেন কুরাইশ বংশের। তাই তাকে কুরাইশদের মতন আচরণ করা হতো না আবার দাস-দাসীদের মতনও আচরণ করা হতো না। তিনি কুরাইশদের থেকে নিজেকে দূরে রাখতেন, মেষ চড়াতেন এবং টাকা রোজগার করে তার জীবন চালাতেন, একদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তার পাশ দিয়ে যাচ্ছিলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, এমন কোন মেষ আছে কি-না যা দুধ দেয়, মাসউদ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, এই মেষ তার না তাই তিনি দিতে পারবেন না। কথা শুনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে এমন একটি মেষ দেখিয়ে দাও যে আর দুধ দেয় না। তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখিয়ে দিলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মেষের ওলানে হাত রেখে দোয়া করলেন এবং তা দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেলো, এসব কিছু মাসউদের (রাদ্বি আল্লাহু আনহু) সামনেই ঘটছিলো। তারপর তারা তিন জন দুধ পান করলেন। তাতক্ষনীক আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, আপনি মুখে কি বলেছেন আমাকে শিখিয়ে যান। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বিচক্ষণ বালক বলে অবহিত করেন এবং তিনি যে দোয়া করছিলেন তা বুঝালেন এবং ইসলামের দাওয়াত দিলেন এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বি আল্লাহু আনহু) সাথেসাথেই ইসলাম গ্রহণ করেন। . ইসলাম গ্রহণের পর তার উপর ঐ রকমভাবে অত্যাচার নেমে আসেনি। কিন্তু চোখের সামনে অন্যদের উপর কুরাইশদের করা নির্মম অত্যাচার দেখেছেন কিন্তু কিছুই করার ছিল না দোয়া করা ছাড়া বা অত্যাচারীদের বিরুদ্ধে বদ-দোয়া করা ছাড়া। উকবা ইবনে আবী মুয়াইত যেদিন উটের নাড়িভুঁড়ি নিয়ে এসে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পবিত্র শরীরের উপর সিজদারত অবস্থায় ঢেলে দেয় তা তিনি নিজ চোখে দেখেছিলেন কিন্তু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোন রাস্তাও ছিলো না তার। তিনি অন্য একজনকে দিয়ে ফাতিমার (রাদ্বি আল্লাহু আনহা) কাছে খবর পাঠালেন, তিনি দৌঁড়ে এসে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শরীর থেকে তা সরিয়ে দেন। . ক্বাবার সামনে জনসম্মুখে কোরআন তেলাওয়াত করার পর, কুরাইশরা তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, হুশে ফেরার পর যখন সবাই বলাবলি করলেন তোমাকে একজন্য না যেতে বলেছি, তিনি জবাব দিয়েছিলেন, আল্লাহর কসম! আমি আবারও যাবো এবং তাদের সামনে কোরআন পাঠ করবো। . মক্কায় থাকা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একসময় হাবাশায় হিজরত করেন পরে সেখান থেকে ফিরে আসেন মক্কায়। কিছুসময় থাকার পর মদিনায় হিজরতের অনুমতি আসলে তিনিও পাড়ি জমান মদিনায়। সেখানে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাশে ছায়ার মতন থেকেছেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যু অব্দি। তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খাদিম হয়ে যান, সব সময় তাকে কাজে সাহায্য করতেন এবং সর্বদা রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যক্তিগত জিনিসপত্র বহন করতেন। তিনি খোদ রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে শিক্ষালয়ে শিক্ষালাভ করেন। তাই সাহাবিদের মধ্যে যারা সবচেয়ে বেশী কোরআনের পাঠক, তার ভাব ও অর্থের বেশী সমঝদার এবং আল্লাহর আইন ও বিধি-বিধানে সবচেয়ে বেশী অভিজ্ঞ সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন। বলা যেতে পারে সিনিয়র সাহাবিদের মধ্যে অন্যতম একজন 'বিজ্ঞ স্কলার' ছিলেন তিনি। তার আচার-আচরণও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে অর্জিত। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে তিনি আবু জেহেলের মৃত্যুর পূর্বে তার উপর তরবারির শেষ ঘা আঘাত করেন। উহুদ যুদ্ধে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে তরবারি নিয়ে ঘিরে রেখে ছিলেন এবং তার ছায়া থেকে তিনি এক মুহুর্তের জন্যও সরে যাননি। . একরাতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উমার (রাদ্বি আল্লাহু আনহু) ও আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের (রাদ্বি আল্লাহু আনহু) সালাতরত অবস্থায় তিলাওয়াত শুনছিলেন, তারা তখন পিছনে ছিলেন। শেষে তিনি যখন দোয়া করতে শুরু করলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন,"চাও এবং তোমাকে তা দেওয়া হবে, চাও এবং তা তোমাকে দেওয়া হবে" তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেলেন, "যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন পাঠ করে আনন্দ পেতে চায়, যেমন তা অবতীর্ণ হয়েছে, সে যেনো ইবনে উম্মু আব্দের পাঠের অনুরূপ কোরআন পাঠ করে।" এবং এই উম্মু আব্দ হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাদ্বি আল্লাহু আনহু)। . কুফা বিজয়ের পর উমার (রাদ্বি আল্লাহু আনহু) আব্দুল্লাহ ইবনে মাসউদকে (রাদ্বি আল্লাহু আনহু) কুফায় পাঠান এবং তার কাছ থেকে শিক্ষাগ্রহণের নির্দেশ দেন, বলা যেতে পারে উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে কুফার গ্র্যান্ড মুফতি করে পাঠিয়েছিলেন। কুফা হয়ে ওঠে মুসলিম বিশ্বের অন্যতম এক শিক্ষাস্থান। সেখানে তিনি তার জীবন অতিবাহিত করতে লাগলেন। তার কাছে তার নিজের হাতে লেখা কোরআন ছিল। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে সরাসরি তিনি ৭০টি সূরা মুখস্ত করেন এবং পরবর্তী জীবনে অনেক হাদীস বর্ননা করেন। উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের (রাদ্বি আল্লাহু আনহু) ছাত্ররা তার লিগ্যাসি অনেক দূর নিয়ে যান, তার লিগ্যাসির পরবর্তী প্রজন্মের একজন হলেন ইমাম আবু হানীফা (রাহিমাহুল্লাহ)। আব্দুল্লাহ ইবনে মাসউদের (রাদ্বি আল্লাহু আনহু) কিরায়া পুরো মুসলিম বিশ্বে সবচেয়ে প্রসিদ্ধ। . মক্কায় মেষ চড়ানো বালক ইসলাম গ্রহণের মাধ্যমে পরবর্তীতে হয়ে উঠেন ক্বারী, আলীম, আবীদ, যাহীদ, কর্মঠ, বিচক্ষণ ও কঠিন মুহুর্তে অগ্রগামী এক মুজাহিদ। . 'আব্দুল্লাহ ইবনে মাসউদ' (রাদ্বি আল্লাহু আনহু)