Chapter 33 of 50
আসমা বিনতে উমাইস (রাঃ)
5 min read
তিনি হলেন বিখ্যাত নারী সাহাবাদের অন্যতম একজন। . জন্ম ও বেড়ে উঠা পবিত্র ভূমি মক্কায়। তার আরেক পরিচয় হলো তিনি আম্মাজান মাইমুনার (রাদ্বি আল্লাহু আনহা) বোন। ইসলাম আসার আগে তিনি বিয়ে করেন দুই ডানাওয়ালা বিশিষ্ট ব্যক্তি খ্যাত সাহাবী 'জাফর ইবনে আবী তালিবকে' (রাদ্বি আল্লাহু আনহু)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন নবুওত পেয়েছেন। তিনি প্রাইভেটলি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। তিনি জাফরকে (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের দাওয়াত দেন, জাফর (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন বিচক্ষণ একজন ব্যক্তি, তিনি সাথে সাথে তা গ্রহণ করেন এবং বাড়ি গিয়ে তার স্ত্রীকে ইসলামের দাওয়াত দেন, তিনিও তা গ্রহণ করেন। তার স্ত্রীর নাম হলো 'আসমা বিনতে উমাইস' (রাদ্বি আল্লাহু আনহা)। . ইসলাম ধর্মগ্রহণ করেছেন সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে অত্যাচারের ঝড় তাদের উপর নেমে আসে। কুরাইশদের বংশের হওয়ায় তাদের উপর শারীরিক অত্যাচার না এসে, মানষিক অত্যাচার আসে, যা ভয়াবহ রূপ নেয়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলিমদের একটি দল রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুমতি নিয়ে হাবাশা তথা আবিসিনিয়ায় হিজরত করার জন্য প্রস্তুত হতে থাকে। এতে যোগ দেন আসমা বিনতে উমাইস (রাদ্বি আল্লাহু আনহা) ও তার স্বামী জাফর ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু)। প্রিয় মাতৃভূমি ছেড়ে অচেনা-অজানা পরিবেশে কার যেতে ভালো লাগে? যেখানে নেই কোন আত্মীয়, নেই কোন বন্ধু-বান্ধব, নেই কোন অভ্যন্তরীণ সাহায্য, এক প্রকার অসহায় বলা যায়! . কিন্তু হাবাশায় হিজরত করা ছাড়া তাদের আর উপায় ছিল না। তারা সেখানে হিজরত করেন। হাবাশার নাজ্জাশি তাদেরকে স্বাগতম জানান এবং পূর্ণ নিরাপত্তা দিয়ে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দেন। স্বামী-স্ত্রী সেখানে কাটিয়ে দেন ১০টি বছর। হাবাশায় থাকাকালীন তাদের ঘরে জন্ম নেয় তিনটি ফুটফুটে সন্তান। . মদিনায় যখন মুসলিমদের শক্ত অবস্থান হয়ে গেল তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাবাশায় চিঠি পাঠিয়ে রয়ে যাওয়া মুসলিমদেরকে মদিনায় চলে আসার নির্দেশ দিলেন। চিঠি পেয়ে সাথে সাথে সবাই চলে আসলেন মদিনায়। . মদিনায় আসার পর সবাই তাদেরকে দেখতে আসলো, এদিকে উমারও (রাদ্বি আল্লাহু আনহু) আসলেন, তিনি আসমার (রাদ্বি আল্লাহু আনহা) উদ্দেশ্যে মজার ছলে হিজরতের দিক দিয়ে তারা এগিয়ে বলে ক্ষেপিয়ে দেন। আসমা (রাদ্বি আল্লাহু আনহা) তা শুনে বিরক্তির সাথে উমারকেও (রাদ্বি আল্লাহু আনহু) কিছু শুনিয়ে দেন। পরে তা যায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। তিনি শুনে বলেন যে, তারা এক হিজরত করেছে, আর তোমরা দুই হিজরত, এদিক দিয়ে তোমাদের মর্যাদা বেশী। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখ থেকে এমন সৌভাগ্যের কথা শোনে হাবাশা থেকে হিজরত করা সবাই উৎফুল্ল হয়ে উঠলেন, তারা বার বার এই কথা শোনার জন্য আসমার (রাদ্বি আল্লাহু আনহা) নিকট আসতে লাগলেন। . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তৈরি হচ্ছিলেন। আসমার (রাদ্বি আল্লাহু আনহা) স্বামী জাফরকে (রাদ্বি আল্লাহু আনহু) ২য় কমান্ডার বানিয়ে মূতার প্রান্তে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে প্রেরণ করলেন। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আল্লাহর রাস্তায় রওয়ানা দেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন মদিনায় বসে সবাইকে জানাচ্ছিলেন মূতার যুদ্ধে কী হচ্ছে না হচ্ছে। এরই মধ্যে তিনি বললেন যে, জাফরকে (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ করা হয়েছে। তিনি তার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হন। মসজিদ থেকে বের হয়ে তিনি সোজা চলে যান জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে। আসমা (রাদ্বি আল্লাহু আনহা) তখন ঘরে ছিলেন, তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখে অন্য পাশে চলে যান। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আসমার (রাদ্বি আল্লাহু আনহা) সন্তানাদির সাথে কিছু সময় কাটান। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুখে ব্যথার ছাপ দেখে আসমা (রাদ্বি আল্লাহু আনহা) তাকে জিজ্ঞেস করেন তার কী হয়েছে! অনেক পীড়াপীড়িতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ধৈর্য ধরার কথা বলে জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুর কথা বলেন। এতে আসমা (রাদ্বি আল্লাহু আনহা) মর্মাহত হয়ে কান্না শুরু করেন, থামানোর কোন উপায় ছিল না। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ও তার সন্তানাদিকে সান্ত্বনা দিয়ে চলে আসেন। . এদিকে জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে কান্নার রোল থামার নাম নেই। এক লোক এসে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই বিষয়ে অবগত করলো, তিনি তাকে বলে দিলেন তাদেরকে বলে দিতে যে তারা যেন এরূপ না করে। এই রকম তিন বার এই ঘটনার পুনরাবৃত্তি হলো কিন্তু থামলো না, তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা না করতে সরাসরি নিষেধ করেন। . বিধবা আসমা (রাদ্বি আল্লাহু আনহা) তার সন্তানাদি লালনপালন করে দিন কাটাচ্ছিলেন। এই মহীয়সী নারীকে তখন বিয়ের জন্য প্রস্তাব দেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম একজন, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অন্যতম সঙ্গী ও ইসলামের প্রথম খলিফা আবু বকর আস- সিদ্দিক (রাদ্বি আল্লাহু আনহু)। আসমা (রাদ্বি আল্লাহু আনহা) এই প্রস্তাবে রাজি হয়ে আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে তিনি তার সংসার সাজাতে থাকেন। তাদের ঘরে জন্ম নেন একজন পুত্র সন্তান যার নাম মুহাম্মদ ইবনে আবু বকর। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি হজ্জও করেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পর খলিফা হন আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু)। তার শেষ নিশ্বাস পর্যন্ত আসমা (রাদ্বি আল্লাহু আনহা) তার পাশে ছিলেন। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) মারা গেলে তিনি আবারও শোকে আক্রান্ত হয়ে পড়েন। . এই মহীয়সী নারীকে বিয়ে করার জন্য আসাদুল্লাহ খ্যাত সাহাবী ও ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু) প্রস্তাব দেন। আসমা (রাদ্বি আল্লাহু আনহা) প্রস্তাবে রাজি হয়ে তাকে বিয়ে করেন। আলীর (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে বেড়ে উঠেন জাফর (রাদ্বি আল্লাহু আনহু) ও আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) সন্তানাদি। একদিন জাফরের (রাদ্বি আল্লাহু আনহু) ছেলে মুহাম্মদ ইবনে জাফর ও আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) ছেলে মুহাম্মদ ইবনে আবু বকর নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ সেই কথা নিয়ে বিবাদ লেগে যায়। বিষয়টি উপভোগ করছিলেন আলী (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তাদের দু'জনকে আসমার (রাদ্বি আল্লাহু আনহা) কাছে নিয়ে গেলেন এবং ঘটনা খুলে বলে তাকেই ফয়সালা দিতে বললেন। আসমা (রাদ্বি আল্লাহু আনহা) ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমতী নারী। তিনি তার ছেলেদের পিতার মর্যাদা বর্ণনা দিয়ে তাদেরকে বুঝ দেন। আলী (রাদ্বি আল্লাহু আনহু) সুযোগ পেয়ে মজা করে আসমাকে (রাদ্বি আল্লাহু আনহা) বললেন, হ্যাঁ! আমার জন্য কিছু তো আর রাখলে না। . আলী (রাদ্বি আল্লাহু আনহু) যখন মুসলিম বিশ্বের খলিফা হলেন তখন তিনি তার ঘরে বেড়ে উঠা আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) সন্তান মুহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। আলীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে আসমার (রাদ্বি আল্লাহু আনহা) সংসার সুন্দরভাবে চলছিল, তারপর আলী (রাদ্বি আল্লাহু আনহু) কুফায় চলে গেলেন এবং সেখানে তাকে খারেজিদের এক নেতা বিষমাখা খঞ্জর দিয়ে আঘাত করে ফজ্বরের সালাতের সময়। এর কারণে কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুতে ব্যথিত আসমাও (রাদ্বি আল্লাহু আনহা) কিছুকাল পর মৃত্যুবরণ করেন। . 'আসমা বিনতে উমাইস' (রাদ্বি আল্লাহু আনহা)