Chapter 12 of 50
জুলাইবিব (রাঃ)
3 min read
বিংশশতাব্দীতে এসেও মানুষ এখনো বুঝে উঠতে পারলো না কি কি তাদের অধিকার। সভ্যতার চূড়ায় এসে অধিকার আদায়ের জন্য এখনও নাকি প্রখর রোদে বা বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে আন্দোলন করা লাগে। সমাজে আধুনিক সভ্যতা ঢুকিয়ে দিয়ে পশ্চিমারা এখন গভীর ঘুমে আছে, দুইদিন পর পর মানুষ ঘুম ভাঙানোর জন্য রাস্তায় নামে। এই যেমন কয়েকদিন আগে 'Black Lives Matters' নামে সভ্যতার কারখানা আমেরিকায় বয়ে গেলো এক প্রচন্ড ঝড়। সমাজে কৃষ্ণাঙ্গদের দাম কম, পড়াশোনা, চাকরি বাকরিতে সুযোগ কম, অবহেলার পাত্র হিসেবেই পড়ে আছে সমাজে এখন অব্দি। ১৪০০ বছর আগে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মানুষের মধ্যে সমতা করে দিয়েছিলেন, তাই ইসলামে স্বাজাতিকতা নেই। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন "আরবের উপর অনারবের এবং অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর আর কালোর উপর সাদার কোন মর্যাদা নেই। 'তাকওয়াই' শুধু পার্থক্য"। তাই তো আমরা সালাতে ধনী গরীব সাদা কালোরা কাধে কাধ মিলিয়ে সালাতে এক সাথে দাঁড়াই। . মদিনায় রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন এক ব্যক্তি বললো 'ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), "আমার কি আর জান্নাতে যাওয়ার পর বিয়ে হবে? আমি কালো বলে আজ আমাকে কেউ বিয়ে করছে না বা কেউ কারো মেয়েকে আমার সাথে বিয়ে দিচ্ছে না।" সেই ব্যক্তির নাম ছিলো জুলাইবিব (রাদ্বি আল্লাহু আনহু)। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে এক ব্যক্তির কাছে পাঠালেন তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। তিনি সেখানে গেলেন এবং বললেন 'রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন' কথা শেষ করার আগেই সেই লোক চিৎকার করে উঠলো 'আল্লাহু আকবার! আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিয়ের প্রস্তাব দিয়েছেন, এ তো খুশির খবর'। তারপর জুলাইবিব (রাদ্বি আল্লাহু আনহু) বললেন 'কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমার জন্য, উনার জন্য নয়' লোকটি কথা শুনে থ হয়ে গেলো। সে তার স্ত্রীকে গিয়ে সবকিছু খুলে বললো, স্ত্রী সাথে সাথে বললো 'জীবনেও আমার মেয়েকে তার সাথে বিয়ে দিবো না'। জুলাইবিব (রাদ্বি আল্লাহু আনহু) ব্যথিত মনে ফিরে আসলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। সেই লোকের মেয়ে যখন সবকিছু শুনলো, সে বললো যে "রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুরোধ কিভাবে আমরা ফেলবো? একজন মুসলীম অবশ্যই আল্লাহ ও তার রাসূলের ফয়সালার উপর কথা বলতে পারে না। আমি জুলাইবিবকে বিয়ে করবো" পরে সেই লোক রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে ক্ষমা চাইলো এবং তার মেয়েকে জুলাইবিবের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে বিয়ে দিতে রাজি হলো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, তোমার স্ত্রীর জন্য কিছু উপহার কিনে নিয়ো। কিন্তু তিনি ছিলেন অতন্ত গরীব, উসমান (রাদ্বি আল্লাহু আনহু) তাকে কিছু টাকা উপহার দিলেন, এই টাকা নিয়ে তিনি বাজারে গেলেন স্ত্রীর জন্য উপহার কিনতে। . বাজারে যাওয়ার পর শুনতে পেলেন 'হাইয়্যা আলাল জিহাদ, হাইয়্যা আলাল জিহাদ' ডাক হচ্ছে। তিনি তাৎক্ষণিক ভাবলেন এতোদিন আমি স্ত্রী খুঁজছিলাম আর আজ জিহাদ আমার সামনে। তিনি জিহাদে চলে গেলেন, দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুলাইবিবকে (রাদ্বি আল্লাহু আনহু) খুঁজতে লাগলেন এবং তাকে মৃত অবস্থায় পেলেন তার আশেপাশে ৭ জন ব্যক্তির দেহ পেলেন যাদের তিনি একাই হত্যা করেছেন। রাসুলুল্লাহ তার শরীর কোলে নিয়ে কান্না করলেন অনেকক্ষণ, চোখের পানি ঝর্ণার পানির মতন বয়ে চললো, হটাৎ তিনি হাসতে শুরু করলে এবং তার চেহারা ঘুরিয়ে নিলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার নিজের হাতে তাকে দাফন করলেন। . সাহাবিরা পরে যখন জিজ্ঞেস করেলন তিনি কেনো এমনটা করেছেন তিনি বললেন 'আমি কাঁদছিলাম আমার প্রিয় একজন দুনিয়া থেকে চলে যাওয়ায়, তারপর আল্লাহ তার পর আমাকে দেখালেন সে জান্নাহয় আছে তাই আমি হাসলাম এবং যখন দেখলাম যে হুররা তাকে নিয়ে টানাটানি করা শুরু করে দিলো তখন আমি আমার চেহারা ঘুরিয়ে নিলাম। মদিনায় বসবাস করা অজানা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি, যিনি কারো কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না, কিন্তু রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে অতন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইসলাম গ্রহণ করার কতদিন আর হবে এই দুনিয়ায় থেকেছেন, কিন্তু নসীব হয়ে গেলো মর্যাদাপূর্ণ মৃত্যু 'শহীদী মৃত্যু', পেয়ে গেলেন 'জান্নাহ'। . 'জুলাইবিব' (রাদ্বি আল্লাহু আনহু)।