Chapter 23 of 50
সা'দ ইবনে মুয়াজ (রাঃ)
7 min read
"ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার যা ইচ্ছা করুন, আমরা আপনার সাথে আছি। সেই সত্তার নামে শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন। যদি আপনি আমাদেরকে সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়বো" . মদিনাতে ইসলামের ছায়াতলে মানুষ দলে দলে প্রবেশ করছিল। সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) ক্ষোভকে সঙ্গ করে তরবারী হাতে ছুটলেন মুস'আব ইবনে উমাইরের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে। মুস'আব (রাদ্বি আল্লাহু আনহু) তাকে আহবান জানালেন তার কথা শোনার জন্য, বিষয়টাতে সায় দিলেন, বসে পড়লেন তার কথা শোনার জন্য। সা'দ ছিলেন বিজ্ঞ এক ব্যক্তি, মুস'আবের (রাদ্বি আল্লাহু আনহু) কথা তার অন্তরে প্রবেশ করলো, প্রবেশ করলেন ইসলামের ছায়াতলে। . সত্যের বাণী তো লুকানো যায় না, ছুটে গেলেন তার গোত্র আউসের অধীনে থাকা বানু আব্দীল আ্শহাল মানুষের কাছে, ইসলামের দাওয়াত দিলেন, সন্ধ্যার মধ্যেই তার গোত্রের বেশিরভাগ লোক ইসলাম ধর্মগ্রহণ করলো। . ইসলাম ধর্মগ্রহণের পর একদিন মক্কায় যান ব্যবসায়ের কাজের জন্য, তার বন্ধু ছিল উমাইয়্যা ইবনে খালাফ, তার বাড়িতে উঠলেন। তিনি তাকে বললেন তাওয়াফ কোন সময় করা যাবে ঝামেলা ছাড়া কারণ সবাই জানতো যে মদিনার বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মগ্রহণ করেছে আর তারা এটা মেনে নিতে পারে নি। তো, উমাইয়্যা বললো দুপুরে প্রখর রোদে করা যেতে পারে তাহলে কেউ দেখবে না আর ঝামেলাও হবে না। দুপুরে চললেন ক্বাবার উদ্দেশ্যে, পথে দেখা কুখ্যাত আবু জেহেলের সাথে, সে দেখে তো অবাক, ব্যাপার কি, পথ আটকালো, সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) থ্রেট দিতে শুরু করলো। জবাবে তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন যে তাদের ব্যবসায়িক কাফেলা কিন্তু মদিনা অতিক্রম করে যেতে হয়। এতে আবু জেহেলের স্বর কিছুটা নেমে আসে। . বদর যুদ্ধের দিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনসারদের প্রতিনিধি হিসেবে সা'দ ইবনে মুয়াজের হাতে পতাকার ঝান্ডা তুলে দেন। যুদ্ধের সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বার বার সবার পরামর্শ চাচ্ছিলেন, মুহাজিররা উত্তর দিচ্ছিলেন কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনসারদের মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিলেন তা টের পেয়ে ছিলেন সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি সেদিন এক জ্বালাময়ী ভাষণ দিলেন সবার উদ্দেশ্যে যা ইসলামের ইতিহাসে স্বর্ণের কালি দ্বারা লিখিত আছে। সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) বললেন "আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সত্যবাদী বলে জেনেছি, আর আমরা সাক্ষ্য দিয়েছি যে, যা কিছু আপনি নিয়ে এসেছেন তা সবই সত্য। আপনার কথা শোনার ও আপনার আনুগত্য করার আমরা অঙ্গীকার করেছি। ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার যা ইচ্ছা করুন, আমরা আপনার সাথে আছি। সেই সত্তার নামে শপথ যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন। যদি আপনি আমাদেরকে সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়বো। আমাদের একজনও পিছনে থাকবে না। আগামী কালই আপনি আমাদেরকে নিয়ে শত্রুর সম্মুখীন হোন, আমরা তাতে ক্ষুণ্ন হবো না। যুদ্ধে আমরা দুরুন ধৈর্যশীল, শত্রুর মুকাবিলায় পরম সত্যনিষ্ঠ। আল্লাহ আমাদের থেকে আপনাকে এমন আচরণ প্রত্যক্ষ করাবেন যাতে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা করে আমাদের সাথে নিয়ে আপনি অগ্রসর হোন। আমরা তাদের মত হবো না যারা মূসাকে (আলাইহিসসালাম) বলেছিল, আপনি ও আপনার রব যান এবং শত্রুর সাথে যুদ্ধ করুন, আর আমরা এখানে বসে থাকি। বরং আমরা বলি, আপনি ও আপনার রব যান, আমরা আপনাদের অনুসরণ করবো।" রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার এ কথা শুনে অতন্ত্য খুশী হলেন, আনসারদের জন্য দুআ করলেন। . উহুদ যুদ্ধে যখন কাফিররা দ্বিতীয় এট্যাক করলো তখন তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছায়ার মতন ছিলেন, তাকে ছেড়ে এক মুহুর্তের জন্য অন্যদিকে যাননি। ৭০ জন সাহাবী যুদ্ধে শহীদ হোন সেদিন, মুসলিমদের সবাই কান্না করছে তাদের প্রিয়জনকে হারানোর ব্যথায়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হামজার জন্য কাঁদার কেউ নেই। কথাটি সা'দের কানে গেলো তিনি তার গোত্রের সবাইকে নিয়ে এসে হামজার জন্য কান্না করার নির্দেশ দিলেন। পরে তা ইসলামে নিষিদ্ধ করা হয়। . মদিনায় বসবাসরত ৩ ইহুদি গোত্রের সাথে মুসলিমদের চুক্তি হয়। ২ গোত্রকে বের করে দেওয়া হয় চুক্তি ভঙ্গ কারণে রয়ে যায় বানু কুরাইজা। খাইবার যুদ্ধের সময় খবর আসলো যে বানু কুরাইজা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করে মক্কার কুরাইশদের নেতৃত্বে আসা বাহিনীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে খবর গেল, তিনি সা'দ ইবনে মুয়াজ (রাদ্বি আল্লাহু আনহু) ও সা'দ ইবনে উবাদাকে (রাদ্বি আল্লাহু আনহু) পাঠালেন খবর সঠিক কি না। তারা গেলেন বানু কুরাইজার কাছে এবং কৌশল খাটিয়ে বুঝে গেলেন যে তারা চুক্তি ভঙ্গ করেছে। তা শুনে মুসলিমদের ভেতরে আতঙ্ক চলে আসলো যা আল্লাহ কোরআনের সূরাহ আহযাবের ১০-১১ নম্বর আয়াতে বলেন "যখন তারা তোমাদের কাছে এসেছিল তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে আর যখন চোখগুলো বাঁকা হয়ে পড়েছিল এবং প্রাণ কন্ঠ পর্যন্ত পৌঁছেছিল। আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকম ধারণা পোষণ করছিলে।" "তখন মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল। আর তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল।" . খাইবারের যুদ্ধে যাওয়ার সময় তার মায়ের সাথে দেখা করতে বাড়িতে যান। বাড়ি থেকে যাওয়ার সময় আম্মাজান আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) লক্ষ করেছিলেন যে বর্ম দ্বারা তার শরীর পুরোপুরি ঢাকা না, হাতের একটা জায়গা খালি রয়ে গেছে, তিনি সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) মাকে এ কথা বললেন যে আপনার ছেলের যদি বড় বর্ম থাকতো! যুদ্ধের ময়দানে গেলেন একেবারে সামনের সারিতে। প্রতিপক্ষের ছোড়া তীর তার হাতে এসে পড়লো, এতে জায়গাটি অনেক ক্ষত হয়ে গেল, রক্তনালি ছিঁড়ে গিয়েছিলো তীরের আঘাতে। তাকে চিকিৎসা দিয়ে কোন রকম ঠিক করা গেলেও রক্তপ্রবাহ বন্ধ হচ্ছিলো না, বুঝলেন সময় বোধ হয় বেশি নেই আর। তাৎক্ষণিক তিনি আল্লাহ কাছে দুআ করলেন "হে আল্লাহ! কুরাইশদের সাথে এ সংঘাত যদি এখনও অবশিষ্ট থাকে তবে আমাকে বাঁচিয়ে রাখুন। তাদের সাথে লড়াই করার আমার খুব সাধ। কারণ, আপনার রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তারা কষ্ট দিয়েছে, তাঁকে অস্বীকার করেছে এবং মাতৃভূমি মক্কা থেকে তাঁকে তাড়িয়ে দিয়েছে। আর যদি সংঘাত শেষ হওয়ার সময় হয়ে থাকে তাহলে এই ক্ষতের দ্বারাই আমাকে শাহাদাত দান করুন। আর বনী কুরায়জার ব্যাপারে আমার চোখে প্রশান্তি না আসা পর্যন্ত আমার মরণ দিও না।" আল্লাহ তার দুআ কবুল করেন। . খন্দকের যুদ্ধ শেষে মুসলিমদের সবাই বাড়িতে ফিরে আসলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার পরনের বর্ম খোলার মুহুর্তে জিবরাঈল এসে তাকে বানু কুরাইজার কথা স্মরণ করিয়ে দেন এবং ব্যবস্থা নিতে বলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘোষণা দেন, বানু কুরাইজায় গিয়ে সবাই যেন আসরের সালাত আদায় করে। সবাই ছুটলেন বানু কুরাইজার দিকে, তাদেরকে ঘেরাও করলেন পরে তারা আত্মসমর্পণ করলো, যে আত্মসমর্পণে কোন কন্ডিশন ছিল না। তারপর তারা চাইলো যে তাদের বিচারের জন্য একজন ন্যায়পরায়ণ বিচারক যেন নির্ধারণ করা হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সা'দ ইবনে মুয়াজের (রাদ্বি আল্লাহু আনহু) কথা বললেন তারা রাজী হয়ে গেল কারণ তারা সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) খুব বেশী ভালবাসতো আর বানু কুরাইজার সাথে প্রাচীনকাল থেকে মদীনার আউস গোত্রের মৈত্রী চুক্তি ছিল। . সা’দের (রাদ্বি আল্লাহু আনহু) তখন অবস্থা খুব খারাপ। গোত্রের লোকেরা তাকে নিয়ে চললো রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিকট। মুনাফিক দলের লোকেরা তার মন গলানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু তাতে তারা ব্যার্থ হয়। সা’দ (রাদ্বি আল্লাহু আনহু) যখন রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিকট পৌঁছালেন তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আশেপাশে বসা আনসার ও মুহাজিরদের লক্ষ্য করে বললেন, "তোমাদের নেতার সম্মানার্থে তোমরা উঠে দাঁড়াও।" সা'দকে (রাদ্বি আল্লাহু আনহু) বিচারক ঘোষণা করা হলো, তিনি ফয়সালা দিলেন "তাদের মধ্যে যারা যুদ্ধ করার উপযুক্ত তাদেরকে হত্যা করা, তাদের নারী ও শিশুদেরকে দাস-দাসীকে পরিণত করা এবং তাদের ধন-সম্পদ বন্টন করে দেওয়া হোক।" তাঁর এই রায় শুনে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন 'সাত আসমানের ওপর থেকে আল্লাহ যে ফায়সালা দিয়েছেন তুমিও ঠিক একই ফায়সালা দিয়েছ।’ . এর কয়েকদিন পর তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় জিবরীল (আলাইহিসসালাম) রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিকট এসে বলেন, "ইয়া মুহাম্মদ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ মৃত ব্যক্তিটি কে, যার জন্য আসমানের সবগুলি দরজা খুলে গেছে এবং আরশ কেঁপে উঠেছে?" . সা'দের (রাদ্বি আল্লাহু আনহু) লাশ বহন করার সময় কয়েকজন মুনাফিকও ছিলো, তিনি ছিলেন বেশ বড়সড় দেহের অধিকারী কিন্তু লাশ হালকা বোধ হচ্ছিলো, এজন্য মুনাফিকরা বলাবলি করছিল, এমন হালকা লাশ তো আমরা আর কখনও দেখিনি। সম্ভবতঃ বানু কুরাইজার ব্যাপারে সে যে রায় দিয়েছিল, এটা তারই কুফল। কথাটি রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাওহি ওয়া সাল্লাম) কানে গেলে তিনি বললেন, "যার হাতে আমার জীবন তাঁর নামে শপথ! ফিরিশতাকুল তাঁর খাটিয়া বহন করেছেন।" ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) থেকে বর্ণিতঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, "নিশ্চয় এই সা’দ অতি নেক্কার বান্দা। তার জন্য আল্লাহর ’আরশ কেঁপে উঠেছে, আসমানের দরজাসমূহ খুলে গেছে এবং তাঁর জানাযায় এমন ৭০ হাজার ফিরিশতা যোগদান করেছে যারা এর আগে আর কখনও পৃথিবীতে আসেনি।" সা’দকে (রাদ্বি আল্লাহু আনহু) দাফনের সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথমে একবার জোরে ‘সুবহানাল্লাহ’ উচ্চারণ করলেন। লোকেরাও তাঁর সাথে ‘সুবহানাল্লাহ’ পড়লেন। তারপর তিনি ‘তাকবীর’ ধ্বনি দিলেন, লোকেরাও ‘তাকবীর’ দিল। লোকেরা জিজ্ঞেস করলোঃ ইয়া রাসূলুল্লাহ! এভাবে ‘তাসবীহ’ পড়লেন কেন? তিনি বললেন, এ নেক্কার লোকটির কবর বড় সংকীর্ণ হয়ে গিয়েছিল। অতঃপর আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছেন। . একবার রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপহার দেওয়া একখানা কাপড় দেখে সাহাবীরা অভিভূত হয়ে গেলেন। তাঁদের এ অবস্থা দেখে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "তোমরা এই দেখে অবাক হচ্ছো? জান্নাতে সা’দ ইবন মুয়াজের রুমালগুলিও এর থেকে সুন্দর হবে।" . ইসলাম ধর্মগ্রহণ করার পর কতো বছর বেঁচে ছিলেন তা নিয়ে একটু ভাবুন তো। এই কয়েক বছরের মধ্যে কি এমন করেছিলেন যার কারণে তিনি আল্লাহ ও তার রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অন্যতম প্রিয় ব্যক্তি হয়ে গেলেন! তিনিই ছিলেন সেই ব্যক্তি যার মৃত্যুতে আল্লাহর আরশ্ কেঁপে উঠেছিল। . 'সা'দ ইবনে মুয়াজ' (রাদ্বি আল্লাহু আনহু)