Chapter 41 of 50
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)
11 min read
'ইয়া আল্লাহ! আপনি তাকে দ্বীনের ফকিহ বানিয়ে দিন এবং ব্যাখ্যা করার পদ্ধতি শিখিয়ে দিন'- তার জন্য এমনটাই দু'আ করেছিলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) . উম্মুল ফাদল (রাদ্বি আল্লাহু আনহা), খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) পরে তিনি দ্বিতীয় নারী হিসেবে ইসলাম ধর্মগ্রহণ করেন। তিনি হলেন আমাদের অন্যতম প্রিয় সাহাবী ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপন চাচা আল আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন মক্কায় সবাইকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। মক্কার অবস্থানরত কুরাইশদের নেতারা তা বন্ধ করার জন্য বিভিন্ন ফন্দিফিকির করেও আটকাতে পারছিল না। শেষে তারা আবী তালিবের পরিবারকে বয়কট করার ঘোষণা দিলো এবং মক্কার বাহিরে গিয়ে থাকার জন্য বাধ্য করলো। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিবার তাকে পরিত্যাগ করেনি, তারা এই বয়কট মেনে নিয়ে শিয়াবে আবী তালিবে তারা তাদের জীবন-যাপন কাটাতে লাগলেন। আল আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী উম্মুন ফাদল (রাদ্বি আল্লাহু আনহা) তখন গর্ভবতী। কষ্টে কিছু সময় অতিবাহিত করার পর তিনি জন্মদান করেন এমন এক সন্তান যিনি কিনা এই মুসলিম উম্মাহর সব দিক থেকে অন্যতম শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠেন, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় সাহাবী 'আব্দুল্লাহ ইবনে আব্বাস' (রাদ্বি আল্লাহু আনহু)। . সন্তান জন্মদানের পর তাকে নিয়ে চললেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার মুখের পবিত্র লালা দিয়ে ইবনে আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) তাহনিক করলেন। . উম্মুল ফাদল (রাদ্বি আল্লাহু আনহা) মুসলিম হওয়ার কারণে ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ইসলামের ছায়াতলে বেড়ে উঠেন। মা তাকে যা যা ইন্সট্রাকশন দিতেন তিনি তা পালন করতেন। . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরত করেন। ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তখনও বাচ্চা একজন ছেলে। মক্কায় তিনি তার পরিবারের সাথে থেকে বড় হতে লাগলেন। বদর যুদ্ধ আগত। আবু জেহেল প্রত্যেক ঘর থেকে একজন করে যুদ্ধে নিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলো। আল আব্বাসকেও (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে গেল তার সাথে করে। . যুদ্ধে কুরাইশরা হেরে গেল। তাদের লোকজনকে যুদ্ধবন্দী করা হলো। যুদ্ধবন্দী হিসেবে আটক হলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাচা আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু)। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার লুকিয়ে রাখা টাকার কথা বললে তিনি অবাক হয়ে যান এবং ইসলাম ধর্মগ্রহণ করেন কারণ আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) বুঝতে পারলেন যে এই খবর আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জানতো না আর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন তাকে এ বিষয়ে বললেন তখন তিনি বুঝে উঠলেন যে তিনি সত্যি আল্লাহর নবী এবং তিনি নিশ্চয়ই আল্লাহর মাধ্যমেই এ বিষয়ে জেনেছেন। . ইসলাম ধর্মগ্রহণ করার পর আল আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) ছেড়ে দেয়া হয় এবং রাসুলুল্লাহর (রাদ্বি আল্লাহু আনহু) নির্দেশে তিনি মক্কায় অবস্থান করেন। মক্কার সব খবরাখবর তিনি সেখান থেকে মদিনায় পাঠাতেন এবং মক্কার লোকেরা বুঝেনি যে তিনি আসলে একজন মুসলিম। . এভাবে অনেক সময় কেটে যাওয়ার পর আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তার পরিবার নিয়ে হিজরত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দিলেন মক্কা বিজয় করার জন্য। পথে দেখা আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ও তার পরিবারের সাথে। . আবারও তারা মক্কায় ফিরে আসেন বিজয় করার জন্য। তারপর আল আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) ও তার পরিবার পাড়ি জমান মদিনায়। . আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তখন বাচ্চা একজন ছেলে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে তার জীবন অতিবাহিত হতে থাকে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে তিনি ইলম নিতেন এবং তার এমন স্মৃতিশক্তি ছিল যে, যা শুনতেন একবার তার তা মনে থাকতো। এ জন্য পরবর্তীতে তিনি উঠেন ইলমের সাগর। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন কিছুর দরকার পড়লে ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) সর্বদা তাকে সাহায্য করতেন এবং তার সাথে থাকতেন হোক সেটা মদিনায় বা কোন সফরে। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে খুব বেশী ভালোবাসতেন। তার জন্য বিভিন্ন সময়ে দু'আ করতেন। একবার রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুল্লাহ ইবনে আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) তাঁর বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, 'হে আল্লাহ্! তাকে প্রজ্ঞা ও কুরআনের তাৎপর্য জ্ঞান দান করুন।' . ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) শিখার জন্য অনেক টেকনিক অবলম্বন করতেন। একবার তিনি চিন্তা করলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাহাজ্জুদ কেমন হয় তা দেখে শিখবেন। আম্মাজান মাইমূনা (রাদ্বি আল্লাহু আনহা) হলেন ইবনে আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) খালা। তিনি রাতে সেখানে চলে যান রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে থাকার জন্য। রাতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উঠে তাঁর প্রয়োজনাদি সেরে মুখ-হাত ধুয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার জাগ্রত হয়ে উজু করলেন, তারপর তিনি সালাত আদায় করতে লাগলেন। তা দেখে ইবনে আব্বাসও (রাদ্বি আল্লাহু আনহু) তখন জেগে উঠলেন একটু দেরিতে কারণ তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ করছেন কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা বুঝে ফেলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তিনি গিয়ে তাঁর বাম পার্শ্বে দাঁড়ালে তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার কান ধরে তাঁর ডান দিকে ঘুরিয়ে নিলেন। তারপর তাহাজ্জুদের সালাত আদায় করলেন। তারপর আবার ঘুমাতে গেলেন, আবার জেগে উঠে সালাত আদায় করলেন। তিনি কী দু'আ করেন তা ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) আমাদেরকে বলেন, তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু'আ করতেন, "হে আল্লাহ! আপনি আমার অন্তরে, আমার চোখে, আমার কানে, আমার ডানে-বামে, আমার উপর-নীচে, আমার সামনে-পেছনে, আমার জন্য নূর দান করুন।” সালাত শেষে তিনি আবার কাত হয়ে ঘুমিয়ে পড়লেন। তারপর ফজ্বরের সময় হলে বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) এসে তাঁকে জাগালেন। তখন তিনি নতুন অযূ না করেই সালাত আদায় করলেন। . আরেকবার রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সালাত আদায়ের সময় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার পাশে দাঁড়াতে বললে তিনি সালাতের সময় কিছুটা পেছনে চলে আসেন। সালাত শেষে কারণ হিসেবে জানতে চাইলে তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন যে, আপনি সম্মানিত একজন এবং আপনি একজন রাসূল, আমি আপনার পাশে কীভাবে দাঁড়াতে পারি। ইবনে আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) উত্তর রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অবাক করে দিলো, তিনি তারব্জব্য দু'আ করলেন। . আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তার জীবদ্দশায় জিব্রাইকে (আলাইহিসসালাম) দুইবার মানুষরূপে দেখেছিলেন। . একদিন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু ‘লআলাইহি ওয়া সাল্লাম) সাথে ছিলেন, তিনি তাকে বললেন, "হে যুবক! আমি তোমাকে কয়েকটি কথা শেখাবো- আল্লাহকে সংরক্ষণ করবে তো তিনি তোমাকে সংরক্ষণ করবেন, আল্লাহকে স্মরণ করলে তাঁকে তোমার সামনেই পাবে। যখন কিছু চাইবে তো আল্লাহর কাছেই চাইবে; যখন সাহায্য চাইবে তো আল্লাহর কাছেই সাহায্য চাইবে। জেনে রাখ, সমস্ত মানুষ যদি তোমার কোন উপকার করতে চায় তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন, তা ব্যতীত আর কোন উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোন অনিষ্ট করতে চায় তবে আল্লাহ্ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোন অনিষ্ট করতে পারবে না। কলম তুলে নেয়া হয়েছে এবং পৃষ্ঠা শুকিয়ে গেছে।" . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর তার জ্ঞানলাভের তৃষ্ণা পরিপূর্ণরূপে জেগে উঠে। একবার তিনি তার বন্ধুর সাথে খেলছিলেন, হটাৎ তিনি বললেন যে চলো আমরা সাহাবিদের কাছ থেকে জ্ঞানার্জন করি, তার বন্ধু তাকে নিরুৎসাহিত করতে লাগলে তিনি তাৎক্ষণিক জায়গা ত্যাগ করেন এবং একে একে বিভিন্ন সাহাবিদের ঘরে যেতে লাগলেন নিত্যদিনই। এতে করে তিনি জ্ঞানলাভ করার সুযোগ অর্জন করতে লাগলেন এবং জ্ঞান তার মস্তিষ্কে জমা হতে শুরু করলো। যখন তিনি বড় হলেন তখন তিনি অন্যতম জ্ঞানি একজন হয়ে উঠলেন। . উমার (রাদ্বি আল্লাহু আনহু) ইবনে আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) অনেক বেশী ভালোবাসতেন। তিনি তাকে তার কাছেই রাখতেন সবসময়। তাকে এলিট সাহাবিদের বৈঠকে বা আলোচনা সভায় রাখতেন এবং তার কাছ থেকে পরামর্শ নিতেন। একবার একজন এ নিয়ে আপত্তি তোললে তিনি তাকে স্মরণ করিয়ে দেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আলাহু) হলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাচাতো ভাই। উমার (রাদ্বি আল্লাহু আনহু) ইবনে আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) মিটিংয়ে ডাকেন। তারপর সূরাহ নাসরের ব্যাখ্যার জন্য সবাইকে বললেন। একেকজন একেক ব্যাখ্যা দিতে লাগলেন তারপর ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, এই সূরাহ দ্বারা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার মৃত্যুর কথা ইঙ্গিত দেয়া হয়েছে। আর যখন বিজয় চলে আসলো তখন তিনি নিজেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য নিজেকে তৈরি হতে এবং ইস্তিগফার বাড়ানোর জন্য বলা হয়েছে। উমার (রাদ্বি আল্লাহু আনহু) তখন বলেন যে আমিও এটা বুঝি। তারপর বাকিরা বুঝলেন যে কেন উমার (রাদ্বি আল্লাহু আনহু) ইবনে আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) মিটিংয়ে নিয়ে আসেন। . উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি ইবনে আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) হজ্জ্বের সব দায়িত্ব পালনের জন্য নির্ধারিত করেন, কতই না সৌভাগ্যবান তিনি। আরাফার ময়দানে মুসলিমদের উদ্দেশ্যে খুতবা দেন। . উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) যখন বিদ্রোহীরা হত্যা করে তখন মুসলিম বিশ্ব অন্ধকারে। তারপরে দায়িত্বভার গ্রহণ করেন আলী ইবনে আবী তালিব (রাদ্বি আল্লাহু আনহু)। আলী (রাদ্বি আল্লাহু আনহু) ইবনে আব্বাসকে (রাদ্বি আল্লাহু আনহু) দামেষ্কের গর্ভনর বানাতে চাইলে তিনি নাকচ করে দেন তারপর তাকে বসরার গভর্নর হিসেবে নিযুক্ত করেন। . এদিকে উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) হত্যার বিচারের জন্য মুসলিম উম্মাহর একটি দল বসরায় উপনীত হলে তিনি আলীর (রাদ্বি আল্লাহু আনহু) দলে ছিলেন। তারপর সেখান থেকে সিফফিনের যুদ্ধে তিনি আলীর (রাদ্বি আল্লাহু আনহু) পক্ষ হয়ে লড়েন। . এদিকে আলীর (রাদ্বি আল্লাহু আনহু) দল থেকে একটা গ্রুপ আলাদা হয়ে যায় তারা হলো 'খারেজি।' তারা হারুরা নামক অঞ্চলে নিজেদের ক্যাম্প গঠন করে এখন তারা নিজেদের মধ্যে থেকে একজনকে খলিফা হিসেবে ঘোষণা করে। . ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) আমীরুল মূমিমিন আলীকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে, তিনি তাদের সাথে কথা বলবেন এবং তাকে যেন অনুমতি দেয়া হয়। আলী (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দেন যে, তিনি তাকে নিয়ে শঙ্কিত, যদি তারা আপনার ক্ষতি করে বসে। ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বলেন যে, আমার কিছুই হবে না। এরপর তাকে আলী (রাদ্বি আল্লাহু আনহু) অনুমতি দেন। . অনুমতি পেয়ে বাড়ি ফিরে এসে ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তার সবচেয়ে উৎকৃষ্ট পোশাক পরিধান করেন এবং তাদের অঞ্চলের দিকে দুপুরের সময় রওয়ানা হন। . ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) তাদের কাছে গিয়ে উপলব্ধি করলেন যে তাদের চেয়ে এত বেশী একাগ্রচিত্তে ইবাদাতে নিমগ্ন অন্য কোন সম্প্রদায় ইতিপূর্বে আর কখনও তাঁর দৃষ্টিগোচর হয়নি। তারা বলল, ‘ইবন আব্বাস! স্বাগতম আপনাকে! তবে আপনি কি জন্য এসেছেন?’ বললেন, ‘আপনাদের সাথে কিছু আলোচনার জন্য। তারপর তারা বললো ‘ঠিক আছে, বলুন, আপনার কথা আমরা শুনি।’ তিনি তাদেরকে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা এবং সাহাবিদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে তারা কেন এরকম করছে। তারা বলল, ‘আমরা তাঁর তিনটি কাজের বদলা নিতে চাই।’ তিনি বললেন, ‘সে তিনটি কাজ কি কি?’ তারা বললঃ ১. সিফফিনের যুদ্ধক্ষেত্রে আবু মূসা আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু) ও আমর ইবনে আ'সকে (রাদ্বি আল্লাহু আনহু) শালিশ নিযুক্ত করে তিনি আল্লাহর দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক নিযুক্ত করেছেন। ২. আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ও মুয়াবিয়ার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু তাদের ধন-সম্পদ গণিমাত হিসাবে এবং যুদ্ধবন্দীদেরকে দাস-দাসী হিসাবেও গ্রহণ করেননি। ৩. মুসলমানরা তাঁর হাতে বাইয়াত গ্রহণ করে তাঁকে আমীর হিসাবে মেনে নেওয়া সত্ত্বেও তিনি 'আমীরুল মূমিনীন’ উপাধি পরিহার করেছেন। জবাবে ইবন আব্বাস বললেন, ‘যদি আমি আল্লাহর কিতাব ও রাসূলের হাদীস থেকে এমন কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি যা আপনারা অস্বীকার করতে পারেন না, তাহলে আপনারা যে বিশ্বাসের ওপর আছেন তা থেকে কি প্রত্যাবর্তন করবেন?’ তাঁরা সম্মতিসূচক জবাব দিলে তিনি বললেন, ‘আপনাদের অভিযোগ, তিনি দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক বিযুক্ত করে অপরাধ করেছেন। অথচ আল্লাহ সূরাহ আল-মায়িদার ৯৫ নম্বর আয়াতে বলেন ‘‘হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকার করো না। তোমাদের মধ্যে কেউ যদি স্বেচ্ছায় কোন কিচু শিকার করে, তাহলে তোমাদের অন্তর্গত দুইজন সুবিচারক সে সম্পর্কে যে আদেশ করে সে অনুযায়ী অনুরূপ একটি পশু বিনিময় হিসাবে কাবায় উপস্থিত করবে।’’ তারপর তিনি আল্লাহর নামে আমি শপথ করে বলেন যে, চার দিরহাম মূল্যের একটি নিহত খরগোশের ব্যাপারে বিচারক নিয়োগ করা থেকে মানুষের রক্ত ও জীবন রক্ষা এবং তাদের পারস্পরিক ঝগড়া-বিবাদ মীমাংসার উদ্দেশ্যে মানুষকে বিচারক নিয়োগ করা অধিক যুক্তিসংগত নয় কি?’ ইবন আব্বাস বললেন, ‘আপনারা বলছেন, আলী (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধ করেছেন আয়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ও মুয়াবিয়ার (রাদ্বি আল্লাহু আনহু) বিরুদ্ধে, কিন্তু তাদের বন্দী করে দাস-দাসী বানাননি। আপনারা কি চান আপনাদের মা আয়িশাকে দাসী বানানো হোক এবং অন্যান্য দাসীদের সাথে যেমন আচরণ করা হয় তাঁর সাথেও তেমন করা হোক? উত্তরে যদি হাঁ বলেন তাহলে আপনারা কাফির হয়ে যাবেন। আর যদি বলেন, ‘আয়িশা’ আমাদের মা নন, তাহলেও আপনারা কাফির হবেন। কারণ, আল্লাহ সূরা আল-আহযাবের ৩৬ নম্বর আয়াতে বলেছেন যে ‘‘নবী মুমিনদের ওপর তাদের নিজেদের অপেক্ষা অধিকতর স্নেহশীল এবং তাঁর সহধর্মিনীগণ তাদের জননী।’’ সবশেষে তিনি বললেন, ‘‘আলী (রাদ্বি আল্লাহু আনহু) 'আমীরুল মুমিনীন’ উপাধিটি পরিহার করেছেন, আপনারা এ অভিযোগ তুলেছেন। অথচ হুদাইবিয়ার সন্ধির সময়ে রাসূলুল্লাহও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কার মুশরিকদের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়, তাতে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ বাক্যটি লেখা হলে কুরাইশরা বলেছিল, "আমরা যদি বিশ্বাসই করতাম আপনি আল্লাহর রাসূল, তাহলে আমরা আপনার কা’বা শরীফে পৌঁছার পথে প্রতিবন্ধক হতাম না বা আপনার সাথে সংঘর্ষেও লিপ্ত হতাম না। আপনি বরং এ বাক্যটির পরিবর্তে ‘মুহাম্মাদ ইবনু আবদিল্লাহ’ কথাটি লিখুন। সেদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার নামের পাশে থেকে রাসুলুল্লাহ শব্দটি কেটে দিয়েছিলেন। ইবনে আব্বাসের (রাদ্বি আল্লাহু আনহু) উত্তর পেয়ে তাদের দলের ৩ ভাগের দুইভাগ দল ত্যাগ করে প্রকৃত মুসলিমদের সাথে চলে আসে। . বাকি খারেজিরা আলীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে যুদ্ধে নামলে তাদেরকে একদম মিশিয়ে দেন আলী (রাদ্বি আল্লাহু আনহু)। . আলীর (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুর পর, তিনি মদিনায় চলে আসেন এবং এসব ফিতনাহ থেকে বাঁচার জন্য তিনি তায়েফে থাকা শুরু করেন। . জ্ঞান নেবার বেলার তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। যখন তার জ্ঞান প্রচার করার সময় আসলো তখন দেখা গেলো তার ছাত্রের অভাব ছাড়া, সবাই আসছে তার থেকে শেখার জন্য। তায়েফে বসে তিনি ইলম শিক্ষাদানে নিজেকে নিয়োজিত করলেন এবং রাজনৈতিক সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিলেন। . হুসাইন (রাদ্বি আল্লাহু আনহু) কুফায় যাওয়ার সময় তিনি তাকে অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) যখন বিদ্রোহ করে নিজেকে খলিফা দাবি করেন তখন অনেকে তাকে বায়াত দিলেও ইবনে আব্বাস (রাদ্বি আল্লাহু আনহু) দেননি কিন্তু তিনি মানতেন যে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) বেশী হকদার। তিনি নিজেকে একদম এসব থেকে দূরে সরে রাখতেন এবং আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখতেন। . শেষ বয়সে এসে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বাণী অনুযায়ী তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং একটা সময়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে পাড়ি জমান আল্লাহর কাছে। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু'আর ফল তিনি তার জীবনে দেখতে পেয়েছিলেন। মুসলিমদের হৃদয়ে আজও তার নাম গেঁথে আছে, যে নামটি উচ্চারণের পাশে সর্বদা উচ্চারিত হয় তা হলো 'রাদ্বি আল্লাহু আনহু।' . 'আব্দুল্লাহ ইবনে আব্বাস' (রাদ্বি আল্লাহু আনহু)