Chapter 37 of 50
আবু মূসা আল-আশয়ারী (রাঃ)
5 min read
তিনি ছিলেন দাউদের (আলাইহিসসালাম) মতন সুমিষ্ট কণ্ঠের অধিকারী। . ইয়েমেন তার মাতৃভূমি। জন্ম ও বেড়ে উঠা সেখানে। বংশীয় দিক থেকেও কম উপরে নয়, সম্ভ্রান্ত পরিবারের ছেলে তিনি। হৃদয় খুঁজে বেড়াচ্ছিল সত্যকে পাওয়ার জন্য কিন্তু দেখা তো আর দিচ্ছে না। হটাৎ একদিন পেয়ে গেলেন সত্যের বাণীর সন্ধান। মক্কায় নাকি কে একজন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিসেবে দাবী করেছেন, তিনি নাকি বলেছেন এসব মূর্তিপূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য। এমন খবর শুনে ঘোড়ায় সওয়ার হয়ে ছুঁটলেন পবিত্র ভূমি মক্কার দিকে। ঘোড়ার খুরার আঘাতে উড়ন্ত বালুকণাগুলো হয়তো কবিতার ছন্দে বলছিলো 'যে সত্যের জন্য তুমি অপেক্ষা করেছো, সে সত্য যে তুমি পেয়ে গেছো। ছুটে যাও আলোর গতিতে, আঁকড়ে ধরো সত্যের দঁড়িতে।' আলোর দিকে তিনি তীব্র গতিতে ছুটে চললেন, পৌঁছে গেলেন মক্কায়। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। ইয়েমেন থেকে আগত ব্যক্তি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গেলেন, তাকে কিছু প্রশ্ন করলেন, সন্তুষ্ট উত্তর ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাওয়াত পেয়ে সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। সেই দূর-দূরান্ত থেকে আগত ব্যক্তির নাম 'আব্দুল্লাহ ইবনে কায়েস' (রাদ্বি আল্লাহু আনহু) যাকে আমরা 'আবু মূসা আল-আশয়ারী' (রাদ্বি আল্লাহু আনহু) নামে চিনি। . ইসলাম ধর্মগ্রহণ করার পর মক্কায় কিছুদিন তিনি রয়ে যান। সেখানে থেকে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিক্ষালাভ করেন। শিক্ষালাভ করে আপাতত তিনি প্রস্তুত শিক্ষাদানের জন্য। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুমতি নিয়ে ফিরে গেলেন ইয়েমেনে। . বাড়ি ফেরার সময় পথের বালুকণাগুলো হয়তো কবিতার ছন্দে বলেছিল 'ধন্য হে আবু মূসার জননী, তোমার গর্ভে ছিল যে এক নয়নমণি। হৃদয় তার প্রশান্তি পেয়েছে গ্রহণে সত্যের বাণী, সে যে আজ হয়ে গেল মুসলিমদের মধ্যমণি। আলোর বাণী নিয়ে ফিরছে সে, কুরাইশদের মূর্খরা যা গ্রহণ করেনি যে।' ইয়েমেনে পৌঁছানোর পর তিনি তার পরিবারকে ইসলাম সম্পর্কে বুঝালেন এবং তাদেরকে ইসলামের ছায়াতলে আসার জন্য দাওয়াত দিলেন। তার পরিবার তার দাওয়াতে সাড়া দিয়ে সাথে সাথেই ইসলাম ধর্মগ্রহণ করে প্রবেশ করে ইসলামের ছায়াতলে। . ঘর যখন ঠিকঠাক তাহলে এবার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দিকে একটু এগিয়ে যাওয়া যাক। ঠিক তাই করলেন আবু মূসা আল-আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি ছিলেন একজন প্রভাবশালী নেতা। তার কথার দাম আছে তো বটেই। যখন তিনি বাকিদেরকে ইসলামের দাওয়াত দিলেন, বেশীরভাগই তার দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম ধর্মগ্রহণ করে। এভাবে ইয়েমেনে আল্লাহ ইসলাম ধর্মকে সবার কাছে পৌঁছে দেন আবু মূসা আল-আশয়ারীর (রাদ্বি আল্লাহু আনহু) মাধ্যমে। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরত করেন। মদিনা হয়ে উঠে ইসলামের ভূমি। খবর পৌঁছায় আবু মূসা আল-আশয়ারীর (রাদ্বি আল্লাহু আনহু) কাছে। তিনি তার কয়েকজন সহোযোগি নিয়ে ছুটে যান সেখানে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন খাইবার বিজয় করে মদিনায় ফিরছিলেন, পথিমধ্যে খাইবার বিজয় করে ফেরা বহরের সাথে মিলিত হলেন আবু মূসা আল-আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু) ও তার দল। অনেক বছর পর আবু মূসা আল-আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু) মিলিত হলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে। . মদিনায় পৌঁছালে তিনি সেখানে বসত-ভিটা গড়ে তুলেন। তার বাকি জীবন কাটে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে তিনি কোরআন শিখেন এবং তিনি তা তিলাওয়াত করতে খুব পছন্দ করতেন। তার সুললিত কণ্ঠে কোরআন শোনার জন্য সবাই ইচ্ছা প্রকাশ করতো। . একদিন আবু মূসা আল-আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু) মসজিদে সালাত আদায় করছিলেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার তিলাওয়াত শুনছিলেন। তিনি তাকে পরেরদিন বলেন, গতরাতে আমি যখন তোমার কুরআন পাঠ শুনছিলাম তখন তুমি যদি আমাকে দেখতে তাহলে খুব খুশী হতে। তোমাকে তো দাউদের (আলাইহিসসালাম) মত সুমিষ্ট কণ্ঠস্বর দেয়া হয়েছে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবদ্দশায় যে ৬ জন ফতুয়া দেয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন তার মধ্যে তিনি অন্যতম। তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা ও তাকে হুবহু অনুসরণ করার চেষ্টা করতেন। . খাইবারের পর থেকে বাকি সব যুদ্ধে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে অংশগ্রহণ করেন। তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে মক্কা বিজয়ের দিনও ছিলেন। . হুনাইন যুদ্ধে কাফিরদের একটি অংশ পালিয়ে আবার অন্য স্থানে গিয়ে মিলিত হলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার বাহিনীর একটি অংশকে আবু আমিরের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধ করার জন্য পাঠান, এ বাহিনীর সাথে ছিলেন আবু মূসা আল-আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু)। যুদ্ধে আবু আমির (রাদ্বি আল্লাহু আনহু) শাহাদাৎ বরণ করেন। ইন্তেকালের পূর্বে তিনি আবু মূসাকে (রাদ্বি আল্লাহু আনহু) দেখিয়ে দিয়েছিলেন কে তার দিকে তীর নিক্ষেপ করেছিল। পরবর্তীতে আবু মূসা (রাদ্বি আল্লাহু আনহু) সেই ব্যক্তিকে হত্যা করেন। মৃত্যুর পূর্বে তিনি আবু মূসাকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, তিনি যেন রাসুলুল্লাহর কাছে গিয়ে তার সালাম জানান ও তার জন্য দু'আ করতে বলেন। মৃত্যুর পূর্বে তিনি আবু মূসাকে (রাদ্বি আল্লাহু আনহু) তার স্থলাভিষিক্ত করে যান। . ফিরে এসে আবু মূসা (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘটনা খুলে বলেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আবু আমিরের (রাদ্বি আল্লাহু আনহু) জন্য দু'আ করেন। সুযোগ বুঝে আবু মূসাও (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে তার জন্য দু'আর আবদার করলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্যও দু'আ করলেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইয়েমেনে ইসলাম প্রচারের জন্য আবারও পাঠিয়ে দেন। তিনি সেখানে গিয়ে ইসলাম প্রচার ও শিক্ষাদান করা শুরু করেন এতে মানুষজন দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করতে থাকে। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন হজ্জ্বে যান তিনি তখন ইয়েমেন থেকে এসে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে মিলিত হয়ে হজ্জ্বে অংশগ্রহণ করেন। হজ্জ্ব শেষ করে আবারও পাড়ি জমান ইয়েমেনে। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর তিনি মদিনায় চলে আসেন এবং খলিফাদের পাঠানো সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। আল্লাহর বাণী ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুন্নত নিয়ে পৌঁছান পারস্য ও রোমানদের কাছে। তাদেরকে গুড়িয়ে দিয়ে বিজয় করেন একের পর এক অঞ্চল, এতে দলে দলে মানুষ সত্য ধর্ম ইসলামের ছায়াতলে আসা শুরু করে। বসরায় তাকে ওয়ালী হিসেবে নিযুক্ত করা হয়। সেখান থেকে তার নেতৃত্ব আবার বিজয় করা হয় কয়েকটি অঞ্চল। খলিফা উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তাকে কুফা অঞ্চলের ওয়ালী করা হয়। . খলিফা উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ করার পর মুসলিম বিশ্ব পড়ে যায় ফিতনার মুখে যা সম্পর্কে আবু মূসা (রাদ্বি আল্লাহু আনহু) অবগত ছিলেন। তিনি নিজেকে ফিতনাহ থেকে দূরে রাখার জন্য অন্য স্থানে চলে যান। . সিফফিনের যুদ্ধে যখন দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমোঝোতায় আসবে তখন আলীর (রাদ্বি আল্লাহু আনহু) পক্ষ হতে প্রেরণ হোন আবু মূসা আল-আশয়ারী (রাদ্বি আল্লাহু আনহু)। . আবু মূসা (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন সহজ-সরল, লজ্জাশীল ও বিনয়ী মানুষ। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শিক্ষা অন্যদের কাছে পৌঁছানো ছিল তার মূল কাজ। এই বিখ্যাত সাহাবী মৃত্যুবরণ করেন মক্কায় মতান্তরে কুফায়। . 'আবু মূসা আল-আশয়ায়ী' (রাদ্বি আল্লাহু আনহু)