Chapter 32 of 50
আব্দুল্লাহ ইবনে সালাম (রাঃ)
5 min read
মদিনায় অবস্থানরত যেকয়েকজন জনপ্রিয় রাব্বি/ইহুদি আলেমরা ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন, তার মধ্যে তিনি অন্যতম। . তাওরাতে শেষ নবীর আগমনের বার্তা ও কোথায় আসবেন তা আল্লাহ তাদের জানিয়ে দিয়েছিলেন। সেই অঞ্চল ছিলো খেঁজুর বিশিষ্ট অঞ্চল, সেটার খোঁজে ইহুদিদের কয়েকটা গোত্র মদিনায় এসে বসবাস করতে থাকে। . তিনি ছিলেন একজন দূরদর্শী ব্যক্তি। বাবার সাথেই তার সময় কাটতো, তাই তো তাওরাহ ভালো করে বুঝছিলেন, তার বাবার কাছ থেকে শুনেছিলেন শেষ নবীর বৈশিষ্ট্য। এ জন্য অধির আগ্রহে অপেক্ষায় ছিলেন শেষ নবীর। দিনের একভাগ কাজ ও পরিবারকে, আরেকভাগ তওরাহ পড়াশোনায় ও আরেকভাগ ইহুদিদের সবাইকে শিক্ষা দিতেন, তাদেরকে রিমাইন্ডার দিতেন। ইহুদিরা তাকে খুব বেশী ভালোবাসতো। . নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের পথে, মদিনার বাহিরে কুবার একটি জায়গায় তিনি অবস্থান নিয়েছেন। খবর দাবানলের মতন ছড়িয়ে পড়লো চারিদিকে। খবর পৌঁছালো ইহুদিদের মধ্যে থাকা অন্যতম একজন জনপ্রিয় রাব্বির কাছে, তিনি তখন খেজুর গাছের উপরে ছিলেন আর তার ফুফু নিচে খেজুর কুড়াচ্ছিলেন। যেই শুনতে পেলেন এক লোকের মুখে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগমনের খবর, তিনি সাথে সাথে উচ্চস্বরে বলে উঠলেন "আল্লাহু আকবার"। নিচ থেকে তার ফুফু বিষয়টা লক্ষ করে বলেন যে, তুমি এমন ভাবে বলে স্বাগতম জানাচ্ছো মনে হচ্ছে মূসা আলাইহিসসালামের সমতুল্য কেউ এসেছেন। তারপর তিনি বলেন, তিনি হলেন মূসা আলাইহিসসালামের সমতুল্য, তিনি তো মূসা আলাইহিসসালামের ভাই। . খেজুর গাছের উপর থেকে নেমে তিনি হেঁটে হেঁটে কুবায় যান রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দেখার জন্য। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চেহারা দর্শনের সাথে সাথে তিনি বলেন যে "এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা নয়"। রাসুসুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন সেখানে মানুষদেরকে উপদেশ দিচ্ছিলেন এই বলে যে, তোমরা সালামের প্রসার ঘটাও, মানুষকে আহার করাও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, মানুষ যখন রাতে ঘুমে থাকে তখন সালাত আদায় করো- তাহলে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। তিনি এগুলো একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে শুনেন। . কুবা থেকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চলে আসেন মদিনায়, এদিকে মদিনায় মুসলিমদের ঘরে ঘরে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগমনের আনন্দ চলছে, খুশীর আমেজের শেষ নেই। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন আবূ আইয়্যূব আল আনসারীর (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে অবস্থান করছিলেন। সেই ইহুদি রাব্বি হেঁটে হেঁটে আসলেন আবু আইয়্যূবের (রাদ্বি আল্লাহু আনহু) ঘরে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সাক্ষাৎকারের জন্য। তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কয়েকটি প্রশ্ন করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার প্রশ্নের উত্তর দেন এবং সাথে সাথে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার নাম 'আল হুসাইন ইবনে সালাম'। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন তাকে বলেন, আজ থেকে আপনার নাম 'আব্দুল্লাহ ইবনে সালাম' (রাদ্বি আল্লাহু আনহু)। . আব্দুল্লাহ ইবনে সালামের (রাদ্বি আল্লাহু আনহু) পিতা ছিলেন ইহুদিদের একটি উপ-গোত্রের নেতা ও ইহুদিদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় রাব্বি/ইহুদি আলীম। পিতার সিলসিলা তিনি ধরে রেখেছিলেন বলেই তিনিও সেই পর্যায়ে পৌঁছে ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি তার পরিবারকে ইসলামের দাওয়াত দিলেন, তার পরিবারের সবাই ইসলাম ধর্মগ্রহণ করলেন। . আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন ইহুদি গোত্রের নেতা ও আলেম। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার গোত্রের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, আমি আমার গোত্রকে চিনি, তারা আপনাকে গ্রহণ করবে না। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) দুজন একটি পরিকল্পনা করলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, তিনি যেন আড়ালে লুকিয়ে থাকেন। সেটাই হলো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আব্দুল্লাহ ইবনে সালামের (রাদ্বি আল্লাহু আনহু) গোত্রকে ডেকে আনলেন, তাদেরকে ইসলাম সম্পর্কে বললেন, দ্বীনের দাওয়াত দিলেন কিন্তু তারা তা গ্রহণ করলো না। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে 'আল হুসাইন ইবনে সালাম' সম্পর্কে জিজ্ঞেস করলে তারা তার নামে ও তার পিতার নামে প্রশংসার বন্যা বইয়্যে দেয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন তাদেরকে বলেন, আর আমি যদি বলি তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন তাহলে কি তোমরাও গ্রহণ করবে? উত্তরে তারা বলে 'এটা অসম্ভব'। এদিকে তখন আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) আড়াল থেকে বের হয়ে তাদের সামনে শাহাদাত পাঠ করেন। সাথে সাথে তার গোত্রের লোকেরা তার নামে যে সত্য বলেছিল তার উল্টা বলা শুরু করে দেয়। তারপর তিনি বলেন যে, ইয়া রাসুলুল্লাহ! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আমি বলেছিলাম না! তারা আপনাকে গ্রহণ করবে না, যদি আপনি ইহুদী গোত্রের হতেন তাহলে তারা আপনাকে গ্রহণ করতো। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি তার সময় অতিবাহিত করতেন, তার কাছ থেকে শিখতেন কোরআন। তাই কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত, সুললিত কন্ঠে সর্বদা তিনি তা পাঠ করতেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি কয়েকটু যুদ্ধেও অংশগ্রহণ করেন। . একদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে বসে ছিলেন, আশেপাশে থাকা সবাইকে বললেন, কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চায় তাহলে সে যেন এই লোককে দেখে যে এখন প্রবেশ করছে, তখন আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) প্রবেশ করছিলেন এবং তার চেহারায় সর্বদা ধার্মিকতার ছাপ দেখা যেত। . খলিফাদের আমলে তিনি কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন, বাইতুল মাকদিস বিজয় ছিল অন্যতম একটি। . খলিফা উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) যখন বিদ্রোহীরা অবরুদ্ধ করে রাখলো তখন তিনি চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য কিন্তু এতে লাভ হয়নি। . শেষ বয়সে তিনি লাঠি ভর দিয়ে চলাফেরা করতেন এবং ফিতনা থেকে তিনি নিজেকে সর্বদা দূরে রাখতেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন জীবিত ছিলেন। এরই মধ্যে একদিন আব্দুল্লাহ ইবনে সালাম (রাদ্বি আল্লাহু আনহু) স্বপ্ন দেখেন, তিনি বলেন, "আমি স্বপ্নে দেখলাম যেন আমি একটি বাগিচায় আছি। বাগিচার মাঝখানে একটি স্তম্ভ। স্তম্ভের শিরোভাগে একটি হাতল। তখন আমাকে বলা হল, উপরের দিকে উঠ। আমি বললাম, পারছি না। তখন আমার কাছে একজন খাদেম আসল এবং আমার কাপড় ভিজিয়ে দিল। আমি উপরের দিকে উঠতে উঠতে হাতলটি ধরে ফেললাম। হাতলটি ধরে থাকা অবস্থায় আমি জেগে গেলাম।" ঘুম থেকে জেগে উঠার পর ছুটে গেলেন নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। তিনি তার স্বপ্নের কথা নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বর্ণনা করলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, 'ঐ বাগিচা ইসলামের বাগিচা ঐ স্তম্ভ ইসলামের স্তম্ভ, আর ঐ হাতল হল মযবুত হাতল। তুমি মৃত্যু পর্যন্ত ইসলামকে শক্ত করে ধরে থাকবে।' . এবং এটাই হয়েছে, তিনি ইসলাম নিয়েই মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে মৃত্যুবরণ করেন। কতই না সৌভাগ্য তার! জান্নাতের সুসংবাদ পাওয়া এই মানুষটি ছিলেন আল্লাহ ভীরু, ধার্মিক ও অত্যন্ত বিনয়ী। . 'আব্দুল্লাহ ইবনে সালাম' (রাদ্বি আল্লাহু আনহু)।