Chapter 26 of 50
আনাস ইবনে মালিক (রাঃ)
4 min read
মদিনায় আসার পর নবীজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন সবাই কিছু না কিছু দিচ্ছিলেন তখন একজন মহিলা কিছু না পেয়ে তার নিজের ছেলেকে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে সোপর্দ করলেন তার খিদমত করার উদ্দেশ্যে। এই সেই ছেলে যাকে আমরা খাদিমু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিসেবে চিনি। . মা ইসলাম ধর্মগ্রহণ করার পর তিনিও তার সাথে ইসলাম ধর্মগ্রহণ করলেন। তখন তিনি একজন বাচ্চা ছেলে ছিলেন। নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় আসছেন শোনে প্রতিদিন বাচ্চাদের দলের সাথে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতেন, যাতে করে নবীজীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অভ্যর্থনা করে নিয়ে আসতে পারেন। পরবর্তীতে সেটাই হলো, বাচ্চারা সবাই নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আগমনে অনেক আনন্দ করেছিলো তিনি তাদের সাথে ছিলেন। তার মা তাকে নিয়ে গেলেন নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দরবারে, নিজের ছেলেকে দিয়ে দিলেন নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খেদমতের জন্য। তার মায়ের নাম হলো 'রুমাইসা বিনতে মিলহান' (রাদ্বি আল্লাহু আনহা) আর ছেলে আর কেউ নন আমাদের প্রিয় একজন সাহাবী যিনি কিনা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে ছিলেন ১০টি বছর, নিরলসভাবে খেদমত করে গেছেন, তার নাম হলো 'আনাস ইবনে মালিক' (রাদ্বি আল্লাহু আনহু)। . মায়ের কথা তো বললাম তাহলে তার বাবার কী হলো সেটা নিয়ে প্রশ্ন জাগে নি? তাহলে শুনুন। যখন তার মা ইসলাম ধর্মগ্রহণ করেন, তারপর তার বাবা রাগে ক্ষোভে মদিনা ছেড়ে অন্যস্থানে চলে যায় এবং সেখানে কুফরি অবস্থায় মৃত্যু বরণ করে। তারপর তার মা আবু তালহা নামক এক ব্যক্তিকে বিয়ে করেন। . প্রায় দশ বছর রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খেদমত করেন তিনি, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার প্রতি একদিনও বিরক্ত হননি বা নারাজ হননি। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ আসার অপেক্ষায় থাকতেন তিনি, আর নির্দেশ আসতেই সাথে সাথে কাজে লেগে যেতেন। বাচ্চাদের খেলাধুলার প্রতি আলাদা একটা টান আছে, আনাসেরও (রাদ্বি আল্লাহু আনহু) ছিল। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের খেলা দেখে খেলতে শুরু করলেন, নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে তাকে একটা কাজে পাঠিয়েছেন তা তিনি ভুলে গেলেন। খেলার মধ্যে হটাৎ খেয়াল করলেন কে তার কান চেপে ধরে শুন্যে তুলে ফেলছেন, ফিরে দেখলেন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে হেসে বললেন তোমাকে না পাঠিয়েছিলাম? তিনি বললেন হ্যাঁ, এখনই যাচ্ছি, এখনই। . রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জীবদ্দশায় আনাসকে (রাদ্বি আল্লাহু আনহু) অনেক উপদেশ দিতেন এবং পরবর্তীতে আমরা আনাসের (রাদ্বি আল্লাহু আনহু) কাছ থেকে অনেক হাদীস বর্ণনা পাই। . ঘরে-বাহিরে, এমনকি যুদ্ধের ময়দানেও তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সঙ্গ ছিলেন, বদর যুদ্ধ ছাড়া কারণ তখন তার বয়স ছিলো ১২ বছরের আশেপাশে। . উহুদের ময়দানে যুদ্ধ করেন, খন্দকের যুদ্ধ ও খাইবারের যুদ্ধেও তিনি ছিলেন। ছিলেন মক্কা বিজয়ের দিনও। হুনাইনের যুদ্ধেও অংশগ্রহণ করেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের পর তিনি থেমে থাকেননি দ্বীনের খেদমতে লেগে যান। খলিফা আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) আমলে যুদ্ধে অংশগ্রহণ করেন। খলিফা উমার (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বিভিন্ন দায়িত্বে অর্পিত করেন। উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) মৃত্যুর পর মুসলিম উম্মাহর ভেতরে যে ফিতনা দেখা দেয় তা তিনি নিজ চোখে দেখেছিলেন। সবসময় নির্জনতা বেছে নিতেন তিনি। জীবনের শেষ মুহুর্তে তিনি বসরায় বসবাস করেছিলেন। সেখানে তিনি হালাকা দিতেন এবং তার ছাত্রদেরকে হাদীস শিক্ষা দিতেন, তার ছাত্রদের মধ্যে অন্যতম জনপ্রিয় একজন হলেন 'মুহাম্মাদ ইবনে সিরিন' (রাহিমাহুল্লাহ)। . আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) যখন খলিফা ছিলেন, তিনি আনাসকে (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় আসতে বলেন, তিনি তার কাছে চলে যান। আর সেখানেই পরবর্তীতে আক্রমণ করে জালিম হাজ্জাব বিন ইউসুফ আস-সাকাফি। মদিনায় হাজ্জাজের বাহিনী ইচ্ছামতন লুন্ঠন করতে থাকে, মা বোনদের ইজ্জত হরণ করে এবং অনেক অনেক মানুষকে নির্বিচারে হত্যা করে। এর মধ্যে আনাসের (রাদ্বি আল্লাহু আনহু) বংশধরের ১০০ জনের অধিক ছিলেন। হাজ্জাজ আনাসের (রাদ্বি আল্লাহু আনহু) উপর রাগান্বিত ছিল, তাকে ডেকে এনে তার ক্ষোভ প্রকাশ করে, আনাস (রাদ্বি আল্লাহু আনহু) তাকে কোন জবাব না দিয়ে চলে আসেন, কারণ তার অনেক সন্তানাদি ছিল, তাদের নিয়ে তিনি চিন্তিত ছিলেন, আর একজন পিতা বা দাদার তো চিন্তা হবেই তার সন্তানাদি নিয়ে। তারপর তিনি এ ব্যাপারে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে চিঠি লিখেন, পরে খলিফা হাজ্জাজকে নির্দেশ দেন আনাসের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে গিয়ে ক্ষমা চাইতে, যে যায় ঠিকই কিন্তু তার ভেতরে ছিল অহংকারের ছাপ। . যেদিন তাকে তার মা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে দিয়ে যান সেদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার জন্য দুআ করেছিলেন এই বলে "ইয়া আল্লাহ! আনাসের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে সম্বৃদ্ধ দান করুন এবং তাকে জান্নাতে প্রবেশ করান। আনাসের (রাদ্বি আল্লাহু আনহু) জীবনে দুটি জিনিস পেয়েছেন এবং তৃতীয়টি পাওয়ার অপেক্ষায় আছেন, এটাও পাবেন কারণ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে তার জন্য দুআ করে গেছেন। মৃত্যুকালে তিনি ৮০+ সন্তানাদি রেখে যান। আল্লাহ তাকে দুনিয়ায় অনেক কিছু দিয়েছেন। তার ব্যবসায়-বাণিজ্য হোক বা কোন জমিতে চাষাবাদ হোক, এতে থাকতো আল্লাহর বারাকাহ! বসরায় অবস্থানরত একদম শেষ সাহাবা হিসেবে মৃত্যুবরণ করেন আনাস (রাদ্ব আল্লাহু আনহু)। . বাচ্চা এক ছেলে যিনি পরবর্তীতে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খেদমত করে আস্তে আস্তে হয়ে উঠেন বিজ্ঞ এক সাহাবী। ইবাদত আর রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ, সব যেন হুবহু রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মতন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব অব্দি তিনি ইসলামের খেদমত করে গিয়েছেন। . 'আনাস ইবনে মালিক' (রাদ্বি আল্লাহু আনহু)।