Chapter 43 of 50
কা'ব ইবনে মালিক (রাঃ)
11 min read
কতদিন হয়ে গেলো কেউ তার সাথে কথা বলে না। দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে ফজ্বরের পরে বাড়ির ছাদে বসেছিলেন। হটাৎ জাবালে সীলার উপর থেকে তীক্ষ্ণ কণ্ঠে আওয়াজ আসলো 'হে কা'ব ইবনে মালিক! সুসংবাদ।' . তিনি হলেন 'শা'য়িরু রাসুলুল্লাহ!' রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে কয়েকজন অফিশিয়াল কবি ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। . জন্মস্থান মদিনায়, সেখানেই তার বেড়ে উঠা। গরিব ঘরে জন্ম নেয়া এই মানুষটি জাহিলিয়্যাত যুগে ছিলেন অন্যতম বিখ্যাত কবি। তার কবিতা ছিল অত্যন্ত ধারালো। তার নাম আরবের প্রত্যেক গোত্র ভালোভাবে চিনতো ও তার কবিতা জানতো। . আকাবার প্রথম বায়াতের পর কয়েকজন আনসারী সাহাবী মদিনায় ফিরে গিয়ে তাদের পরিবার-পরিজন ও অন্যান্যদের ইসলামের দায়াত দেন এতে করে অনেকে তা গ্রহণ করেন। দ্বিতীয় আকাবায় আসার পর তারা মূসাব ইবনে উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) সঙ্গে করে নিয়ে যান, যাতে করে তিনি তাদেরকে ইসলাম সম্পর্কে ভালোভাবে বুঝান ও দাওয়াত দেন। মূসাবের (রাদ্বি আল্লাহু আনহু) হাতেই ইসলাম ধর্মগ্রহণ করেন আমাদের অন্যতম বিখ্যাত সাহাবী যার নাম 'কা'ব ইবনে মালিক' (রাদ্বি আল্লাহু আনহু)। . আকাবার তৃতীয় বায়াতে তিনি অংশগ্রহণ করেন এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাতে বায়াত দেন। সেদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) সাক্ষাৎ হয় এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে চিনতে পারেন কারণ তিনি তখনও একজন বিখ্যাত কবি ছিলেন। . এরপর তিনি মদিনায় ফিরে আসেন এবং ইসলামের ছায়াতলে থেকে ইবাদতে নিজেকে আবদ্ধ রাখলেন। . একে একে অনেক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। এক সময় রাসুলুল্লাহও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রিয় মাতৃভূমিকে ছেড়ে হিজরত করে পাড়ি জমান মদিনায়। আবারও মিলিত হন সবার সাথে। . মদিনায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে তার জীবন অতিবাহিত হতে থাকে। . এদিকে বদর যুদ্ধ আগত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিছু সংখ্যক সাহাবী নিয়ে ছুটলেন আবু সুফিয়ানের (রাদ্বি আল্লাহু আনহু) কাফেলায় বাধা দিতে কারণ সে যে কাফেলা নিয়ে মালামাল নিয়ে যাচ্ছে সব মুসলিমদের রেখে আসা ধন-সম্পদ দ্বারা ক্রয় করা মালামাল। এ অভিযান ছিল ভলান্টারি অভিযান। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবাইকে জোর করলেন না কিন্তু কে জানতো তারা যে মুখোমুখি হবেন কুরাইশদের বাহিনীর সাথে এবং যুদ্ধ হবে আর তারা জিতবেন! এই যুদ্ধ মিস করে ফেললেন কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু), তিঞ্জ তাদের সাথে না গিয়ে মদিনায় রয়ে গেলেন। . উহুদের ময়দানে বীরের মতন তিনি যুদ্ধ করেন। যখন গুজব ছড়িয়ে পড়লো যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শহীদ হয়ে গিয়েছেন তখন মুসলিমরা দিশেহারা হয়ে পড়লো কিন্তু কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম) দেখে সেখানে দৌড়ে যান। খন্দকসহ অনান্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। . কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) সর্বদা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে থাকতেন। তিনি আহলুস সুফফার অন্যতম একজন সদস্য ছিলেন। কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) কবিতা আবৃত্তি করতেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তা মন দিয়ে শোনতেন। তিনি ছিলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অফিসিয়াল কবিদের মধ্যে একজন। মুশরিকরা যখন তাদের কবিতা দ্বারা ইসলামের নামে মিথ্যা কথা রটাতো তখন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবিরা তাদের কবিতা দ্বারা তাদেরকে দাঁতভাঙা জবাব দিতেন। কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) কবিতা কাফিরদের অন্তরে ভয়-ভীতি সৃষ্টি করতো আর মুসলিমদের অন্তরকে আল্লাহর দ্বীনের মধ্যে অটল রাখার প্রেরণা জোগাতো। কুরাইশরা যখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতো তখন কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তাদেরকে কবিতার মাধ্যমে এমন জবাব দিতেন যে তারা ভুলেও সেটার জবাব দেয়ার জন্য চেষ্টা করতো না। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘোষণা দিলেন সবাইকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। এ যুদ্ধ ছিল ভীষণ উত্তাপের সময়, অতি দূরের যাত্রা, বিশাল মরুভূমি এবং বহু শত্রুসেনার মোকাবালা করার, কাজেই রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এ অভিযানের অবস্থা এবং কোন এলাকায় যুদ্ধ পরিচালনা করতে যাবেন তা মুসলিমদের কাছে প্রকাশ করে দেন যাতে তারা যুদ্ধের প্রয়োজনীয় সামান জোগাড় করতে পারে। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘোষণা শোনার পর মুসলিমরা নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করলো, সবাই যার যার মতন নিজের উট/ঘোড়াকে তৈরি করছিলেন এবং রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে যার যার সামর্থ্য অনুযায়ী মালামাল জমা দিচ্ছিলেন। . কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) প্রস্তুতি নিচ্ছিলেন তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য। তিনি দু'টি বাহন প্রস্তুত রেখেছিলেন। এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মুসলিমদের বহর নিয়ে তাবুকের দিকে রওয়ানা হয়ে গেলেন কিন্তু কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় থেকে গেলেন। তিনি ভাবলেন যে, ব্যাপার না, আজ হোক কাল বেরিয়ে পড়বো আর তাদের কাছে চলে যাবো যেহেতু তার বাহন প্রস্তুত আছে, কিন্তু তাকে অলসতা গ্রাস করে ফেললো। এভাবে করতে করতে তার আর যাওয়া হলো না, রয়ে গেলেন মদিনায় কোন প্রকার এক্সকিউজ/যথাযথ কারণ ছাড়া। তিনি মদিনার এখানে যেখানে যেতেন কিন্তু তার সামনে তখন মুনাফিক এবং দুর্বল ও অক্ষম লোক ব্যতীত অন্য কাউকে পেতেন না, যা তার মনে অনেক ব্যাথার সৃষ্টি করে। . এদিকে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কয়েকজন সাহাবী কে কে আসেনি তা বলে যাচ্ছিলেন। হটাৎ করে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খেয়াল করলেন কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) নেই, তিনি জিজ্ঞেস করলেন কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) কোথায়। বনু সালামাহ গোত্রের একজন বললেন, 'হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), তার ধন-সম্পদ ও অহঙ্কার তাকে আসতে দেয়নি। এ কথা শুনে মুয়াজ ইবনে জাবাল (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, তুমি যা বললে তা ঠিক নয়। তিনি বলেন, 'হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আল্লাহর কসম, আমরা তাঁকে উত্তম ব্যক্তি বলে জানি। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নীরব রইলেন। . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনাউ ফিরে আসছেন শোনে কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) চিন্তিত হয়ে পড়লেন এবং মিথ্যা ওজুহাত খুঁজতে থাকলেন যাতে করে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্রোধকে ঠান্ডা করতে পারেন। এর জন্য তিনি তার পরিবারের লোকেদের সাথে পরামর্শ করেন। কিন্তু যখন দেখলেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনার কাছাকাছি চলে এসেছেন তখন তিনি মনস্থির করলেন যে তিনি কোনভাবেই মিথ্যা বলবেন না এবং মনে মনে স্থির করলেন যে তিনি সত্য কথাই বলবেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় এসে প্রথমে মসজিদে দু'রাকাত সালাত আদায় করে বসলেন। তারপর যারা পিছনে রয়ে গিয়েছিল, মানে যুদ্ধে যায়নি, তাদের যথাযথ কারণ সম্পর্কে অবগত করার জন্য সবাই একে একে আসতে থাকলো। সবাই যার যার কারণ দেখিয়া যাচ্ছে আর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের বিষয় আল্লাহর হাওলা করে তাদের জন্য ক্ষমাপ্রার্থনা করলেন। এরপর কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গেলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে কারণ কী জিজ্ঞেস করলে তিনি বলেন যে তার আসলে কোন যথার্থ কারণ নিয়ে পিছিয়ে পড়ার জন্য। তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, সে সত্য কথাই বলেছে। তারপর তাকে বলেন, তুমি এখন চলে যাও, যতদিনে না তোমার সম্পর্কে আল্লাহ তা‘আলা ফায়সালা করে দেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা শোনে তিনি উঠে চলে গেলেন। তখন তার গোত্রের কিছু লোক তার অনুসরণ করল। তারা তাকে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ হতে বিরত থেকে অন্যান্যদের মতো রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে ওযর পেশ করার জন্য জোরাজোরি করতে শুর্য করলো। তখন তিনি পূর্ব স্বীকারোক্তি থেকে ফিরে গিয়ে মিথ্যা বলার বিষয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন। তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করেন যে, তার মতো এ কাজ আর কেউ করেছে কী? তারা ইতিবাচক জবাব দিয়ে বললো আরও দু’জন তোমার মতো বলেছে এবং তাদের ব্যাপারেও তোমার মতো একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) সেই ব্যক্তিদের নাম জিজ্ঞেস করলে তারা বলল, একজন মুরারা ইবনু রবী আমরী (রাদ্বি আল্লাহু আনহু) এবং অপরজন হলেন হিলাল ইবনে উমাইয়াহ ওয়াকিফী (রাদ্বি আল্লাহু আনহু)। তাদের নাম শোনে কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) তার পূর্ব মতের উপর অটল রইলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে তিনজন তাবূকে অংশগ্রহণ হতে বিরত ছিল তাদের সঙ্গে কথা বলতে মুসলিমদের নিষেধ করে দিলেন। তাই মুসলিমরা তাদেরকে এড়িয়ে চলতে শুরু করলো, বয়কট করতে লাগলো, তাদের প্রয়ি আচরণ বদলে ফেললো। কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) অপর দু’জন সাথী সংকটে আরও শোচনীয় অবস্থায় নিপতিত হলেন। তারা নিজেদের ঘরে বসে বসে কাঁদতে থাকেন। এদিকে কা'ব ছিলেন অধিকতর যুবক ও শক্তিশালী। তাই তিনি বাইরে বের হতেন, মুসলিমদের জামা‘আতে সালাত আদায় করতেন, বাজারে চলাফেরা করতেন কিন্তু কেউ তার সাথে কথা বলত না। তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খিদমতে হাজির হয়ে তাঁকে সালাম দিতেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার দিকে খেয়াল দিতেন না। কেউ তাকে পাত্তা দিতো না, এভাবে তার প্রতি মানুষদের কঠোরতা ও এড়িয়ে চলা দীর্ঘকাল ধরে চলতে থাকে। . একবার কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তার চাচাত ভাই ও প্রিয় বন্ধু আবু ক্বাতাদাহের (রাদ্বি আল্লাহু আনহু) বাগানের প্রাচীর টপকে ঢুকে পড়ে তাঁকে সালাম দেন। কিন্তু তিনি তার সালামের জওয়াব দিলেন না। তিনি তখন বলেন যে, হে আবূ ক্বাতাদাহ! আপনাকে আমি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, আপনি কি জানেন না যে, আমি আল্লাহ ও তাঁর রাসূলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালবাসি? তখন তিনি নীরবতা পালন করলেন। তিনি পুনরায় তাঁকে কসম দিয়ে জিজ্ঞেস করলেন। তিনি এবারও কোন জবাব দিলেন না। তৃতীয়বার তাঁকে কসম দিয়ে জিজ্ঞেস করলে তখন তিনি বললেন, 'আল্লাহ ও তাঁর রাসূলই (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভাল জানেন। তখন কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরতে লাগল। একে তো তার উপর আল্লাহর পরীক্ষা চলছে, তার উপর আসলো আরেক পরীক্ষা। একদা তিনি মদিনার বাজারে হাঁটছিলেন। তখন সিরিয়ার এক বণিক যে মদিনার বাজারে খাদ্যদ্রব্য বিক্রি করার উদ্দেশে এসেছিল, সে বলছে, আমাকে কা‘ব ইবনে মালিককে (রাদ্বি আল্লাহি আনহু) কেউ পরিচয় করে দিতে পারে কি? তখন লোকেরা তাকে কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) প্রতি ইশারা করে দেখিয়ে দিল। তখন সে এসে গাস্সানি বাদশার একটি পত্র তার কাছে হস্তান্তর করল। তাতে লেখা ছিল, পর সমাচার এই, আমি জানতে পারলাম যে, আপনার সাথী আপনার প্রতি জুলুম করেছে। আর আল্লাহ আপনাকে মর্যাদাহীন ও নিরাশ্রয় সৃষ্টি করেননি। আপনি আমাদের দেশে চলে আসুন, আমরা আপনার সাহায্য-সহানুভূতি করব। এ পত্র পড়ে কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তখন বুঝলেন যে এটাও তার জন্য আরেকটি পরীক্ষা। তখন তিনি আগুনের মধ্যে পত্রটি নিক্ষেপ করে জ্বালিয়ে দিলেন। চল্লিশ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পক্ষ থেকে এক সংবাদবাহক তার কাছে এসে বলল, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নির্দেশ দিয়েছেন যে, আপনি আপনার স্ত্রী হতে পৃথক থাকবেন। এ খবর তার অপর দুই সঙ্গীকে পোঁছে দেয়া হয় এবং তারা একদম একা থাকতে শুরু করেন। কিন্তু হিলাল ইবনু উমাইয়্যার (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রী রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খিদমতে উপস্থিত হয়ে আরয করলেন যে, হে আল্লাহর রাসূল! হিলাল ইবনু উমাইয়্যা অতি বৃদ্ধ, এমন বৃদ্ধ যে, তাঁর কোন খাদিম নেই। আমি তাঁর খেদমত করি, এটা কি আপনি অপছন্দ করেন? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, না, তবে সে তোমার বিছানায় আসতে পারবে না। সে বলল, আল্লাহর কসম! এ সম্পর্কে তার কোন অনুভূতিই নেই। আল্লাহর কসম! তিনি এ নির্দেশ পাওয়ার পর থেকে সর্বদা কান্নাকাটি করছেন। এরপর আরও দশরাত এভাবে কাটলো। পদার্পণ করলো ৫০ দিনের বয়কট। পঞ্চাশতম রাত শেষে ফজ্বরের সালাত আদায় করে তিনি ঘরের ছাদে এমন অবস্থায় বসে ছিলেন যে অবস্থার ব্যাপারে আল্লাহ তা‘আলা (কুরআনে) বর্ণনা করেছেন। আমার জান-প্রাণ দুর্বিষহ এবং গোটা জগৎটা যেন আমার জন্য প্রশস্ত হওয়া সত্ত্বে সংকীর্ণ হয়ে গিয়েছিল। এমন সময় শুনতে পেলেন এক চীৎকারকারীর চীৎকার। সে সীলা পর্বতের উপর চড়ে উচ্চৈঃস্বরে ঘোষণা করছে, 'হে কা‘ব ইবনু মালিক! সুসংবাদ গ্রহণ করুন।' এ শব্দ তার কানে পৌঁছামাত্র তিনি সাজদাহ্য় পড়ে গেলেন। ফজ্বরের সালাতের পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবিদেরকে সেই তিন ব্যক্তির তওবা কবুলের সুসংবাদ দিলেন। সুসংবাদ শোনে তারা সবাই সেই তিন ব্যক্তির কাছে ছুটলেন। সবাই তাদেরকে মোবারকবাদ দিতে থাকলেন। সে লোক সর্বপ্রথম কা'বের (রাদ্বি আল্লাহু আনহু) নিকট সুসংবাদ নিয়ে আসলো তিনি তাকে তার পরিহিত একমাত্র কাপড়টি উপহার হিসেবে দিয়ে দেন। তারপর মসজিদের দিকে ছুটে গেলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে যাওয়ার জন্য। মসজিদে গিয়ে যখন রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাম জানালেন তখন তাঁর চেহারা আনন্দের আতিশয্যে ঝকঝক করছিল। তিনি কা'বকে (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, তোমার মাতা তোমাকে জন্মদানের দিন হতে যতদিন তোমার উপর অতিবাহিত হয়েছে তার মধ্যে উৎকৃষ্ট ও উত্তম দিনের সুসংবাদ গ্রহণ কর। কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) তখন বলেন, হে আল্লাহর রাসূল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, আমার পক্ষ থেকে নয় বরং আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ! কতই না সৌভাগ্যবান তিনি ও তার দুই সঙ্গী। . সূরাহ শু'আরার ২২৪-২২৫ নম্বর আয়াত 'আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে।' 'তুমি কি লক্ষ্য করো নি যে, তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?' নাজিল হলে কা'ব, হাসসান ও রাওয়াহারা (রাদ্বি আল্লাহু আনহু আজমাঈন) ভয় পেয়ে যান, তারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে উপস্থিত হয়ে এ বিষয়ে বললে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সূরাহ শু'আরার ২২৭ নম্বর আয়াত পড়ে শোনান 'কিন্তু তারা ব্যতীত, যারা ঈমান আনে ও সৎকার্য করে এবং আল্লাহকে বার বার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে।' তারপর তাদের হৃদয় ঠান্ডা হয়। . মক্কা বিজয়ের সময় তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছিলেন, হুনাইন যুদ্ধেও। কবিতার মাধ্যমে তিনি মুসলিম বাহিনীকে প্রানবন্ত করে রাখতেন। . খলিফাদের শাসনামলে উম্মাহর বড় বড় বিজয় যেমন দেখেছিলেন তেমনভাবে ফিতনাহও দেখেছিলেন। . মুসলিম উম্মাহর ফিতনাহ শুরু হয় উসমানকে (রাদ্বি আল্লাহু আনহু) হত্যা করার মাধ্যমে, তিনি শোকাবহ হয়ে কবিতা লিখেন। সিফফিনের যুদ্ধে তিনি কারোও দলে যোগদান না করে এসব থেকে নিজেকে বিরত রেখেছিলেন। শেষ বয়সে এসে কা'ব (রাদ্বি আল্লাহু আনহু) দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আলী (রাদ্বি আল্লাহু আনহু) বা মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) শাসনামলে তিনি ইন্তেকাল করেন। . কা'ব ইবনে মালিক (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণের পর থেকে জীবনের শেষ অব্দি স্বীয় কাব্য প্রতিভাকে ইসলামের সেবায় নিয়োজিত রেখেছিলেন। তরবারির প্রয়োজনে তিনি চালিয়ে তরবারি আবার ভাষার প্রয়োজনে চালিয়েছেন কবিতা, তার ধারালো কবিতায় ছিন্ন হয়ে যেত কাফিরদের রটানো মিথ্যা কবিতা। তার ধারালো কবিতা অন্ধকারাচ্ছন্ন কোন কোন গোত্রকে টেনে নিয়ে এসেছে আলোর ছায়াতলে তথা ইসলামের ছায়াতলে। . 'কা'ব ইবনে মালিক' (রাদ্বি আল্লাহু আনহু)