Chapter 8 of 50
বিলাল (রাঃ)
8 min read
কোকিলের মধুর কণ্ঠ শুনে মানুষ মুগ্ধ হয়ে অজানা এক দেশান্তরের ভাবনায় ডুবে যায়। আকাশে বাতাসে যেনো কোকিলের কণ্ঠের জয়জয়কার। কি এক মধুর কণ্ঠ! কি জাদু তাহার কণ্ঠে! আহা! আমি যদি কোকিলের কণ্ঠের ভাগীদার হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। মদিনার আকাশে বাতাসে এই সুমধুর কোকিলের কণ্ঠের চেয়েও শ্রেষ্ঠ এক ব্যাক্তির কণ্ঠ বয়েছিলো, পৌঁছে ছিলো সবার কানে কানে, ঘুম ভাঙার কারণ ছিলো এই সুমধুর কন্ঠ, এতো স্নিগ্ধতা ছিলো তার আহবানের মধ্যে, যেনো এই আহবান ছিঁড়ে ফেলবে হৃদয়কে টুকরো টুকরো করে। তিনি হলেন সেই মানুষ, যিনি মুসলিম উম্মাহর ৩টি পবিত্র মসজিদে আযান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি হলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিযুক্তকৃত মুয়াজ্জিন 'বিলাল ইবনে রাবাহ' (রাদ্বি আল্লাহু আনহু)। . হাবাশী বংশোদ্ভূত ক্রীতদাস হলেও তিনি জন্মেছিলেন পবিত্র ভূমি মক্কায়। তার বাহ্যিক রঙ কালো হলেও অন্তর ছিলো স্বচ্ছ, তাই তো তিনি ইসলাম গ্রহন করেছিলেন ইসলাম আসার প্রথম প্রহরেই। ইসলাম গ্রহণ করার পর তিনি এ ব্যাপার গোপন রেখেছিলেন। . ইসলামের যে প্রথম ৭ ব্যাক্তি প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলেছিলেন সেই ৭ জনের একজন বিলাল (রাদ্বি আল্লাহু আনহু)। . তিনি উমাইয়্যা ইবনে খালাফের দাস ছিলেন। উমাইয়্যা ছিলো ইসলামের প্রকাশ্য শত্রু, মুসলিমদের তখন মক্কায় প্রচুর অত্যাচার করা হচ্ছিলো আর সেই এই কাজে ছিলো সর্বাধিক উৎসাহী। সে যখন জানতে পারলো যে তার ঘরের এক দাস ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন সে রেগেমেগে একদম আগুন হয়ে উঠলো, সে বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) চরম শাস্তি দেওয়ার চিন্তা করলো। ইসলাম গ্রহণের কথা উমাইয়্যার কাছে স্বীকার করার পর তার উপর নেমে আসে অমানবিক অত্যাচার। গলায় রশি বেঁধে ছেঁড়ে দেওয়া হতো মক্কার দুর্বৃত্তদের কাছে, তারা তাকে নিয়ে এক জায়গা হতে অন্য জায়গায় টেনে হিচঁড়ে ঘুরে বেড়াতো। প্রখর রোদের সময় তাকে মরুর উত্তপ্ত বালুতে নিয়া বেঁধে রাখতো, এরপর তার বুকের উপর পাথর রাখতো, মাঝেমধ্যে উত্তপ্ত রোদে লোহার বর্ম পড়িয়ে তাকে মরুর বালুতে শুইয়ে দেওয়া হতো এবং তাকে মক্কার কাফিররা বলতো 'ফিরে আসো মুহাম্মাদের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ধর্ম থেকে। কিন্তু তিনি মুখ দিয়ে শুধু একটি কথাই বলতেন "আহাদুন আহাদ"। এটা শুনে তারা আরো রেগে যেতো এবং আরোও ভয়ঙ্কর অত্যাচার চালাতো। কিন্তু তিনি "আহাদুন আহাদ" শব্দ ছাড়া আর কিছুই বলতেন না। তিনি হলেন সেই মানুষ যাকে এতো অত্যাচারের পরও তিনি কোন কুফরি কথা মুখ দিয়ে বের করেননি যেখানে অন্যান্য যারা দুর্বল ছিলেন সমাজে তাদের মধ্যে কেউ না কেউ কিছু অন্তত বলেছিলেন অত্যাচার থেলে বাঁচার জন্য যা ইসলাম সেটা করার সুযোগ দিয়েছে। প্রতিদিনের ন্যায় সেদিনও বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) উপর চলছিলো ভয়ঙ্কর অত্যাচার, পাশ দিয়ে যাচ্ছিলেন আবু বকর আস সিদ্দিক (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তা দেখে অতন্ত মর্মাহত ও ব্যথিত হলেন। তিনি উমাইয়্যার সাথে কথা বলে একটা নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে দাস থেকে মুক্ত করে দেন বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু)। আর এর পরেই মুক্তি মিলে অসহনীয় অত্যাচারের মুখ থেকে। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি এরপর ছায়ার মতন লেগে থাকতেন, একটা সময়ও বাদ যায়নি যে বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে থেকে দূরে থেকেছেন। . হিজরতের সময় আসার পর, মদিনার প্রথম কয়েকটি দলের মধ্যে একটি দলের সাথে মক্কা ত্যাগ করেন হিজরতের জন্য। মক্কায় মুসলিমদের অবস্থা দুর্বল হলেও ঈমাণ হয়েছিলো মজবুত। মদিনায় পাড়ি দেওয়ার পর ইসলাম আস্তে আস্তে শক্তিশালী হতে লাগলো। ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছিলো আশেপাশে, লোকেরাও দলে দলে আসছিলো ইসলামের ছায়াতলে। . আব্দুল্লাহ ইবনে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) যখন আযানের স্বপ্ন দেখলেন তখন তিনি দৌঁড়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে সব বললেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটি একটি সত্য স্বপ্ন। তিনি তাকে বললেন বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে যাও এবং তাকে তা শিখিয়ে দাও কারণ তার আওয়াজ তোমার চেয়ে উচ্চ। তারপর যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) আগে আগে বাক্য উচ্চারণ করলেন আর তা শুনে শুনে বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) আযান দিলেন। আর ইতিহাসের প্রথম আযান শুরু হয় বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) উচ্চারিত আওয়াজ দ্বারা। এরপর থেকে তিনিই মসজিদে আযান দেওয়ার জন্য নিযুক্ত হয়েছিলেন। তিনি যদি মদিনায় না থাকতেন তাহলে অন্য কেউ আযান দিতেন, বেশিরভাগ সময় ইবনে উম্মু মাকতুম (রাদ্বি আল্লাহু আনহু) আযান দিতেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় না থাকা মানে বিলালও (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় নেই কারণ তিনি সর্বদা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথেই থাকতেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে চিরচেনা সেই অত্যাচারী উমাইয়্যা ইবনে খালাফ যখন তার সামনে পড়লো, এবার কে বাঁচায় উমাইয়্যাকে, যে উমাইয়্যা মক্কায় তাকে অত্যাচার করেছিলো, আরোও অনেককে করেছিলো তা তখন চোখের সামনে ভাসছিল, তরবারির আঘাতে তাকে পাঠিয়ে দিলেন পরপারে। তিনি যুদ্ধে পতাকা বহন করতেন বা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ব্যাক্তিগত মালামাল বহন করতেন। . একদা এক সফরে অনেক রাত হয়ে গেলো, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন তোমাদের মধ্যে কে আছো যে ফজরের সময় জাগিয়ে দিবে? তখন বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, তিনি জাগিয়ে দিবেন। সবাই তাঁবু গেড়ে ঘুমিয়ে পড়লেন, বিলালও (রাদ্বি আল্লাহু আনহু) ঘুমিয়ে পড়েছিলেন। রোদের তাপে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুম ভাঙার সাথে সাথেই তিনি বললেন "ইয়া বিলাল", বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে জবাব দিলেন 'ইয়া রাসুলুল্লাহ, (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যিনি আপনার রুহ নিয়েছেন তিনি আমার রুহও নিয়েছেন'। একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজরত বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) ডেকে বললেন- ‘হে বিলাল! কি এমন কাজ করে তুমি জান্নাতে আমার আগে চলে গেলে? আমি গত রাতে (স্বপ্নে) জান্নাতে প্রবেশ করলে তোমার (পায়চারির/জুতার) শব্দ আমার সামনে থেকে শুনতে পেলাম!’ বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) বললেন, ‘হে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), "আমি যখনই আজান দিয়েছি, তখনই ২ রাকাআত নামাজ পড়েছি। আর যখনই আমি অপবিত্র হয়েছি তখনই আমি সঙ্গে সঙ্গে অজু করে নিয়েছি।" . মক্কা বিজয়ের সময় তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছিলেন। এই মক্কায় এক সময় তাকে অত্যাচার করা হয়েছিলো আজ তিনি মক্কায় ঢুকলেন বিজয়ীর বেশে। তিনি ক্বাবা ঘরে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ভেতরে ঢুকার সৌভাগ্য অর্জন করেছিলেন। মূর্তিগুলো ধ্বংস করার পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) ক্বাবার উপর উঠে আযান দেওয়ার জন্য নির্দেশ দিলেন। বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) ক্বাবার উপর যখন উঠছিলেন আর মাত্র ইসলাম গ্রহণ করা মক্কার কুরাইশরা তখন এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে ছিলো, কোথাকার কোন হাবাশী দাস আজ ক্বাবার উপর, সুবহানআল্লাহ! ইসলাম তার মর্যাদা এতটাই দিয়েছে যে এক সময়ের মক্কায় দাম না পাওয়া ব্যাক্তি আজ ক্বাবার উপর উঠে আজান দিচ্ছেন, এই দৃশ্য দেখে কুরাইশদের ভিড়ে থাকা একজন বলে উঠলো ভাগ্য ভালো আমার বাবার, তিনি এই দৃশ্য দেখেননি। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যেদিন মারা যান সেদিন শোকের ছায়ায় ঢেকে গিয়েছিলো পুরো মদিনা। সোমবার সকালে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যু বরণ করেন। সেদিন জোহরের সময় বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) আযান দেন, যেই না তিনি "আশহাদুআন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ" পৌঁছান, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেননি, সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন, আযান আর শেষ করতে পারেননি, সবাই সেই সময় কান্না করছিলেন। এরপর তিনি আর আযান দিতে পারবেন না বলে মুয়াজ্জিনের পদ থেকে অব্যাহতি নেন। . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) যখন খলিফা পদে নিযুক্ত হন, তিনি বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) আযান দেওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) তার এই অনুরোধ প্রত্যাখান করেন। তারপর আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) বলেন যে তাহলে তুমি আমার সাথে থাকো। বিলাল (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দেন যে, আপনি যদি আমাকে আপনার দাস হওয়ার জন্য মুক্ত করে থাকেন, তাহলে আমি আপনার সাথে থাকবো, আর যদি আল্লাহর জন্য আপনি আমাকে মুক্ত করে থাকেন তাহলে আমাকে জিহাদে যেতে দিন কারণ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে, মুমিনের উত্তম কাজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপর আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে যেতে দেন, তিনি সিরিয়ায় চলে যান কারণ সেখানে তখন যুদ্ধ চলছিলো আর মুসলিমরা বীর বিক্রমে একের পর এক ভূমি জয় করে যাচ্ছিলেন। সেখানে তিনি ৩-৪ বছর কাঁটিয়ে দেন। . উমরের (রাদ্বি আল্লাহু আনহু) শাষণ আমলে বাইতুল মাকদিস তথা আল আকসা বিজয় হয়। তিনি সেখানখার চাবি নেওয়ার জন্য মদিনা থেকে আল আকসায় ভ্রমণ করেন। সব কাজ শেষ হওয়ার পর উমর (রাদ্বি আল্লাহু আনহু) বিলালকে (রাদ্বি আল্লাহু আনহু) অনুরোধ করলেন আযান দেওয়ার জন্য। তিনি যখন আযান দিলেন সাহাবিরা (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) কান্নায় এতটাই ভেঙ্গে পড়লেন যে তাদের দাঁড়ি পর্যন্ত ভিজে গিয়েছিলো কারণ বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) আযান রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সময়কালের কথা মনে করিয়ে দিয়েছিলো। . উমরের শাষণ আমালে তিনি একবার মদিনা ফিরে আসেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রিয় দুই দৌহিত্র হাসান এবং হুসাইন (রাদ্বি আল্লাহু আনহু আজমাইন) তার কাছে আসলেন, তিনি তাদেরকে কোলে নিয়ে আদর করলেন। তারা তাকে খুব বেশী অনুরোধ করলেন আযান দেওয়ার জন্য, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দৌহিত্রদের অনুরোধ ফেলার কোন ক্ষমতা তার নেই। তিনি তখন সেখানে বেয়ে উঠলেন যেখানে তিনি টানা ১০ বছর আযান দিয়েছিলেন। 'আল্লাহু আকবার আল্লাহু আকবার' ধ্বনি যখন মদিনার আকাশে বাতাসে ছঁড়িয়ে পড়লো, লোকেরা ঘর থেকে দৌঁড়ে দৌঁড়ে বের হতে লাগলো, হয়তো তারা ভাবছিলেন "এই তো সেই আযান যা আমাদের প্রাণকে উজ্জীবিত করতো, এই তো সেই আযান যার সুমধুর ডাক গভীর ঘুম থেকে আমাদের মসজিদে নিয়ে আসতো, এই তো সেই ব্যাক্তির কণ্ঠের আযান যে ছিলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিযুক্তকৃত মুয়াজ্জিন।" বিলালের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনের এক গভীর সম্পর্ক ছিলো তাই তো সবাই হুমড়ি খেয়ে দৌঁড়ে বেরিয়ে আসছিলেন ঘর থেকে। মদিনার রাস্তায় রাস্তায় মানুষ এতটাই কান্নায় ভেঙ্গে পড়েছিলেন, রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পরও এতো কান্না কেউ করেনি, কারণ এই আযান তাদেরকে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সময়কালের কথা ও স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছিলো। এটাই হয়তো ছিলো তার জীবনে দেওয়া শেষ আযান। . তিনি আবার সিরিয়ায় ফিরে যান আর সেখানেই বিয়ে করেন। তার পরিবারে কোন সন্তান জন্মগ্রহণ করেন নি। . মৃত্যু আগেরদিন তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্বপ্নে দেখেন এবং তিনি এর ব্যাখ্যা করেন যে তিনি মারা যাবেন। তিনি তার স্ত্রীকে ডেকে বলেন যে 'কাল আমি রাসুলুল্লাহর সাথে সাক্ষাৎ করবো এবং আমার ভালোবাসার মানুষদের সাথেও।' এর পরের দিন তিনি পরকালে পাড়ি জমান। . মক্কায় অত্যাচারিত হওয়া এই সাহাবি (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিমদের পবিত্র ৩ মসজিদে প্রথম আযান দিয়েছিলেন। মদিনায় তিনিই প্রথম, মক্কায় তিনিই প্রথম, মাসজিদুল আকসায় তিনিই প্রথম আযান দিয়েছিলেন। . কে জানতো মক্কায় অত্যাচারের সময় "আহাদুন আহাদ" উচ্চারিত এই হাবাশী দাস হয়ে যাবেন 'সায়্যিদুল মুয়াজ্জিন।' ইসলাম এভাবেই মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। . 'বিলাল ইবনে রাবাহ' (রাদ্বি আল্লাহু আনহু)।