Chapter 48 of 50
সালমান আল ফারসী (রাঃ)
12 min read
পারস্যের লোকেরা যখন আগুন উপাসনার মাধ্যমে নিজেদেরকে জ্বালাচ্ছিল তখন সেখানের এক ব্যক্তি আলোর খোঁজে ঘুরেবেড়িয়ে ছিলেন এপ্রান্ত থেকে ওপ্রান্তে। . পারস্য তার জন্মস্থান। তার ধর্ম ছিল মাজূস। পিতার দেখভালই তিনি বড় হয়েছিলেন। পিতা তাকে অনেক বেশী ভালোবাসতেন তাই তিনি তাকে চোখের আড়াল হতে দিতেন না, সারাদিন তিনি বাসায় পরে থাকতেন। সেই ব্যক্তির নাম 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু)। . সালমানকে (রাদ্বি আল্লাহু আনহু) তার বাবা তাকে কোন কাজ করতে দিতেন না, শুধু একটা কাজ ছিল তার যে, তিনি তাদের উপাসনা করা আগুন যাতে না নিভে যায় সেটার দেখভাল করা। সবসময় তিনি খেয়াল রাখতেন আগুন যেন না নিভে যায়, তাই বারবার উপাসনালয়ে যাতায়াত করতেন। . সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) বাবার অনেক জমি ছিল, অন্যদেরকে ভাড়ায় দিতেন। তো তার বাবা তাকে একদিন বললেন যে, তুমি গিয়ে টাকা নিয়ে এসো, আমি অন্য কাজে এখন ব্যস্ত আছি। সাথে বলে দিলেন যে, আসতে যেন ভুলেও দেরী না হয়। . বাবার আদেশমত সালমান (রাদ্বি আল্লাহু আনহু) সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। পথিমধ্যে তিনি গির্জায় আওয়াজ শুনতে পেলেন, যা তার নজর কাটলো। তিনি তাদের গির্জায় গেলেন এবং সারাটিদিন সেখানে কাটিয়ে দিলেন। বাবা তাকে যে কাজে তাকে পাঠিয়েছেন তা তিনি ভুলেই গেলেন। তিনি গির্জায় পাদ্রীদের সাথে কথা বললেন এবং তার কাছে মনে হলো যে তার উপাসনা থেকে খ্রিষ্টানদের উপাসনা বেটার। তাই তিনি সাথে সাথে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করার সিন্ধান্ত নিয়ে নিলেন এবং তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এই দ্বীনের মূল উৎস কোথায়, জবাবে তারা বললো, শামে। . এদিকে তার বাবা লোক লাগিয়ে তাকে খোঁজছেন, আদরের সন্তান কোথায় যে হারিয়ে গেল ভেবে তার বাবা দুঃখের সাগরে ডুবে আছেন। বাড়ি ফিরে গেলেন সন্ধ্যার দিকে, বাড়িতে ঢুকতেই বাবার প্রশ্ন, কোথায় ছিলে এতক্ষণ? জবাবে তিনি তার বাবাকে যা ঘটেছে সব হুবহু বলে দেন এবং বলেন যে, আমার মনে হয় তাদের ধর্ম আমাদের ধর্মের চেয়ে বেটার। ছেলের মুখ থেকে এমন কথা শোনে বাবার মাথায় হাত, এ ছেলে বলে কী এসব! বকাঝকা করলেন কিছুক্ষণ এবং বললেন, না আমাদের ধর্মই বেটার তাদের থেকে। বাবার ভয় কাটেনি, তিনি বুঝলেন ছেলেকে যে করেই হোক নিজ ধর্মে রাখা চাই। তাই তার বাহিরে যাওয়া বন্ধ করে দিলেন, বাড়িতে সবসময় থাকার নির্দেশ দেয়া হলো এবং তার বাবা বাড়িতে তার পায়ে শিকল বেঁধে তাকে আটকে রাখলেন। . যে আলোর দেখা তিনি পেয়েছেন তা থেকে তিনি কোনভাবেই বঞ্চিত হতে চাননা। গির্জার পাদ্রীদের কাছে চিঠি পাঠিয়ে তাদের জানালেন যে, যদি কোন কাফেলা শামে যায় তাহলে তাকে যেন তাৎক্ষণিক খবর দেয়া হয়। কয়েকদিন পরে সময় মতন তাকে খবর দেয়া হলো, তিনি তার ঘর থেকে পালিয়ে সেই কাফেলার সাথে চলে গেলেন শামে। . শামে পৌঁছানোর পর সেখানখার মানুষদেরকে সেই অঞ্চলের বিখ্যাত স্কলার কে জিজ্ঞেস করে তাকে খোঁজে বের করলেন। তাকে তার ঘটনা খোলে বললেন, তারপর সেই পাদ্রী তাকে গির্জায় থাকার অনুমতি দিলেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তার সাথে থেকে দেখলেন যে, এই লোক খারাপ প্রকৃতির লোক, সে মানুষের দান করা টাকা গরীবদেরকে না দিয়ে আত্মসাৎ করে। সে স্বর্ণও নিজের কাছে রাখতো। কিছু কাল পরে এই লোক মারা যায়। সবাই তাকে শেষ ভক্তি দেখানোর পর যখন দাফন করতে যাবে তখন সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তাদের সামনে এই লোকের সবকিছু ফাঁস করে দেন। মানুষ তার কথা শুনে প্রমাণ চাইলে তিনি তাদেরকে দেখালেন। প্রমাণ দেখার পর রাগে ক্ষোভে তারা তাকে দাফন না নিয়ে তাকে শূলে চড়িয়ে রাখে। . তারপর তারা গির্জার প্রধান পাদ্রী চুজ করলো, তিনি ছিলেন খুব ভালো একজন মানুষ, দুনিয়া বিমুখ, আখিরাতের প্রতি অনুরাগী ইত্যাদি। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তার সাথে কাটিয়ে দেন আরও কয়েকটি বছর। তার মৃত্যুশয্যায় তিনি তাকে উপদেশ দেয়ার জন্য বললে, পাদ্রী বলেন যে, এই শহরে আমি ছাড়া আর কেউ আমার বিশ্বাসে নেই সবাই বদলে গেছে, আমার এক বন্ধু আছে অমুক স্থানে, সে আমার বিশ্বাসের মতন বিশ্বাস করে, তুমি সেখানে যাও। পাদ্রির এমন উপদেশ পেয়ে তিনি সেই স্থানে চলে যান এবং পাদ্রিকে সব খুলে বলেন, পাদ্রি তাকে থাকার ব্যবস্থা করে দেন। এভাবে তিনি তার সাথে আরও কয়েকটি বছর কাটিয়ে দেন। তার মৃত্যু ঘনিয়ে আসলে তিনি তাকে উপদেশ চাইলে তাকে পাদ্রী তার আরেক বন্ধু, যে কি-না অমুক স্থানে আছে, তার কাছে যাওয়ার জন্য বললো। তার কথা শুনে তিনি পাড়ি জমালেন সেই স্থানে, পাদ্রিকে সব খুলে বললে সেখানে তিনি তার থাকার ব্যবস্থা করে দিলেন এবং তার সাথে কাটিয়ে দিলেন আরও কয়েকটি বছর। সেই লোক মৃত্যুর সময় সালমানকে (রাদ্বি আল্লাহু আনহু) বলে যে, তুমি অমুক স্থানে যাও, সেখানে আমার অমুক বন্ধু আছে। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তার কথামতো চলে যেন সেই স্থানে এবং সেই পাদ্রির সাথে কাটিয়ে দিলেন আরও কয়েকটি বছর। এই লোকে যখন মৃত্যুশয্যায়, তখন তিনি তাকে বলেন যে, অমুক স্থানে যাও, সেখানে আমার এক বন্ধু আছে। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তার কথামতন গেলেন এবং সেই পাদ্রির সাথে কয়েকটি বছর কাটিয়ে দিলেন। আর সেই জায়গা ছিল বাইজেন্টাইনের একটা অঞ্চল। এই পাদ্রি যখন মৃত্যুশয্যায় তখন তিনি বলেন যে, আমার বিশ্বাসে আর কোন লোক আছে বলে আমার জানা নেই, তবে আরবে একজন নবী ইবরাহীমের দ্বীন নিয়ে আসবেন, যাকে তার জন্মভূমি থেকে বিতাড়িত করা হবে এবং তিনি খেজুর বিশিষ্ট অঞ্চলে হিজরত করবেন। সালমান তাকে জিজ্ঞেস করলেন যে, তিনি তাহলে তাকে চিনবেন কী করে? পাদ্রী তাকে ৩টি বৈশিষ্ট্য বললেনঃ ১)তিনি সদকা গ্রহণ করবেন না। ২)তিনি হাদিয়া গ্রহণ করবেন। ৩)তার পিঠে খাতামুন নাবুওয়াহর সীল দেখতে পাবে। তারপর সেই পাদ্রী মারা গেলেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) কিছু সময় একা একা এই অঞ্চলে কাটাতে লাগলেন এবং খোঁজ নিতে থাকলেন সবার কাছ থেকে যে আরবে খেজুর বিশিষ্ট অঞ্চল কোথায়। তারপর তিনি সেই অঞ্চলের খোঁজ পেলেন কালব গোত্রের মাধ্যমে। তিনি তাদেরকে তার সব কিছুর বিনিময়ে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন। তারা তাতে রাজি হলো। . সালমান (রাদ্বি আল্লাহু আনহু) সেই দলের সাথে ছুটলেন খেজুর বিশিষ্ট অঞ্চলের দিকে, তিনি যেন সইতে পারছেন না শেষ নবীর উম্মত হওয়ার জন্য, সত্যের আলোতে তিনি হারিয়ে গিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পর যে গোত্র তাকে তার সাথে নিয়ে এসেছিল তারা তাকে গোলাম হিসেবে বন্দি করে ফেললো, মূলকথা তার সাথে ধোঁকাবাজি করলো। . তারা তাকে বন্দি করে দাসের বাজারে নিয়ে তাকে বিক্রি করে দিলো। একজন স্বাধীন মানুষ থেকে তিনি হয়ে গেলেন দাস, তাও শেষ পর্যন্ত পৌঁছালেন মদিনায় ইয়াহুদী গোত্রের বনী কুরাইজার এক ইহুদী কাছে। মদিনায় এসে তিনি আশেপাশের সবকিছু দেখে আশাবাদী হলেন যে, এখানেই শেষ নবীর আগমন হবে। মদিনায় তিনি তার জীবন অতিবাহিত করতে থাকেন। . এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় হিজরত করে চলে এসেছেন, চারিদিকে এই খবর দাবানলের মতন ছড়িয়ে পড়লেও খবর পৌঁছায়নি সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) কানে। . একদিন তিনি গাছের উপর উঠে কাজ করছিলেন, মালিকের কাজিন এসে তাকে খবর দিলো যে, আউস খাজরাজ গোত্রের লোকেরা কুবায় এক লোককে ঘিরে বসে আছে, যে কি-না নিজেকে নবী হিসেবে দাবী করছে। এই বাক্য সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) কানের ভেতরে প্রবেশ করতেই তিনি এক্সাইটেড হয়ে যান যার কারণে তার সারা শরীর কাপছিল, সাথে সাথে তিনি নিচে নেমে এসে তার কাজিনকে সংবাদ সম্পর্কে জিজ্ঞেস করেন। এতে তার মালিক ক্ষুব্ধ হয়ে তার গালে সজোরে একটা চড় বসিয়ে দিয়ে বলে, এসব দিয়ে তোমার কাজ কী? তুমি তোমার কাজে যাও। . তারপর তিনি তার কাজে চলে যান। সন্ধ্যা ঘনিয়ে আসলে তিনি তার কাছে যা খেজুর আছে তা নিয়ে কুবায় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দরবারে হাজির হলেন। রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরীক্ষা করার জন্য তিনি তাকে বললেন যে, আমি শুনেছি আপনি একজন অপরিচিত ব্যক্তি, আপনার বসতবাড়ি এখানে নেই, আপনার কিছু সঙ্গি সাথি সাথে আছেন শুনলাম, তাই আপনার জন্য এগুলো সদকা হিসেবে নিয়ে এসেছি। এ কথা বলে তিনি খেজুরগুলো সামনে রাখলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদেরকে খাওয়ার জন্য বললেন কিন্তু তিনি নিজে খেলেন না। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন, এবার তিনি দেখলেন পাদ্রির বলা প্রথম বৈশিষ্ট্যের সত্যতা মিলেছে। তারপর তিনি মদিনায় চলে আসেন। একদিন সালমান (রাদ্বি আল্লাহু আনহু) আরও কিছু খেজুর নিয়ে হাজির হলের রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দরবারে। হাজির হয়ে বললেন যে, গতবার দেয়া আমার সদকা আপনি খাননি তাই এবার আমার তরফ থেকে এগুলো হাদীয়া। এখন তিনি দেখলেন যে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেখান থেকে খাচ্ছেন এবং সাহাবিদেরও খাওয়ার জন্য বলছেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) বুঝলেন ২য় বৈশিষ্ট্য মিলেছে। একদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জান্নাতুল বাকীতে অন্যান্য সাহাবিদের সাথে ছিলেন। সালমানও (রাদ্বি আল্লাহু আনহু) সেদিন সেখানে ছিলেন। তিনি দেখলেন যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) চাদর পড়ে এসেছেন। বুঝলেন এই একটা সুযোগ পিঠের সীল দেখার, তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পিছনে গিয়ে দেখার জন্য সুযোগ খুঁজতে লাগলেন। এতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বুঝে যান, তিনি তার পিঠ থেকে কাপড় একটু সরিয়ে দিলেন এবং সালমান (রাদ্বি আল্লাহু আনহু) সীলটি দেখতে পেয়ে বুঝলেন এটাই ৩য় বৈশিষ্ট্য এবং তিনিই শেষ নবী। তিনি তা দেখে চিৎকার করে উঠলেন এবং রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জড়িয়ে ধরলেন, তাকে চুমু খেলেন, এ যে সত্যকে তিনি নিজের সামনে দেখছেন, যার আশায় তিনি এতটা বছর অপেক্ষা করছিলেন তিনি আজ তার সামনে, চোখের পানি যে অটোমেটিক চলে এসেছে তার, আটকানোর যে কোন রাস্তা নেই আর। তিনি সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার সম্পর্কে জানতে চাইলে তিনি তার ঘটনা জানন, এতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিস্মিত হন এবং সাহাবিদেরকেও বলে শোনানোর জন্য বলেন। . তিনি তাৎক্ষণিক ইসলাম ধর্মগ্রহণ করলেও দাস হওয়ার কারণে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্য থেকে কিছুকাল বঞ্চিত ছিলেন। . একদিন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে আসলে তিনি তাকে তার মালিকের সাথে কথা বলে তার মুক্তির জন্য চুক্তি করার জন্য বললেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তার মালিককে জানালে সে মুক্তির জন্য চড়া কিছু দাবী করে বসে থাকে। সে বলে যে তুমি ৩০০ খেজুর গাছ লাগাতে হবে ও সেগুলো ফল ধরার উপক্রম হতে হবে এবং ৪০ উকিয়্যাহ রৌপ্য দিতে হবে। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে সব খুলে বলেন, তিনি সবাইকে সালমানের (রাদ্বি আল্লাহু আনহু) সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান করেন এতে সবাই সাড়া দেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে নির্দেশ দেন এই বলে যে, তুমি ৩০০টি গর্ত খুঁড়ে রাখো এবং শেষ হলে আমাকে জানাবে আমি এসে সেগুলো রোপন করবো। খুঁড়া হলে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খবর দেয়া হয়, তিনি এসে নিজ পবিত্র হাতে ৩০০টি বিজ রোপন করেন এবং দু'আ করেন। সুবহানাল্লাহ! সব কটা গাছ ভালোভাবে জন্মে ফল দিলো, একটাও মারা যায়নি। এবার বাকী থাকলো ৪০ উকিয়্যাহ, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে একবার সেটার ব্যবস্থা করে তার মালিকের কাছে পাঠিয়ে দেন এবং তিনি তার মালিককে হস্তান্তর করার পর মুক্তিলাভ করেন। এভাবেই দাসত্ব জীবন থেকে মুক্তি লাভ করে আমাদের অন্যতম প্রিয় সাহাবী 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু)। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে আবু দারদার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে ভ্রাতৃত্ব বন্ধন করে দেন। তিনি আবু দারদার (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে থাকা শুরু করেন। থাকাকালীন তিনি লক্ষ করেন আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) তার স্ত্রীর ব্যপারে একদম উদাসীন, বিষয়টা তার নজর কাঁটে। তিনি উম্মু দারদাকে (রাদ্বি আল্লাহু আনহা) জিজ্ঞেস করলে তিনি জবাব দেন এই যে, আপনার এই ভাই দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। সালমান আল ফারসী (রাদ্বি আল্লাহু আনহু) মনে মনে একটা প্ল্যান করে নিলেন যাতে করে আবু দারদাকে (রাদ্বি আল্লাহু আনহু) শিক্ষা দেয়া যায় কোন ভাবে। রাতে আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) তাহাজ্জুদের সময়ের আগেই উঠে যখন সালাতের জন্য দাঁড়িয়ে যাচ্ছিলেন সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বললেন, এখন ঘুমাতে যান। আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) আবারও উঠে গেলেন৷ একই ভাবে আবারও তাকে ঘুমাতে পাঠালেন, একই কাজ আরেকবার হলো। আর রাতের ৩য় অংশ আসার পর তিনি আবু দারদাকে (রাদ্বি আল্লাহু আনহু) ঘুম থেকে তুলে দিলেন সালাত আদায়ের জন্য এবং তাকে বলেন "আপনার উপর আপনার শরীরের অধিকার আছে, আপনার উপর পরিবারের অধিকার আছে, আপনার উপর অনেক কিছুর অধিকার আছে, তাই সেসকল জিনিসের অধিকার পরিপূর্ণ করুন।" পরের দিন সকালে আবু দারদা (রাদ্বি আল্লাহু আনহু) ছুঁটলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে। তার সামনে গিয়ে গতরাতে ঘটে যাওয়া সব কিছু খুলে বললেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন 'সালমান ঠিক বলেছে'। . এদিকে কুরাইশরা যুদ্ধের জন্য সৈন্য তৈরি করছিল, তারা এবার বিশাল বহর নিয়ে হাজির হবে মদিনায়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সবার পরামর্শ চাচ্ছিলেন। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) তখন বলেন যে, তাদের অঞ্চলে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য পরিখা খনন করা হতো, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার এই আইডিয়া নিয়ে সবার সামনে উপস্থাপনা করলে তাতে সবাই সায় দেন। . পরিখা খননের সিধান্ত নেয়ার পর সবাই কাজে লেগে পড়েন, স্বয়ং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আকাইহি ওয়া সাল্লাম) সেদিন পরিখা খনন করছিলেন। আল্লাহ তাদেরকে এতোটাই শক্তি দিয়েছিলেন যে খুব দ্রুত তারা কাজ করছিলেন। একটা জায়গায় এসে তারা পাথর ভাঙতে পারছিলেন না। সালমান (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গিয়ে খুলে বললেন। তিনি নিজে এসে পাথর ভাঙার জন্য প্রস্তুত হলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহু আকবার বলে প্রথম আঘাত করতেই বিদুৎ চমকিত হয়ে ঐ প্রস্তর খণ্ডের এক-তৃতীয়াংশ ভেঙে পড়ে গেল। দ্বিতীয় আঘাত করতেই আরও এক-তৃতীয়াংশ ভেঙে পড়ে গেল এবং একটি বিদ্যুৎ চমকে উঠলো। তারপর তিনি তৃতীয়বার আল্লাহু আকবার বলে তাতে আঘাত করলেন এতে অবশিষ্ট তৃতীয়াংশ ভেঙে পড়ে গেল। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) (পরিখা থেকে) বের হয়ে আসলেন। তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি যখন প্রথমবার আঘাত করেছিলাম, তখন পারস্যের/কিসরার শহরসমূহ এবং এর আশপাশের স্থানসমূহ এবং আরো বহু শহর আমার সামনে প্রকাশিত হলো। এরপর আমি দ্বিতীয়বার আঘাত করলাম। তাতে রোম সম্রাট কায়সারের শহরসমূহ এবং এর আশপাশের স্থানসমূহ দেখানো হলো। এরপর আমি তৃতীয়বার আঘাত করলাম, আমাকে তখন ইয়েমেনের রাজপ্রাসাদ দেখানো হলো। এবং বললেন যে জিব্রাইল (আলাইহিসসালাম) তাকে বলেছেন যে, এই শহরগুলো মুসলিমরা বিজয় করবে। . যুদ্ধের অবস্থা ঠিক হয়ে গেলে সালমান (রাদ্বি আল্লাহু আনহু) বিপাকে পড়ে গেলেন। একদিকে মুহাজিররা তাকে ডাকছেন আরেকদিকে আনসাররা। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাবু থেকে বের হয়ে এসে বললেন, সালমান (রাদ্বি আল্লাহু আনহু) নবী পরিবারের। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে তিনি তার বাকি জীবন অতিবাহিত করতে থাকেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃত্যুর পর তিনি খলিফাদের পাঠানো মুসলিম বাহিনির সাথে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করেন। . আমীরুল মূমিনিন উমারের (রাদ্বি আল্লাহু আনহু) শাসনামলে সা'দ ইবনে আবী ওয়াক্কাসের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে যে বাহিনীকে পারস্যের সাথে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয়, সেই দলে ছিলেন সালমান আল ফারসী (রাদ্বি আল্লাহু আনহু)। . কাদ্বিসিয়্যার যুদ্ধে জয়ের পর সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তার বাহিনী নিয়ে সোজা যাত্রা করেন পারস্য সাম্রাজ্যের রাজধানী 'টেসিফন বা মাদাইন'-এ (বর্তমানে এটা ইরাকে অবস্থিত)। পারস্য সম্রাট ইয়াজদার ভয়ে পেয়ে যায়, এবং চেষ্টা করে তার অস্তিত্ব রক্ষা করার। সেখনে পৌঁছানোর পর তারা দুর্গ ঘেরাও করেন অনেকদিন। পরে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) আল্লাহর উপর ভরসা করে নদী পার হোন এবং তারা সবাই পার হতে সক্ষম হোন, খবর পাওয়া মাত্রই ইয়াজদার তার কিছু সৈন্যবাহিনী নিয়ে পলায়ন করে। নদী পার হওয়ার পর তারা দুর্গে ঢুকে পড়েন এবং বিজয় করেন 'টেসিফন।' সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) পারস্য প্রাসাদে ঢুকলেন, সাথে ঢুকলেন 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু), যিনি সত্য খুঁজার জন্য সূদূর পারস্য থেকে আরবে এসেছিলেন আজ তিনি আবার সেই জন্মভূমিতে হেঁটে বেড়াচ্ছেন তাও বিজয়ীর বেশে, তাও পারস্য রাজপ্রাসাদের ভেতরে, সুবহানআল্লাহ! . সেখানে সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তাকে গভর্নর হিসেবে নিযুক্ত করেন, তিনি একদম সাধারণ জীবন-যাপন করতেন, নিজের কাজ নিজেই করতেন, খাদিমকে বেশি চাপ দিতেন না কাজের জন্য। এভাবেই জীবন অতিবাহিত করতে করতে মৃত্যু তার সামনে চলে আসে। সা'দ (রাদ্বি আল্লাহু আনহু) তার মৃত্যুশয্যায় তাকে দেখতে যান।উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি মাদাইনে ইন্তেকাল করেন। . 'সালমান আল ফারসী' (রাদ্বি আল্লাহু আনহু)।