Chapter 42 of 50
হানজালা (রাঃ)
2 min read
তিনি হলেন 'গাসীলুল মালায়িকা'। যাকে ফেরেশতার গোসল দিয়েছিলেন। . হানজালার পিতার নাম আবূ আমীর। জাহিলিয়াতে হানিফা থাকলেও পরবর্তীতে তিনি ফাসিক হয়ে যান। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন মদিনায় আসেন তখন তাকে সবাই নেতা হিসেবে মেনে নেয়। তা মানতে পারেনি আবূ আমীর, সে মক্কায় চলে যায়, উহুদের যুদ্ধে সে কুরাইশদের হয়ে যুদ্ধ করে তারপর সে চলে যায় খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে এবং সেখানে কাফির অবস্থায় সে মৃত্যুবরণ করে। . সেই ফাসিক আবূ আমীরের ঘরে জন্ম নেয়া সন্তান হানজালা (রাদ্বি আল্লাহু আনহু) মদিনায় ইসলাম প্রচারের প্রথম দিকেই ইসলাম ধর্মগ্রহণ করেন। ইসলাম ধর্মগ্রহণ করে তার ঈমান আরও বেড়ে যায়, যার কারণে তাকে 'তাকী' বলা হয়। . হানজালা (রাদ্বি আল্লাহু আনহু) খুব কম সময় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে পেয়েছিলেন। বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। . সদ্য বিয়ে করেছেন হানজালা (রাদ্বি আল্লাহু আনহু)। স্ত্রীর কাছেই ছিলেন তিনি, জানতেন যে কোন সময় যুদ্ধে যাওয়ার জন্য নির্দেশনা চলে আসবে। স্ত্রীর সাথে একান্ত মূহুর্ত কাটানোর এক সময় যুদ্ধে যাওয়ার জন্য হাঁক পড়লো। হানজালা (রাদ্বি আল্লাহু আনহু) তার তরবারি কোষমুক্ত করে উহুদের যুদ্ধে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন যা ছিল তার জীবনের প্রথম ও শেষ যুদ্ধ। . স্ত্রীকে বিদায় দিয়ে মুসলিম বহরের সাথে চলে যান উহুদের প্রান্তে। যুদ্ধের দামামা চলছে, মুবাহালার শেষ হলে শুরু হলো আসল যুদ্ধ। বীর বিক্রমে লড়ে যাচ্ছেন মুসলিমরা। . মুসলিমদের তরবারির আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল কাফিরদের দেহ ও প্রাণ। হানজালাও (রাদ্বি আল্লাহু আনহু) প্রাণপণে লড়ে যাচ্ছেন। এক সময় লড়তে লড়তে শত্রু পক্ষ তাকে ঘিরে ফেলে, তার উপর তরবারি চালায় এবং সাথে সাথে তিনি শাহাদাৎ বরণ করেন। . উহুদ যুদ্ধ শেষ। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও আহত হয়েছেন। তারপরও তিনি শহীদদের কাছে কাছে যাচ্ছিলেন এবং তাদের জন্য দু'আ করছিলেন। হানজালার (রাদ্বি আল্লাহু আনহু) কাছে যেতেই তিনি দেখলেন যে, ফেরেশতারা তাকে গোসল দিয়ে দিয়ে আসমানের দিকে নিয়ে যাচ্ছে। . পরবর্তীতে হানজালার (রাদ্বি আল্লাহু আনহু) স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন যে হানজালা ফরজ গোসল সম্পন্ন করার আগেই যুদ্ধে যাওয়ার জন্য ডাক পড়ে গিয়েছিল এবং তিনি সাথে সাথে বের হয়ে পড়েন যার কারণে তিনি ফরজ গোসল পরিপূর্ণ করতে পারেননি। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ডাকে সাড়া দিয়ে সদ্য বিয়ে করা স্ত্রীকে রেখে চলে আসেন যুদ্ধের ময়দানে, যার বদলে তিনি পেয়েছেন শাহাদাৎ হওয়ার মর্যাদা ও জান্নাহ। . 'হানজালা' (রাদ্বি আল্লাহু আনহু)