Chapter 34 of 50
খাব্বাব ইবনে আল আরাত (রাঃ)
8 min read
কুরাইশদের মধ্য থেকে যারা ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন, তাদের উপর মানষিক নির্যাতন আসলেও, মক্কায় অবস্থানরত যারা মাওলা/দাস ছিলেন তাদের উপর নেমে এসেছিল ভয়াবহ শারীরিক নির্যাতন। এই দাসকে করা হয়েছিল লৌহইস্পাত দ্বারা ভয়ংকর ভয়ংকর নির্যাতন। . জন্ম আরবের নাজদ অঞ্চলে। তিনি তখন ছোট বাচ্চা। তার অঞ্চলে দুই গোত্রে মধ্যে যুদ্ধ বাঁধে, এই যুদ্ধে তার গোত্র হেরে যাওয়ার কারণে নারী ও বাচ্চাদেরকে যুদ্ধবন্দী হিসেবে প্রতিপক্ষ নিয়ে নেয়। দাস বণ্টনের ফলে তাকে তার মনিব মক্কার দাসের বাজারে নিয়ে আসে। এদিকে মক্কার সম্ভ্রান্ত পরিবারের নারী উম্মে আনমার দাসের খোঁজে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দাস পর্যবেক্ষণ করতে লাগলেন, তন্মধ্যে নজর পড়লো বাচ্চা এক ছেলের দিকে, তিনি তার চোখে-মুখে প্রতিভা ও বুদ্ধিমত্তার ছাপ দেখতে পেলেন এবং সাথে সাথে তাকে খরিদ করে ফেললেন। সেই দাসের নাম হলো 'খাব্বাব ইবনে আল আরাত' (রাদ্বি আল্লাহু আনহু)। . উম্মু আনমার তাকে তরবারি ও অন্যান্য অস্ত্র বানানোর জন্য ট্রেনিং দিলেন। কিছু দিনের মধ্যে তিনি তরবারি বানানোতে এক্সপার্ট/পারদর্শী হয়ে উঠেন। তার খ্যাতি ছড়িয়ে পড়ে চারিদিকে। কুরাইশদের নেতারা পর্যন্ত তার কাছ এসে তরবারি বানানোর অর্ডার দিতো। লৌহকারকে তিনি নিজের পেশা হিসেবে নিয়ে নেন এবং রুজি করতে থাকেন। . মক্কায় বেড়ে উঠার কারণে তিনি তাদের আচার-আচরণ, পরিবেশ, চিন্তা-চেতনার সাথে পরিচিত ছিলেন। তারা যে মূর্তিপূজা করতো তা তিনি পছন্দ করতেন না, তারা একে অন্যের সাথে তুচ্ছ বিষয়ে মারামারি করতো তা দেখে তিনি অবাক হয়ে যেতেন, কুরাইশরা অন্ধকারে ডুবে আছে তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তিনি যেহেতু অনারব ছিলেন তাই শুধু দেখেই যেতেন, কিছু বলার বা করার অধিকার ছিল না। . জীবন অতিবাহিত হতে থাকে, তিনিও বড় হয়ে যান। এরই মধ্যে একদিন শুনতে পান যে মক্কায় কে যেন নতুন ধর্ম প্রচার করছেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার সাথে দেখা করবেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন প্রাইভেটলি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) তার সাথে দেখা করেন এবং সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। তিনি হলেন ইসলামের ৬ নম্বর মুসলিম, তাই তাকে "সাদেসুল ইসলাম" বলা হয়। . ইসলাম ধর্মগ্রহণ করেছেন বিষয়টা গোপন রাখলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে গিয়ে ইসলাম সম্পর্কে শিখতে শুরু করলেন, কেউ টের পায়নি। অন্ধকারে যখন আলো আসে তখন আলোর দেখায় চোখ জ্বলজ্বল করে উঠে। ঠিক তেমনি ভাবে খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) হৃদয়ে আলো প্রবেশের পর তার মনও ফুরফুরে হয়ে গেল। একদা কাজের মধ্যে তিনি নিজের সাথে হেসে হেসে কথা বলছিলেন। বিষয়টি লক্ষ করলো তরবারি বানাতে আসা কয়েকজন লোক। তারা তার কাছ থেকে সত্য বিষয়টা জেনে ফেললো। দাবানলের মতন খবর ছড়িয়ে পড়লো যে উম্মু আনমারের দাস ইসলাম ধর্মগ্রহণ করেছে। . খবর পৌঁছালো উম্মু আনমারের কানে। সে তার ভাইকে সাথে নিয়ে হাজির হলো খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) দোকানে। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, হ্যাঁ, তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন। যেই শুনলো খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্মগ্রহণ করেছেন, উম্মু আনমারের ভাই তার উপর ঝাপিয়ে পড়লো, তাকে মারতে শুরু করে, হাতের কাছে যা ছিল তা দিয়ে তাকে মারতে শুরু করে। লৌহ দ্বারা ইচ্ছা মতন তাকে আঘাত করে, এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে দেখেন তার শরীর রক্তমাখা। কোন রকম তিনি নিজেকে সামলে নেন। এভাবেই খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) উপর নেমে আসে ভয়াবহ লৌহইস্পাতের নির্যাতন। . কুরাইশরা খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণ কোন ভাবেই মেনে নিতে পারলো না, সে একজন দাস হয়ে তা গ্রহণ করেছে যেখানে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বংশের হয়েও তারা তা প্রত্যাখ্যান করেছে। তারা খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) উপর শুরু করে ভয়ংকর ভয়ংকর নির্যাতন। তারা মনে করেছিল একটু নির্যাতন করলে সে ইসলাম ত্যাগ করবে, কিন্তু শাশ্বত সত্য কে ত্যাগ করে বোকা ছাড়া? নির্যাতন যত বাড়ছিল খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) ঈমান ততই বৃদ্ধি পাচ্ছিলো যেভাবে আগুনে স্বর্ণ পোড়ালে তা আরোও খাঁটি হয়। . প্রখর রোদে উত্তপ্ত বালুর উপর খাব্বাবকে (রাদ্বি আল্লাহু আনহু) ফেলে রাখা হতো তারপর ইসলাম ত্যাগ করার কথা বললে তিনি তা নাকচ করে দিতেন। এবার তাকে লৌহ বর্ম পড়িয়ে প্রখর রোদে ফেলে রাখা হত, রোদের তাপে পরিহিত বর্ম মনে হতো আগুন, তারপর তাকে বলা হতো সে ইসলাম ত্যাগ করবে কি-না? তিনি নাকচ করে দিতেন। এতেও কাজ না হলে তাকে তারা আগুনে পোড়া লৌহ ছ্যাঁক দিতো তার পিঠে, এতে তার পিঠের অক্ষত স্থান বলে কিছু বাকি থাকেনি, এমনকি তার মাথাও দিতো। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন খাব্বাবকে নির্যাতন করা হচ্ছে। খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) মাথায় গরম লোহার ছ্যাঁক দিচ্ছে, এ দৃশ্য দেখে তিনি অনেক ব্যথিত হলেন, তার কিছুই করার ছিল না দু'আ করা ছাড়া। খাব্বাবও দু'আ করতেন এবং তিনি তার মনিবের বিরুদ্ধে বদ দু'আও করতেন। . মক্কায় তখন মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা তুঙ্গে। একদিন তিনি ও তার কিছু মুসলিম বন্ধুদের নিয়ে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিকট গেলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন ক্বাবায় হেলান দিয়ে ছায়ার মধ্যে বসে ছিলেন। তারা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন যে, আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ্র নিকট দু’আ করবেন না? এমন প্রশ্ন শোনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সোজা হয়ে বসে তাদের দিকে তাকালেন এবং তার চেহারার রঙ পাল্টে গেল। তিনি বললেন, তোমাদের আগের লোকদের অবস্থা ছিল এই, তাদের জন্য মাটিতে গর্ত খুঁড়া হত এবং ঐ গর্তে তাকে পুঁতে রেখে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হত। এটা তাদেরকে দ্বীন হতে টলাতে পারত না। লোহার চিরুনী দিয়ে শরীরের হাড় মাংস ও শিরা-উপশিরা সব কিছু ছিন্নভিন্ন করে দিত। এটা তাদেরকে দ্বীন হতে সরাতে পারেনি। আল্লাহ্র কসম, আল্লাহ্ এ দীনকে অবশ্যই পূর্ণতা দান করবেন। তখন একজন উষ্ট্রারোহী সান‘আ হতে হাযারামাউত পর্যন্ত সফর করবে, আল্লাহ্ ছাড়া অন্য কাউকেও ভয় করবে না। অথবা তার মেষপালের জন্য নেকড়ে বাঘের ভয়ও করবে না। কিন্তু তোমরা তাড়াহুড়া করছ। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা শোনে তারা দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিলেন যে তারা এই নির্যাতন সহ্য করবেন, সত্যের পথে নির্যাতন আসবে তা-ই স্বাভাবিক, এতে তাদের ঈমান আরও মজবুত হবে। এবং তা-ই হলো, কুরাইশরা তাদের উপর যত নির্যাতন করতো তত তাদের ঈমান বৃদ্ধি পেত, এক সময় এসব নির্যাতন তাদের কাছে তুচ্ছ মনে হতো। . একদিন উম্মু আনমারের প্রচন্ড মাথা বেথা শুরু হলো, বিভিন্ন ডাক্তার দেখিয়ে কোন ফায়দা হলো না। শেষে এক ডাক্তার বললো যে, তার মাথায় গরম লোহার ছ্যাঁক দিলে কিছুটা আরাম বোধ করবেন। যেই কথা সেই কাজ, এভাবে তার মাথায় ছ্যাঁক দেয়া শুরু হলো, যন্ত্রণায় উম্মু আনমারের অবস্থা আরও খারাপ হলো, তারপর সে মারা গেল। খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) তার জীবদ্দশায় এ দৃশ্য দেখেছিলেন। উম্মু আনমারের মৃত্যুর পর তিনি দাসত্ব জীবন থেকে মুক্তি পেয়ে স্বাধীন ব্যক্তি হয়ে গেলেন। . তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে সর্বদা থাকতেন। তার কাছ থেকে কোরআন শিখতেন এবং অন্যদের শিক্ষা দিতেন। একদিন সাইদ ইবনে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) বাড়িতে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হাজির উমার (রাদ্বি আল্লাহু আনহু)। তার উপস্থিতি টের পেয়ে খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) আড়ালে লুকিয়ে পড়লেন। তারপর উমার (রাদ্বি আল্লাহু আনহু) খাব্বাবের (রাদ্বি আল্লাহু আনহু) নিয়ে আসা কোরআনের কয়েকটা আয়াত পড়ে তিনি ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করলে খাব্বাব আড়াল থেকে বেরিয়ে এসে উমারকে (রাদ্বি আল্লাহি আনহু) তার ব্যপারে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু'আর কথা জানান এবং দারুল আরকামে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আছেন তা জানিয়ে দেন। . মক্কায় মুসলিমদের সংখ্যা বাড়তে থাকলো, তবে বেশিরভাগ হলেন মাওলা/দাস-দাসী। মক্কার এলিট শ্রেণীর নেতারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে বসতে চাইলো তবে তারা শর্ত দিলো যে তার সাথে থাকা নিম্ন শ্রেণির মানুষদেরকে সরাতে হবে, তারা তাদের সাথে বসবে না, ভাবুন কতটা দাম্ভিক/অহংকারী ছিল তারা। এমন অফার আসলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সায় দিলেন। সাথে সাথে আল্লাহ সূরাহ আন'আমের ৫২ নম্বর আয়াত নাযিল করে বলেন "আর তুমি তাড়িয়ে দিয়ো না তাদেরকে, যারা নিজ রবকে সকাল সন্ধ্যায় ডাকে, তারা তার সন্তুষ্টি চায়। তাদের কোন হিসাব তোমার উপর নেই এবং তোমার কোন হিসাব তাদের উপর নেই, ফলে তুমি তাদেরকে তাড়িয়ে দিবে এবং তুমি যালিমদের অন্তর্ভুক্ত হবে।" সাথে সাথে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের দেয়া অফার নাকচ করে দিয়ে এই সব বান্দাদের কাছে এসে বসেন এবং সূরাহ কাহফের ২৮ নম্বর আয়াত পাঠ করেন, এই যে "আর তুমি নিজকে ধৈর্যশীল রাখ তাদের সাথে, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তাঁর সন্তুষ্টির উদ্দেশে, এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দু’চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না, যার অন্তরকে আমি আমার যিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে।" . মক্কায় যতদিন অবস্থান করেছেন ততদিন পর্যন্ত কর্মকারকে নিজের পেশা হিসেবে নিয়েছিলেন। সেটার কারণে যা রুজি হতো সেগুলো দ্বারা তিনি তার জীবিকা নির্বাহ করতেন। সব সময় যে তিনি টাকা পেতেন তা কিন্তু না, মাঝেমধ্যে তারা পাওনা টাকা দিতো না, তুচ্ছতাচ্ছিল্য করতো। . মদিনায় হিজরতের অনুমতি আসলো। খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) একদিন রাতের আঁধারে পাড়ি জমান মদিনায়। নির্যাতিত জীবনের অবসান ঘটিয়ে শান্তির জীবনের সূচনা করলেন। . নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরত করে মদিনায় চলে এসে আবারও মিলিত হলেন সবার সাথে। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্যে তার বাকিটা জীবন কাটতে শুরু করলো। তিনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন ও মানুষদেরকে শিক্ষা দেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। . খলিফাদের আমলে তিনি ইসলামের একের পর এক অঞ্চল বিজয় করা নিজ চোখে দেখেছেন। খলিফারা সাহাবাদের জন্য যে ভাতা নির্ধারণ করেছিলেন সেখান থেকে তিনি মোটা অংকের টাকা পেতেন যা তিনি গরীব-দুঃখীদের জন্য একটি খোলা স্থানে রেখে দিতেন যাতে করে কারো দরকার পড়লে সেখান থেকে নিয়ে নিতে পারে, এ জন্য আলাদা করে তার অনুমতি লাগতো না। . খলিফা উমার (রাদ্বি আল্লাহু আনহু) তার শাসন আমলে একবার খাব্বাবকে (রাদ্বি আল্লাহু আনহু) তার চাদর সরিয়ে পিঠ দেখানোর জন্য বললেন। তিনি চাদর সরিয়ে খলিফাকে দেখালে, তিনি তার পিঠের অবস্থা বীভৎস দেখে আঁতকে উঠে জিজ্ঞেস করেন এসব কী করে হলো! খাব্বাব (রাদ্বি আল্লাহু আনহু) তখন তাকে মক্কায় অবস্থানকালে নির্যাতনের গল্প শোনান। . কুফা অঞ্চল বিজয়ের সময় তিনি সেখানে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার খিলাফার রাজধানী তখন কুফাকে ঘোষণা করেন। . একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ঔষধ সেবন করেও তা কমছিল না বরং বাড়ছিল। তার মৃত্যুশয্যায় মানুষজন তাকে দেখতে আসলে তিনি কান্না করে বলেন, আমার সঙ্গীরা দুনিয়াতে তাদের কর্মকাণ্ডের কোন প্রতিদান না নিয়ে চলে গিয়েছেন। আমি বেঁচে আছি এবং ধন-সম্পদের মালিক হয়েছি। আমার ভয় হচ্ছে, এই সম্পদ আমার প্রতিদান কী-না। তিনি তাদেরকে নিজের দামী কাফনের কাপড় দেখিয়ে বলেন, এই দেখ আমার কাফনের কাপড়! অথচ রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রিয় চাচা হামজাকে (রাদ্বি আল্লাহু আনহু) যখন আমরা দাফন করতে যাচ্ছিলাম তখন তার কাফনের কাপড় মাথা ঢাকলে পা খোলা থাকতো, পা ঢাকলে মাথা খোলা থাকতো। এসব বলে তিনি খুব কান্না করছিলেন। আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং চলে যান আল্লাহর কাছে। . আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার জানাযার সালাতের ইমামতী করেন এবং তাকে কুফা নগরীর বাহিরে দাফন করেন। . 'খাব্বাব ইবনে আল আরাত' (রাদ্বি আল্লাহু আনহু)।