Chapter 25 of 50
সাঈদ ইবনে যাইদ (রাঃ)
2 min read
সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এক ছেলে, যার বাবা অন্যদের মতন মূর্তিপূজক ছিলেন না। তার বাবা সর্বদা সত্যকে খুঁজে বেড়িয়েছেন কিন্তু পাননি, শেষে এক আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, তার নাম যাইদ ইবনে আম'র ইবনে নুফাইল। . যাইদের ঘরে জন্ম নেন একজন সন্তান যিনি কিনা মক্কায় সত্য ধর্ম আসার সাথে সাথে তা গ্রহণ করেন প্রথম প্রহরের দিকে, তার নাম সাঈদ ইবনে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু)। . সাঈদ (রাদ্বি আল্লাহু আনহু) একা ইসলাম ধর্মগ্রহণ করেননি, সাথে ছিলেন তার প্রিয় সহধর্মিণী ফাতিমা বিনতে আল খাত্তাব (রাদ্বি আল্লাহু আনহা)। ফাতিমা (রাদ্বি আল্লাহু আনহা) হলেন উমারের (রাদ্বি আল্লাহু আনহু) আদরের বোন। উমার (রাদ্বি আল্লাহু আনহু) যেদিন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হত্যার উদ্দেশ্যে বের হয়েছিলেন সেদিন একজন সাহাবী তার রাস্তা ডাইভার্ট করে দিয়েছিলেন এই বলে যে, আগে নিজের ঘর সামলান। রাগে চলে গেলেন বোনের বাড়ির দিকে, বাহির থেকে শুনতে পান তারা কী যেন পড়ছিলেন, দরজার হাঁকান, দরজা খুলতেই বলেন কী পড়ছিলে, তারা অস্বীকার করেন, রাগের মাথায় তিনি তার বোনের স্বামীর উপর হাত উঠান, মারতে থাকেন। তাকে বাঁচাতে গিয়ে তার বোনও আঘাত পান, বোনের শরীরে রক্ত দেখে উমারের (রাদ্বি আল্লাহু আনহু) মন কিছুটা নরম হয়, জানতে চান তারা কী পড়ছিলেন। উত্তর পেলেন 'কোরআন'। তাকেও দেখানো হলো এবং তার অন্তরে ইসলামের আলো প্রবেশ করতেই ইসলাম গ্রহণের কথা ব্যক্ত করেন। এই যাকে তিনি মারছিলেন তিনই হলেন 'সাঈদ ইবনে যাইদ' (রাদ্বি আল্লাহু আনহু)। জান্নাতের সুসংবাদ পাওয়া দশ জনের একজন তিনি মানে আশারা-মুবাশশারার একজন। . ইসলাম ধর্মগ্রহণের পর সবার মতন তার উপরও অত্যাচার নেমে আসে। মদিনায় হিজরতের অনুমতি আসলে সেখানে পাড়ি জমান। . বদর যুদ্ধ ছাড়া তিনি বাকি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। . ইয়ার্মুকের যুদ্ধ তিনি ছিলেন, রোমান বাহিনীর এতো বিশাল বহর দেখে মুসলিমরা কিছুটা হতভম্ব হয়েগিয়েছিল কিন্তু সেনাপ্রধান আবু উবাইদা আমীর ইবনু জাররাহর (রাদ্বি আল্লাহু আনহু) জ্বালাময়ী ভাষণে সবার মন শক্ত হয়ে উঠে, বীর বিক্রমে তৎকালীন সুপারপাওয়ার রোমান বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে নিয়ে আসেন। . দামেস্ক বিজয়ের সময় তিনি সেই বিজয়ী বাহিনীর বহরে ছিলেন। দামেষ্কের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন সেই সময়। . রাজনীতি থেকে তিনি নিজেকে দূরে সরিয়ে রাখতেন। মুয়াউইয়াহ (রাদ্বি আল্লাহু আনহু) যখন তার ছেলেকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা করলেন তখন তিনি বায়াত দেননি, এক সৈন্য এসে তাকে হত্যার হুমকি দিলে তিনি হাসতে হাসতে বলেন বায়াত না দেয়ার জন্য আমাকে হত্যা করবে? অথচ তারা যখন কাফির ছিল তাদের সাথে যুদ্ধ করেছি। . সাঈদের (রাদ্বি আল্লাহু আনহু) দুআ কবুল হতো৷ মদিনায় থাকাবস্থায় এক নারী তার নামে জায়গা দখল করে নেয়ার মিথ্যা অপবাদ দিচ্ছিলো, তিনি তাকে এই জায়গা দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দুআ করেন যে, এই নারী যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে আপনি তাকে অন্ধ করে দিন এবং সেই জমিতে তার মৃত্যু দিন। আল্লাহ তার দুআ কবুল করেন। মাজলুমের দুআ অবশ্যই আল্লাহ কবুল করেন। . মদিনায় তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। . জান্নাতের সুসংবাদ পেয়ে আল্লাহর ইবাদত ও রাসূলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনুসরণ ছেড়ে দেন নি, বরং হয়েছেন আরও বিনয়ী, জীবনের সময়গুলো কাঁটিয়েছেন আল্লাহর ইবাদত করার মাধ্যমে। তিনি ছিলেন একজন চুপচাপ নরম মনের মানুষ। . 'সাঈদ ইবনে যাইদ' (রাদ্বি আল্লাহু আনহু)।