Chapter 35 of 50
আম্মার ইবনে ইয়াসির (রাঃ)
5 min read
তিনি হলেন ইসলামের প্রথম শহীদের সন্তান। . পিতা ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) ইয়েমেনের বাসিন্দা। ৪ ভাইয়ের মধ্যে এক ভাই হটাৎ করে হারিয়ে যাওয়ায় বাকি ৩ জন তার খোঁজে বেরিয়ে পড়েন। খুঁজতে খুঁজতে এসে পড়েন মক্কায়। মক্কার পরিবেশ ভালো লেগে যায় ইয়াসিরের (রাদ্বি আল্লাহু আনহু), তিনি সেখানে থেকে যান। . মক্কার পরিবেশের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে একটা অবস্থানে পৌঁছানোর পর, আবু হুজাইফা যার সাথে তিনি চুক্তিবদ্ধ হয়ে মক্কায় বসবাসের সুযোগ পেয়েছিলেন, তার দাসী সুমাইয়্যাকে (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে করেন। তাদের পরিবার থেকে জন্ম নেন একজন সন্তান যার নাম 'আম্মার ইবনে ইয়াসির' (রাদ্বি আল্লাহু আনহু)। . মক্কায় যারা কুরাইশ বংশের নয়, তাদের কোন দাম ছিল না। আম্মার (রাদ্বি আল্লাহু আনহু) মক্কায় বড় হয়ে উঠেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন মাত্র নবুওয়ত পেয়েছেন, তিনি প্রাইভেটলি মানুষদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। আম্মার (রাদ্বি আল্লাহু আনহু) নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়ে আসা বাণীর কথা শুনেই যাচ্ছিলেন প্রতিনিয়ত, যদিও এসবে তার কোন ইন্টারেস্ট ছিল না। . একদিন চিন্তা করলেন যে, না, এভাবে তো থাকা যায় না বরং তিনি চলে গেলেন দারুল আরকামে নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সান্নিধ্য পেতে। সাক্ষাৎ হলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলামে আসার জন্য দাওয়াত দেন। আম্মার (রাদ্বি আল্লাহু আনহু) সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করেন। . সত্যের কথা যে লুকিয়ে রাখা যায় না। বাড়ি ফিরে তার পরিবারকে ইসলাম সম্পর্কে বললেন, তাদেরকে দাওয়াত দিলেন, তারা সাথে সাথে ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। এই পরিবার হলো তখকার সময় একমাত্র পরিবার, যার সবাই ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন। . যারা যারা ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তাদের সবাই বিষয়টা লুকিয়ে রেখেছিলেন কাফিরদের ভয়ে। এমনটাই করেছিলেন ইয়াসিরের (রাদ্বি আল্লাহু আনহু) পরিবারও। . কিন্তু সত্য বেশিদিন ঢেকে রাখা যায় না, তা প্রকাশ পেয়ে যায়। ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) পরিবার ইসলাম ধর্মগ্রহণ করেছেন তা প্রকাশ পেয়ে গেল৷ কুরাইশরা তো রেগেমেগে একাকার! এটা কীভাবে সম্ভব! যেখানে তারা (দাম্ভিক নেতারা) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দাওয়াতে সাড়া দিচ্ছে না সেখানে এইসব মানুষেরা সাড়া দিচ্ছে কীভাবে, এটা তাদের আত্মমর্যাদায় আঘাত হানে। . কুরাইশরা ডিসিশন নেয় দুর্বলদের উপর নির্যাতন চালানোর যাতে ভয়ে তারা ইসলাম ধর্ম ত্যাগ করে। . ইসলাম ধর্মগ্রহণ করার কারনে ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) পরিবারের উপর নেমে আসে ভয়াবহ নির্যাতন৷ মক্কায় ইয়াসিরের (রাদ্বি আল্লাহু আনহু) কোন সাহায্যকারী ছিলো না। তার স্ত্রী বনু মাখজুম গোত্রের দাসীই রয়ে গিয়েছিলেন। . তাদের উপর নির্যাতনের দায়িত্ব নেয় মুসলিম উম্মাহর ফেরাউন খ্যাত আবু জেহেল। সে তাদেরকে বেঁধে নিয়ে যেত মরুভূমিতে। প্রখর রোদে তাদেরকে বেঁধে রাখতো আর তাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করার আহবান জানাতো। তারা এতে অস্বীকৃতি জানালে তাদের উপর প্রহার করতো। এই পন্থা কাজে না দিলে প্রখর রোদে উত্তপ্ত বালুতে তাদের অর্ধ শরীর পুঁতে দিতো এবং প্রহার চালাতো। এতেও তারা ইসলাম ত্যাগের বিষয়ে অস্বীকৃতি জানালে তাদের শরীরে গরম লোহার ছ্যাঁক দিতো। এভাবেই তাদের উপর চালাত পাশবিক নির্যাতন। পুরো পরিবারকে সামনে রেখেই এই নির্যাতন চালতো৷ . তাদের এসকল নির্যাতন ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) পরিবারের ঈমানকে নড়াতে পারেনি। তারা ধৈর্য ধারণ করছিলেন। . রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে নির্যাতিত অবস্থায় দেখতে পেলে সান্ত্বনা দিতেন। একদিন তিনি তাদেরকে বলেন "আম্মার পরিবারের লোকেরা, তোমাদের জন্য সুসংবাদ। জান্নাত তোমাদের জন্য প্রতীক্ষা করছে।" . ধৈর্যের সাথে ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) পরিবার নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। তারা কাফিরদেরকে আরও রাগান্বিত করে দিতেন। একদিন আম্মার (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহকে অসহনীয় নির্যাতের কথা বললে, রাসুলুল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করতে বলতেন। . প্রতিদিনের ন্যায় তাদের উপর চলতো নির্যাতনের স্ট্রিম রোলার। আবু জেহেল তাদেরকে বলে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য কিন্তু তারা সায় দেননি। সুমাইয়্যাকে (রাদ্বি আল্লাহু আনহা) সে ধর্ম ত্যাগের প্রস্তাব দিলে তিনি আবু জেহেলের মুখে থুতু দিয়ে তাকে আল্লাহর দুশমন বলে উচ্চারণ করেন। এতে আবু জেহেলের রাগ তার কন্ট্রোলের বাহিরে চলে যায়। সে বর্শা নিয়ে সুমাইয়্যার (রাদ্বি আল্লাহু আনহা) গোপনীয় স্থানে আঘাত করে, সাথে সাথে মৃত্যুবরণ করেন তিনি। তিনিই হলেন ইসলামের প্রথম শহীদ। . এই মৃত্যুও ইয়াসির (রাদ্বি আল্লাহু আনহু) ও আম্মারকে নাড়াতে পারেনি। নির্যাতনের অতিমাত্রায় তার পিতা ইয়াসিরও (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হয়ে যান। . আম্মারকে (রাদ্বি আল্লাহু আনহু) তারা বেঁধে রাখে, নির্যাতন তখন চূড়ান্ত মাত্রায়, তিনি এক প্রকার অবচেতন হয়ে পড়েন এবং এই নির্যাতন থেকে বাঁচার জন্য আবু জেহেলদের বলা কথায় সায় দিয়ে দেন কিন্তু তার অন্তর ছিল ঈমান দ্বারা ভরপুর। . তাকে তারা ছেড়ে দেয়। তিনি কাঁদতে কাঁদতে ছুটে যান রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে, তার কাছে গিয়ে সব খুলে বলেন। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সূরা আন নাহালের ১০৬ নম্বর আয়াত পড়ে শোনান, এই যে, "যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরী করেছে এবং যারা তাদের অন্তর কুফরী দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরই আল্লাহর ক্রোধ এবং তাদের জন্য রয়েছে মহাআযাব। ঐ ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় (কুফরী করতে) অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত।" তারপর আম্মারারে (রাদ্বি আল্লাহু আনহু) মন শান্ত হয়। . মদিনায় হিজরতের অনুমতি আসলে তিনি সেখানে পাড়ি জমান। জীবনের নতুন পাতার সূচনা সেখানেই। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেন। বদর যুদ্ধে কাফিরদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েন, এরাই তো সেই সকল লোক যারা তার পিতা-মাতাকে হত্যা করেছিল, যারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপর অত্যাচার করেছিল। . রাসুলুল্লাহর সান্নিধ্যে তার বাকিটা জীবন কাটে। . আম্মার (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন অত্যন্ত খোদাভীরু, বিনয়ী, তাকওয়াবান ও চুপচাপ স্বভাবের মানুষ। তিনি অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। দুনিয়াতে থাকা অবস্থায় তিনি পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ তবুও আল্লাহর ইবাদত থেকে সরে যাননি বরং আরও বেশি বেশি ইবাদত করতেন। . খন্দকের যুদ্ধের জন্য তিনি পরিখা খননের কাজ করছিলেন তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথায় হাত রেখে তাঁকে লক্ষ্য করে বলেছেন, ইবনু সুমাইয়্যার জন্য দুঃখ হয়। একটি বিদ্রোহী দল তোমাকে হত্যা করবে। . রাসুলুল্লাহর ইন্তেকালের পর মুসলিম উম্মাহর একের পর এক অঞ্চল বিজয় নিজ চোখে দেখেছিলেন। দেখেছিলেন ততকালীন পৃথিবীর দুই সুপারপাওয়ার পারস্য ও রোমাজ সাম্রাজ্য ধ্বংস হতে। . খলিফা উমারের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি কুফার গভর্নর হিসেবে কিছুসময় নিযুক্ত ছিলেন। . খলিফা উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) হত্যার পর মুসলিম বিশ্বে অভ্যন্তরীণ কোন্দল লেগে যায়। একদিকে উষ্ট্রের যুদ্ধ আরেকদিকে সিফফিনের যুদ্ধ। তিনি আলীর (রাদ্বি আল্লাহু আনহু) পক্ষে যোগ দেন এবং সৈন্য সমবেত করেন। উষ্ট্রের যুদ্ধের পরে তারা মুসলিমদের আরেকটি বাহিনীর সাথে মুখোমুখি হন, সেই যুদ্ধের নাম সিফফিন যুদ্ধ। সিফফিনের যুদ্ধে যাওয়ার আগে আম্মার (রাদ্বি আল্লাহু আনহু) দুধ পান করে বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, দুধই হবে আমার শেষ আহার। এর পরে তিনি যুদ্ধে ঝাপিয়ে পড়েন। প্রতিপক্ষের তীরের আঘাতে তিনি শাহাদাৎ বরণ করেন। . খলিফা আলী (রাদ্বি আল্লাহু আনহু) তার জানাযার সালাত পড়ান এবং তাকে দাফন করেন। . 'আম্মার ইবনে ইয়াসির' (রাদ্বি আল্লাহু আনহু)।