Chapter 39 of 50
যাইদ ইবনে হারিসা(রাঃ)
6 min read
তিনি হলেন 'হিব্বু রাসুলুল্লাহ' (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। . জাহিলিয়াত আমল, বাবার গোত্রের সাথে অন্য একটি গোত্রের মারামারি ছিল। বেড়াতে গিয়ে মায়ের সাথে তার গোত্রে থাকাকালীন অন্য একটি গোত্র হামলা করে লুন্ঠন ও বন্দী করতে থাকে। যখন তারা দেখলো যে সেই গোত্রের এক বাচ্চা ছেলে এখানে আছে, তারা তাকে আটক করে মক্কায় এনে, দাসের বাজারে তুলে তাকে বিক্রি করে দেয়। . এদিকে হাকীম ইবনে হিযাম (রাদ্বি আল্লাহু আনহু), তিনি হলেন খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) ভাইপো, বাজার থেকে কিছু দাস কিনে নিয়ে আসেন। তিনি খাদিজাকে (রাদ্বি আল্লাহু আনহা) সেখান থেকে একটি দাস উপহার হিসেবে দিয়ে দেন, আর সেই দাসের নাম হলো 'যাইদ ইবনে হারিসা' (রাদ্বি আল্লাহু আনহু)। . খাদিজার (রাদ্বি আল্লাহু আনহা) বাড়িতে তিনি বড় হতে লাগলেন। কিছু সময় পরে তার মালিক খাদিজা (রাদ্বি আল্লাহু আনহা) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তার কৃতদাস যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জন্য উপহার হিসেবে দিয়ে দেন। এতে যাইদ রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পূর্ণ তত্বাবধানে বড় হতে লাগলেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মতন মালিক পেয়ে তিনি তার পিতামাতার কথা প্রায় ভুলেই গেলেন। . এদিকে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) বাবা পুত্রশোকে কাতর। ছেলেকে কোথাও তিনি খুঁজে পাচ্ছেন না। সব জায়গায় খোঁজ লাগিয়েও কোন খবর নাই তার ছেলের। তার গোত্র থেকে এক লোক হজ্জ্ব করতে এসে পেয়ে যায় যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) দেখা। হজ্জ্ব শেষ করে বাড়িতে পৌঁছানোর পর শোকাহত যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) বাবা-মাকে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) খবর দিলে তারা অত্যন্ত খুশী হন। . খবর পেয়ে টাকা হাতে নিজ ভাইকে নিয়ে উটের পিঠে চড়ে ছুটে চলেন মক্কায়। ছেলেকে যে পাওয়া গিয়েছে এর-চে বড় সংবাদ আর কী আছে! কত বছর পর তার সাথে দেখা, হয়তো স্মৃতিগুলো চোখের সামনে ভাসার কারণে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। . মক্কায় প্রবেশ করেই খোঁজ লাগালেন কোথায় আব্দুল মুত্তালিবের নাতি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখনও নবুওয়ত পাননি কিন্তু তাকে সবাই চিনতো। মানুষজন যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) পিতাকে বললেন যে তিনি ক্বাবার ঐখানেই আছেন। তিনি সেখানে ছুটে যান। নিজের পরিচয় দিয়ে তিনি বলেন 'হে আব্দুল মুত্তালিবের বংশধর, আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী, অসহায়ের সাহায্যকারী, ক্ষুদার্তকে অন্নদানকারী ও আশ্রয়প্রার্থীকে আশ্রয় দানকারী। আপনার কাছে যে ছেলেটি আছে তার ব্যাপারে আমরা এসেছি। তার মুক্তিপণও সঙ্গে নিয়ে এসেছি। আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং আপনার ইচ্ছামত তার মুক্তিপণ নির্ধারণ করুন। . রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তারা সবকিছু খুলে বললে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন যে, যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) যদি নিজ থেকে যেতে চায় তাহলে মুক্তিপণ ছাড়াই সে যেতে পারবে আর সে যদি না যেতে চায় তাহলে সে আমার সাথেই থাকবে। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) ডেকে দুই লোককে দেখিয়ে বললেন এরা কারা। যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) উত্তর দিলেন যে একজন তার বাবা আর অপরজন তার চাচা। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন যে, তারা তোমাকে নিতে এসেছেন। এই ব্যাপারটা আমি তোমার মধ্যেই ছেড়ে দিয়েছি। তুমি চাইলে চলে যেতে পারো অথবা আমার সাথে থাকতে পারো। . যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) কোন প্রকার ইতঃস্ততবোধ না করে বললেন যে, তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে থাকতে চান। তার এমন কথা শোনে পিতা আচমকা হয়ে বললেন, যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) তুমি তোমার পিতা-মাতা ছেড়ে দাসত্বকে বেছে নিলে? উত্তরে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, উনার মধ্যে আমি এমন কিছু দেখেছি যার জন্য আমি তাকে ছেড়ে যেতে পারবো না। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) কথা শোনে অত্যন্ত খুশী হন এবং সাথে সাথে তার হাত ধরে ক্বাবার কাছে হিজরের সামনে দাঁড়িয়ে যাইদের (রাদ্ব আল্লাহু আনহু) হাত উঁচু করে তুলে ধরে সবার সামনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) নিজের পুত্র ও উত্তরাধিকার হিসেবে ঘোষণা করেন। তা দেখে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) পিতা ও চাচা অত্যন্ত খুশী হন। . যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) তখন এলিট কুরাইশদের মতন সম্মান পেয়ে যান। এভাবেই রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘরে তিনি বেড়ে উঠেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবুওয়ত পাওয়ার পর তিনি যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াত দিলে তিনি সাথে সাথে তা গ্রহণ করে ইসলামের ছায়াতলে প্রবেশ করেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুখে-দুঃখে তিনি তার পাশে সবসময় থাকতেন। . হামজা (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম ধর্মগ্রহণ করলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে তাকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেন। . একদিন রাসুলুল্লাহ ঘোষণা করেলন যে, "তোমাদের কেউ যদি জান্নাতের অধিকারিণী কোন মহিলাকে বিয়ে করতে চায় সে যেনো উম্মু আইমানকে বিয়ে করে"। এই ঘোষণা শোনার পর 'যাইদ ইবনে হারিসা' (রাদ্বি আল্লাহু আনহু) তাকে বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করেন। এই ঘরে জন্ম নেন মুসলিম উম্মাহর অন্যতম এক সাহসী সেনাপতি 'উসামা ইবনে যাইদ' (রাদ্বি আল্লাহু আনহু)। মক্কায় থাকাকালীন তিনি আরও বিয়ে করেন। . হিজরতের অনুমতি আসলে তিনি তার পরিবার নিয়ে পাড়ি জমান মদিনায়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরে হিজরত করলে তার সাথে মিলিত হন সেখানে। যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পরিবারের একজন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি সব যুদ্ধে অংশগ্রহণ করেন একটি ব্যাতিত, সেবার তাকে মদিনায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্থলাভিষিক্ত করে যান। . আল্লাহ সূরাহ আহযাবের ৫ নম্বর আয়াত নাজিল করে বলেন "তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাক; আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দীনি ভাই এবং তোমাদের বন্ধু। আর এ বিষয়ে তোমরা কোন ভুল করলে তোমাদের কোন পাপ নেই; কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকলে (পাপ হবে)। আর আল্লাহ অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।" এরপর থেকে যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) ডাকা হতো যাইদ ইবনে হারিসা (রাদ্বি আল্লাহু আনহু) নামে। . আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, এই আয়াত না নাজিল হলে আমরা বুঝতামই না যে যাইদ রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পুত্র নন। . মদিনায় রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে যাইনাবের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে বিয়ে দেন কিন্তু তাদের বিয়ে টিকেনি বিধায় ছাড়াছাড়ি হয়ে যায় এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাইনাবকে (রাদ্বি আল্লাহু আনহা) বিয়ে করেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) কোন অভিযানে পাঠালে তাকেই কমান্ডার বানিয়ে পাঠাতেন। যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) কোথাও পাঠালে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উৎকন্ঠিত হতেন এবং ফিরে এলে উৎফুল্ল হতেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে তিনি ছায়ার মতনই থাকতেন। কিন্তু এই ছায়া হারিয়ে গেলো মূতার যুদ্ধে। . মূতার যুদ্ধের জন্য রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যাইদকে (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম বাহিনীর প্রধান কমান্ডার বানিয়ে প্রেরণ করলেন। সেখানে যাওয়ার পর যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) নেতৃত্বে শত্রু বাহিনীর উপর প্রচণ্ড আক্রমণ করে বসে মুসলিম বাহিনী। এক পর্যায়ে শত্রু পক্ষ তাকে শহীদ করে ফেলে। এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় ওহীর মাধ্যমে সব কিছু জানছিলেন এবং মানুষের সামনে বর্ণনা করছিলেন। যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ হওয়ার খবর পেয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক কান্না করলেন এবং বিষন্নতা রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) গ্রাস করে ফেলে। পথে যাইদের (রাদ্বি আল্লাহু আনহু) বাচ্চা মেয়ে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জড়িয়ে ধরে কান্না করলে রাসুলুল্লাহও (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সাথে কান্না করেন। পরবর্তীতে এক সাহাবী তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন 'এ তো ভালবাসার বহিঃপ্রকাশ।' . পিতা-মাতাকে ছেড়ে বেছে নিয়েছিলেন যাকে, তারই সিদ্ধান্তে চলে গেলেন যুদ্ধের মাঠে। শাহাদাতের পানি পান করানো হলো তাকে, সবুজ পাখি হয়ে উড়ছেন তিনি জান্নাতে।' . 'যাইদ ইবনে হারিসা' (রাদ্বি আল্লাহু আনহু)