Chapter 44 of 50
হাসসান ইবনে সাবিত (রাঃ)
5 min read
তিনি হলেন 'শা'য়িরুল ইসলাম'। 'শা'য়িরু রাসুলুল্লাহ!' সকল বিশ্বাসী কবিদের ইমাম। যার কাব্যরচনায় সাহায্য করেছেন স্বয়ং জিব্রাইল (আলাইহিসসালাম)। . মদিনা হলো তার জন্মস্থান, সেখানেই বেড়ে উঠা। ধনী পরিবারের সন্তান হওয়ার কারণে জীবন তার বিলাসবহুল ছিল। কাব্যরচনা ছিল তার নেশা যা হয়ে উঠে তার পেশা। আরব বিশ্বের বাহিরেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল জাহিলিয়্যাত যুগে। রাজা-বাদশারা তাকে তাদের দরবারে আমন্ত্রণ জানাতো এবং তার কাব্যিক প্রতিভা দেখে তারা অবাক হয়ে অনেক টাকা-পয়সা উপহার হিসেবে দিতো। এক নামে সবাই চিনত তাকে, কে সে? তিনি হলেন আমাদের অন্যতম প্রিয় সাহাবী 'হাসসান ইবনে সাবিত' (রাদ্বি আল্লাহু আনহু)। . ছোটবেলা থেকে তিনি লক্ষ্য করতেন এ ইহুদিরা শেষ নবী আসা নিয়ে অনেক উদ্বিগ্ন থাকতো। কিন্তু ইহুদি ছাড়া বাকি কেউ আর এই রকম চিন্তায় ছিলেন না বিধায় এতো চিন্তা ছিল না। এদিকে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নবুওয়ত পেয়েছেন। তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন সকলকে। এভাবে কেটে গেল ১৩টি বছর। . মদিনা থেকে কয়েকজন লোককে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হজ্জ্বের সময় ইসলামের দাওয়াত দিলে তারা তা সাদরে গ্রহণ করে এবং রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের কাছে হিজরত করার জন্য আহবান করে। তারা যখন দ্বিতীয়বার আরও নতুন মুসলিম নিয়ে আসলেন তখন তিনি তাদের সাথে মূসাবকে (রাদ্বি আল্লাহু আনহু) পাঠালেন। সেই মূসাবের (রাদ্বি আল্লাহু আনহু) দাওয়াতের ফলে অনেকে ইসলাম ধর্মগ্রহণ করেন। এর মধ্যে বেশী সম্ভাবনা যে, হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) এই দাওয়াতকালে ইসলাম ধর্মগ্রহণ করেন। গ্রহণকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরত করে মদিনায় চলে আসলেন। একে একে সবার সাথে তার দেখা-সাক্ষাৎ হতে লাগলো। হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) তো চিনবেনই কারণ তিনি যে খ্যাতিমান একজন কবি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তার অফিশিয়াল কবি হিসেবে নিযুক্ত করেন। . হাসসান ইবনে সাবিত (রাদ্বি আল্লাহু আনহু) ছিলে ভীত প্রকৃতির মানুষ। তিনি শারীরিকভাবে কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি। . খন্দকের যুদ্ধের সময় মুসলিম নারীদেরকে দুর্গে রাখার পর নিরাপত্তার জন্য দায়িত্ব দেয়া হয় হাসসান ইবনে সাবিতকে (রাদ্বি আল্লাহু আনহু)। তিনি তাদের সাথে সেই দুর্গে ছিলেন। এদিকে মদিনায় রয়ে যাওয়া ইহুদী গোত্র চুক্তি ভঙ্গ করে মুসলিমদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছিলো। তারা ভাবলো যে আগে দুর্গে একটা আক্রমণ করে দেখা যাক কে আছে সেখানে। তারপর তারা দু'জন লোককে পাঠালো সেখানে। সেই দু'জন লোক সেখানে যাওয়ার পর শব্দ হলে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফুফু সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) টের পেয়ে গেলেন। তিনি হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) খঞ্জর দিয়ে বললেন তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) বললেন আপনি তো জানেনই আমি তা করতে সক্ষম নই। পরে তিনি নিজে বাড়ির ছাদে খঞ্জর নিয়ে উঠে তাদের উপরে আসার জন্য অপেক্ষা করতে লাগলেন। এক লোক উঠতেই তার মাথা বিচ্ছিন্ন করে দিলেন এবং তার মাথা নিচে অন্য লোকের কাছে ছুড়ে মারলেন, এতে সেই লোক ভয়ে পালিয়ে যায় এবং ভাবে যে ভেতরে পুরুষ আছে। সফিয়্যা (রাদ্বি আল্লাহু আনহা) নিচে এসে হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) সেই লোকের ঢাল-তলোয়ার নিয়ে আসার জন্য বললে, হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) তা আমার দরকার নেই। . হাসসান ইবনে সাবিত (রাদ্বি আল্লাহু আনহু) তরবারি দিয়ে যুদ্ধ না করলেও কাব্য-যুদ্ধে তিনি সবার সামনে থাকতেন। মক্কার কুরাইশরা কবিতার মাধ্যমে মিথ্যা রটালে হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) তার জবাব দিতেন কবিতার মাধ্যমে। . কাফির কবিরা ইসলাম ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিরুদ্ধে কবিতা লিখলে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) বলেন, 'আমার পক্ষ থেকে উত্তর দাও। হে আল্লাহ ! তাকে রূহুল কুদুস (জিব্রাইল) দ্বারা সাহায্য করুন।' হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) কবিতার ছন্দে মুশরিকদের নিন্দা করতে অনুমতি চাইলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমার বংশকে কিভাবে তুমি আলাদা করবে? হাসসান (রাদ্বি আল্লাহু আমহু) বললেন, আমি তাদের মধ্য হতে এমনভাবে আপনাকে আলাদা করে নিব যেমনভাবে আটার খামির হতে চুলকে আলাদা করে নেয়া হয়। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে এসবে সাহায্য করতেন। . আম্মাজান আ'য়িশাকে (রাদ্বি আল্লাহু আনহা) নিয়ে যখন মিথ্যা অপবাদ রটানো হয়েছিল তখন কয়েকজন সাহাবী পা পিছলে সেটায় পা দিয়ে দিয়েছিলেন। তাদের একজন হাসসান (রাদ্বি আল্লাহু আনহু), তাকে শাস্তি দেয়া হয়েছিল এবং তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করে তা লাভ করেন। . রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে খুব বেশী ভালোবাসতেন। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে যখন মারিয়া ও সিরিন উপহার হিসেবে আসে তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সিরিনকে উপহার হিসেবে দিয়ে দেন। . সূরাহ শু'আরার ২২৪-২২৫ নম্বর আয়াত 'আর বিভ্রান্তরাই কবিদের অনুসরণ করে।' 'তুমি কি লক্ষ্য করো নি যে, তারা প্রত্যেক উপত্যকায় উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়?' নাজিল হলে হাসসান, কা'ব ও রাওয়াহারা (রাদ্বি আল্লাহু আনহু আজমাঈন) ভয় পেয়ে যান, তারা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে উপস্থিত হয়ে এ বিষয়ে বললে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে সূরাহ শু'আরার ২২৭ নম্বর আয়াত পড়ে শোনান 'কিন্তু তারা ব্যতীত, যারা ঈমান আনে ও সৎকার্য করে এবং আল্লাহকে বার বার স্মরণ করে ও অত্যাচারিত হবার পর প্রতিশোধ গ্রহণ করে।' তারপর তাদের হৃদয় ঠান্ডা হয়। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইন্তেকালের সময় তিনি ভারাক্রান্ত মন নিয়ে কাব্য রচনা করেছেন, যা শোনে সবাই স্মৃতিকাতর হয়ে পড়েন। . খলিফাদের শাসনামলে তিনি দেখে গিয়েছিলেন উম্মাহর বড় বড় বিজয়, যেখানে গুড়িয়ে গিয়েছিল পাওয়ারফুল দুই সাম্রাজ্য পারস্য ও রোমান। . আমীরুল মূমিনিন উমারের (রাদ্বি আল্লাহু আনহু) একবার হাসসানকে (রাদ্বি আল্লাহু আনহু) মসজিদে কাব্যরচনা করতে দেখলে তাকে হালকা বেত্রাঘাত করে বলেন, তোমার সাহস হয় কীভাবে? তখন হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) জবাব দেন যে, আপনার চেয়েও বড় একজনের সামনে আমি এখানে বসে কাব্যরচনা করেছি, মানে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কথা বলছেন। তারপর উমার (রাদ্বি আল্লাহু আনহু) হ্যাঁ, ঠিকই বলেছেন। . খলিফাদের কাছে তার গুরুত্ব ছিল অসীম। তারা তার জন্য উচ্চমানের ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি বহুকাল বেঁচে ছিলেন, ইসলামের গ্রহণের আগে ৬০ বছর, ইসলাম গ্রহণের পরে আরও ৬০ বছর বেঁচে ছিলেন। . অন্যান্য সাহাবীরা যখন ধারালো তরবারি দ্বারা শত্রুদের মোকাবিলা করতেন তখন হাসসান (রাদ্বি আল্লাহু আনহু) তার ভাষা দ্বারা মোকাবিলা করতেন। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু অব্দি তিনি ইসলাম ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মান-মর্যাদা রক্ষা ও সমুন্নত রেখেছেন কাফিরদেরকে তার ধারালো কাব্য দ্বারা দাঁতভাঙা জবাব দেয়ার মাধ্যমে, সেসব কবিতা আজও বই আকারে উম্মাহ জীবিত রেখেছে। শেষ বয়সে এসে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং ৫৪ হিজরিতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোকগমন করেন . 'হাসসান ইবনে সাবিত' (রাদ্বি আল্লাহু আনহু)