Chapter 18 of 50
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ)
5 min read
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবিতাবস্থায় যে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তিনিও সেই রাস্তা দিয়ে তার অনুরূপ চলাচল করতেন। এটা ছিলো রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। . জ্ঞান হওয়ার পর থেকেই তিনি নিজেকে ইসলামের ভেতরেই খুঁজে পান কারণ পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন। তিনি হলেন আমীরুল মূ'মিনিন উমার ইবনে আল-খাত্তাবের (রাদ্বি আল্লাহু আনহু) ছেলে আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু)। মক্কায় কুরাইশদের অত্যাচারের পর যখন মদিনায় হিজরতের অনুমতি আসলো, পরিবারের সাথে প্রিয় মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান মদীনায়। . শৈশব-কৈশরে ছিলেন দুর্দান্ত একজন, তাই রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে বদর ও উহুদ যুদ্ধে শরীক হতে চাইলে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে কোনপ্রকার অনুমতি দিলেন না। খন্দক যুদ্ধের মধ্য দিয়ে আব্দুল্লাহ ইবনে উমারের (রাদ্বি আল্লাহু আনহু) যুদ্ধের ময়দানে অভিষেক হয়, এর পরের সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। . এক রাতে তিনি স্বপ্ন দেখেন, পরে তা রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বর্ণনা করা হয়। সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে উমার ইবনে খাত্তাব (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) (একবার) বললেন, “আব্দুল্লাহ ইবনে উমার কতই না ভাল মানুষ হত, যদি সে রাতে (তাহাজ্জুদের) নামায পড়ত ।” সালেম বলেন, ‘তারপর থেকে (আমার আব্বা) আব্দুল্লাহ রাতে অল্পক্ষণই ঘুমাতেন ।’ [সহীহুল বুখারী ৪৪০, ১১২২, ১১৫৮, ৩৭৩৯, ৩৭৪১] . আল্লাহ ভীরু এই সাহাবী জীবন ইলম অর্জন ও তা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।জীবনের অনেক সময় তিনি অবিবাহিত থেকেছেন, পরে উম্মুল মূ'মিনিন হাফসা (রাদ্বি আল্লাহু আনহা) তার আপন বোন তাকে বিবাহ করার জন্য বুঝান এবং তিনি বিবাহ করেন। একবার তিনি তার স্ত্রীকে বললেন তিনি মাছ খাবেন, তার স্ত্রী সুস্বাদু করা রান্না করলেন কিন্তু ইফতারের আগেই একজন গরীব এসে দরজায় কড়া নাড়তেই তাকে সেই মাছ দিয়ে দিতে বললেন, তার স্ত্রীর ইতস্তত করলে তিনি তাকে জোর দিয়ে বলেন মাছ তাকে দিয়ে দেওয়ার জন্য, তিনি তার আদেশ পালন করেন। বুঝাই যাচ্ছে তিনি কতটুকু দানশীল ছিলেন। শুধু তাই নয় খলিফারা তাকে অনেক উপহারাদি পাঠালে তিনি তা গরীব-দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতেন। . তিনি কখনো সময় অপচয় করতেন না৷ সর্বদা ব্যস্ত থাকতেন, দিনে সাওম রাখতেন রাতে তাহাজ্জুদের সালাত পড়তেন। একবার উরুয়া ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) তাকে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলেন, আব্দুল্লাহ ইবনে উমার তখন তাওয়াফ করছিলেন, তিনি তার মেয়েকে সাথেসাথেই তার সাথে বিয়ে দিলেন এবং ওয়ালিমার খাবার নিয়ে আসা হলে তিনি বলেন 'আমি রোজা।' . মুসলিম বিশ্ব যখন প্রশস্ত হচ্ছিলো, তিনি সেই দলের সাথে ছিলেন যারা আল্লাহর বাণী নিয়ে দূর দুরান্তে দাপটে ছড়িয়ে পড়েছিলেন। . আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি কোন পদে ছিলেন না, তার পিতার আমলেও না, শুধুমাত্র শূরার দায়িত্ব তাকে দিয়ে যান উমার (রাদ্বি আল্লাহু আনহু)। তার ছিলো না ক্ষমতার লোভ বা দুনিয়ার ভোগ বিলাসের লোভ। উসমান (রাদ্বি আল্লাহু আনহু) যখন তাকে মদিনার ক্বাজী হিসেবে নিযুক্ত করতে চাইলেন তিনি তার প্রস্তাব সুন্দর করে না করে দিলেন। তিনি খুব কময় সময়ের জন্য কুফার গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। . বিদ্রোহীরা যখন উসমানর (রাদ্বি আল্লাহু আনহু) বাড়ি ঘেরাও করে ফেললো তখন তিনি তাকে সুরক্ষা দেওয়ার জন্য তার বাড়িতে অবস্থান করেন, তাকে যেদিন হত্যা করা হয়েছিলো সেদিন আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) তার সুরক্ষার জন্য থাকতে চেয়েছিলেন কিন্তু উসমান (রাদ্বি আল্লাহু আনহু) না করে দিয়েছিলেন। . আলী (রাদ্বি আল্লাহু আনহু) ক্ষমতায় আসার পর মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) স্থলাভিষিক্ত করতে চাইলেন আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) দ্বারা। ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) তার কাছে এই দায়িত্ব থেকে পরিত্রাণ চাইলেন কিন্তু আলী (রাদ্বি আল্লাহু আনহু) তা মেনে নিলেন না কোনভাবে। উপায় না পেয়ে তিনি মক্কায় পালিয়ে গেলেন এবং চিঠি দিয়ে গেলেন। এখন তিনি হারামে আছেন, আর হারামের ভেতরে যে ঢুকবে সে নিরাপত্তা পাবে তখন আলী (রাদ্বি আল্লাহু আনহু) বুঝেন যে আর পারা গেলো না। . ফিতনার সময় একটি ছোট দল ছিল যারা তাদের তরবারি কোষমুক্ত করেননি, সেই দলের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন, কোন দলের হয়ে লড়াই করেননি। আলীর (রাদ্বি আল্লাহু আনহু)মৃত্যুর পর সবাই চিন্তা করেছিলেন কাকে খলিফার দায়িত্ব দেওয়া যায় তখন তারা ইবনে উমারকে (রাদ্বি আল্লাহু আনহু) খিলাফা গ্রহণের জন্য অনুরোধ করলেন কিন্তু তা নাকচ করে দিলেন, পরে হাসান (রাদ্বি আল্লাহু আনহু) কিছু দিনের জন্য খলিফা হন পরে তা তিনি উম্মাহর মধ্যে বিভেদ, রক্তপাত যেনো না হয় আর তাই তিনি খিলাফা থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে বসেই তিনি ইলম অর্জন করেন। পরবর্তীতে তিনি হয়ে উঠেন ইসলামের একজন 'বিজ্ঞ স্কলার'। তার দাস নাফে (রাহিমাহুল্লাহ) ইসলামের ইতিহাসে হয়ে উঠেন অন্যতম একজন ফকিহ! তিনি তাকে মুক্ত করে দেন কিন্তু নাফে (রাহিমাহুল্লাহ) তার পায়ের কাছে বসেই ইলম অর্জন করেছিলেন। হাদীস বর্ণনার অন্যতম স্বর্ণ-ধারা হলো "আব্দুল্লাহ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু)> নাফে (রাহিমাহুল্লাহ)> মালিক (রাহিমাহুল্লাহ)"। . ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে পারে এমন কাজ করা থেকে বা বলা থেকে সবসময় নিজেকে দূরে রাখতেন। এমনও হয়েছে যে আব্দুলাহ ইবনে যুবাইর (রাদ্বি আল্লাহু আনহু) তার কাছে সমর্থন চেয়েছিলেন কিন্তু এইসব বিষয়ে তিনি চুপ ছিলেন, হাজ্জাজ যখন ইবনে যুবাইরকে (রাদ্বি আল্লাহু আনহু) শহীদ করলো তার শরীর ক্বাবার কাছে রাখলো, ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) তার পড়ে থাকা নিথর শরীর দেখে খুব বেশী কান্না করলেন। . হাজ্জাজের সামনেও তিনি তার সমালোচনা করতে ভয় পেতেন না, তার সামনেই সত্য কথা বলে দিতেন। হাজ্জাজ তা মানতে পারতো না কিন্তু তার কিছুই করার ছিলো না কারণ ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) তখন মক্কায় অবস্থানরত সবচেয়ে সিনিয়র সাহাবী ছিলেন। হাজ্জাজ তাকে কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল কিন্তু তাতেও লাভ হয়নি, সত্য বলতে ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) ভয় পেতেন না। . তিনি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক বেশী ভালোবাসতেন, তার আচার-আচরণ, চলাফেরা সব হুবহু অনুসরণ করতেন। ইবাদত ও সাওমের মধ্যে জীবনকে খুঁজে নেনে তিনি। বয়স তখন ৮৪ বছর, হারামের ভেতরে কোন একদিক থেকে তেড়ে আসা বিষাক্ত বর্শা তার পায়ে বিধে যায় এর কারণেই একজন মুত্তাকি দুনিয়াবিমুখী সাহাবী ইবনে উমার (রাদ্বি আল্লাহু আনহু) পৃথিবী ছেড়ে পাড়ি জমান আখিরাতের উদ্দেশ্যে। . 'আব্দুল্লাহ ইবনে উমার' (রাদ্বি আল্লাহু আনহু)।