Chapter 13 of 50
আব্দুর রহমান (রাঃ)
3 min read
তিনি হলেন সেই সাহাবী যার পিছনে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় করেছেন। আহা! কতই না সৌভাগ্যবান তিনি। . ইসলাম গ্রহণের পূর্বে তার পেশা ছিলো ব্যবসায়-বাণিজ্য করা, তা করে তিনি অনেক সম্পদশালী হয়ে উঠেন। ব্যবসার জন্য যেতে হতো খৃষ্টান অধ্যুষিত এলাকা সিরিয়ায়, সেখানে তিনি এক পাদ্রীর কাছ থেকে শেষ নবীর আবির্ভাবের খবর পান, এই জন্য আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) যখন তাকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সাথে সাথে তিনি তা গ্রহণ করেন। তিনি আর কেউ নন আমাদের অন্যতম প্রিয় সাহাবী 'আব্দুর রহমান ইবনে আউফ' (রাদ্বি আল্লাহু আনহু)। . ইসলামের প্রথম প্রহরে তা গ্রহণের পর সবার মতন তার উপরও নেমে আসে অত্যাচারের ঝড়। অতিষ্ঠ হয়ে পড়লে তিনি মুসলিমদের একটি দলের সাথে হাবাশায় হিজরত করেন। পরে মক্কায় ফিরে আসেন, তারপর প্রাণপ্রিয় মাতৃভূমি থেকে হিজরত করেন মদিনায়। . মদিনায় হিজরতের পর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে সা'দ ইবনে রাবীর (রাদ্বি আল্লাহু আনহু) সাথে ভ্রাতৃসম্পর্ক স্থাপন করে দেন। সা'দ ইবনে রাবী (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন মদীনার সম্পদশালী একজন আনসারী সাহাবী। তিনি আব্দুর রহমানকে (রাদ্বি আল্লাহু আনহু) তার সম্পদের অর্ধেক দিতে চাইলেন, তার দুই স্ত্রীর মধ্যে যাকে তার ভালো লাগে তাকে তিনি তালাক দিয়ে দিবেন যাতে তিনি বিবাহ করতে পারেন, আব্দুর রহমান (রাদ্বি আল্লাহু আনহু) তার জন্য দোয়া করলেন এবং বললেন যে তার এসবের প্রয়োজন নেই, শুধু বাজারটা দেখিয়ে দিলেই চলবে। তিনি সেখানে যান এবং বেচা-কেনা করেন এবং কিছু টাকা অর্জন করেন, আল্লাহ তাকে আস্তে আস্তে বিত্তবান করে তোলেন। . একদিন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পথে আব্দুর রহমানের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে দেখা, তিনি তার কাপড়ে আতরের দাগ দেখতে পেলেন, তিনি জিজ্ঞেস করলেন 'কি ব্যপার?' আব্দুর রহমান (রাদ্বি আল্লাহু আনহু) বললেন 'ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমি এক আনসারী নারীকে বিবাহ করেছি। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম) জিজ্ঞেস করলেন 'মোহর কি দিয়েছো?' তিনি বললেন 'কিছু স্বর্ণ'। তারপর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন 'তাহলে ওয়ালিমা করো'। পরে তিনি ওয়ালিমা করেন। . ব্যবসায়-বাণিজ্য করে তিনি হয়ে উঠেন অঢেল সম্পত্তির মালিক। মদিনায় কয়েকজন সম্পদশালী সাহাবীদের মধ্যে আব্দুর রহমান (রাদ্বি আল্লাহু আনহু) ছিলেন অন্যতম একজন। আস্তে আস্তে আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু কোনদিন তিনি এমনভাবে জীবন-যাপন করেননি যেমনটা ধনী ব্যক্তিরা করে বেড়ায়। . বদর, উহুদ, খন্দক, তাবুকসহ অনেক যুদ্ধে রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে ছিলেন। প্রত্যেক যুদ্ধ বিরত্বের পরিচয় দেন। সাঈদ ইবনে যাইদ (রাদ্বি আল্লাহু আনহু) বলেন "আশারা মুবাশশারা সবাই যুদ্ধে রাসুলুল্লাহর সামনে থাকেন আর সালাতে রাসুলুল্লাহর পেছনে"। বদর যুদ্ধে তিনি বীর বিক্রমে শত্রুদের আক্রমণ করে অনেককে পাঠিয়ে দেন জাহান্নামে। তার পাশেই সেই দুই যুবক যুদ্ধ করছিলো যারা আবু জেহেলকে হত্যা করেন, সেই কাহিনী তিনি বর্ননা করেন। উহুদের যুদ্ধে তার শরীরে ৩১টি আঘাতের চিহ্ন পাওয়ার গিয়েছিলো। কয়েকটি ছোট অভিযানে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে কমান্ডার বানিয়ে পাঠান এবং তিনি তাতে সফল হোন। মক্কা বিজয়ের সময় রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথেই প্রিয় মাতৃভূমিতে বিজয়ীর বেশে প্রবেশ করেন। . আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু), উমর (রাদ্বি আল্লাহু আনহু) ও উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি তাদের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তৃতীয় খলিফা নির্ধারক করার জন্য অর্পিত দায়িত্বটি তার উপর বর্তায় এবং তিনি তা নিষ্ঠা ও আমানতদারীর সাথে পালন করেন। . তিনি ছিলেন তাকওয়া ও আল্লাহভীতির এক বাস্তব মানুষ, তেমন দানশীল ব্যক্তিও ছিলেন। একদা তার সামনে ভালো খাবার আসলো তিনি তা দেখে কান্না করে দিলেন এবং বললেন 'রাসুলুল্লাহ চলে গিয়েছেন অথচ তিনি কোনদিন পেট ভরে খেতে পারেননি'। . মদিনায় খালি হাতে আসা এই ব্যক্তি অর্জন করেছিলেন অঢেল সম্পত্তি, হয়ে উঠেন বিত্তশালী একজন, কিন্তু তাতে একটুও তার লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি। আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন আর আল্লাহও তাকে আরোও দিয়েছেন। দুনিয়ায় থাকাকালীন পেয়েছিলেন জান্নাতের সুসংবাদ কিন্তু তা তাকে আল্লাহ ও রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনুগত্য থেকে দূরে সরিয়ে রাখেনি। একদম সাধারণ জীবন-যাপন করতেন। উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে পাড়ি জমান আখিরাতের দিকে। . 'আব্দুর রহমান ইবনে আউফ' (রাদ্বি আল্লাহু আনহু)