Chapter 19 of 50
হাফসা বিনতে উমার (রাঃ)
2 min read
সদ্য বিধবা হওয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজে বেড়াচ্ছিলেন উমার (রাদ্বি আল্লাহু আনহু), কে জানতো সেই মেয়ের স্বামী হবেন স্বয়ং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। তিনি হলেন আমাদের বিশ্বাসীদের মাতা 'হাফসা বিনতে উমার' (রাদ্বি আল্লাহু আনহা)। . উমারের (রাদ্বি আল্লাহু আনহু) ইসলাম গ্রহণের সাথে সাথে তার পরিবারের সবাইও ইসলাম গ্রহণ করেন, হাফসাও (রাদ্বি আল্লাহু আনহা) অন্যতম। মক্কায় তিনি বিয়ে করেন, স্বামী খুনাইসের (রাদ্বি আল্লাহু আনহু) সাথে পাড়ি দেন প্রথমে হাবাশায় পরে মদিনায়। . বদর যুদ্ধের পরে স্বামী মারা গেলে বিধবা হয়ে যান। চিন্তিত বাবা একে একে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) ও উসমানের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে গিয়েছিলেন কিন্তু ব্যথিত মন নিয়ে ফিরে আসলেন কারণ দু'জই বিয়ে করার বিষয়ে অসম্মতি জানিয়েছেন। হৃদয়বিদারক মন নিয়ে ছুঁটে চললেন নবীজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে অভিযোগ করার জন্য, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার অভিযোগ শুনলেন, পরে নিজে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। . তাদের বিবাহিত জীবন ছিলো রোমাঞ্চকর। একে অন্যকে অনেক ভালোবাসতেন। আ'য়িশা (রাদ্বি আল্লাহু আনহা) ও হাফসা (রাদ্বি আল্লাহু আনহা) ছিলেন ঘনিষ্ঠ বান্ধবী, যেমনটা তাদের পিতা একে অন্যের ঘনিষ্ঠ বন্ধু। তাদের দুজনের মধ্যে এতো চমৎকার মিল ও মনের ভাব থাকা সত্ত্বেও মাঝেমধ্যে তাদের মধ্যে নারীর স্বাভাবিক প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠতো। স্বামীসঙ্গ নিয়ে তারা প্রচুর ঈর্ষার শিকার হতেন যা স্বাভাবিক ছিলো। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাথে পারিবারিক তুচ্ছ কলহ লেগে থাকতো যা কোন বিবাহিত জীবনে স্বাভাবিক। এক সময়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে তালাক দিয়ে দেন পরে তিনি তাকে আবার ফিরিয়ে আনেন। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছ থেকে ইলম অর্জন করেন এবং তা মুসলিম উম্মাহর কাছে ছড়িয়ে দেন পরবর্তী সময়ে। আবু বকর (রাদ্বি আল্লাহু আনহু) যে মুসহাফ লিখেছিলেন তা পরে উমারের (রাদ্বি আল্লাহু আনহু) কাছে চলে আসে আর উমার (রাদ্বি আল্লাহু আনহু) মারা গেলে তা চলে আসে হাফসার (রাদ্বি আল্লাহু আনহা) কাছে। উসমান (রাদ্বি আল্লাহু আনহু) যখন আবার মুসহাফ লিখতে যান তখন তিনি হাফসার (রাদ্বি আল্লাহু আনহু) কাছ থেকে তা নেন পরে আবার ফেরত দিয়ে দেন। আবু বকরের (রাদ্বি আল্লাহু আনহু) মুসহাফ তার কাছে রয়ে যায় মৃত্যু পর্যন্ত। তার মৃত্যুর পর ততকালীন মদিনার গভর্নর মারওয়ান সেই মুসহাফটি মাটিতে পুঁতে দেন। . তিনি সবসময় বেশী বেশী করে আল্লাহর ইবাদত করতেন, সাওম পালন করতেন, প্রচুর পরিমাণে সালাত আদায় করতেন এবং ছিলেন একজন দানশীল নারী। . মুয়াউইয়াহর (রাদ্বি আল্লাহু আনহু) শাসন আমলে তিনি পরলোকগমন করেন। . 'হাফসা বিনতে উমার' (রাদ্বি আল্লাহু আনহা)।