Chapter 6 of 50
রুমাইসা (রাঃ)
3 min read
মক্কার কুরাইশরা যখন নিজেদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে দূরে সরে যাচ্ছিলো ঠিক তখনি মরুর এক ক্ষুদ্র খেঁজুর গাছগাছালি বিশিষ্ট এলাকার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করছিলো। মদিনার প্রথম দিকের যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম। তিনি আর কেউ নন বরং আমাদের প্রখ্যাত সাহাবি 'আনাস ইবনে মালিকের' (রাদ্বি আল্লাহু আনহু) মাতা 'রুমাইসা বিনতে মিলহান' (রাদ্বি আল্লাহু আনহা)। তাকে আরো নামেও ডাকা হয় 'উম্মু সুলাইম বিনতে মিলহান' (রাদ্বি আল্লাহু আনহা) বা 'গুমাইসা বিনতে মিলহান' (রাদ্বি আল্লাহু আনহা)। . সত্য আসার পর তিনি তা থেকে পিছপা হননি, যদিও জানতেন যে ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকে মুকাবিলা করতে হবে অনেক বাধাবিপত্তির। মূ'সাব ইবনে উমাইর (রাদ্বি আল্লাহু আনহু) যখন ইসলাম ধর্ম প্রচার করছিলেন মদিনাতে, রুমাইসা (রাদ্বি আল্লাহু আনহা) তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের কারণে তার স্বামী তাকে ও তার ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যায় অন্য এক অঞ্চলে। ছেলেকে নিয়ে তিনি জীবন যাপন করছিলেন পরের কয়েক বছর। পরে তিনি 'আবু তালহাকে' (রাদ্বি আল্লাহু আনহু) বিয়ে করেন। তাদের ঘরে জন্ম নেয় দুটি শিশু। ১) উমাইর ২) আব্দুল্লাহ। উমাইর শৈশবকালে মারা যান। এই নারীর এতোটাই ধৈর্য ছিলো যা আমাদের জন্য শিক্ষা হয়ে থেকে যায়। অসুস্থ উমাইরকে রেখে আবু তাহলা (রাদ্বি আল্লাহু আনহু) তখন বাহিরে গেলেন। এরই মধ্যে মৃত্যু ঘটলো উমাইরের। তিনি যখন ফিরে এসে অসুস্থ ছেলের অবস্থা জানতে চাইলেন, স্ত্রী জবাব দিলেন 'সে যে অবস্থায় ছিলো, তার চেয়ে ভালো অবস্থায় আছে।' তিনি ভাবলেন যে হয়তো ছেলে ভালো আছে তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি তার স্বামীকে বললেন 'আবু তালহা (রাদ্বু আল্লাহু আনহু), যদি কেউ আপনার নিকট কোন কিছু আমানত রাখে এবং পরে তা ফেরত নিতে আসে, তখন কি তা ফেরত দিতে অস্বীকৃতি জানাবেন? আবু তালহা (রাদ্বি আল্লাহু আনহু) বললেন 'কখনো না'। তারপর তিনি বলেন, ছেলের ব্যাপারে আপনাকে ধৈর্যশীল হতে হবে, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ছিলো তার ছেলের মৃত্যুর সংবাদ স্বামীর কাছে বলার পদ্ধতি। . রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রতি তার ভালোবাসা এতটাই ছিলো যে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদিনায় আসার পরপরি তিনি তার আপন ছেলে 'আনাস ইবনে মালিককে' (রাদ্বি আল্লাহু আনহু) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছে দিয়ে এসেছিলেন তার খেদমত করার জন্য। অন্যান্য মহিলা সাহাবীদের (রাদ্বি আল্লাহু আনহা) সাথে তিনিও যুদ্ধের ময়দানে যেতেন, ময়দানে সৈনিকদের পানি পান করানোর পাশাপাশি আহতদের সেবা করতেন। হুনাইন যুদ্ধে যখন কাফিররা হঠাৎ করে 'তীরের বৃষ্টি' শুরু করলো তখন মুসলিমা অনেকটা হতভম্ব হয়ে পড়ে, যে যেদিকে পারে তীর থেকে বাঁচতে চেষ্টা করে। এরই মধ্যে রুমাইসা (রাদ্বি আল্লাহু আনহা) হাতে খঞ্জর নিয়ে রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যান। রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নজর পড়ে সেই দৃশ্যপটে। আবু তাহলা (রাদ্বি আল্লাহু আনহু) যখন জিজ্ঞেস করেন যে তোমার হাতে খঞ্জর কেনো? তিনি জবাব দেন যে, মুশরিক কেউ আমার সামনে আসলে আমি খঞ্জর দিয়ে তার পেট ফেঁড়ে ফেলবো। আবু তাহলা (রাদ্বি আল্লাহু আনহু) তখন রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ইয়া রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), আপনি কি রুমাইসা (রাদ্বি আল্লাহু আনহা) যা বলেছে তা শুনেছেন? এতে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মৃদু হেসে দেন। . রুমাইসা/উম্মু সুলাইমের (রাদ্বি আল্লাহু আনহা) সম্মান ও মর্যাদা অনেক। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন যে 'আমি জান্নাতে যেয়ে এক মহিলার কণ্ঠস্বর শুনতে পাই। জানতে চাই মহিলা কে? আমাকে জানানো হয় আনাসের (রাদ্বি আল্লাহু আনহু) মা গুমাইসা বিনতে মিলহান (রাদ্বি আল্লাহু আনহা)। [মুসলিম-২/৩৪২] যখন তার কোন কিছু জানার প্রয়োজন হত, তখন তিনি সরাসরি রাসুলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করতেন বা প্রশ্ন করতেন এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেটার উত্তর দিতেন। . মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের বাড়িতে মাঝেমধ্যে বেড়াতে যেতেন। উম্মু সুলাইম (রাদ্বি আল্লাহু আনহা) যখনই কোন খাদ্য রান্না করতেন, সেখান থেকে তিনি রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাছেও পাঠাতেন। . মুসলিম উম্মাহর এক সাহসী, নবীপ্রেমে ভরপুর, ধৈর্যশীল নারীর উদাহরণ হয়ে ইসলামের ইতিহাসের পাতায় আজও অমর হয়ে আছেন। . 'রুমাইসা বিনতে মিলহান' (রাদ্বি আল্লাহু আনহু)