Chapter 56 of 109
প্রেম - জীবনানন্দ দাশ
5 min read
আমরা ঘুমায়ে থাকি পৃথিবীর গহ্বরের মতো ,- পাহাড় নদীর পারে অন্ধকারে হয়েছে আহত একা- হরিণীর মতো আমাদের হৃদয় যখন ! জীবনের রোমাঞ্চের শেষ হলে ক্লান্তির মতন পাণ্ডুর পাতার মতো শিশিরে শিশিরে ইতস্তত আমরা ঘুমায়ে থাকি !- ছুটি লয়ে চ’লে যায় মন !- পায়ের পথের মতো ঘুমন্তেরা প’ড়ে আছে কত,- তাদের চোখের ঘুম ভেঙ্গে যাবে আবার কখন !- জীবনের জ্বর ছেড়ে শান্ত হয়ে রয়েছে হৃদয় ,- অনেক জাগার পর এইমতো ঘুমাইতে হয় ।
অনেক জেনেছে ব’লে আর কিছু হয় না জানিতে ; অনেক মেনেছে ব’লে আর কিছু হয় না মানিতে; দিন- রাত্রি- গ্রহ- তারা- পৃথিবী- আকাশ ধ’রে-ধ’রে অনেকে উড়েছে যারা অধীর পাখির মতো ক’রে,- পৃথিবীর বুক থেকে তাহাদের ডাকিয়া আনিতে পুরুষ পাখির মতো ,- প্রবল হাওয়ার মতো জোরে মৃত্যুও উড়িয়া যায় !- অসাড় হতেছে পাতা শীতে, হৃদয়ে কুয়াশা আসে,- জীবন যেতেছে তাই ঝ’রে পাখির মতন উড়ে পায়নি যা পৃথিবীর কোলে – মৃত্যুর চোখের’পরে চুমো দেয় তাই পাবে ব’লে !
কারন, সাম্রাজ্য – রাজ্য- সিংহাসন – জয়- মৃত্যুর মতন নয় ,- মৃত্যুর শান্তির মতো নয় ! কারন , অনেক অশ্রু – রক্তের মতন অশ্রু ঢেলে আমরা রাখিতে আছি জীবনের এই আলো জ্বেলে ! তবুও নক্ষত্র নিজে নক্ষত্রের মতো জেগে রয় !- তাহার মতন আলো হৃদয়ের অন্ধকারে পেলে মানুষের মতো নয়,- নক্ষত্রের মতো হতে হয় ! মানুষের মতো হয়ে মানুষের মতো চোখ মেলে মানুষের মতো পায়ে চলিতেছে যত দিন ,-তাই ,- ক্লান্তির পরে ঘুম,- মৃত্যুর মতন শান্তি চাই ১
কারণ , যোদ্ধার মতো – আর সেনাপতির মতন জীবন যদিও চলে ,- কোলাহল ক’রে চলে মন যদিও সিন্ধুর মতো দল বেঁধে জীবনের সাথে , সবুজ বনের মতো উত্তরের বাতাসের হাতে যদিও বীণার মতো বেজে ওঠে হৃদয়ের বন একবার-দুইবার- জীবনের অধীর আঘাতে ,- তবু- প্রেম- তবু তারে ছিঁড়ফেড়ে গিয়েছে কখন ! তেমন ছিঁড়িতে পারে প্রেম শুধু !- অঘ্রাণের রাতে হাওয়া এসে যেমন পাতার বুক চ’লে গেছে ছিঁড়ে ! পাতার মতন ক’রে ছিঁড়ে গেছে যেমন পাখিরে !
তবু পাতা – তবুও পাখির মতো ব্যথা বুকে লয়ে, বনের শাখার মতো – শাখার পাখির মতো হয়ে হিমের হাওয়ার হাতে আকাশের নক্ষত্রের তলে বিদীর্ণ শাখার শব্দে – অসুস্থ ডানার কোলাহলে , ঝড়ের হাওয়ার শেষে ক্ষীণ বাতাসের মতো বয়ে, আগুন জ্বলিয়া গেলে অঙ্গারের মতো তবু জ্বলে আমাদের এ জীবন ! – জীবনের বিহ্বলতা সয়ে আমাদের দিন চলে,- আমদের রাত্রি তবু চলে; তার ছিঁড়ে গেছে ,- তবু তাহারে বীণার মতো ক’রে বাজাই ,- যে প্রেম চলিয়া গেছে তারি হাত ধ’রে !
কারণ , সূর্যের চেয়ে, আকাশের নক্ষত্রের থেকে প্রেমের প্রাণের শক্তি বেশি;- তাই রাখিয়াছে ঢেকে পাখির মায়ের মতো প্রেম এসে আমাদের বুকে ! সুস্থ ক’রে দিয়ে গেছে আমাদের রক্তের অসুখ !- পাখির শিশুর মতো যখন প্রেমেরে ডেকে ডেকে রাতের গুহার বুকে ভালোবেসে লুকায়েছি মুখ,- ভোরের আলোর মতো চোখের তারায় তারে দেখে !- প্রেম কি আসেনি তবু ? –তবে তার ইশারা আসুক! প্রেম কি চলিয়া যায় প্রানেরে জলের ঢেউয়ে ছিঁড়ে ! ঢেউয়ের মতন তবু তার খোঁজে প্রাণ আসে ফিরে !
যত দিন বেঁচে আছি আলেয়ার মতো আলো নিয়ে ,- তুমি চ’লে আস প্রেম, - তুমি চ’লে আস কাছে প্রিয়ে ! নক্ষত্রের বেশি তুমি, - নক্ষত্রের আকাশের মতো ! আমরা ফুরায়ে যাই ,- প্রেম তুমি হও না আহত ! বিদ্যুতের মতো মোরা মেঘের গুহার পথ দিয়ে চ’লে আসি ,- চ’লে যাই ,- আকাশের পারে ইতস্তত !- ভেঙে যাই ,- নিভে যাই ,- আমরা চলিতে গিয়ে গিয়ে ! আকাশের মতো তুমি ,- আকাশে নক্ষত্র আছে যত ,- তাদের সকল আলো একদিন নিভে গেলে পরে,- তুমিও কি ডুবে যাবে, ওগো প্রেম, পশ্চিম সাগরে !
জীবনের মুখে চেয়ে সেইদিনো রবে জেগে ,- জানি
জীবনের বুকে এসে মৃত্যু যদি উড়ায় উড়ানি ,-
ঘুমন্ত ফুলের মনো নিবন্ত বাতির মতো ঢেলে
মৃত্যু যদি জীবনেরে রেখে যায় ,- তুমি তারে জ্বেলে
চোখের তারার’পরে তুলে লবে সেই আলোখানি !
সময় ভাসিয়া যাবে ,- দেবতা মরিবে অবহেলে ,-
তবুও দিনের মেঘ আঁধার রাত্রির মেঘ ছানি
চুমো খাবে !- মানুষের সব ক্ষুধা আর শক্তি লয়ে
পূর্বের সমুদ্র ওই পশ্চিম সাগরে যাবে বয়ে !
সকল ক্ষুধার আগে তোমার ক্ষুধায় ভরে মন ! সকল শক্তির আগে প্রেম তুমি ,- তোমার আসন সকল স্থলের’পরে,-সকল জলের’পরে আছে ! যেইখানে কিছু নাই সেখানেও ছায়া পড়িয়াছে হে প্রেম তোমার ! – যেইখানে শব্দ নাই তুমি আলোড়ন তুলিয়াছ !- অঙ্কুরের মতো তুমি,- যাহা ঝরিয়াছে আবার ফুটাও তারে !- তুমি ঢেউ ,- হাওয়ার মতন ! আগুনের মতো তুমি আসিয়াছ অন্তরের কাছে ! আশার ঠোঁটের মতো নিরাশার ভিজে চোখ চুমি আমার বুকের’পরে মুখ রেখে ঘুমায়েছ তুমি !
জীবন হয়েছে এক প্রার্থনার গানের মতন তুমি আছ ব’লে প্রেম,- গানের ছন্দের মতো মন আলো আর অন্ধকারে দুলে ওঠে তুমি আছ ব’লে! হৃদয় গন্ধের মতো –হৃদয় ধূপের মতো জ্ব’লে ধোঁয়ার চামর তুলে তোমারে যে করিছে ব্যজন ! ওগো প্রেম ,-বাতাসের মতো যেই দিকে যাও চ’লে আমারে উড়ায়ে লও আগুনের মতন তখন ! আমি শেষ হব শুধু , ওগো প্রেম , তুমি শেষ হলে ! তুমি যদি বেঁচে থাকো ,- জেগে রবো আমি এই পৃথিবীর’পর,- যদিও বুকের’পরে রবে মৃত্যু ,- মৃত্যুর কবর !
তবুও ,- সিন্ধুর জল-সিন্ধুর ঢেউয়ের মতো বয়ে তুমি চ’লে যাও প্রেম ;- একবার বর্তমান হয়ে ,- তারপর , আমাদের ফেলে যাও পিছনে –অতীতে,- স্মৃতির হাড়ের মাঠে ,- কার্তিকের শীতে ! অগ্রসর হয়ে তুমি চলিতেছ ভবিষ্যৎ লয়ে – আজো যারে দেখ নাই তাহারে তোমার চুমো দিতে চ’লে যাও !- দেহের ছায়ার মতো তুমি যাও রয়ে ,- আমরা ধরেছি ছায়া ,-প্রেমেরে তো পারিনি ধরিতে ! ধ্বনি চ’লে গেছে দূরে ,- প্রতিধ্বনি পিছে প’ড়ে আছে ;- আমরা এসেছি সব ,- আমরা এসেছি তার কাছে !
একদিন-একরাত করেছি প্রেমের সাথে খেলা ! একরাত- একদিন করেছি মৃত্যুর অবহেলা । একদিন-একরাত ;- তারপর প্রেম গেছে চ’লে ,- সবাই চলিয়া যায় ,- সকলের যেতে হয় ব’লে তাহারো ফুরাল রাত !- তাড়াতাড়ি প’ড়ে গেল বেলা প্রেমেরও যে !- একরাত আর একদিন সাঙ্গ হলে পশ্চিমের মেঘে আলো একদিন হয়েছে সোনেলা ! আকাশে পুবের মেঘে রামধনু গিয়েছিল জ্ব’লে একদিন ;- রয় না কিছুতে তবু ,- সব শেষ হয় ,- সময়ের আগে তাই কেটে গেল প্রেমের সময় !
একদিন- একরাত প্রেমেরে পেয়েছি তবু কাছে !- আকাশ চলেছে ,- তার আগে আগে প্রেম চলিয়াছে ! সকলের ঘুম আছে- ঘুমের মতন মৃত্যু বুকে সকলের ;- নক্ষত্রও ঝ’রে যায় মনের অসুখে ;- প্রেমের পায়ের শব্দ তবুও আকাশে বেঁচে আছে ! সকল ভুলের মাঝে যায় নাই কেউ ভুলে-চুকে হে প্রেম তোমারে !-মৃতেরা আবার জাগিয়াছে !- যে ব্যথা মুছিতে এসে পৃথিবীর মানুষের মুখে আরো ব্যথা-বিহ্বলতা তুমি এসে দিয়ে গেলে তারে ,- ওগো প্রেম ,- সেই সব ভুলে গিয়ে কে ভুলিতে পারে !