Chapter 27 of 109
জীবন - জীবনানন্দ দাশ
13 min read
চারিদিকে বেজে ওঠে অন্ধকার সমুদ্রের স্বর ,- নতুন রাত্রির সাথে পৃথিবীর বিবাহের গান ! ফসল উঠিছে ফ’লে ,- রসে রসে ভরিছে শিকড় ; লক্ষ নক্ষত্রের সাথে কথা কয় পৃথিবীর প্রাণ ! সে কোন প্রথম ভোরে পৃথিবীতে ছিল যে সন্তান অঙ্কুরের মতো আজ জেগেছে সে জীবনের বেগে ! আমার দেহের গন্ধে পাই তার শরীরের ঘ্রাণ ,- সিন্ধুর ফেনার গন্ধ আমার শরীরে আছে লেগে ! পৃথিবী রয়েছে জেগে চক্ষু মেলে ,- তার সাথে সে-ও আছে জেগে !
২ নক্ষত্রের আলো জ্বেলে পরিষ্কার আকাশের’পর কখন এসেছে রাত্রি !- পশ্চিমের সাগরের জলে তার শব্দ ;- উত্তর সমুদ্র তার, - দক্ষিণ সাগর তাহার পায়ের শব্দে- তাহার পায়ের কোলাহলে ভ’রে ওঠে ;- এসেছে সে আকাশের নক্ষত্রের তলে প্রথম যে এসেছিল , তারি মতো ;- তাহার মতন চোখ তার ,- তাহার মতন চুল,- বুকের আঁচলে প্রথম মেয়ের মতো ;- পৃথিবীর নদী মাঠ বন আবার পেয়েছি তারে,- সমুদ্রের পারে রাত্রি এসেছে কখন !
৩ সে এসেছে,- আকাশের শেষ আলো পশ্চিমের মেঘে সন্ধ্যার গহ্বর খুঁজে পালায়েছে !- রক্তে রক্তে লাল হয়ে গেছে বুক তার ,- আহত চিতার মতো বেগে পালায়ে গিয়েছে রোদ ,- স’রে গেছে আলোর বৈকাল ! চ’লে গেছে জীবনের ‘আজ’ এক, - আর এক ‘কাল’ আসিত না যদি আর আলো লয়ে – রৌদ্র সঙ্গে লয়ে ! – এই রাত্রি – নক্ষত্র সমুদ্র লয়ে এমন বিশাল আকাশের বুক থেকে পড়িত না যদি আর ক্ষয়ে !- রয়ে যেত, - যে গান শুনিনি আর তাহার স্মৃতির মতো হয়ে !
৪ যে পাতা সবুজ ছিল – তবুও হলুদ হতে হয় ,- শীতের হাড়ের হাত আজো তারে যায় নাই ছুঁয়ে ;- যে মুখ যুবার ছিল ,- তবু যার হয়ে যায় ক্ষয় , হেমন্তের রাতের আগে ঝ’রে যায় ,- প’ড়ে যায় নুয়ে ;- পৃথিবীর এই ব্যথা বিহ্বলতা অন্ধকারে ধুয়ে পূর্ব সাগরের ঢেউয়ে ,- জলে জলে , পশ্চিম সাগরে তোমার বিনুনি খুলে ,- হেঁট হয়ে ,- পা তোমার থুয়ে ,- তোমার নক্ষত্র জ্বেলে ,- তোমার জলের স্বরে স্বরে রয়ে যেতে যদি তুমি আকাশের নিচে ,- নীল পৃথিবীর’পড়ে !
৫ ভোরের সূর্যের আলো পৃথিবীর গুহায় যেমন মেঘের মতন চুল – অন্ধকার চোখের আস্বাদ একবার পেতে চায় ;- যে –জন রয় না-যেই জন চলে যায় , তারে পেতে আমাদের বুকে যেই সাধ ;- যে ভালোবেসেছে শুধু , হয়ে গেছে হৃদয় অবাধ বাতাসের মতো যার ,- তাহার বুকের গান শুনে মনে যেই ইচ্ছা জাগে ;- কোনোদিন দেখে নাই চাঁদ যেই রাত্রি ,- নেমে আসে লক্ষ লক্ষ নক্ষত্রেরে গুনে যেই রাত্রি , আমি তার চোখে চোখ , চুলে তার চুল নেব বুনে !
৬ তুমি রয়ে যাবে,- তবু,-অপেক্ষায় রয় না সময় কোনোদিন;- কোনোদিন রবে না সে পথ থেকে স’রে ! সকলেই পথ চলে ,- সকলেই ক্লান্ত তবু হয় ;- তবুও দু’জন কই ব’সে থাকে হাতে হাত ধ’রে ! তবুও দু’জন কই কে কাহারে রাখে কোলে ক’রে ! মুখে রক্ত ওঠে – তবু কমে কই বুকের সাহস ! যেতে হবে ,- কে এসে চুলের ঝুঁটি টেনে লয় জোরে ! শরীরের আগে কবে ঝ’রে যায় হৃদয়ের রস !- তবু,- চলে ,- মৃত্যুর ঠোঁটের মতো দেহ যার হয়নি অবশ !
৭ হলদে পাতার মতো আমাদের পথে ওড়াউড়ি !- কবরের থেকে শুধু আকাঙ্ক্ষার ভূত লয়ে খেলা !- আমরাও ছায়া হয়ে ,- ভূত হয়ে করি ঘোরাঘুরি !- মনের নদীর পার নেমে আসে তাই সন্ধ্যাবেলা সন্ধ্যার অনেক আগে ! – দুপুরেই হয়েছি একেলা ! আমরাও চরি-ফিরি কবরের ভূতের মতন ! বিকেলবেলার আগে ভেঙে গেছে বিকালের মেলা ,- শরীর রয়েছে, তবু মরে গেছে আমাদের মন ! হেমন্ত আসেনি মাঠে ,- হলুদ পাতায় ভরে হৃদয়ের বন !
৮ শীত – রাত ঢের দূরে ,- অস্থি তবু কেঁপে ওঠে শীতে ! শাদা হাত দুটো শাদা হাড় হয়ে মৃত্যুর খবর একবার মনে আনে,- চোখ বুজে তবু কি ভুলিতে পারি এই দিনগুলো ! – আমাদের রক্তের ভিতর বরফের মতো শীত ,- আগুনের মতো তবু জ্বর ! যেই গতি ,- সেই শক্তি পৃথিবীর অন্তরে পঞ্জরে ;- সবুজ ফলায়ে যায় পৃথিবীর বুকের উপর ,- তেমনি স্ফুলিঙ্গ এক আমাদের বুকে কাজ করে ! শস্যের কীটের আগে আমাদের হৃদয়ের শস্য তবু মরে !
৯ যতদিন রয়ে যাই এই শক্তি রয়ে যায় সাথে ,- বিকালের দিকে যেই ঝড় আসে তাহার মতন ! যে-ফসল নষ্ট হবে তারি ক্ষেত উড়াতে ফুরাতে আমাদের বুকে এসে এই শক্তি করে আয়োজন ! নতুন বীজের গন্ধে ভ’রে দেয় আমাদের মন এই শক্তি ,- একদিন হয়তো বা ফলিবে ফসল !- এরি জোরে একদিন হয়তো বা হৃদয়ের বন আহ্লাদে ফেলিবে ভ’রে অলক্ষিত আকাশের তল ! দুরন্ত চিন্তার মতো গতি তার ,- বিদ্যুতের মত সে চঞ্চল !
১০ অঙ্গারের মতো তেজ কাজ করে অন্তরের তলে,- যখন আকাঙ্ক্ষা এক বাতাসের মতো বয়ে আসে, এই শক্তি আগুনের মতো তার জিভ তুলে জ্বলে ! ভস্মের মতন তাই হয়ে যায় হৃদয় ফ্যাকাশে ! জীবন ধোঁয়ার মতো ,- জীবন ছায়ার মতো ভাসে ; যে অঙ্গার জ্ব’লে জ্ব’লে নিভে যাবে ,- হয়ে যাবে ছাই,- সাপের মতন বিষ লয়ে সেই আগুনের ফাঁসে জীবন পুড়িয়া যায় ;- আমরাও ঝ’রে পুড়ে যাই ! আকাশে নক্ষত্র হয়ে জ্বলিবার মতো শক্তি –তবু শক্তি চাই !
১১ জান তুমি ?- শিখেছ কি আমাদের ব্যর্থতার কথা ?- হে ক্ষমতা , বুকে তুমি কাজ করো তোমার মতন !- তুমি আছ,- রবে তুমি,- এর বেশি কোনো নিশ্চয়তা তুমি এসে দিয়েছ কি ? – ওগো মন, মানুষের মন,- হে ক্ষমতা ,- বিদ্যুতের মতো তুমি সুন্দর- ভীষণ ! মেঘের ঘোড়ার’পড়ে আকাশের শিকারীর মতো ;- সিন্ধুর সাপের মতো লক্ষ ঢেউয়ে তোলো আলোড়ন ! চমৎকৃত করো,- শরীরেরে তুমি করেছ আহত ! যতই জেগেছ,- দেহ আমাদের ছিঁড়ে যেতে চেয়েছে যে তত !
১২
তবু তুমি শীত- রাতে আড়ষ্ট সাপের মতো শুয়ে হৃদয়ের অন্ধকারে প’ড়ে থাকো ,- কুণ্ডলী পাকায়ে !- অপেক্ষায় ব’সে থাকি,- স্ফুলিঙ্গের মতো যাবে ছুঁয়ে কে তোমারে !- ব্যাধের পায়ের পাড়া দিয়ে যাবে গায়ে কে তোমারে !- কোন অশ্রু , কোন পীড়া হতাশার ঘায়ে কখন জাগিয়া ওঠো ;- স্থির হয়ে ব’সে আছি তাই । শীত- রাত বাড়ে আরো ,- নক্ষত্রেরা যেতেছে হারায়ে ,- ছাইয়ে যে-আগুন ছিল সেই সবও হয়ে যায় ছাই ! তবুও আরেকবার সব ভস্মে অন্তরের আগুন ধরাই !
১৩ অশান্ত হাওয়ার বুকে তবু আমি বনের মতন জীবনেরে ছেড়ে দিছি !- পাতা আর পল্লবের মতো জীবন উঠেছে বেজে শব্দে – স্বরে;- যতবার মন ছিঁড়ে গেছে ,- হয়েছে দেহের মতো হৃদয় আহত যতবার ;- উড়ে গেছে শাখা , পাতা পড়ে গেছে যত ;- পৃথিবীর বন হয়ে- ঝড়ের গতির মতো হয়ে , বিদ্যুতের মতো হয়ে আকাশের মেঘে ইতস্তত ;- একবার মৃত্যু লয়ে – একবার জীবনেরে লয়ে ঘূর্ণির মতন বয়ে যে বাতাস ছেঁড়ে ,- তার মতো গেছি বয়ে !
১৪ কোথায় রয়েছে আলো- আঁধারের বীণার আস্বাদ ! ছিন্ন রুগ্ন ঘুমন্তের চোখে এক সুস্থ স্বপ্ন হয়ে জীবন দিয়েছে দেখা ;- আকাশের মতন অবাধ পরিচ্ছন্ন পৃথিবীতে , সিন্ধুর হাওয়ার মতো বয়ে জীবন দিয়েছে দেখা ;- জেগে উঠে সেই ইচ্ছা লয়ে আড়ষ্ট তারার মতো চমকায়ে গেছি শীতে- মেঘে ! ঘুমায়ে যা দেখি নাই , জেগে উঠে তার ব্যথা স’য়ে নির্জন হতেছে ঢেউ হৃদয়ের রক্তের আবেগে ! -যে আলো নিভিয়া গেছে তাহার ধোঁয়ার মতো প্রাণ আছে জেগে !
১৫
নক্ষত্র জেনেছে কবে ওই অর্থ শৃঙ্খলার ভাষা ! বীণার তারের মতো উঠিতেছে বাজিয়া আকাশে তাদের গতির ছন্দ,- অবিরত শক্তির পিপাসা তাহাদের,- তবু সব তৃপ্ত হয়ে পূর্ণ হয়ে আসে ! আমাদের কাজ চলে ইশারায় ,- আভাসে- আভাসে ! আরম্ভ হয় না কিছু,- সমস্তের তবু শেষ হয় ,- কীট যে ব্যর্থতা জানে পৃথিবীর ধুলো মাটি ঘাসে তারো বড়ো ব্যর্থতার সাথে রোজ হয় পরিচয় ! যা হয়েছে শেষ ,- শেষ হয় কোনোদিন যা হবার নয় !-
১৬
সমস্ত পৃথিবী ভ’রে হেমন্তের সন্ধ্যার বাতাস দোলা দিয়ে গেল কবে ! –বাসি পাতা ভূতের মতন উড়ে আসে ! – কাশের রোগীর মতো পৃথিবীর শ্বাস ,- যক্ষ্মার রোগীর মতো ধুঁকে মরে মানুষের মন !- জীবনের চেয়ে সুস্থ মানুষের নিভৃত মরণ ! মরণ ,- সে ভালো এই অন্ধকার সমুদ্রের পাশে ! বাঁচিয়া থাকিতে যারা হিঁচড়ায় – করে প্রাণপণ ,- এই নক্ষত্রের তলে একবার তারা যদি আসে ,- রাত্রিরে দেখিয়া যায় একবার সমুদ্রের পারের আকাশে !-
১৭ মৃত্যুরেও তবে তারা হয়তো ফেলিবে বেসে ভালো ! সব সাধ জেনেছে যে সেও চায় এই নিশ্চয়তা ! সকল মাটির গন্ধ আর সব নক্ষত্রের আলো যে পেয়েছে ,- সকল মানুষ আর দেবতার কথা যে জেনেছে,- আর এক ক্ষুধা তবু- এক বিহ্বলতা তাহারো জানিতে হয় ! এইমতো অন্ধকারে এসে !- জেগে জেগে যা জেনেছ ,- জেনেছ তা- জেগে জেনেছ তা ,- নতুন জানিবে কিছু হয়তো বা ঘুমের চোখে সে ! সব ভালোবাসা যার বোঝা হল ,- দেখুক সে মৃত্যু ভালোবেসে !
১৮ কিংবা এই জীবনেরে একবার ভালোবেসে দেখি ! পৃথিবীর পথে নয় ,- এইখানে- এইখানে ব’সে ;- মানুষ চেয়েছে কিবা ? পেয়েছে কি ?- কিছু পেয়েছে কি !- হয়তো পায়নি কিছু – যা পেয়েছে , তা-ও গেছে খ’সে অবহেলা ক’রে ক’রে , কিংবা তার নক্ষত্রের দোষে ;- ধ্যানের সময় আসে তারপর,- স্বপ্নের সময় !- শরীর ছিঁড়িয়া গেছে ,- হৃদয় পড়িয়া গেছে ধ্বসে !- অন্ধকার কথা কয় ,- আকাশের তারা কথা কয় তারপর,- সব গতি থেমে যায়,- মুছে যায় শক্তির বিস্ময় !
১৯
কেউ আর ডাকিবে না ,- এইখানে এই নিশ্চয়তা !- তোমার দু’চোখ কেউ দেখে থাকে যদি পৃথিবীতে , কেউ যদি শুনে থাকে কবে তুমি কি কয়েছ কথা , তোমার সহিত কেউ থেকে থাকে যদি সেই শীতে ,- সেই পৃথিবীর শীতে ,- আসিবে কি তোমারে চিনিতে এইখানে সে আবার !- উঠানে পাতার ভিড়ে ব’সে , কিংবা ঘরে – হয়তো দেয়ালে আলো জ্বেলে দিতে দিতে ,- যখন হঠাৎ নিভে যাবে তার হাতের আলো সে ,- অসুস্থ পাতার মতো দুলে তার মন থেকে প’ড়ে যাবে খ’সে !
২০
কিংবা কেউ কোনোদিন দেখে নাই ,- চেনেনি আমারে ! সকালবেলার আলো ছিল যার সন্ধ্যার মতন ,- চকিত ভূতের মতো নদী আর পাহাড়ের ধারে ইশারায় ভূত ডেকে জীবনের সব আয়োজন আরম্ভ সে করেছিল ! –কোনোদিন কোনো লোকজন তার কাছে আসে নাই ;- আকাঙ্ক্ষার কবরের’পরে পুবের হাওয়ার মতো এসেছে সে হঠাৎ কখন !- বীজ বুনে গেছে চাষা ,- সে বাতাস বীজ নষ্ট করে ! ঘুমের চোখের’পরে নেমে আসে অশ্রু আর অনিদ্রার স্বরে !
২১ যেমন বৃষ্টির পরে ছেঁড়া ছেঁড়া কালো মেঘ এসে আবার আকাশ ঢাকে ,- মাঠে মাঠে অধীর বাতাস ফোঁপায় শিশুর মতো,- একবার চাঁদ ওঠে ভেসে ,- দূরে- কাছে দেখা যায় পৃথিবীর ধান ক্ষেত ঘাস , আবার সন্ধ্যার রঙে ভ’রে ওঠে সকল আকাশ ,- মড়ার চোখের রঙে সকল পৃথিবী থাকে ভ’রে !- যে মরে যেতেছে তার হৃদয়ের সব শেষ শ্বাস সকল আকাশ আর পৃথিবী থেকে পড়ে ঝ’রে । জীবনে চলেছি আমি সে পৃথিবীর আকাশের পথ ধরে ধরে !
২২ রাত্রির ফুলের মতো – ঘুমন্তের হৃদয়ের মতো অন্তর ঘুমায়ে গেছে ,- ঘুমায়েছে মৃত্যুর মতন !- সারাদিন বুকে ক্ষুধা লয়ে চিতা হয়েছে আহত ,- তারপর,- অন্ধকার গুহাএই- ছায়াভরা বন পেয়েছে সে ! – অশান্ত হাওয়ার মতো মানুষের মন বুজে গেছে- রাত্রি আর নক্ষত্রের মাঝখানে এসে !- মৃত্যুর শান্তির স্বাদ এইখানে দিতেছে জীবন ,- জীবনের এইখানে একবার দেখি ভালোবেসে ! শুনে দেখি,- কোন কথা কয় রাত্রি, কোন কথা নক্ষত্র বলে সে !
২৩ পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে গেছে ভ’রে- শস্য ফ’লে গেছে মাঠে ,- কেটে নিয়ে চলে গেছে চাষা ; নদীর পারের বন মানুষের মতো শব্দ ক’রে নির্জন ঢেউয়ের কানে মানুষের মনের পিপাসা ,- মৃত্যুর মতন তার জীবনের বেদনার ভাষা ,- আবার জানায়ে যায় !- কবরের ভূতের মতন পৃথিবীর বুকে রোজ লেগে থাকে যে আশা হতাশা ,- বাতাসে ভাসিতেছিল ঢেউ তুলে সেই আলোড়ন !- মড়ার কবর ছেড়ে পৃথিবীর দিকে তাই ছুটে গেল মন !
২৪
হলুদ পাতার মতো ,- আলেয়ার বাষ্পের মতন , ক্ষীণ বিদ্যুতের মতো ছেঁড়া-মেঘ আকাশের ধারে , আলোর মাছির মতো- রুগ্নের স্বপ্নের মতো মন একবার ছিল ঐ পৃথিবীর সমুদ্রে পাহাড়ে ,- ঢেউ ভেঙে ঝ’রে যায় ,- ম’রে যায় ,- কে ফেরাতে পারে ! তবুও ইশারা করে ফাল্গুন- রাতের গন্ধে বয়ে মৃত্যুরেও তার সেই কবরের গহ্বরে আঁধারে জীবন ডাকিতে আসে ;- হয় নাই – গিয়েছে যা হয়ে , মৃত্যুরেও ডাকো তুমি সেই ব্যথা আকাঙ্ক্ষার অস্থিরতা লয়ে !
২৫ মৃত্যুরে বন্ধুর মতো ডেকেছি তো ,- প্রিয়ার মতন !- চকিত শিশুর মতো তার কোলে লুকায়েছি মুখ ; রোগীর জ্বরের মতো পৃথিবীর পথের জীবন ; অসুস্থ চোখের’পরে অনিদ্রার মতন অসুখ ; তাই আমি প্রিয়তম ;- প্রিয়া ব’লে জড়ায়েছি বুক ,- ছায়ার মতন আমি হয়েছি তোমার পাশে গিয়া !- যে ধূপ নিভিয়া যায় তার ধোঁয়া আঁধারে মিশুক ,- যে ধোঁয়া মিলায়ে যায় তারে তুমি বুকে তুলে নিয়া ঘুমোনো গন্ধের মতো স্বপ্ন হয়ে তার ঠোঁটে চুমো দিও , প্রিয়া !
২৬ মৃত্যুরে ডেকেছি আমি প্রিয়ের অনেক নাম ধ’রে । যে বালক কোনোদিন জানে নাই গহ্বরের ভয় , পুবের হাওয়ার মতো ভূত হয়ে মন তার ঘোরে !- নদীর ধারে সে ভূত একদিন দেখেছে নিশ্চয় ! পায়ের তলের পাতা – পাপড়ির মতো মনে হয় জীবনেরে ,- খ’সে ক্ষয়ে গিয়েছে যে, তাহার মতন জীবন পড়িয়া থাকে ,- তার বিছানায় খেদ ,- ক্ষয় – পাহাড় নদীর পারে হাওয়া হয়ে ভূত হয়ে মন চকিত পাতার শব্দে বাতাসের বুকে তারে করে অন্বেষণ !
২৭ জীবন ,- আমার চোখে মুখ তুমি দেখেছ তোমার ,- একটি পাতার মতো অন্ধকারে পাতা- ঝরা গাছে ;- একটি বোঁটার মতো যে-ফুল ঝরিয়া গেছে তার; একাকী তারার মতো , সব তারা আকাশের কাছে যখন মুছিয়া গেছে ,- পৃথিবীতে আলো আসিয়াছে ;- যে ভালোবেসেছে , তার হৃদয়ের ব্যথার মতন ;- কাল যাহা থাকিবে না,- আজই যাহা স্মৃতি হয়ে আছে ;- দিন-রাত্রি – আমাদের পৃথিবীর জিইবন তেমন ! সন্ধ্যার মেঘের মতো মুহূর্তের রং লয়ে মুহূর্তে নূতন !
২৮ আশঙ্কা ইচ্ছার পিছে বিদ্যুতের মতো কেঁপে ওঠে ! বীণার তারের মতো কেঁপে কেঁপে ছিঁড়ে যায় প্রাণ ! অসংখ্য পাতার মতো লুটে তারা পথে পথে ছোটে ,- যখন ঝড়ের মতো জীবনের এসেছে আহ্বান ! অধীর ঢেউয়ের মতো – অশান্ত হাওয়ার মতো গান কোন দিকে ভেসে যায় !- উড়ে যায়,- কয় কোন কথা !- ভোরের আলোয় আজ শিশিরের বুকে যেই ঘ্রাণ , রহিবে না কাল তার কোনো স্বাদ ,- কোনো নিশ্চয়তা ! পাণ্ডুর পাতার রং গালে,- তবু রক্তে তার রবে অসুস্থতা !
২৯ যেখানে আসেনি চাষা কোনোদিন কাস্তে হাতে লয়ে, জীবনের বীজ কেউ বোনে নাই যেইখানে এসে , নিরাশার মতো ফেঁপে চোখ বুজে পলাতক হয়ে প্রেমের মৃত্যুর চোখে সেইখানে দেখিয়াছি শেষ ! তোমার চোখের’পরে তাহার মুখেরে ভালোবেসে এখানে এসেছি আমি ,- আর একবার কেঁপে উঠে অনেক ইচ্ছার বেগে ,- শান্তির মতন অবশেষে সব ঢেউ ভেঙে নিয়ে ফেনার ফুলের মতো ফুটে , ঘুমাব বালির’পরে ;- জীবনের দিকে আর যাব নাকো ছুটে !
৩০ নির্জন রাত্রির মতো শিশিরের গুহার ভিতরে ,- পৃথিবীর ভিতরের গহ্বরের মতন নিঃসাড় রবো আমি ;- অনেক গতির পর- আকাঙ্ক্ষার পরে যেমন থামিতে হয় – বুজে যেতে হয় একবার :- পৃথিবীর পারে থেকে কবরের মৃত্যুর ওপার যেমন নিস্তব্ধ শান্ত নিমীলিত শূন্য মনে হয় ;- তেমন আস্বাদ এক কিংবা সেই স্বাদহীনতার সাথে একবার হবে মুখোমুখি সব পরিচয় ! শীতের নদীর বুকে মৃত জোনাকির মুখ তবু সব নয় !
৩১ আবার পিপাসা সব ভূত হয়ে পৃথিবীর মাঠে ,- অথবা গৃহের’পরে –ছায়া হয়ে , ভূত হয়ে ভাসে !- যেমন শীতের রাতে দেখা যায় জ্যোৎস্না ধোঁয়াটে , ফ্যাকাশে পাতার’পরে দাঁড়ায়েছে উঠানের ঘাসে ;- যেমন হঠাৎ দুটো কালো পাখা চাঁদের আকাশে অনেক গভীর রাতে চমকের মতো মনে হয় ; কার পাখা?- কোন পাখি ? পাখি সে কি ! অথচ সে আসে !- তখন অনেক রাতে কবরের মুখ কথা খয় !- ঘুমন্ত তখন ঘুমে, জাগিতে হতেছে যার , সে জাগিয়া রয় !
৩২ বনের পাতার মতো কুয়াশার হলুদ না হতে , হেমন্ত আসার আগে হিম হয়ে প’ড়ে গেছি ঝ’রে !- তোমার বুকের’পরে মুখ আমি চেয়েছি লুকোতে ; তোমার দুইটি চোখ প্রিয়ার মতো ক’রে দেখিতে চেয়েছি , মৃত্যু – পথ থেকে ঢের দূরে স’রে প্রেমের মতন হয়ে !- তুমি হবে শান্তির মতন!- তারপর স’রে যাব,- তারপর তুমি যাবে মরে,- অধীর বাতাস লয়ে কাঁপুক না পৃথিবীর বন !- মৃত্যুর মতন তবু বুজে যাক,- ঘুমাক মৃত্যুর মতো মন !
৩৩ নির্জন পাতার মতো ,- আলেয়ার বাষ্পের মতন , ক্ষীণ বিদ্যুতের মতো ছেঁড়া-মেঘ আকাশের ধারে , আলোর মাছির মতো- রুগ্নের স্বপ্নের মতো মন একবার ছিল ঐ পৃথিবীর সমুদ্রে পাহাড়ে ,- ঢেউ ভেঙে ঝ’রে যায় ,- ম’রে যায় ,- কে ফেরাতে পারে ! তবুও ইশারা করে ফাল্গুন- রাতের গন্ধে বয়ে মৃত্যুরেও তার সেই কবরের গহ্বরে আঁধারে জীবন ডাকিতে আসে ;- হয় নাই – গিয়েছে যা হয়ে , মৃত্যুরেও ডাকো তুমি সেই স্মৃতি আকাঙ্ক্ষার অস্থিরতা লয়ে !
৩৪
পৃথিবীর অন্ধকার অধীর বাতাসে গেছে ভ’রে-
শস্য ফ’লে গেছে মাঠে ,- কেটে নিয়ে চলে গেছে চাষা ;
নদীর পারের বন মানুষের মতো শব্দ ক’রে
নির্জন ঢেউয়ের কানে মানুষের মনের পিপাসা ,-
মৃত্যুর মতন তার জীবনের বেদনার ভাষা ,-
আবার জানায়ে যায় !- কবরের ভূতের মতন
পৃথিবীর বুকে রোজ লেগে থাকে যে আশা হতাশা ,-