Chapter 28 of 109
কবি - জীবনানন্দ দাশ
2 min read
ভ্রমরীর মতো চুপে সৃজনের ছায়াধূপে ঘুরে মরে মন আমি নিদালির আঁখি, নেশাখোর চোখের স্বপন! নিরালায় সুর সাধি,- বাঁধি মোর মানসীর বেণী, মানুষ দেখেনি মোরে কোনোদিন,- আমারে চেনেনি!
কোনো ভিড় কোনোদিন দাঁড়ায়নি মোর চারিপাশে,- শুধায়নি কেহ কভু-‘আসে কি রে,- সে কি আসে-আসে!’ আসেনি সে ভরাহাটে-খয়াঘাটে-পৃথিবীর পসরায় মাঝে, পাটনী দেখেনি তারে কোনোদিন,মাঝি তারে ডাকেনিকো সাঁঝে! পারাপার করেনি সে মণিরত্ন-বেসাতির সিন্ধুর সীমানা,- চেনা চেনা মুখ সবি,-সে যে সুদূর-অজানা!
করবীকুঁড়ির পানে চোখ তার সারাদিন চেয়ে আছে চুপে, রূপ-সাগরের মাঝে কোন্ দূর গোধূলির সে যে আছে ডুবে! সে যেন ঘাসের বুকে, ঝিলমিল শিশিরের জলে; খুঁজে তারে পাওয়া যাবে এলোমেলো বেদিয়ার দলে, বাবলার ফুলে ফুলে ওড়ে তার প্রজাপতি-পাখা, ননীর আঙুলে তার কেঁপে ওঠে কচি নোনাশাখা!
হেমন্তের হিম মাঠে, আকাশের আবছায়া ফুঁড়ে বকবধূটির মতো কুয়াশায় শাদা ডানা যায় তার উড়ে! হয়তো শুনেছ তারে,-তার সুর,- দুপুর- আকাশে ঝরাপাতা-ভরা মরা দরিয়ার পাশে বেজেছে ঘুঘুর মুখে,- জল-ডাহুকীর বুকে পউষনিশায় হলুদ পাতার ভিড়ে শিরশিরে পূবালি হাওয়ায়!
হয়তো দেখেছ তারে ভুতুড়ে দীপের চোখে মাঝরাতে দেয়ালের’পরে নিভে- যাওয়া প্রদীপের ধূসর ধোঁয়ায় তার সুর যেন ঝরে! শুক্লা একাদশী রাতে বিধবার বিছানায় যেই জ্যোৎস্না ভাসে তারি বুকে চুপে চুপে কবি আসে,- সুর তার আসে। উস্খুস্ এলোচুলে ভ’রে আছে কিশোরীর নগ্ন মুখখানি,- তারি পাশে সুর ভাসে,- অলখিতে উড়ে যায় কবির উড়ানি!
বালুঘড়িটির বুকে ঝিরিঝিরি ঝিরিঝিরি গান যবে বাজে রাতবিরেতের মাঠে হাঁটে সে যে আলসে,- অকাজে! ঘুম-কুমারীর মুখে চুমো খায় যখন আকাশ যখন ঘুমায়ে থাকে টুনটুনি,- মধুমাছি,-ঘাস, হাওয়ার কাতর শ্বাস থেমে যায় আমলকী ঝাড়ে, বাঁকা চাঁদ ডুবে যায় বাদলের মেঘের আঁধারে, তেঁতুলের শাখে-শাখে বাদুড়ের কালো ডানা ভাসে, মনের হরিণী তার ঘুরে মরে হাহাকারে বনের বাতাসে!
জোনাকির মতো সে যে দূরে দূরে যায় উড়ে উড়ে- আপনার মুখ দেখে ফেরে সে যে নদীর মুকুরে ! জ্ব’লে ওঠে আলোয়ার মতো তার লাল আঁখিখানি। আঁধারে ভাসায় খেয়া সে কোন্ পাষাণী!
জানে না তো কী যে চায়,- কবে হায় কী গেছে হারায়ে। চোখ বুজে খোঁজে একা,-হাতড়ায় আঙুল বাড়ায়ে কারে আহা।-কাঁদে হা হা পুরের বাতাস, শ্মশানশবের বুকে জাগে এক পিপাসার শ্বাস! তারি লাগি মুখ তোলে কোন মৃতা,-হিম চিতা জ্বেলে দেয় শিখা, তার মাঝে যায় দহি বিরহীর ছায়া-পুত্তলিকা!