Chapter 73 of 109
বোধ - জীবনানন্দ দাশ
3 min read
আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে ! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়, সব চিন্তা – প্রার্থনায় সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয় !
সহজ লোকের মতো কে চলিতে পারে! কে থামিতে পারে এই আলোয় আঁধারে সহজ লোকের মতো !তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর!- কোনো নিশয়তা কে জানিতে পারে আর? – শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর?- প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার! সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই!- ফসলের আকাঙ্ক্ষায় থেকে , শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর’পরে ? স্বপ্ন নয়,- শান্তি নয়,- কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে!
পথে চ’লে পারে- পারাপারে উপেক্ষা করিতে চাই তারে; মড়ার খুলির মতো ধ’রে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে! তবু সে চোখের চারিপাশে! তবু সে বুকের চারিপাশে ! আমি চলি, সাথে সাথে সেও চলে আসে ! আমি থামি,- সে-ও থেমে যায় ;
সকল লোকের মাঝে ব’সে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধাঁ ? আমার পথেই শুধু বাধা? জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে,- সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের; কিংবা যারা পৃথিবীর বীজক্ষেতে আসিতেছে চ’লে জন্ম দেবে-জন্ম দেবে ব’লে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় না কি?- তাহাদের মন আমার মনের মতো না কি ?- তবু কেন এমন একাকী ? তবু আমি এমন একাকী !
হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল ? বালটিতে টানিনি কি জল ? কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে ? মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি ; পুকুরের পানা শ্যালা- আঁশটে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে ; -এইসব স্বাদ ; -এসব পেয়েছি আমি; - বাতাসের মতন অবাধ বয়েছে জীবন , নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন; এইসব সাধ জানিয়াছি একদিন ,- অবাধ- অগাধ; চ’লে গেছি ইহাদের ছেড়ে ;- ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে , অবহেলা ক’রে আমি দেখিয়াছি মেয়েমানুষেরে , ঘৃণা ক’রে দেখিয়াছে মেয়েমানুষেরে ;
আমারে সে ভালোবাসিয়াছে, আসিয়াছে কাছে , উপেক্ষা সে করেছে আমারে , ঘৃণা ক’রে চ’লে গেছে- যখন ডেকেছি বারে-বারে ভালোবেসে তারে ; তবুও সাধনা ছিল একদিন ,-এই ভালোবাসা ; আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা ক’রে গেছি ; যে নক্ষত্র – নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার-বার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি ; তবু এই ভালোবাসা – ধুলো আর কাদা - ।
মাথার ভিতরে স্বপ্ন নয় – প্রেম নয় – কোনো এক বোধ কাজ করে । আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চ’লে আসি , বলি আমি এই হৃদয়েরে : সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় ! অবসাদ নাই তার ? নাই তার শান্তির সময় ? কোনোদিন ঘুমাবে না ? ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি ? পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনোদিন! মানুষীর মুখ দেখে কোনোদিন! শিশুদের মুখ দেখে কোনোদিন!
এই বোধ – শুধু এই স্বাদ পায় সে কি অগাধ – অগাধ ! পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে ? – করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ ? দেখিবে সে মানুষীর মুখ ? দেখিবে সে শিশুদের মুখ ? চোখে কালোশিরার অসুখ , কানে যেঁই বধিরতা আছে , যে কুজ – গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শসা – পচা চালকুমড়ার ছাঁচে , যে সব হৃদয় ফলিয়াছে -সেই সব ।