Chapter 12 of 109
বিচ্ছেদ - ইফতেখার ইফতি
1 min read
একটা চাঁদ লিখে রেখো তোমার লুকোনো ডাইরির বাহাত্তুর পৃষ্ঠায়, সুর্য লিখতে গিয়ে পুড়িয়ে ফেলেছো আমায় লেখা যত চিঠি। গ্রহ নক্ষত্র গুনতে গিয়ে রাফ খাতার সমস্ত পৃষ্ঠার শরীর ছড়িয়ে আছে এখানে ওখানে গ্যালাক্সির হিসেব রাখতে গিয়ে নষ্ট করেছো চুন সুড়কির দেয়াল। নদীর শরীরের এত বাঁকের কোথাও লেখা নেই ঘরের স্থায়িত্ব, পাড় ভাঙা স্রোতস্বিনী হয়ে তোমায় যে ভাসিয়ে নিয়ে গেছে অগোচরে, সে কোথাও লিখে রাখেনি তোমার অবস্থান ভাসমান কচুরি যেমন লিখে রেখেছে পুকুরের জলের হিসেব। পুকুর কিন্তু সে কচুরির কথা লিখেনি কোথাও কোন জলের পাতায়, আমাদের প্রেমের কোথাও কোন বিচ্ছেদ লেখা ছিলো না, লেখা ছিলো একটা পোড় খাওয়া গাছের গোড়ায় জলের ফোয়ারা, লেখা ছিলো একটা পাড় ভাঙা নদীর পাশে সুউচ্চ দালানের কথা, লেখা ছিলো আসবে আসবে করে অপেক্ষার ঘর সহ ভেসে যাওয়া সে বধুর নাকের নোলকের জমে থাকা চোখের জল। এসব কিছুই লেখা ছিলো তোমার লুকোনো ডাইরিতে শুধু, লেখা নেই কোথাও আমায় ফেলে গিয়েছিলে হাহাকার সমেত দুঃখ আর অনুশোচনায় মোড়ানো একটা জল শরীর।