Chapter 43 of 109
ফেব্রুয়ারি ১৯৬৯ - শামসুর রাহমান
3 min read
এখানে এসেছি কেন? এখানে কী কাজ আমাদের? এখানেতো বোনাস ভাউচারের খেলা নেই কিংবা নেই মায়া কোনো গোল টেবিলের, শাসনতন্ত্রের ভেল্কিবাজি, নেই, নেই সার্কাসের নিরীহ অসুস্থ বাঘ, কসর দেখানো তরুণীর শরীরের ঝলকানি নেই কিংবা ফানুস ওড়ানো তা-ও নেই, তবু কেন এখানে জমাই ভিড় আমরা সবাই?
আমি দুর পলাশতলীর হাড্ডিসার ক্লান্ত এক ফতুর কৃষক আমি মেঘনার মাঝি, ঝড়-বাদলের আমি চটকলের শ্রমিক, আমি মৃত রমাকান্ত-কামারের নয়ন পুত্তলি, আমি মাটিলেপা উঠোনের উদাস কুমোর, প্রায় ক্ষ্যাপা, গ্রাম উজাড়ের সাক্ষী, আমি তাঁতী সঙ্গীহীন, কখনো পড়িনি ফার্সি, বুনেছি কাপড় মোটা-মিহি সিনেমার রঙিন টিকিট মধ্যযুগী বিবর্ণ পটের মতো ধু-ধু, নিত্য সহচর, মিশিয়ে মৈত্রীর ধ্যান তাঁতে, আমিরাজস্ব দফতরের করুণ কেরানি, মাছি-মারা তাড়া-খাওয়া, আমি ছাত্র, উজ্জ্বল তরুণ, আমি নব্য কালের লেখক, আমার হৃদয়ে চর্যাপদের হরিণী নিত্য করে আসা-যাওয়া, আমার মননে রাবীন্দ্রিক ধ্যান জাগে নতুন বিন্যাসে এবং মেলাই তাকে বাস্তবের তুমুল রোদ্দুরে আর চৈতন্যের নীলে কত স্বপ্ন-হাঁস ভাসে নাক্ষত্রিক স্পন্দনে সর্বদা।
আমরা সবাই এখানে এসেছি কেন? এখানে কী কাজ আমাদের? কোন্ সে জোয়ার করেছে নিক্ষেপ আমাদের এখন এখানে এই ফাল্গুনের রোদে? বুঝি জীবনেরই ডাকে বাহিরকে আমরা করেছি ঘর, ঘরকে বাহির।
জীবন মানেই মাথলা মাথায় মাঠে ঝঁ ঝাঁ রোদে লাঙল চালানো,
জীবন মানেই ফসলের গুচ্ছ বুকে নিবিড় জড়ানো,
জীবন মানেই মেঘনার ঢেউয়ে দাঁড় বাওয়া পাল খাটানো হাওয়ায়,
জীবন মানেই পৌষের শীতার্ত রাতে আগুন পোহানো নিরিবিলি।
জীবন মানেই মুখ থেকে কারখানার কালি মুছে বাড়ী ফেরা একা শিস দিয়ে,
জীবন মানেই টেপির মায়ের জন্যে হাট থেকে ডুরে শাড়ি কেনা,
জীবন মানেই বইয়ের পাতায় মগ্ন হওয়া, সহপাঠিনীর চুলে
জীবন মানেই তালে তালে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা, নিশান ওড়ানো,
জীবন মানেই অন্যায়ের প্রতিবাদে শূন্যে মুঠি তোলা, অন্তরঙ্গ আলো তরঙ্গের খেলা দেখা,
জীবন মানেই মায়ের প্রসন্ন কোলে মাথা রেখে শৈশবের নানা কথা ভাবা,
জীবন মানেই খুকির নতুন ফ্রকে নক্সা তোলা, চারু লেস্ বোনা,
জীবন মানেই ভায়ের মুখের হাসি, বোনের নিপুণ চুল আঁচড়ানো,
জীবন মানেই প্রিয়ার খোঁপায় ফুল গোঁজা;
জীবন মানেই হাসপাতালের বেডে শুয়ে একা আরোগ্য ভাবনা,
জীবন মানেই গলির মোড়ের কলে মুখ দিয়ে চুমুকে চুমুকে জলপান,
জীবন মানেই রেশনের দোকানের লাইনে দাঁড়ানো,
জীবন মানেই স্ফুলিঙ্গের মতো সব ইস্তাহার বিলি করা আনাচে কানাচে
জীবন মানেই ... ... ... ... আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হ’য়ে। কখনো মিছিলে কখনো-বা একা হেঁটে যেতে যেতে মনে হয় – ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতিগন্ধে ভরপুর। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ। এ-রঙের বিপরীত আছে অন্য রঙ, যে-রঙ লাগে না ভালো চোখে, যে-রঙ সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে-সকাল সন্ধ্যায়- এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা।
আমি আর আমার মতোই বহু লোক রাত্রি-দিন ভূলুন্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা কেউ, কেউ বা ভীষণ জেদী, দারুণ বিপ্লবে ফেটে পড়া। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। বুঝি তাই উনিশশো ঊনসত্তরেও আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রুজলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরি উপত্যকায়। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়।