Chapter 106 of 109
লিরিকগুচ্ছ - মহাদেব সাহা
1 min read
লিরিকগুচ্ছ #০১
আমি নিরিবিলি একলা বকুল তাতে কার ক্ষতি সামান্য ফুল যদি ঝরে যাই! ভালোবেসে তবু এই উপহার ঝরা বকুলের ঝরা সংসার যেন রেখে যাই!
লিরিকগুচ্ছ #০৩
কবির কি আছে আর ভালোবাসা ছাড়া, সমস্ত উজাড় করে হাতে একতারা।
লিরিকগুচ্ছ #০৫
তোমার বিষণ্ন মুখ দেখে মনে হয়, সব ফুল ঝরে গেছে পৃথিবীতে বড়ো দুঃসময়!
লিরিকগুচ্ছ #০৭
আর যে-ই হোক, ভালোবাসা, আমি তোমার যোগ্য নই- তুমি যে বিমুখ সে-দুঃখ তাই নিজেই নীরবে সই।
লিরিকগুচ্ছ #০৯
তুমি দিয়ে শুরু একটি বাক্য শেষ তার তুমিহীন- একেই আমরা বলেছি তো প্রেম, বিচ্ছেদ চিরদিন।
লিরিকগুচ্ছ #১১
ভালোবাসার একটিও উদ্ধৃতি যদি দিতে চাই, মনে হয় বড়োই অযোগ্য সব কিছু।
লিরিকগুচ্ছ #১৩
তোমার চোখে যে এতো জল আর এতো ব্যাকুলতা- সব বুঝি তবু বুঝি নাই এই সামান্য কথা!
লিরিকগুচ্ছ #১৭
অভাব দিয়ে প্রিয়, তোমার মুছিয়ে দিলাম মুখ, ফোটেনি ফুল, ঝরেনি জল ভেঙেছে যতো বুক! তোমার চেয়ে সে-কথা ভালো কে আর জানে প্রিয়, না-থাকাগুলি দিয়েই তোমায় করেছি স্মরণীয়!
লিরিকগুচ্ছ #২২
শরীর জুড়ে আমার শুধু ভালোবাসার গন্ধ কেউ বা তাকে ভালো বলে কেউ বা বলে মন্দ; আকাশে মেঘ হৃদয়ে ঝড় যতোই চলে দ্বন্দ্ব তুমি ঠিকই জানো আমি ভালোবাসায় অন্ধ!
লিরিকগুচ্ছ #২৩
কী অর্থ ধারণ করো তুমি কোন অর্থবহ, আমি তো বুঝেছি মাত্র তুমি অর্থ অনন্ত বিরহ!
লিরিকগুচ্ছ #৩২
তোমাকে দুচোখ মেলে দেখেছি যে মাত্র একবার সমস্ত জীবনের শুধু এইটুকু সাফল্য আমার!